
ঝুটো পাথর
সুনীল গঙ্গোপাধ্যায়
একটু বিপজ্জনকভাবেই রাস্তা পার হয়ে গেল জুয়েল। তার স্বভাবই এইরকম, কখন লাল বাতি জ্বলছে, কখন সব গাড়ি থেমে যাবে, সে পর্যন্ত তার ধৈর্য থাকে না। এদেশে গাড়িতে কেউ হর্ন বাজায় না, তবু ফোর্ড গাড়িটা জুয়েলের একেবারে গা ঘেঁষে এসে খুব জোরে একটা হর্ন বাজাল।
গাড়িটা চালাচ্ছেন একজন মাঝবয়সি কালো মহিলা। রাগে তার মুখখানা গনগনে হয়ে গেছে, কী যেন একটা গালাগালি ছুড়ে দিলেন জুয়েলের দিকে।
জুয়েল আর পেছন ফিরে তাকাল না। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে লাগল হনহন করে। আর পনেরো মিনিট দেরি হলে হাসপাতালে ঢুকতে দেবে না। তার চেয়ে বড় কথা সাতটার সময়। শিরিনের ছুটি হয়ে যাবে। তারপর সে এক মিনিটও অপেক্ষা করতে চায় না। হাসপাতালে একটু মুখ দেখিয়েই জুয়েলকে ছুটতে হবে। হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে আছে কামাল আর বাবলু। দুজনেরই মুখ শুকনো।
জুয়েল ভুরু নাচিয়ে জিগ্যেস করল, স্যার কেমন আছেন।
বাবলু বলল, ভালো না রে। আর বোধহয় আশা নাই।
কামাল বলল বিকেলে রিপোর্ট এসেছে। দুটো কিডনিই ড্যামেজ। বাদ দিতে হবে! জুয়েল বলল দুটো কিডনি কখনও বাদ দেওয়া যায় নাকি? বাবলু বলল, একটা কিডনি বাদ দিলে মানুষ বাঁচতে পারে। খারাপ দুটো কিডনি বাদ দিয়ে অন্তত একটা কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারলে কাজ চলে যাবে। জুয়েল বলল, তা হলে আশা নেই বলছিস কেন? কামাল বলল, কিডনি পাওয়া যাবে কোথায়? কিনতে গেলে কত দাম লাগে জানিস, অন্তত তিরিশ হাজার ডলার! বাবলু বলল, চল, উপরে যাবি তো একবার?
তিনজনকে একসঙ্গে যেতে দেবে না। কামাল রয়ে গেল। লিফট দিয়ে উঠতে-উঠতে একবার ঘড়ির দিকে তাকাল জুয়েল। এখানে পাঁচ মিনিটের বেশি থাকা যাবে না। কল্পনায় সে শিরিনকে দেখতে পাচ্ছে। গ্রিনিচ ভিলেজে একটা পিৎসার দোকানের সামনে এসে অস্থির ভাবে পা ঠুকছে। রাগলে শিরিনের মুখখানা আরও সুন্দর দেখায়।
একটা ঘরে দুজন করে রোগী। পাশের রোগীটির বয়স বেশ কম, ছাব্বিশ-সাতাশ বছর হবে, তার শয্যার পাশে একজন দারুণ চেহারার তরুণী। যেন আগুনের ঢেলা।
ডানদিকের শয্যায় আছেন অধ্যাপক জিয়া হায়দার। প্রশান্ত মুখ। এককালে খুব সুপরুষ ছিলেন, বার্ধক্য ও রোগে এখনও পুরোপুরি কাবু হননি। ওদের দেখে হাসবার চেষ্টা করলেন।
তারপর জুয়েলের হাত ধরে বললেন, আমার জন্য চিন্তা কোরো না। সবাইকে তো এক সময় যেতে হয়। তোমরা ভালো থাকো।
এদেশে এই এক অদ্ভুত নিয়ম। রোগীর কাছে কিছুই গোপন করা হয় না। যার ক্যানসার ধরা পড়ে তাকেও জানিয়ে দেওয়া হয় সঙ্গে-সঙ্গে। অধ্যাপক নিজের নিয়তির কথা জেনে গেছেন।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা থেকে কয়েকটি বক্তৃতা দেওয়ার জন্য এসেছিলেন। অধ্যাপক জিয়া হায়দার। বক্তৃতা শেষ হওয়ার পর তাঁকে ফিরতে দেয়নি কামাল-জুয়েলরা। ১৬ই ডিসেম্বর ব্রুকলিনে তাদের সংস্কৃতি উৎসব। সেখানে সভাপতিত্ব করবার জন্য তারা স্যারকে ধরে
রেখেছে। এর মধ্যে এই কাণ্ড। কিডনির এই অবস্থার কথা তিনি খেয়াল করেননি আগে। কিংবা টের পেলেও গ্রাহ্য করেননি।
এদেশে মেডিক্যাল ইনসিওরেন্স যদি না থাকে, তা হলে রোগ-ভোগে সর্বস্বান্ত হয়ে যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ছিল এক মাসের জন্য, ওই সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে। বিশ্ববিদ্যালয়ই সব দায়িত্ব নিত। এখন তারা নেবে না! বিশ্ববিদ্যালয় থেকে স্যার দুহাজার ডলার পেয়েছিলেন, এ দেশে চিকিৎসার খরচের তুলনায় তা নস্যি। আমেরিকায় স্যারের অসংখ্য ছাত্র ছড়িয়ে আছে। তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে।
অধ্যাপক জিয়া হায়দার এরকম দাতব্য চিকিৎসা একেবারেই চান না,
পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট কেটে গেছে। তবু জুয়েল উঠতে পারছে না। স্যার কী শান্তভাবে কথা বলছেন! সামনে নির্ঘাত মৃত্যু জেনেও কোন মানুষ এমন শান্ত থাকতে পারেন?
