
জীবনে যেমনটি হয়
সমরেশ মজুমদার
চিত্তপ্রিয় চ্যাটার্জি অবসর নিয়েছেন বছর ছয়েক হল কিন্তু এখনও তাঁর শরীর-স্বাস্থ্য মজবুতই আছে। ভদ্রলোকের স্ত্রী গত হয়েছেন তিন বছর আগে। যাওয়ার আগে প্রায় তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তাঁর চিকিৎসার কোনও ত্রুটি করেননি চিত্তপ্রিয়। কিন্তু তিন বছর ধরে একজন মৃতপ্রায় মানুষের সঙ্গে ক্রমাগত বাস করলে শোকের ধার কমে যায় বলেই স্ত্রী গত হওয়ার পর তিনি স্থির আছেন। এখন চিত্তপ্রিয়র সময় কাটে বই পড়ে এবং নিয়মিত ছেলেমেয়েদের চিঠি লিখে। বড়ছেলে অনুতোষ মাদ্রাজে আছে তার পরিবার নিয়ে। ভালো চাকরি করে সেখানে। মেয়ে অনন্যা দিল্লিতে। এরা সবই তাঁকে কলকাতার বাড়িতে তালা ঝুলিয়ে তাদের কাছে চলে যেতে বলে। চিত্তপ্রিয় রাজি হননি। একটি চাকরের ওপর ভরসা করে দিব্যি আছেন তিনি।
যেহেতু বয়স বাড়া সত্বেও চিত্তপ্রিয় অশক্ত হয়ে পড়েননি, তাই তাঁর জীবনযাপনের ভঙ্গি একটু অন্যরকম। প্রত্যহ ভোরে তিনি কেডস পরে চার কিলোমিটার হাঁটেন। মদ অথবা সিগারেট ছেড়ে দিয়েছেন বছর কুড়ি হল। ইদানীং মাংস এবং ডিম খাচ্ছেন না। দীক্ষা নেওয়ার পর চিন্তাও করেননি, ওসব ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহও নেই। বাড়িতে ঠাকুর ও দেবতার কোনও ছবি নেই। ইদানীং তাঁর শখ হচ্ছে বেড়াতে যাওয়ার। ভারতবর্ষের বিভিন্ন দ্রষ্টব্যগুলোনা দেখে চলে যাওয়াটা ঠিক হবে না।
কিন্তু আজকাল চারধারে এত অব্যবস্থা যে, ইচ্ছা থাকা সত্বেও যেতে সাহস হয় না। ট্রেনের টিকিট নিয়েই তো কত ঝকমারি। শেষ পর্যন্ত চিত্তপ্রিয় ঠিক করলেন একটি বিখ্যাত স্পেশাল কোম্পানির সঙ্গী হবেন। হয়তো ইচ্ছেমতো ঘুরে দেখা হবে না কিন্তু টাকা দিয়ে দুশ্চিন্তামুক্ত তো হওয়া যাবে।
সেইমতো ব্যবস্থা হল। দুন এক্সপ্রেসে হরিদ্বার। সেখান থেকে হৃষীকেশ হয়ে কেদার এবং বদ্রীনাথ। নামগুলোর গায়ে তীর্থের গন্ধ থাকায় একটু অস্বস্তি হয়েছিল প্রথমে, পরে ভেবে দেখলেন জায়গাগুলোর প্রাকৃতিক আকর্ষণ তো কম নয়। তিনি তো পুণ্য অর্জন করতে যাচ্ছেন না। প্রকৃতি দেখবেন প্রাণভরে। অতএব চাকরের হাতে সংসার ছেড়ে তিনি সুটকেস নিয়ে এক সন্ধেবেলায় হাজির হলেন স্টেশনে।
যে কামরায় তাঁদের যাওয়ার কথা তার সামনের প্ল্যাটফর্মে গিজগিজ করছে মানুষেরা। বেশির ভাগ বয়স্ক মানুষদের বিদায় জানাতে এসেছেন তাঁদের পরিবার। ব্যবস্থাপকদের বারংবার সাবধান করে দিচ্ছেন যাতে অযত্ন না হয়। কামরায় উঠে মেয়ে মায়ের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে যাতে অসুবিধে না হয়, ছেলে বাবাকে মনে করিয়ে দিচ্ছে সময়মতো ওষুধ খাওয়ার কথা। চিত্তপ্রিয় লক্ষ করলেন অধিকাংশ যাত্রীরই বয়স হয়েছে এবং কোনও আত্মীয়-সঙ্গী নেই। এতই যখন দুশ্চিন্তা তখন বিদায় জানাতে আসা আত্মীয়রা সঙ্গী হয়নি কেন?
