
জন্ম বৃত্তান্ত
সমরেশ মজুমদার
একটু আস্তে হাঁটো!
ঠিক আছে।
উঁহু, ঠিক নেই। অত জোরে হাঁটা এই সময় ঠিক নয়। বরং চলো, ওই বেঞ্চটায় বসি।
না, ওখানে কে একজন বসে আছে।
থাকুক, তাতে আমাদের কী এসে গেল। আজ অনেক হাঁটা হয়েছে। সুনীত নীপার হাত ধরতে চাইলে সে ছাড়িয়ে নিল। এখন রাস্তার আলো জ্বলে গেছে। শীতের আকাশটা ময়লাটে। চারধারে। একটা ধোঁয়াটে ভাব। সুনীত দেশবন্ধু পার্কের মাঝখানে যে ফিনফিনে অন্ধকার সেখানে চোখ। রাখল, শালা, উত্তর কলকাতায় বেড়ানোর জায়গা পর্যন্ত নেই। আমাদের গাড়ি থাকলে তোমায় গড়ের মাঠ কিংবা লেকে বেড়াতে নিয়ে যেতাম।
থাক, আর আদিখ্যেতা করতে হবে না। নীপা চাপা গলায় বলল।
আদিখ্যেতা! এটা আদিখ্যেতা হল? ডাক্তার তোমাকে রোজ বেড়াতে বলেনি?
ওসব ডাক্তাররা বলেই থাকে। তুমি এমন করছ যেন আর কারও
নীপা কথাটা শেষ করল না। ওরা বেঞ্চির কাছে এসে গিয়েছিল। একজন বৃদ্ধ বিহারী সেখানে বসে আছে দেখে সুনীত নিশ্চিন্ত হল। এই সময় বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতে নীপার অসুবিধে হয়। সুনীত ঠিক করল দশমিনিট বসেই বাড়ি ফিরবে। এখান থেকে ওদের ফ্ল্যাট বেশি দূরে নয়। টু-রুম ফ্ল্যাটটার একটাই সুবিধে, সুন্দর দক্ষিণমুখো ব্যালকনি আছে। ইদানিংনীপা বিকেলে বেরুতেই চায় না। রাস্তার লোকরা নাকি ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। সেটা অবশ্য সুনীতেরও চোখ এড়ায়নি। ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় তখন। কিন্তু কিছু করার নেই। মানুষ তার অতীত অথবা ভবিষ্যতের কথা খুব দ্রুত ভুলে যায়।
এই সময় নীপার কাছে কারও থাকা উচিত। এখন অফিসে বসে খুব চিন্তা হয়। সুনীতের মা নেই, দিদিরা দিল্লিতে। দূরসম্পর্কের এমন কোনও আত্মীয়া নেই যাকে এই সময় আনা যায়। আর নীপা তো ওর বাপের বাড়িতে যাবেই না। রেজিস্ট্রি করে বিয়ে হবার পর তাঁরাও সম্পর্ক রাখেননি। এতদিন কোনও মুশকিল হয়নি। বরং কেউ নেই বলে খুব ভালো লাগত। শুধু অফিসটুকু ছাড়া ওদের ছাড়াছাড়ি হয় না। নীপাকে এই দুবছর ধরে দারুণ ভালোবেসেছে সুনীত। সে সময় আর কারও উপস্থিতি অসহ্য হত।
এই, তুমি রোজ-রোজ অত ফলমূল আনবে না। নীপা চাপা গলায় বলল।
কেন?
বড্ড বেশি খরচ করছ। সামনে আরও বড় খরচ আসছে।
সে আমি বুঝব। ডাক্তার সেন বলেছেন এই সময় মেয়েদের শরীরে রক্ত কমে যায়। অ্যানিমিয়া হয়ে গেলে আর দেখতে হবে না।
আমি কি না খেয়ে আছি? আমার স্বাস্থ্য বেশ ভালো আছে।
সুনীত নীপার হাতটা ধরল, উঁহু অ্যাদ্দিন তুমি নিজের জন্য খেতে আর এখন আর একজনের কথা ভাবতে হবে।
নীপা সঙ্গে-সঙ্গে চিমটি কাটল, অসভ্য!
সুনীতের ব্যথা লাগলেও হাসলো, যাই বল, যত দিন যাচ্ছে তুমি সুন্দর হচ্ছো।
ছাই! নীপা মুখ তুলে আকাশ দেখল, আচ্ছা, আমি যদি নার্সিংহোম থেকে না ফিরি তাহলে তুমি ওকে ভালোবাসবে?
