Home
জোয়ার

জোয়ার

বুদ্ধদেব গুহ

জোয়ার

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

বোটের সুকান ধরে বসে আছি।

ডেকের ওপরের সারেঙের ঘরে বসে নীচের ইঞ্জিনঘরের আওয়াজ শোনা যায় না। ডিজেলে-চলা শক্তিমান ইঞ্জিন। প্রপেলারটা ঘুরছে একটানা, ‘গুট-গুট-গুট-গুট-গুট’ শব্দ করে। পেছনে দু-পাশে জলে ব্যাকওয়াশ চলছে। দুটি কোনাকুনি ঢেউ বোটের পেছন থেকে উঠে দু-পাশের গরান-গেঁওর জঙ্গলে গিয়ে পৌঁছোচ্ছে।

এখন রাত্তির। কৃষ্ণপক্ষ। আগামীকাল কালীপুজো।

অন্ধকারের সুন্দরবনে এলে বোঝা যায় যে, তারাদেরও আলো আছে। তারাও আলো দেয়। গাছের ছায়ানিবিড় ঘোর কালো জলে এক-একটি তারা এক-একটি সবুজ প্রদীপের মতো জলের আয়নায় দপ দপ করে। সার্চলাইটটা জ্বালাতেই হয় না। কেবল বাঁক নেওয়ার সময় মাঝে মাঝে জ্বেলে নিই। কখনো-সখনো কুমিরের চোখ জলের ওপর কাঠের আগুনের মতো জ্বলে ওঠে।


বেশ লাগে। হু হু করে হাওয়া দিচ্ছে। চোখে-মুখে-চুলে হাওয়া এসে উথাল-পাতাল করছে। ঘণ্টায় সাত-আট মাইল চলেছি, এই ছোটোবোটের পক্ষে ভালোই স্পিড স্রোতের উলটে মুখে চলেছি এখন। আমার সাহেবের হুকুম, রাত বারোটা অবধি একটানা চলে একেবারে চামটার খালে গিয়ে নোঙর করতে হবে।



চামটার খালটা আমার আদৌ পছন্দ নয়। এখানের কোন খালই-বা পছন্দ। ইঞ্জিনম্যান নটবর আর খালাসি ঘেটো আর অছিমুদ্দি কেউই পছন্দ করে না। আর কেনই-বা করবে? প্রতি বছর কত যে মৌলে, বাউলে, জেলে মরছে বাঘের হাতে তার কী ঠিক আছে এখানে।


খালে ঢুকলেই এখানে ঝমটি পোঁতা আছে দেখতে পাওয়া যায়। জলের পাশে সরু সরু ডাল পুঁতে সেই ডালের ডগায় একফালি ন্যাকড়া বেঁধে দিয়ে যায় হতভাগ্যদের সঙ্গীরা সেখানে, বাঘে যে মানুষ নিয়েছে, সেই সম্বন্ধে অন্য জেলে মৌলে বাউলেদের সাবধান করে। জলে নোঙর করা নৌকো থেকে পর্যন্ত নিয়ে গেছে বাঘ কত যে লোককে সাঁতরে এসে, তার ইয়ত্তা নেই। ওরা ভয়ে বাঘের নামোচ্চারণ পর্যন্ত করে না। বলে, ‘জানোয়ার বড়ো ভীষণ—ড্যাঙ্গায় পা দিয়োনি মোটে।’


আচ্ছা পাগল এই আমার সাহেব।


বড়োলোক মাত্ররই শখ থাকে জানি। কিন্তু বড়োলোক আমার বহু দেখা আছে। এমন বিদঘুটে শখের সাহেব আমি দেখিনি। মেয়েদের নিয়ে এমন সোঁদরবনের মতো জায়গায় কেউ বেড়াতে আসে? পাগল আর কাকে বলে!



মেমসাহেব, কেবিন থেকে বেরিয়ে এলেন।


মেমসাহেবকে আমার বেশ লাগে। এত বড়োলোকের বউ, এমন সুন্দর ইংরেজিতে শত সাহেব-মেমের সঙ্গে কথা বলেন; অথচ মুখে এমন একটি বাঙালি কমনীয়তা যে কী বলব। কালোরঙা একটি শাল জড়িয়েছেন গায়ে। উদলা ডেকের ওপরে হেমন্তের আকাশ থেকে হিম পড়ছে।


চেঁচিয়ে বললাম, সাবধানে পা ফেলবেন মেমসাহেব। একে অন্ধকার, তায় হিমে ভেজা আছে ডেক।


মেমসাহেব কাঠের সিঁড়িটা বেয়ে সাবধানে উঠতে উঠতে বললেন, ঠিক আছে।


ডেকে উঠে উনি আমার পাশে এসে দাঁড়ালেন।


বললেন, স্যামুয়েল, তুমি বিকেলে চা খেয়েছ তো?