চিত্তপ্রিয়র স্বভাব হল কারও সঙ্গে গায়ে পড়ে কথা না বলা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে তিনি লক্ষ করলেন, এতদিন অপরিচিত বৃদ্ধ-বৃদ্ধারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছেন এমন ভঙ্গিতে যে, অপরিচয়ের গন্ধটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্যাসেজের পাশে জানলার ধারে যে মুখোমুখি দুটো আসন থাকে তার একটি বরাদ্দ হয়েছিল চিত্তপ্রিয়র জন্যে। চিত্তপ্রিয় তাই চেয়েছিলেন। কারও সঙ্গে গায়ে গা লাগিয়ে বসতে হবে না। কেউ গলা বাড়িয়ে কথা শুরু করতে পারবে না। ট্রেন ছাড়ার খানিক পরেই তিনি একটি বই খুলে বসলেন। ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্ম থেকে ইংরেজি থ্রিলার কিনেছেন। কিন্তু আলোর তেজ এত কম যে ভালো করে পড়া যাচ্ছে না। নাকি চশমার পাওয়ার বদলাতে হবে! চিত্তপ্রিয় বই বন্ধ। করলেন। না, সত্যি তিনি এবার বৃদ্ধ হয়ে গেছেন। শরীরে মেদ জমেনি বটে কিন্তু চামড়া শিথিল হয়েছে, কুঁচকে যাচ্ছে। চোখের নিচে বেশ ভাঁজ পড়েছে। এগুলো কখন অজান্তে এসে গেল। খেয়াল করেননি। চারতলায় উঠতে কষ্ট হয়। দৌড়াবার কথা ভাবতেও পারেন না। চোখের আর দোষ কী!
চিত্তপ্রিয়র উলটোদিকের আসনে যিনি বসেছিলেন তিনিও বৃদ্ধ। এই কামরা শেষ বয়সের মানুষে ঠাসাঠাসি। বৃদ্ধ বললেন, আমার শোওয়ার জায়গা পড়েছে ওপরে। বলুন তো, এই শরীর নিয়ে ওপরে উঠি কী করে? এত করে বললাম লোয়ার বার্থ দিতে, কানেই তুলল না। মশাই কি এই প্রথম?
চিত্তপ্রিয় মাথা নাড়লেন, না। মুখে কিছু বললেন না। কথা বললেই কথা বাড়বে। এবং সেসব কথা। যে অভিযোগের নামান্তর তাতে সন্দেহ নেই। বয়স হলে মানুষ সবসময় অসন্তুষ্ট থাকে!
এইসময় আর এক বৃদ্ধ ট্রেনের দুলুনি সামলে কোনওমতে এসে দাঁড়ালেন, ওহে হরিহর, উনি রাজি হয়েছেন।
হয়েছেন? উলটোদিকের বৃদ্ধ সোজা হয়ে বসলেন।
হবে না কেন? পাঁচটা দামড়া বুড়োর মধ্যে কোনও মেয়েছেলে একা বসে থাকতে চায়? বললাম, আপনার এখানে অসুবিধে হলে সিঙ্গল সিটে চলে যেতে পারেন। ওখানে হরিহর আছে, বললে চলে আসবে।
বৃদ্ধ বললেন, কিন্তু আমার শোওয়ার বার্থ যে ওপরে। ওঁর বয়স কত?