সুনীত মুখ ফিরিয়ে নিল। সম্প্রতি এই এক বুলি হয়েছে। শুনলেই বুকের মধ্যে ক্ষরণ শুরু হয়ে যায় সুনীতের। প্রথম-প্রথম প্রবল প্রতিবাদ করত, এখন হাল ছেড়ে দিয়েছে। আমি যদি না ফিরি তাহলে এই শাড়িগুলোর কী হবে? আমি যদি না ফিরি তাহলে এই খাটে প্লিজ শুয়ো না; এই শোনো, আমি যদি না ফিরি তুমি আবার বিয়ে করবে? এইসব শুনতে-শুনতে এক ধরনের বিষাদে ডুবে যায় সুনীত। মাঝে-মাঝে মনে হয় এইসব শুনতে হবে জানলে কে সন্তান চাইত! কিন্তু শোনার জন্যেই বোধহয় মাঝে-মাঝে সুনীতেরও মনে হয় যদি তেমন ঘটনা ঘটে? কী করে সহ্য করবে সে? নীপা নেই একথা ভাবা যায় না। কাগজপত্রে পড়েছে এখন শিশুমৃত্যুর হার খুব কম এবং মায়েরা হাজারে একজন দুর্ঘটনায় পড়ে। সেই একজন যদি নীপা হয়!
সুনীত উঠল, চলো।
অদ্ভুত সুন্দর হাসল নীপা, রাগ করলে?
না, কথাটা শুনতে আমার খুব ভালো লাগল।
তোমরা ছেলেরা সব পারে। আমার মেসোমশাই মাসিমা মারা যাওয়ার ছমাসের মধ্যে আবার বিয়ে করেছিলেন। ছোট বাচ্চা থাকলে তাকে দেখাশোনার দোহাই দেয় সবাই।
সে যে করে সে করে, আমাকে দলে ফেলছ কেন?
নীপা উঠল। তারপর খুব ধীরে হাঁটতে-হাঁটতে বলল, নাগো, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না। কিন্তু ভয় হচ্ছে খুব।
কেন?
কদিন আগে যেন মনে হল কিছু নড়ছে।
কোথায়?
আঃ, কোথায় আছে জানো না?
সুনীত থতমত খেল। নীপার শরীরের সব কিছু সে জানে। কোথায় হাত রাখলে কাতুকুতু লাগে, কোথায় হাত দিলে আরাম পায়–সব। কিন্তু এই কথাটা জানা ছিল না তো! সে একটু উদ্বিগ্ন গলায় বলল, ডাক্তারকে বলেছ?
তখন হয়েছিল নাকি? খুব সামান্য।
উঁহু ভালো কথা নয়। এখনই নড়ানড়ির কী আছে!
রাখো তো! তুমি কিছু জানো যে মাথা ঘামাচ্ছে! পাশের ফ্ল্যাটের মাসিমা বলেছেন এই সময় নাকি শুরু হয়।
কালকেই চলো ডাক্তার সেনের কাছে।
এখনও তো মাস শেষ হয়নি।
তা হোক।
প্রত্যেক মাসের এক তারিখে সুনীত নীপাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সেই তৃতীয় মাস থেকে এই চলছে। ডাক্তার সেনের মুখটা মনে পড়লেই বুকের ভেতরটা অবশ্য চিনচিন করে। ব্যাটা প্রণবের পাল্লায় পড়ে এই দুরবস্থা। এমন করে প্রশংসা করতে লাগল ডাক্তারের যেন ধন্বন্তরি। নিজেরই নার্সিংহোম, কোনও অসুবিধে নেই। তা অবশ্য সুনীতদের ফ্ল্যাট থেকে নার্সিংহোম রিকশায় মাত্র পাঁচ মিনিটের পথ। কিন্তু ওর ইচ্ছে ছিল কোনও মহিলা গাইনিকে দিয়ে কাজটা করায়। নীপাও তাই চেয়েছিল। প্রথম দিন ডাক্তার সেনের কাছে গিয়ে নিদারুণ অভিজ্ঞতা। ভিজিটার্স রুমে অন্তত গোটাদশেক মা-হতে যাওয়া মহিলা অপেক্ষায় ছিলেন। প্রত্যেকের সঙ্গে একজন বয়স্কা মহিলা রয়েছেন। শরীরের গড়নের জন্যে তৃতীয় মাসে নীপাকে কিছু বোঝা যায়নি। কিন্তু ওদের মধ্যে বসে থাকতে রীতিমতো অস্বস্তি হচ্ছিল। টেবিলের ওপর জড়ো করা ম্যাগাজিনের একটা তুলে নিয়ে আড়াল করেছিল নিজেকে। আর মজার ব্যাপার, ওইসব মহিলারা সবাই নীপা এবং ওকে দেখছিলেন। ডাক্তার সেনের ঘরে যখন ডাক এল তখন। হাঁপ ছেড়ে বাঁচল সে।
ঘরের ভেতর নীলচে আলো এবং মোটাসোটা নার্স। চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ডাক্তারের বয়স এবং বেশ হ্যান্ডসাম চেহারা। চশমার আড়ালে চোখ দুটো বেশ ঝকঝকে এবং ঠোঁটে সর্বদাই। হাসি ঝোলানো। ওদের বসতে বলে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বলুন?