এক সময় তিনিই বললেন, তোমরা ব্যস্ত হয়ো না। আমার ফেরার ব্যবস্থা করে দাও। শেষ কটা দিন জন্মস্থানে কাটানোই তো ভালো। আমার টিকিট তো আছেই, যত তাড়াতাড়ি বুকিং পাও।
বাবলু কুণ্ঠিতভাবে বলল, স্যার আপনাকে এখন এই হসপিটাল থেকে রিমুভ করা যাবে না। আমরা দেখছি, যদি একটা কিডনির ব্যবস্থা করা যায়।
স্যার বললেন, না, না, তার দরকার নেই। অনেক খরচ আমি জানি। তোমাদের কাছ থেকে টাকা নিয়ে–
জুয়েল ফস করে বলে ফেলল, টাকা লাগবে না স্যার। আমি একটা কিডনি ডোনেট করতে রাজি আছি। যদি মেলে—
স্যার একটু অবাক হয়ে জুয়েলের দিকে তাকিয়ে রইলেন নিঃশব্দে। তারপর বললেন, তুমি। কিডনি দেবে? কেন? না, না, আমি কিছুতেই নিতে পারি না। জুয়েল বললেন, একটা কিডনি নিয়েও মানুষ দিব্যি বেঁচে থাকতে পারে। শরীরের অনেককিছু বেশি থাকে।
স্যার বললেন, তোমার কী-ই বা বয়েস, সামনে তো অনেকখানি জীবন পড়ে আছে। আমি তো ষাট বছর বাঁচলাম, আমাদের দেশে অ্যাভারেজে তাই-ই যথেষ্ট। তুমি যে বললে, এতে আমি খুশি হয়েছি।
জুয়েল এবার জোর দিয়ে বলল, না, স্যার, শুধু মনের কথা নয়। আপনার কাছ থেকে আমার মতন হাজার-হাজার ছেলে কত কিছু শিখবে, যদি এইটুকু প্রতিদান দিতে না পারি—
এতক্ষণ পরে স্যারের দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
শিরিনের কাছে আর যাওয়া হল না। কামাল আর বাবলু তখনই জুয়েলকে নিয়ে গেল ডাক্তারের কাছে। পরীক্ষা করে দেখা গেল, জুয়েলের কিডনি স্যারের শরীরে নিখুঁতভাবে লেগে যাবে।
হঠাৎ নিউ ইয়র্কের বাঙালিদের মধ্যে হিরো হয়ে গেল জুয়েল। অনেকেই টেলিফোনে তাকে অভিনন্দন জানায়। দু-একজন অবশ্য বলে, তারাও নিজেদের কিডনি দান করার কথা ভেবেছিল, কিন্তু জুয়েল যখন আগেই বলে ফেলেছে, তাকেই সুযোগ দেওয়া হোক।
অনেকেই তাকে বাড়িতে ডেকে খাওয়াতে চায়। সীমাভাবী শুধু যে নানারকম রান্না করে খাওয়ালেন তাই-ই নয়, একটা খুব দামি জামা উপহার দিলেন। ছলছলে চোখে বললেন, তুমি যা করলে জুয়েল, তুমি আমাদের গর্ব। এখনকার দিনে মাস্টারমশাইদের জন্য কজন এরকম করে।
ঢাকাতেও খবর পৌঁছে গেল। অনেক রাতে ফোন এল জুয়েলের কাছে। স্যারের স্ত্রী ভালো করে কথা বলতে পারছেন না, কাঁদছেন। ফোঁপাতে-ফোঁপাতে কোনওরকমে বললেন, এজন্য আল্লা তোমাকে অনেক দেবেন…আমি তোমার জন্য দোয়া করব…কোনওরকমে ওনাকে সুস্থ করে। দেশে পাঠিয়ে দাও, সামনের মাসে আমার মেয়ের বিয়ে…
শিরিনের সঙ্গে দেখা হলো তিনদিন পরে। জুয়েল আগে থেকেই টেলিফোন করে ক্ষমা চেয়েছে অনেকবার, কিন্তু এই খবরটা জানায়নি। শিরিন হস্টেলে থাকে, তার সঙ্গে অন্যদের বিশেষ যোগাযোগ নেই।
