Home
অপরিচিত

অপরিচিত

সমরেশ বসু

অপরিচিত

সমরেশ বসু
novel

Change color

পর্বঃ ০১

দূর বিহারের একটি অঞ্চল, যেখান থেকে শহর বা রেলওয়ে স্টেশনের দূরত্ব বেশ কয়েক মাইল। নবযুগ উন্মাদ-আশ্রম ও মানসিক চিকিৎসালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় কুড়ি বছর আগে। দিগন্তবিস্তৃত উন্মুক্ত প্রান্তর, অদূরেই পাহাড় ও অরণ্য মেশামেশি করে আছে। টাঙ্গা এবং আদ্যিকালের দুটি পুরনো মোটরগাড়ি শহরে যাত্রী বহন করে। দু-একজন ফরেস্ট ঠিকাদারের নিজস্ব গাড়িও আছে। বৈদ্যুতিক আলো এখানে এসে এখনও পৌঁছয়নি। একটি হিন্দি মাইনর স্কুল আছে। ছাত্র পাওয়া যদিও দুরূহ, তবু কোনও রকমে চলে।

মানসিক হাসপাতালের বাড়িটি নাকি কোনকালে কোন এক রাজা তৈরি করিয়েছিলেন। মস্ত বড় বাড়ি, প্রাসাদতুল্য। সিং-দরজাওয়ালা বড় গেট। খোলা গেটের ভিতর দিয়ে সামনে সুদীর্ঘ বাগান। দেখা যায়। তেমন যত্নকৃত বাগান বলতে যা বোঝায়, রংবেরঙের ফুল, সে সব কিছুই নেই। বড় বড় গাছের সংখ্যাই বেশি। ইউকালিপটাস, মেহগিনি, অশোক, জয়ন্তী বা গুলমোহর, এমনি বড় বড় গাছের ছায়ানিবিড়তার মধ্যে ক্যাসলের মতো বাড়িটি দেখা যায়। মাঝখান দিয়ে লাল রাস্তা বাড়ির সামনের বারান্দার সিঁড়ি অবধি চলে গেছে। হয়তো একদা মোরাম বিছানো ছিল। এখন আর বিলাসের সে প্রাচুর্য নেই।


সিংদরজার থামের একপাশে ছোট একটি ট্যাবলেট, তাতে একপাশে বাংলায় ও আর একপাশে ইংরেজিতে লেখা রয়েছে, নবযুগ উন্মাদ-আশ্রম ও মানসিক চিকিৎসালয়। চারপাশে অরণ্যের বিস্তৃতি জায়গাটিকে আরও মনোরম করেছে।


মনে হয়, বাড়িটিতে লোকজনের বাস নেই, এমনই স্তব্ধ নিবিড় শান্ত। কিন্তু একটি ঘরে দুজন বসে ছিলেন। যিনি বয়স্ক, তাঁর উশকো-খুশকো পাতলা চুল, অল্প দাড়ি, চোখে মোটা লেন্সের চশমা। তিনি যেন স্বপ্নের ঘোরে আবেগ-মন্থিত স্বরে কথা বলে চলেছিলেন। তাঁর সামনের সেক্রেটারিয়েট টেবিলটি তেমন গোছানো নয়। টেবিলে একটি টোবাকো পান করবার পাইপ রয়েছে। ভদ্রলোকের গায়ে কোঁচকানো সার্ট, অসংবৃত টাই, প্যান্টটা মোটামুটি ধরনের।