সুনীত নীপার দিকে তাকাল। মুখ নামিয়ে বসেছে ও। সুনীত গলা পরিষ্কার করল, আমাদের দুবছর বিয়ে হয়েছে, এই প্রথম! আচ্ছা! কী নাম আপনার?
স্লিপে সুনীত নিজের নাম লিখেছিল। ডাক্তারের প্রশ্ন যদিও নীপার উদ্দেশ্যে কিন্তু সে চটপট জবাব দিল, নীপা মিত্র।
ডাক্তার একবার সুনীতের দিকে তাকিয়ে আবার নীপাকে জিজ্ঞাসা করলেন, শেষ কবে?
নীপা মুখ তুলছিল না। ডাক্তার সেন হাসলেন, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি নিঃসঙ্কোচে কথা বলুন।
সুনীত উত্তর দিল, নিজেই সময়টা জানিয়ে দিল। সেটা শোনার সময় কি ডাক্তারের মুখে একটু বিরক্তির ভাঁজ পড়েছিল। বোঝা যায় নি, সুনীত কিন্তু সেই মুহূর্ত থেকে ডাক্তারকে অপছন্দ করতে শুরু করেছিল। তারপর কয়েকবার নিয়মিত ব্যবধান শুধু যাওয়া আসা। পরের দিকে নীপা অনেকটা স্বচ্ছন্দ। ডাক্তার বেশ জমিয়ে কথা বলেন। ওঁরই নার্সিংহোমে নীপার থাকার ব্যবস্থা হয়েছে। কিন্তু শেষবার সুনীতকে বেশ অস্বস্তি নিয়ে ফিরতে হয়েছে। নীপাকে একটি মেয়েলি প্রশ্ন করতে বেচারা থতমত হয়ে গিয়েছিল দেখে সুনীত নিজেই জবাবটা দিয়েছিল। তৎক্ষণাৎ ডাক্তারের হাসি মিলিয়ে গিয়েছিল, মিস্টার মিত্র, আমি ওঁকে প্রশ্ন করছি তাই ওঁর মুখ থেকেই জবাবটা শুনতে চাই!
বেরিয়ে এসে নীপা বলেছিল, তুমি খামোকা কথা বলতে যাও কেন?
বাঃ, তুমি উত্তর দিচ্ছনা আর আমি জানি তাই।
জানলেই বলতে হবে? শোভন অশোভন বলে কিছু নেই?