হ্যাঁ মেমসাহেব।



ছেলেবেলায় পাদরিসাহেবদের কাছে লেখাপড়া শিখেছিলাম কিছুদূর। ইংরেজিটা কাজ চালানোর মতো বলতে পারি। তাই বহাল করেছেন সাহেব আমায়। অনেকসময়ে সাহেব নিজে আসেন না, ওঁর সাহেবসুবো অতিথিদের নিয়ে আমার নিজেরই আসতে হয়। ইংরেজি বলতে পারি বলেই মাঝিমাল্লারা এই স্যামুয়েল সারেংকে এত খাতির করে। আমার এই ‘ছুটি’ বোট ছোটো হলে কী হয়! এর ইজ্জতই আলাদা! মাতাল, গোসাবা, বাসন্তী, হেড়োভাঙার জলে কি সোঁদরবনের খালে খালে যেই এই বোট দেখুক-না-কেন, সেই সম্ভ্রম করে। সবাই জানে, এ ইয়াংকি সেনের বোট। এ বোট ভাড়া খাটে না। আমার সাহেবের রকম-সকম আমেরিকান সাহেবদের মতো বলে তাঁর আড়ালে তাঁকে সবাই অয়ন সেন না বলে ইয়াংকি সেন বলে ডাকে। সাহেব নিজেও তা জানেন। তবে কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাবেন এমন চরিত্র আমার সাহেবের নয়।


মেমসাহেব সবসময় কী যেন একটি সেন্ট মাখেন। অন্য কেউ হলে জাপটে ধরে সুকানের ওপর ফেলে জমিয়ে চুমু খেতাম। কিন্তু মেমসাহেবের সম্বন্ধে ওসব কথা মনেও আনা যায় না।


তা ছাড়া, কেন জানি না, আমার সাহেব-মেমসাহেবকে আমি শ্রদ্ধা করি।


সাহেবও উঠে এলেন। সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে আছেন। গায়ের রং কালো হলে কী হয়, এমন সুপুরুষ বড়ো-একটা চোখে পড়ে না। তীক্ষ্ণ নাক আর উজ্জ্বল চোখে সবসময় ঝকঝক করেন।



ডেকে উঠেই বললেন, স্যামুয়েল, কোথা দিয়ে চলেছি?


—ভরকুণ্ডার খাল স্যার।


—চামটা কতদূর?


—পাঁচঘণ্টা লাগবে স্যার।


এমন সময় কেবিন থেকে মেমসাহেবের ছোটোবোন মিলিদিও উঠে এলেন।


এসেই বললেন, এখানেই থাকা যাক-না অয়নদা, এ রাতের মতো।


সাহেব বিনাদ্বিধায় ঘুরে দাঁড়িয়ে বললেন স্যামুয়েল, এখানেই নোঙর ফ্যালো। আজ রাতে আমরা এখানেই থাকব।


সামনেই সুবিধেমতো জায়গা দেখে ঘণ্টা বাজালাম। নটবর ইঞ্জিন নিউট্রাল করল ঘণ্টা শুনে। খালাসিরা নোঙর ফেলল। ইঞ্জিন রিভার্স করে নোঙর ঠিক লাগল কি না দেখে নেওয়া হল।



এ জায়গাটা আমার ভালো জানা নেই। রাতে এখানে থাকিনি কখনো। শুধু জানি যে, এ ভরকুণ্ডার খাল। দিনের বেলায় এ খাল বেয়ে বোট চালিয়ে যেতে যেতে কেওড়া গাছের তলায় তলায় হরিণের পাল চরতে দেখেছি। যেখানে নোঙর করলাম, ভাটি লাগলে সেখানে ঠিক কতখানি জল থাকবে সেটাই ভাববার কথা। বোটের কোনো প্রান্ত ডাঙায় উঠে গেল, তো বাঘও বোটে এসে উঠতে পারে।


সাহেব খালি বলেন, আমার মোটরবোটেও উঠে আসবে এতবড়ো ওভারস্মার্ট সুন্দরবনের বাঘ হয়নি এখনও!