শ্রোতা একজন যুবক, সে অদূরেই একটি বেঞ্চিতে বসে আছে। কোলের ওপর হাত দুটি নিরীহভাবে ন্যস্ত। তার চুলগুলো আঁচড়ানো নেই। কোঁকড়ানো চুল কপালের অনেকখানি ঢেকে রেখেছে। মুখটি মিষ্টি, অনেকটা ছেলেমানুষের মতো। তার মুখের মুগ্ধ হাসি, আয়ত স্বপ্নিল চোখের দৃষ্টি, সবকিছুর মধ্যেই একটি শিশুর সারল্য মাখানো। গায়ে একটি প্রিন্স কোট। দেখলেই বোঝা যায় কোটটি পুরনো। বোতাম আছে, তবু প্রায় সবই ভোলা। স্বভাবতই ভিতরের শার্টটি দেখা যাচ্ছে। শার্টের চেহারাও তথৈবচ। হাতে কাঁচা, কোঁচকানো। প্রিন্স কোটের কলারের পাশ দিয়ে শার্টের এক পাশের কলার এমনভাবে খোঁচা হয়ে বেরিয়ে আছে, যেন একটি গাধার বড় কান। যুবক একটু নড়লে বা ঢোঁক গিললেই কলারটি এমনভাবে নড়ে উঠছে, যেন ঠিক গাধায় কান নাড়ছে। দৃশ্যটা হাসির উদ্রেক করে। শার্টের বোতামগুলোও তার ভাল করে লাগানো নেই। কোটের মতোই কালো রঙের একটি ভাঁজহীন প্যান্ট তার পরনে। একটু বেশি ঢলঢলেই মনে হয়। কিন্তু পায়ে মোজা নেই, অথচ পায়ে দুটি ভেলভেটের পুরনো নাগরা। এত পুরনো হয়েছে যে, অনেকটা ধূলিধূসর দেখাচ্ছে এবং ধারে-ধারে জরি উঠে গেছে, তার ফুপড়ি পর্যন্ত দেখা যায়। ডান পা-টি এমনভাবে বাঁ দিকের প্যান্টের খোলর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মনে হয়, মোজা নেই বলে শীত করছে। কিন্তু দেখলেই হাসি পেয়ে যায়।


ডক্টর ঘোষের আবেগ-মন্থিত কথা শেষ হয়ে আসার শেষেই, এ সব বিশেষ করে লক্ষে পড়ে। ডক্টর ঘোষই এই আশ্রমের একমাত্র ডাক্তার, আশ্রমটি তাঁর নিজের প্রতিষ্ঠিত। ঘরটি প্রায় আসবাবপত্রহীন। দেয়ালে একটি ক্যালেন্ডার ছাড়া বড় একটি বুদ্ধের শুধু মুখচ্ছবি। সেই মুখে করুণ মধুর হাসি, নিমীলিত চক্ষু, তবু চোখের তারা দুটি ঈষৎ দেখা যায়।


তিনি বলে চলেছিলেন, …তাই, আমার সব আবেদন তাই মানুষের কাছে। বুঝলে সুজিতনাথ, মানুষ, মানুষ, মানুষকে মানুষই সব দিতে পারে, বিশ্বসংসারে এই যে এত উন্মাদ, মানসিক ব্যাধিগ্রস্ত লোক দেখছ, এ সব কিছুই ঘটতে পারে না, যদি মানুষ আর একটু কম নিষ্ঠুর হত, কম স্বার্থপর হত। একটু…কী বলব, আর একটু সহজ, আর একটু স্নেহ-ভালবাসা প্রেম-প্রীতির সম্পর্ক, আর একটু গভীর, নিবিড় করে নিয়ে দেখা, সেটাই সবথেকে বড় মহৌষধ। আমি আমার সারাটা জীবন ভরে এই অভিজ্ঞতাই সঞ্চয় করেছি। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে আমি জানি না, জানতেও চাই না। জীবনে যে আমার প্রথম রুগি, যাকে দেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম…।


এই পর্যন্ত বলে, টেবিলের একপাশে একটি ফটোগ্রাফের দিকে তাকান। দু পাশের ঘন চুলের মাঝখানে ফুলের মতো নিষ্পাপ একটি পবিত্র মেয়ের মুখ। কথা বলতে বলতে সহসা ডক্টর ঘোষের গলা করুণ আর স্বপ্নাচ্ছন্ন শোনায়, কণ্ঠস্বর নেমে যায়। আবার বলেন, প্রতিজ্ঞা করেছিলাম, মানুষের মনের অসুখ সারানোই হবে আমার জীবনের ব্রত। দেখেছিলাম, সংসারের কী ভয়াবহ নিষ্ঠুর পীড়ন তাকে একেবারে উন্মাদ করে দিয়েছে। আঃ, তার অপরাধ, সে শুধু ভালবেসেছিল…। তার মনকে আমি সুস্থও করে তুলেছিলাম, কিন্তু তার মৃত্যুকে আমি ঠেকাতে পারিনি… ।