শাড়ি পরতেই পছন্দ করে শিরিন, কিন্তু ডিসেম্বর মাসে শাড়ি পরে চলাফেরা করা অসম্ভব।
প্যান্টের ওপর ওভারকোট পরে দাঁড়িয়ে আছে শিরিন, দু-হাতে দস্তানা, মাথায় টুপি, ঝিরঝির করে তুষারপাত শুরু হয়েছে। শিরিন একেবারে ঘড়ি ধরে কাঁটায়-কাঁটায় আসে।
বাসটা থামতে-না-থামতেই প্রায় লাফ দিয়ে নেমে দৌড়তে লাগল জুয়েল। তার ঠিক এক মিনিট দেরি হয়েছে।
কলেজে পড়ে আর-একটা পিৎসার দোকানে পার্ট-টাইম কাজ করে শিরিন।
জুয়েল চাকরি করে একটা সুপার মার্কেটে। তা ছাড়া ছবি আঁকার কোর্স নিচ্ছে। তার দারুণ। গড়াপেটা স্বাস্থ্য, সেই তুলনায় শিরিন ছিপছিপে, তীক্ষ্ণ নাক, গায়ের রং একটু চাপা, কিন্তু চোখদুটি খুব সুন্দর। অর্থাৎ যাকে বলে, তন্বী শ্যামা।
জুয়েল এসেই বলল, এক মিনিট, মাত্র এক মিনিট, তার জন্য সরি! ভেরি সরি!
আজ শিরিন রাগেনি। হাসি মুখে বলল, শুধু সরি বললে হবে না। ফাইন দিতে হবে।
—রাজি আছি। কী ফাইন দেব, বলো।
—তোমার অ্যাপার্টমেন্টে আমাকে আজ নিয়ে যেতেই হবে।
—এই তো, এই একটা ব্যাপারই যা আমি পারি না।
—কেন পারো না?
—তোমাকে কতবার বলেছি, আমার রুমমেট আছে হারুন, সেটা আবার খুব নীতিবাগীশ! আমার ওপর যখন তখন লেকচার দেয়।
—অমন রুমমেট রাখো কেন? জুয়েল, এই শীতের মধ্যে কি রাস্তায় ঘোরা যায়?
—তাহলে চলো, কোন রেস্টুরেন্টে বসি।
—আমি চারঘণ্টা পিৎসা হাটে কাজ করি। তারপর কোনও খাবারের জিনিসের গন্ধ নাকে এলেই বমি আসে।
—শিরিন, আমি কথা দিচ্ছি, সামনের মাসেই নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট নেব।
—তোমার নাকটা লাল হয়ে গেছে। ঠান্ডা লাগিয়েছ?
হাতে দু-তিনঘণ্টা সময়। শিরিন থাকে হোস্টেলে, আর জুয়েলের ঘরে রুমমেট। ঠান্ডার মধ্যে কোথায়-কোথায় আর বেড়াবে? দুজনে ট্রেনে চেপে আপ স্টেট নিউ ইয়র্কের দিকে খানিকটা ঘুরে এল।
অন্যান্য কথার মধ্যে জুয়েল এ কথাটা বলি-বলি করেও শেষপর্যন্ত বলতে পারল না। তার কিডনি দেওয়ার প্রস্তাব শুনে শিরিনের কী প্রতিক্রিয়া হবে! যদি, ঘোরতর আপত্তি তোলে? কিন্তু জুয়েল কথা দিয়ে ফেলেছে। জেনে গেছে অনেকে। এই তো আজই চেনা একজন জুয়েলকে দেখে রাস্তাতেই জড়িয়ে ধরল। টেলিফোন তো অনবরত আসছেই। এখন তো সে আর পেছোতে পারে না।
এই কদিন তার রুমমেট হারুনের সঙ্গে ভালো করে কথা হয়নি। রাত্রে হারুন তাকে ধরল। শুধু রুমমেট নয়। হারুন তার আত্মীয়ও বটে। নিউক্লিয়ার ফিজিকস নিয়ে পি এইচ ডি করছে। বুদ্ধি খুব চোখা।
পালা করে রান্না করে দুজনে। আজ হারুন ইলিশ মাছ বেঁধেছে। মাইক্রোওয়েভে ভাত গরম করতে-করতে সে জিগ্যেস করল তুই নাকি শহীদ হতে চাচ্ছিস? চতুর্দিকে গুজব!