কী জানি বাবা। ভরসাই-বা কোথায়। মামা এসে ধরলে ধরবে আমাকে, নটবরকে, নয়তো খালাসিদের। বাঘ তো আর কেবিনে ঢুকবে না।


বোট নোঙর করা হয়ে গেলে আর ইঞ্জিনের ঝমঝমানি রইল না। বোটের খোলে সড়সড়-সিরসির করে জোয়ারের জলে-ভাসা কাঠকুটো লাগছে।


মিলিদিদি বললেন, অয়নদা, কুমির গা ঘষছে না তো বোটের সঙ্গে?



সাহেব বললেন, বিচিত্র নয়। তুমি আছ, খবর পেয়েছে বোধ হয়।


মিলিদিদি বললেন, However, they don’t rub on the wrong side. do they?


সাহেব কিছু বললেন না।


মেমসাহেব আগেই নীচে গেছিলেন।


আমি সারেঙের ঘর ছেড়ে বোটের পেছনে চলে গেলাম।


মিলিদিদির সঙ্গে সাহেবের এই আদিখ্যেতা আমার ভালো লাগে না। মিলিদিদি মোটে পাত্তা দেন না ওঁকে। সেটা সাহেব নিজেও জানেন অথচ যেন লাজলজ্জাহীন বোমভোলানাথ। বুঝতে পারি, তাঁর এই ব্যবহারে মেমসাহেব ও মিলিদিদি দু-জনেই বিব্রত বোধ করেন। দু-জনেই কোনো কোনো সময়ে সাহেবকে সমানভাবে ঘৃণা করেন। অথচ সাহেব ওঁদের দু-জনকেই ঠিক সেই একই পরিমাণ ভালোবাসেন।



যদি আমার বুদ্ধি বলে কিছু থেকে থাকে তো পরিষ্কারই বুঝতে পাই যে, মিলিদিদি সাহেবকে ভালোবাসেন। কিন্তু সেটা কী ধরনের ভালোবাসা, তা ঠাহর করতে পারি না।


আমি সারেং, জোয়ার-ভাটা বুঝি। লগি দিয়ে নদীতে চড়া আছে কি না ঠাহর করতে পারি। কিন্তু এসব বোঝা আমার কর্ম নয়।


সাহেব আমার একেবারেই পাগলাসাহেব। নিজের জগতে বাস করেন। অবুঝের মতো যা চাইবার নয় তাই চান। মিলিদিদিকে ফিসফিস করে বলেন, মিলি, তোমাকে আমি এই রাতের স্তব্ধতার মতো ভালোবাসি।


মিলিদিদি মৌরলা মাছের মতো ছিটকে গিয়ে বলেন, দিদিকে বলুন এসব কথা। আমাকে বলবেন না। আমি আপনাকে ভালোবাসি না।


এরকম অনেক কথা আমি হেন স্যামুয়েল সারেং আড়ি পেতে শুনেছি। অন্য লোকেদের কথা না হয় ছেড়েই দিলাম। সত্যি কথা বলতে কী, সাহেবের জন্যে আমার আজকাল দুঃখ হয়। মাথাটাথা খারাপ হয়ে গেছে বোধ হয়। এর চেয়ে অফিসে যখন থাকেন তখন ভালো থাকেন। অফিস থেকে বেরুলেই অন্ধকারে জোনাকির আলো জ্বালার মতো মিলিদিদির জন্যে পাগল হয়ে অসম্ভবকে সম্ভব করতে চান।



যাক গে, মরুক গে! কী হবে আমার মনিবের কথা ভেবে, বড়োলোকদের বাতিকের কথা ভেবে! নিজের কথা ভাবারই সময় পাই না।


নটবরের কাছে গিয়ে বললাম, বের কর বোতলটা।


নটবর বলল, ওসব ঝামেলি কোরো না স্যামুয়েলদা, সাহেবের মেজাজ গতিক ভালো লয়। এট্টুকানি চুপ মেইরে বোসো দিকিনি।


রাতের খাওয়াদাওয়া সেরে বোটের মাথায় বিছানা পাতলাম আমি। একটুকরো ত্রিপল দিয়ে ছইয়ের মতো বানিয়ে নিলাম। হাওয়া না থাকলে বেশ মশা লাগে। গরমও লাগে। নটবর আর খালাসিরা বোটের পেছনে রান্নাঘরের পাশেই শুয়েছে।