ডক্টর ঘোষের কণ্ঠস্বর ডুবে গেল। যুবকটির করুণ মুগ্ধ দৃষ্টি টেবিলের ছবির দিকে। কোন গহ্বর থেকে যেন ডক্টর ঘোষের গলা আবার ভেসে উঠল, এই আমার প্রথম রুগি, আর তুমি, সুজিত, তুমি আজ আমার শেষ রুগি।


সুজিত ফিরে তাকায় ডক্টরের দিকে। ডক্টর বলেন, তোমাকে ছ বছর ধরে চিকিৎসা করছি আমি, তোমার বেলাতেও আমি দেখলাম, ছেলেবেলা থেকে তুমি কী নিষ্ঠুর নির্দয় স্নেহ-ভালবাসাহীন অবস্থায় কাটিয়েছ, যা তোমার মস্তিষ্কের মনের সমস্ত ভারসাম্য পর্যন্ত নষ্ট করে দিয়েছিল। আমার সৌভাগ্য, তোমারও সৌভাগ্য এখন তুমি ভাল হয়ে গেছ। এবার তোমার সংসারের পথে যাত্রা শুরু।


হঠাৎ ঢং ঢং করে ঘড়িতে চারটে বেজে উঠল। ঘণ্টার শব্দের মধ্যেই ডক্টর যেন সংবিৎ ফিরে পেয়ে বললেন, চারটে? তোমার তো আর দেরি করার উপায় নেই সুজিত। সব গুছিয়ে নিয়েছ তোমার?


সুজিতও যেন খুবই ব্যস্ত হয়ে উঠল। বেঞ্চির একপাশ থেকে সামান্য একটি পুঁটলি সে হাতে তুলে নিল। ডক্টর ঘোষ তাকে দেখলেন। পায়ের দিকে, প্যান্টের খোলের মধ্যে নাগরাসুদ্ধ একটা পা ঢোকানো দেখে, স্নেহ-করুণ সুরে বললেন, শীত করছে, না?


সুজিত সম্মতিসূচক ঘাড় নাড়ল।


ডাক্তার আবার তার পুঁটলি ও পোশাক দেখলেন। বললেন, এ আশ্রমে এমন একটা বিছানা বা সুটকেসও নেই যে তোমাকে দিই। আশ্রমের ঋণ অনেক, তাই সবাই…।


সুজিতের শার্টের কলার নড়ে উঠল, তার সহজ হাসিটা একটু যেন বোকাটে দেখায়। বলল, এই তো বেশ আছে।


ডাক্তারের দৃষ্টি করুণ ও চিন্তান্বিত। বললেন, বেশ ছাড়া উপায়ই বা কী। তোমাকে যিনি আমার হাতে তুলে দিয়ে গেছিলেন, সেই প্রতাপনারায়ণ সিংহ মশায়ের এক বছর ধরে কোনও চিঠি পাইনি, তোমার চিকিৎসার জন্যে কোনও টাকাও এক বছর পাঠাননি। ওঁর কোনও ঠিকানাও জানি না। আট-ন বছর তিনি নানান জায়গা থেকে টাকা আর চিঠি পাঠাতেন। তিনি যে তোমার কে, তুমিও জান না, আমিও জানি না। শুধু এইটুকু জানি, তুমি নাকি পিতৃমাতৃহীন, ওঁর আশ্রিত ছিলে। তোমাকে চোদ্দো-পনেরো বছর বয়সে বর্ধমানের এক গ্রাম থেকে নিয়ে উনি প্রথম পাটনায় যান। তখন থেকেই তোমার মধ্যে অদ্ভুত সব পাগলামির লক্ষ্মণ দেখা দেয়, হয় হাস, নয় মনমরা হয়ে বসে থাক। লেখাপড়া মাথায় কিছুই ঢোকে না। তোমার ষোলো বছর বয়সে আমার কাছে দিয়ে যান। কিন্তু আশ্চর্য। তোমার মধ্যে আমি প্রথমেই আবিষ্কার করলাম একটি অসহায় দুঃখী, কিন্তু বুদ্ধিমান সহৃদয় ছেলে।