জুয়েল বলল, শহীদ আবার কী? জীবন্ত মানুষ শহীদ হয় নাকি? হারুন তার দিকে সরু চোখে তাকিয়ে, চিবিয়ে-চিবিয়ে উচ্চারণ করে বলল, এখনও জীবন্ত আছিস ঠিকই। হায়দার স্যারের জন্য নিজের একটা কিডনি দিবি। মহান আত্মত্যাগ! সে জন্য অপারেশন টেবিলে শুতে হবে। আগে অজ্ঞান করে এই ধার থেকে ওই ধার পর্যন্ত ফালা করে দেবে। তারপর করাত দিয়ে। ঘ্যাসঘ্যাস করে কাটবে তোর একখান কিডনি। সেটা নিয়ে একজন নাচতে-নাচতে চলে যাবে। তার পরেও যদি তোর জ্ঞান ফেরে, সেটা তোর সাতপুরুষের ভাগ্য। অবশ্য তুই মরলেও কেউ দুঃখ করবে না। বরং সকলে জয়ধ্বনি দেবে। কত বড় মহৎ ছিল জুয়েল মিঞা। তোকে নিয়ে সভা হবে মিলনী ক্লাবে।
জুয়েল বলল, এসব কী বলছ? মরব কেন? কত লোক কিডনি ডোনেট করে। তারা মরে নাকি?
হারুন বলল, কারা ডোনেট করে জানিস? বেশির ভাগই অ্যাকসিডেন্টের ভিকটিম, যাদের বাঁচার আশা নেই…আর আমাদের মতন গরিব দেশের অনেকে সংসার চালানোর জন্য কিডনি বিক্রি করে, তাদের মধ্যে কজন বাঁচে না মরে, কে তার হিসাব রাখে?
জুয়েল বলল, এ দেশে অত সহজে অপারেশনে কেউ মরে না। একটা কিডনিতেও মানুষ দিব্যি বেঁচে থাকতে পারে। মাস্টারমশাইকে বাঁচিয়ে রাখা…এত বড় একজন মানী লোক। আমরা তাঁর কাছে কত ঋণী, তার জন্য একটা কিডনি দেব, এ আর এমন বড় কথা কী?
হারুন ভাতটা নামিয়ে বলল, খা, খেতে শুরু কর। সোমবার অপারেশন হবে। এই কটাদিন। ভালো করে খেয়ে নে। মাস্টারমশাইয়ের বয়স সত্তর বছর। তোর কিডনির জোরে তিনি সেরে উঠলে আর কতদিন বাঁচবেন? বড় জোর পাঁচ-সাত বছর। তোর বয়স তো উনতিরিশ, তোর। সামনে লম্বা জীবন পড়ে আছে। মনে কর, এরপর একটা কিডনিতে যদি চোট লাগে, তখন কী করবি? ওই জন্যই কথায় বলে চাচা, আপন প্রাণ বাঁচা। আর-একটা কথা আছে, আপনে বাঁচলে বাপের নাম। তোর বন্ধুরা, কামাল, বাবলু, রফিকুল, মন্টিরা কেউ নিজের কিডনি দিল না কেন?
জুয়েল কিছু বলার আগেই তাকে বাধা দিয়ে হারুন বলল, তুই আগ বাড়িয়ে কেন বলতে গেছিলি, তা আমি জানি। তোর নেচারটাই ইমপালসিভ। অগ্রপশ্চাৎ বিবেচনা করা তোর ধাতে নেই। তুই। যেমন চলন্ত বাস থেকে নামিস, রাস্তার ট্রাফিকের মধ্যে দিয়ে ছুটে যাস, সেইরকমই হুট করে বলে ফেলেছিস। তোর একটু হিরো সাজা