সাহেবদের কেবিনটা এমন-কিছু বড়ো নয়। দু-দিকে দু-টি বার্থ— রেলের কামরার মতো। একটিতে সাহেবের বিছানা হয়, অন্যদিকে মেমসাহেব ও মিলিদিদির। কেবিনের লাগোয়া বাথরুম। ছোটো হলেও সবকিছুই আছে। কমোড আছে। বেসিন আছে। চান করার শাওয়ার আছে। বাথরুমের জন্যে আলাদা একটি মিষ্টিজলের ট্যাঙ্ক লাগানো আছে বোটের মাথায়। নোনাজলে মেমসাহেবরা চান করতে পারেন না। সাবান মাখলে সাবান তুলতে একঘণ্টা লাগে—সারা গা মাথা চ্যাটচ্যাট করে নুনে।



রাত এখন কত হবে কে জানে? চারিদিক নিথর নিস্তব্ধ। মাঝে মাঝে টিটিপাখি (সাহেবরা যাকে Did you do it বলেন) বাঁ-দিকের পাড়ে ডেকে বেড়াচ্ছে। একবার জলের কাছে আসছে, একবার ফিরে যাচ্ছে। জঙ্গলে নিশ্চয়ই কোনো জানোয়ার দেখে থাকবে।


এখনও জোয়ার দিচ্ছে। রাত বারোটা নাগাদ ভাটার জল নামা শুরু হবে। এখানে জোয়ার-ভাটার জল আঠারো কুড়ি ফিট ওঠা-নামা করে। ভাটার সময় যেখানে মাটি দেখা যায়, খোলা জায়গা দেখা যায়; কেওড়ার শুলো দেখা যায়; লাল-সবুজ-হলুদ নানারঙের নানা কাঁকড়া আর স্যালামাণ্ডারকে যেখানে ঘিনঘিনে কাদায় হাঁটতে দেখা যায়, জোয়ারে সেসব কিছুই ডুবে যায়। এমনকী অত উঁচু সাদাবাণী গাছের গোড়াও ডুবে যায়। তখন সমস্ত সুন্দরবনকে মনে হয় একটি বিরাট ভাসমান উদ্ভিদের বন।


কেবিনে মেমসাহেবদের নড়াচড়ার শব্দ শুনছি। চুড়ির রিনঠিন, সিল্কশাড়ির খুশির খসখস।


সাহেব একবার কাশলেন। কে একজন উঠে বাথরুমে গেলেন। জোরে জোরে দু-বার ফ্লাশটা টানলেন। ওটা কাজ করছে না। শব্দটা জলের ওপরে নিস্তব্ধ রাতে অনেক দূর গড়িয়ে গেল।



আবার সব চুপচাপ। অনেকক্ষণ। ঘুম আসছে না।


সাহেবের গলা পেলাম।


—মিলি ঘুমিয়েছ?


—না।


—দিদি ঘুমিয়েছে?


—জানি না।


—আমার পাশে এসে শোবে একটু, প্লিজ।


—না।



—এসো-না বাবা। পাশে শুলে একটু কী হয়? তোমাকে একটু জড়িয়ে শুয়ে থাকব। তোমার কপালে হাত বুলিয়ে দেব। শোবে না?


—না। একেবারেও না। আপনি ভীষণ অসভ্য হয়েছেন।


—মানে?


—আপনি যা বোঝেন।


এমন সময় মেমসাহেবের গলা শুনলাম।


—কী হচ্ছে কী? ন্যাকামির একটা সীমা আছে। লজ্জা বলে তোমার কি কিছু আছে?


সাহেব অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, লজ্জার কী আছে? এত ভালোবাসি, আর পাশে একটু শুতে পারে না? আমি কি বাঘ না ভাল্লুক?


শেষের দিকে আবেগে সাহেবের গলা ভারী হয়ে এল।


মেমসাহেব আবার ধমকালেন, চুপ করো তো। ঘুমুতে দাও। তোমার ন্যাকামি আর সহ্য হয় না। জলে কি ডাঙায় নামার উপায় নেই, নইলে পালিয়ে বাঁচতাম। কী বলিস রে মিলি?


পরিবেশ হালকা করার জন্যে মেমসাহেব রসিকতা করলেন।


কিন্তু এই রসিকতা, হালকা হাসির পেছনে কোনো গভীর অভিমান আছে বলে মনে হল আমার। সেটা সাহেবের না মেমসাহেবের না মিলিদিদির তা বুঝতে পারলাম না।


এমনসময় নটবর উঠে এসে বসল আমার পাশে।


বলল, স্যামুয়েলদা বড্ড গরম নাগতিচে মাইরি। চলো, জালিবোটে গে শুই দু-জনায়।


বললাম, মামা চারিধারে ঘোরাঘুরি করছে। কী দরকার তোর জালিবোটে শুয়ে? যেখানে শুয়ে আছিস শুয়ে থাক। নইলে আম

**********
No Review
Related Books
Loading books…