নীপার কথাটা শুনে ডাক্তারের ওপর তার মেজাজ আরও খারাপ হয়ে গেল। নীপার মনের সমস্ত আনাচ-কানাচ, শরীরের সব রকম রি-অ্যাকশান সে যতটা জানে নীপা ততটা জানে কিনা। সন্দেহ। অতএব সে কথা বললে দোষ কি? যেহেতু নীপা সুন্দরী তাই ওর সঙ্গে কথা বলার মতলব লোকটার। এইজন্যেই সর্বপ্রথম ওর লেডি ডাক্তারের কথা মনে এসেছিল। ব্যাটা প্রণবের জন্যে! অন্য সময় হলে কি করত ঠিক নেই কিন্তু এখন অপমানটা হজম করতে হল। নীপা এর মধ্যে কোনও অন্যায় দেখতে পাচ্ছে না সেটাই আশ্চর্যের কথা।
রাত্রে খাওয়া-দাওয়া চুকে গেলে সুনীত ঘরে ঢুকল। ইদানীং রাত্রে রান্নার ঝামেলা কমিয়ে দিয়েছে। ওরা। শুধু রুটিটা করে নেয় নীপা। কিন্তু বাকি কাজ সব সুনীত করে অনেক কষ্টে নীপাকে এটা মানতে বাধ্য করেছে সে। একে শীতের সময়, তারপর এই অবস্থায় নীপাকে দিয়ে পরিশ্রম। করাতে চায় না সে। নীপা অবশ্য সমানে প্রতিবাদ করে যাচ্ছে। গরিব-দু:খীদের তো করতেই হয়। কত গল্প শোনা গেছে, ধান কাটতে-কাটতে বেদনা উঠল, মেয়ে নিজেই সরে গিয়ে সন্তানের জন্ম দিয়ে এসে আবার ধান কাটতে লাগল। কিন্তু এসবে ভুলবার পাত্র সুনীত নয়। কোনও ভারি। জিনিস তুলতে দেয় না, এমন কি পারলে নীপার নিজস্ব কাজেও হাত বাড়ায়।
নীপা শুয়েছিল। ঘরে নীল আলোটা জ্বলছে। সিগারেট ধরাতে গিয়ে থেমে গেল সুনীত। শীতের হাওয়ার জন্যে সবকটা জানলা বন্ধ। এই বন্ধ ঘরে সিগারেটের ধোঁয়া নীপার ক্ষতি করতে পারে। কোথায় যেন পড়েছিল গর্ভস্থ ভ্রুণ নাকি সিগারেটের ধোঁয়ায় আক্রান্ত হয়। কথাটা মনে আসতেই সুনীত সিগারেট টেবিলে রেখে সটান নীপার কাছে চলে এল, কী হয়েছে?
চোখ থেকে হাত সরিয়ে নিল নীপা, সামান্য হাসল, কেন?
অমন করে শুয়ে আছো?
এমনি।
সুনীত খাটে বসে নীপার খোলা পায়ের পাতায় হাত রাখল। কেমন শীর্ণ দেখাচ্ছে। চমকে পা সরিয়ে নিল নীপা, ইস, ছি-ছি, পায়ে হাত দিচ্ছ কেন? কপালে হাত ছুঁইয়ে বলল, কি যে করো!
তোমার খুব কষ্ট হচ্ছে?
একটু।
আগে জানলে–!
কী?
এসব চাইতাম না।
পাগল! তোমার ওপর খুব চাপ পড়ছে অবশ্য।
মোটেই না। সুনীত ঝুঁকে পড়ে নীপার গলায় চুমু খেল। ওখানে চুমু খেলেই নীপার চোখ বুজে যায় হাত আপনি উঠে আসে সুনীতের পিঠে। সেই অবস্থায় সুনীত বলল, তোমার ছেলে আর কষ্ট দিচ্ছে না তো?
ছেলে?
যে নড়ছিল?
ছেলে ভাবছ কেন, মেয়েও তো হতে পারে!
তুমি তো ছেলেই চেয়েছিলে।
চাইলেই কি সব পাওয়া যায়?
যায়। যে চাইতে জানে তার নাকি কোনও অভাব হয় না। হেসে সুনীত বলল কথাটা। তারপর মুখ সরিয়ে নিয়ে আলতো করে নীপার পেটে কান রাখল। নীপা মাথাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু পারল না। তারপর হাল ছেড়ে দিল। শোওয়ার সময় নীপা একটু আলগা হয়ে শোয়। শরীর বড় হওয়ার পর আর আঁটোসাঁটো হয়ে থাকতে পারে না। সুনীত সেই মসৃণ পেটের ওপর কান রাখল। না, কোনও তৃতীয় সত্তার উপস্থিতি টের পাচ্ছে না। বেশ কিছুক্ষণ প্রতীক্ষার পর সে হতাশ গলায় বলল, কই, কিছু নড়ছে না তো!
নীপা হাসল, তুমি আড়ি পেতেছ জেনে চুপ করে গেছে। তোমারই ছেলে তো!
রিকশার রাস্তা কিন্তু ট্যাক্সি নিল সুনীত। এখন সামান্য ঝাঁকুনি মোটেই সুখকর নয়। নীপাকে দেখে ড্রাইভার আপত্তি করতে গিয়েও থেমে গেল এটা বুঝতে পারল ওরা। মাড় দেওয়া সুতির শাড়ি পরেছে নীপা, এতে নাকি আব্রুটা অনেক বাড়ে। ট্যাক্সিতে বসেই নীপা চোখ বন্ধ করে ঠোঁট চাপল।
কী হল?
সুনীত ওর হাত চেপে ধরতেই নীপা হাসবার চেষ্টা করল, কিছু না। তারপর একটু বাদেই সহজ হল।
সুনীতের ব্যাপারটা ভালো লাগছিল