ষাটের মধ্যেই হবে। আগে এখানে পাঠিয়ে তো দিই তারপর দেখা যাবে। মালপত্র নিয়ে চলে এসো, জমিয়ে গপ্পো করতে-করতে যাওয়া যাবে।
দুই বৃদ্ধতে মিলে মালপত্র নিয়ে নড়তে-নড়তে চলে যেতে চিত্তপ্রিয় বেশ অস্বস্তিতে পড়লেন। উলটোদিকে একজন মহিলা বসে থাকলে অনেক ঝামেলা। তাঁকেই হয়তো নিজের লোয়ার বার্থ ছেড়ে ওপরে উঠতে হবে। না, তিনি উঠবেন না। টাকা দেওয়ার সময় পইপই করে বলেছিলেন বলে বার্থটা পেয়েছেন। এখন সেটা ছাড়তে রাজি নন। সবচেয়ে ভালো, কথা না বলা, প্রশ্রয় না দেওয়া, আর তাহলে ভদ্রতার মুখোশ পরতে হবে না। চিত্তপ্রিয় আবার বই খুললেন। ভালো। দেখতে না পাওয়া সত্বেও এমন ভাব করলেন যে, গভীর মনোযোগের সঙ্গে তিনি পড়ে চলেছেন। একটু বাদেই সুটকেস এল। সঙ্গে সাদা কাপড়। চিত্তপ্রিয় মুখ তুলে তাকালেন না।
উলটোদিকের আসনে কেউ বসলে কতক্ষণ না দেখে থাকা যায়? একসময় চিত্তপ্রিয়কে মুখ তুলতেই হল। মহিলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। যদিও এত রাতের অন্ধকারে। বাইরের কিছুই চোখে পড়ার কথা নয়। তবু তাকিয়ে থাকা। সাদা শাড়ির নীল পাড় কপালের একটু ওপর থেকে ঘোমটা হয়ে নেমেছে। মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে বোঝা যায়, যৌবন পার হয়ে এসেছেন অনেককাল। আজকাল অনেক মহিলাই এইসব ভ্রমণ-কোম্পানিগুলোর ওপর ভরসা করে বাইরে যেতে পারছেন। ইনিও সেই দলের। নাক এবং হাত দেখে বোঝা যাচ্ছে। গায়ের রং একসময় খুবই উজ্জ্বল ছিল। চিত্তপ্রিয়র স্ত্রী সুস্বাস্থ্যবতী ছিলেন না, কিন্তু খুবই ফরসা। ছিলেন। মেয়ে অনন্যা তার মায়ের রং পেয়েছে। স্ত্রী-র সঙ্গে তাঁর সম্পর্ক কীরকম ছিল, তা আজও স্পষ্ট নয় চিত্তপ্রিয়র কাছে। কোনওদিন অমর্যাদা করেননি, কর্তব্যে অবহেলা হয়নি, রোগশয্যায় সেবা করেছেন, কিন্তু মারা যাওয়ার পর আবিষ্কার করলেন স্মৃতি ধূসর হয়ে আসছে। এখন তো তেমন করে মনেও পড়ে না। প্রেম-ভালোবাসার যে টানের কথা বইপত্রে পড়া যায়, তার। কোনওটাই জীবনে স্ত্রীর প্রতি অনুভব করেননি তিনি। উলটোদিকে বিয়ের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় কোনও মহিলার প্রতি তিনি আকর্ষণ বোধ করেননি। এখন পর্যন্ত শব্দদুটো মনে আসতেই। হেসে ফেললেন চিত্তপ্রিয় অন্যমনস্কভাবে। এই ষাটের ওপর পৌঁছে কোনও মহিলার প্রতি আকৃষ্ট হবেন তিনি?যাঁদের প্রতি হলে স্বাভাবিক দেখাবে তাঁদের তো বয়স পঞ্চাশ ছাড়িয়েছে। আর পঞ্চাশ ছাড়ালে বাঙালি মেয়েদের মন আর যাই হোক নতুন পুরুষের প্রেম গ্রহণের জন্যে বিন্দুমাত্র আকাঙ্ক্ষিত থাকে না। বাসনা আসে কিনা জানেন না, কিন্তু তা চেপে রাখতে রাখতে ও ব্যাপারে চৈত্রের দুপুরের মতো শুনশান হয়ে যান।