সুজিত লজ্জিত হয়ে এমনভাবে হাসে, মনে হয় সে একটু যেন বিকৃত মস্তিষ্কের লোক। সে মাথা চুলকোয় এবং বুকের কাছে আঙুল দিয়ে খসখসিয়ে দেয়। আসলে এটাই তার লজ্জা ও কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গি। ওইভাবে হাসি হাসি মুখ নিয়েই পকেট থেকে সে হঠাৎ একটি ফটো বের করে ডাক্তারের সামনে মেলে ধরে। এবং তার মুখ কৌতূহলিত ও চোখ দুটি বড় বড় হয়ে ওঠে।


ডাক্তার বলে ওঠেন, ও হ্যাঁ, এই তো প্রতাপনারায়ণবাবুর ফটো। এটা তোমাকে দিয়ে গিয়েছিলেন বুঝি?


সুজিত ঘাড় নাড়ে। ডাক্তার আবার বলেন, দেখো তো, এটার পিছনেই কলকাতার একটা ঠিকানা আছে। সেটা আমার কাছেও লেখা রয়েছে বলে আমি তোমাকে আপাতত কলকাতা যাবার টিকিটই কেটে দিয়েছি। হয়তো এ ঠিকানায় গেলে তুমি আপনার লোকজনের বা বাড়ি-ঘরের একটা সন্ধান পাবে।


সুজিত ফটোটা উলটে ধরে। পিছনে লেখা আছে, শ্ৰীবীরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, ১৯, অলিভ রোড, কলিকাতা। ঠিকানাটা দেখতে দেখতে ডাক্তার বলেন, হ্যাঁ, হ্যাঁ, এই ঠিকানা। আচ্ছা, তোমার বাবার নামটাও তো আমার পেশেন্ট বুকে–


তাঁর কথা শেষ হবার আগেই সুজিত বলে ওঠে, ঈশ্বর অতীন্দ্রনারায়ণ মিত্র।


–ইয়েস ইয়েস, দ্যাটস্ অলরাইট। দেখ এখন কলকাতায় গিয়ে কী হয়। আমিও কাল সকালেই এ আশ্রম ছেড়ে যাব।


সুজিত করুণ সহজ শিশুর মতো জিজ্ঞেস করে, কোথায় যাবেন?


ডাক্তার হঠাৎ সুজিতের কাঁধে হাত দেন। দূরের দিকে তাকিয়ে বলেন, তা তো জানি না সুজিত। অনেক ছেলেমেয়ের চিকিৎসা করেছি, এখন ক্লান্তি বোধ করছি। এবার আমার ছুটি। দেখি, কোথায় ভাগ্য টেনে নিয়ে যায়।


একটু স্তব্ধতা। একটি লোক ঘরে প্রবেশ করে জানায়, টাঙ্গা আগ্যয়া বাবুজি।


ডাক্তারই প্রথম চমকে ওঠেন, বলেন, এসে গেছে? চলো চলো সুজিত, আর দেরি নয়, ছটায় তোমার গাড়ি, রাস্তা অনেকখানি। কিন্তু তোমার টিকেট ঠিক আছে তো? দেখো, পকেটে রেখেছ কি না।


সুজিত পকেটে হাত দিয়ে, বার্থ রিজার্ভেশন স্লিপসহ টিকেটটা দেখায়। ডাক্তার বলেন, ঠিক আছে, তোমার ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ আছে। তোমাকে সারাটা পথ হয়তো দাঁড়িয়ে যেতে হবে, তাই ফার্স্ট ক্লাসের টিকেটই কাটতে দিয়েছিলাম। এইটুকুনি আমার শেষ অবদান। আর টাকাটা কোথায় রেখেছ?


সুজিত পকেট থেকে দশ টাকার একটি নোট বের করে। ডাক্তার বলেন, ঠিক আছে, ওই টাকা দিয়েই টাঙ্গা-ভাড়া আর পথের খরচ চালিয়ে নিয়ো। আর ভবিষ্যতে যদি তোমার কোনও চিঠিপত্র আসে, সে-সব অলিভ রোডের ঠিকানাতেই পাঠানো হবে। এখানে আমি সে ঠিকানা রেখে দিয়েছি, এখন চলো।


সুজিত ঘাড় নেড়ে ডাক্তার ঘোষকে অনুসরণ করে। হাতে সেই পুঁটলি। বাইরে এসে, টাঙ্গায় ওঠবার আগে সুজিত থমকে দাঁড়ায়। সহসা এক পা পেছিয়ে এসে, নির্বাক শিশুর করুণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকায়, এবং নিচু হয়ে ডাক্তারকে প্রণাম করে। ডাক্তার তাকে তাড়াতাড়ি বুকে জড়িয়ে ধরেন। ডাক্তারও আবেগ-কম্পিত হয়ে ওঠেন, থাক থাক।


ডাক্তারের মুখ উজ্জ্বল কিন্তু করুণ। সুজিত ডাক্তারের কাছ থেকে সরে, অবাঙালি চাকরটির হাত চেপে ধরে নাড়া দিল একবার। চাকরটি এই আশাতীত প্রীতিতে সুজিতের হাত মুঠো করে ধরে…


.


টাঙ্গা ছুটেছে বিহারের উঁচু-নিচু রুক্ষ অঞ্চলের ওপর দিয়ে। টাঙ্গা বেশ দ্রুতগামী। প্রায় এক ঘণ্টা ছুটে টাঙ্গা রেলস্টেশনে এসে দাঁড়াল। সুজিত পকেটে হাত দিয়ে দশ টাকার নোটটি বের করে। কিন্তু টাঙ্গাওয়ালা জানাল, তার ভাড়া মিটে গিয়েছে আগেই।


সুজিতের দিকে অ্যাটেনড্যান্ট টিকেট-কলেক্টর অবাক হয়ে তাকায়। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট সামনেই। গাড়ির গায়ে, কার্ডে প্রথম নামটা লেখা রয়েছে, মিঃ সুজিতনাথ মিত্র। লোয়ার বার্থ, টিকেট নং…। কার্ডে আরও দুটি নাম লেখা ছিল। সুজিত পড়ে নিয়েছে, মিঃ পি. দাশ ও মিস সুনীতা নাগ। অ্যাটেনড্যান্ট টিকেট-কলেক্টর সুজিতের টিকেটটা আবার দেখে, সুজিতকে আপাদমস্তক এক বার দেখল। সুজিতের শার্টের কলার নড়ে উঠল। পুঁটলিটা এক হাত থেকে আর এক হাতে গেল, এবং একটু হাসল।


অ্যাটেনড্যান্ট বলল, আপনিই মিঃ মিত্র?


সুজিত ঘাড় নাড়ল। অ্যাটেনড্যান্ট চাবি দিয়ে ফার্স্ট ক্লাসের দরজা খুলে ধরল। সুজিত ভিতরে ঢুকে গেল। অ্যাটেনড্যান্ট অদ্ভুতভাবে ঘাড় বাঁকিয়ে তাকাল। সে অবাক হয়েছে।


উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে যে এক্সপ্রেস গাড়িটা আসবে এই বগিগুলো তার সঙ্গেই জুড়ে দেওয়া হবে।


সুজিত সুন্দর কামরাটি দেখল। ওপরে নীচে

**********
No Review
Related Books
Loading books…