ভদ্রমহিলা মুখে ফেরালেন। তারপর দুটো হাত তুলে জানলার কাঁচ নামাবার চেষ্টা করলেন। ওঁর শক্তিতে কুলোচ্ছিল না। চিত্তপ্রিয় আর নিস্পৃহ থাকতে পারলেন না। বললেন, আমি দেখছি, আপনি একটু সরুন।
ভদ্রমহিলা তাকালেন। সামনের চুলে রুপোলি ছোপ, মুখের চামড়া বয়স হওয়া সত্বেও এখনও টানটান। চশমার ভেতর চোখদুটো। চিত্তপ্রিয় থমকে গেলেন। তাঁর মাথার মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। এইরকম ঘাড় বেঁকিয়ে বড় চোখে তাকানো, না হতে পারে না। মানুষের চেহারা বদলে যায়। ভঙ্গিও। সময় সবকিছু চমৎকার গিলে ফেলে। তাঁর নিজের কুড়ি বছরের চেহারার সঙ্গে এখনকার একটুও মিল নেই। ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়। শুধু চাহনি দেখে দুটো মানুষকে এক করে দেওয়া হঠকারিতা।
চিত্তপ্রিয় অনেকটা শক্তি প্রয়োগ করে জানলাটা বন্ধ করে দিয়ে নিজের আসনে ফিরে এলেন। এসে দেখলেন ভদ্রমহিলা একইভাবে তাঁর দিকে তাকিয়ে আছেন। তিনি এবার অস্বস্তিতে পড়লেন। সে ছিল ছিপছিপে, রোগা বলা ভালো। হলুদ শাড়ি আর হলুদ জামা পরতে খুব ভালোবাসত। কোঁচকানো চুল হাঁটুর কাছে নেমে থাকত ঝরনা হয়ে। ইচ্ছে করেই তাকে বন্দি করত না সে। আর ওই মুখ দেখে মনে হত পবিত্র শব্দটির বিকল্প আছে। তার সঙ্গে এর কোনও মিল নেই একমাত্র চাহনিটুকু ছাড়া।
চিত্তপ্রিয় মুখ ফিরিয়ে নিলেন। আগ বাড়িয়ে কথা বলা তাঁর স্বভাবে নেই। মহিলাও পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। এখন আর বই পড়ার চেষ্টা করলেন না চিত্তপ্রিয়। অনেক, অনেকদিন। বাদে সেই অস্বস্তিটা আজ ফিরে এল তাঁর মনে। পেছন ফিরে তাকালে অনেক বছর পেরিয়ে যেতে হয় আর তার সংখ্যাটা মোটেই স্বস্তিজনক নয়। কিন্তু সত্য যা, তা চিরকালই সত্য।
জামসেদপুরে থাকতেন তখন। বাবা চাকরি করতেন টাটা কোম্পানিতে। কুলসি রোডের কোয়াটার্সে থেকে সদ্য কলেজে উঠছেন। ওই সময় সাকচিতে মানুষজন কম, সবাই সবাইকে। চেনে। স্কুলে থাকতেই চিত্তপ্রিয় ভালো ক্রিকেট খেলতেন, নামও হয়েছিল। সাকচির মাঠে শীতের ছুটির দিনগুলো কাটত। সেদিন ম্যাচ ছিল। ব্যাট করছিলেন তিনি। একটা ফুলটস পেয়ে সপাটে ঘুরিয়েছেন, এমন সময় চিৎকার উঠল। মাঠের ওপাশে বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মাথায় গিয়ে পড়েছে বলটা। দু-হাতে মাথা চেপে ধরে বসে পড়েছে যে, তার পরনে চকোলেট রঙের শাড়ি, বয়স সতেরো কী আঠারো। সবাই ছুটে যেতে চিত্তপ্রিয়ও গিয়েছিলেন। মেয়েটার ফরসা আঙুলের ফাঁক গলে টকটকে লাল রক্ত বেরিয়ে আসছিল। সবাই মিলে মেয়েটাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হল। মেয়েটির মা চিৎকার-কান্নাকাটি করে বকাঝকা শুরু করে দিলেন। ওভার বাউন্ডারির আনন্দ মুছে গিয়েছিল, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। ডাক্তার এল। আঘাত তেমন গুরুতর নয় কিন্তু স্টিচ করতে হল। সেদিন আর খেলেননি চিত্তপ্রিয়।
সেই মেয়ে, যার নাম সরমা তার সঙ্গে একদিন আলাপ হয়ে গেল চিত্তপ্রিয়র। আলাপ থেকে প্রেম। সরমার চুলের ফাঁকে তখনও ছোট্ট সাদা দাগ উঁকি মারত। জুবিলি পার্কে হাঁটতে-হাঁটতে সরমা বলেছিল, তুমি আমার মাথায় সারাজীবন থেকে গেলে।
সে বড় সুখের সময় ছিল। সুখের এবং আশঙ্কার। সপ্তাহে দু-দিন লুকিয়ে চুরিয়ে কিছুক্ষণের জন্যে দেখা আর দিনরাত ভাবা। তারপর অবধারিতভাবে সেই দিনটা এল। সরমা কাতর গলায়। জানাল, তার বাবা বিয়ের ঠিক করেছেন, কিন্তু সে আত্মহত্যা করবে তবু অন্য কাউকে বিয়ে করবে না। এখন সবকিছু চিত্তপ্রিয়র হাতে। সে যেটা চায় তাই হবে। চিত্তপ্রিয় নাওয়া-খাওয়া ভুলে গেলেন। সরমাকে বাঁচাতে গেলে তখনই তাঁর একটি চাকরি দরকার। কিন্তু কে তাঁকে চাকরি দেবে? কলেজে পড়া এক তরুণ কোনও চাকরি করতে পারে? বাবা-মাকে বলে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ তাঁরা প্রশ্রয় দেবেন না। বন্ধুরা পরামর্শ দিল সরমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে। সেখানে চেষ্টাচরিত্র করে চাকরি জোগাড় করতে। আর সেই জায়গাটা কলকাতা হওয়া উচিত। অত লোকের ভিড়ে কেউ তাদের খুঁজে বের করতে পারবে না। সবাই মিলে চাঁদা তুলে হাজারখানেক টাকা জোগাড় করে দিল। সেই টাকা হাতে পেয়ে চিত্তপ্রিয়র মনে হয়েছিল পৃথিবীটা তার মুঠোয় এসে গেছে। সরমাকে প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। জামসেদপুর থেকে। ট্রেনে কলকাতা। একটা সাধারণ হোটেলে থেকে চাকরির খোঁজখবর নেওয়া এবং সেটা নিশ্চয়ই পাওয়া যাবে। সরমা বলেছিল, যদি না পাওয়া যায়? তিনি বলেছিলেন, পেতেই হবে। এ ঝুঁকি নিলে তোমাকে কখনও পাব না সরমা। তুমি আমার ওপরে ভরসা করতে পারছ না?
নিশ্চয়ই করি। আর