
চাঁদুবাবু
বুদ্ধদেব গুহ
আপনাদের মধ্যে যাঁরা ‘জঙ্গল মহল’ পড়েছেন, তাঁদের নিশ্চয়ই ‘আউ গুট্টে দিয়ন্তু’ গল্পটির কথা মনে আছে। সেই গল্পটি চাঁদুবাবুরই ব্যক্তিগত অভিজ্ঞতা।
চাঁদুবাবুরা বাঙালি হলেও ওড়িশাতেই থিতু হয়ে গেছেন। ওঁর বাবা অমরবল্লভ দে ছিলেন বামরার করদ রাজ্যের দেওয়ান। চাঁদুবাবুর ছোট ভাই খুব নামী গায়নাকোলজিস্ট—বিদেশ থেকে পাস করে এসে সম্বলপুরের বুড়লা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। এখন অবসর নিয়েছেন চাকরি থেকে। তবে প্রাইভেট প্র্যাকটিস করেন কি না জানি না।
চাঁদুবাবুর বাড়ি ছিল কটক শহরের বাখরাবাদে। ভাল নাম সমরেন্দ্রনাথ দে। তবে ভাল নামে ডাকে না কেউই। আমার সঙ্গে যখন চাঁদুবাবুর পরিচয় হয় পঞ্চাশের দশকের শেষভাগে। তার অল্প কিছুদিন আগেই কটকের খবরের কাগজে তাঁর ছবি বেরিয়েছিল। তার নিচে ক্যাপশন ছিল ‘হেট্টাবাঘ শিকারি’।
শহরের মধ্যে কোথা থেকে এক হায়না এসে পড়েছিল এবং সে যখন এক প্রতিবেশীর টয়লেটে ঢুকে পড়ে তখন বাইরে থেকে কড়া, দড়ি দিয়ে বেঁধে চাঁদুবাবুকে ডেকে পাঠান ওঁরা এবং চাঁদুবাবু বন্দুক নিয়ে গিয়ে তাকে এক গুলিতে ধরাশায়ী করেন।
সেই ছবি ছাপা হওয়ার পরে তাঁর বন্ধুবান্ধব, চেনা পরিচিত সকলেই ঠাট্টা করে তাঁকে ‘হেট্টাবাঘ শিকারি’ বলে ডাকতেন।
মহানদীর কাছেই বিধবা এবং পরমাসুন্দরী মায়ের সঙ্গে পেছনে ছোট্ট বাগানওয়ালা দোতলা বাড়িতে থাকতেন এবং এখনও থাকেন। খুব যে একটা লম্বা ছিলেন, তা নয়, তবে দুর্দান্ত স্বাস্থ্য ছিল। ওঁর বিল্টটা ছিল আর্নেস্ট হেমিংওয়ের মতো—কোমর থেকে ওপরে এবং দু’হাতে সব শক্তি জমা হয়েছিল। একটু তোতলা ছিলেন এবং তাঁর হাঁপানি ছিল। প্রাতিষ্ঠানিক লেখাপড়া বিশেষ না করলেও প্রচুর পড়াশোনা করতেন নানা বিষয়ে। বন্যপ্রাণী, বনের নানা আদিবাসীদের সম্বন্ধে ওঁর খুব জ্ঞান ছিল। ওঁর এক প্রতিবেশী বন্ধু সনাবাবুর জমিজিরেত ছিল কটকের কিছু দূরে জঙ্গলের মধ্যে। সেখানে নিয়মিত গিয়ে বন্ধুর তরফে চাষবাস যেমন দেখতেন, তেমন শিকারও করতেন। তা ছাড়া, কটকের বিখ্যাত ঠিকাদার ও কাঠের ব্যবসায়ী নরেন্দ্রনাথ ও ধীরেন্দ্রনাথ সুরের ছেলেরাও চাঁদুবাবুর কাছের মানুষ ছিলেন।
সারা ভারতবর্ষেই বর্ষার সময়ে জঙ্গলে প্রবেশ নিষেধ। জঙ্গল খোলে পয়লা অক্টোবরে। প্রতি বছর অঙ্গুলে ডি এফ ও—র অফিসে অঙ্গুল ডিভিশনের নানা জঙ্গল নিলাম হত। যে সব জঙ্গল নিলামে উঠবে সেই সব জঙ্গল সম্বন্ধে বিভিন্ন বড় বড় ঠিকাদার আগেই লোক পাঠিয়ে এবং জঙ্গলের মধ্যের গ্রামের (যেখানে গ্রাম থাকত) মানুষদের কাছ থেকে খোঁজখবর নিয়ে সে জঙ্গলে কী কী গাছ আছে, কতদিনের পুরনো গাছ, জঙ্গলে পৌঁছবার পথ আছে কি নেই, এই সব তথ্য সম্বন্ধে খোঁজখবর করে রাখতেন। তা সত্ত্বেও নিলামে জঙ্গল ডাকার মধ্যে একটা জুয়া খেলার ব্যাপার থেকেই যেত।
জঙ্গলে রাস্তা বানাতে হত ঠিকাদারদেরই। সে এক রোমহর্ষক ব্যাপার। হাতিদের চলার পথ ধরে পাহাড়ে উপত্যকাতে মার্সিডিস ট্রাক যাওয়ার পথ বানাতে হত। দশপাল্লার বিরিগড় নামের খন্দ আদিবাসী অধ্যুষিত খুব উঁচু পাহাড়ে ওঠার রাস্তাটি এতই খাড়া ছিল যে ফাঁকা ট্রাক ওঠার সময় বড় বড় পাথর ভর্তি করে উঠতে হত। ওপরের মালভূমিতে পৌঁছে সেই পাথর সব ফেলে দিয়ে কাঠের লগ নিয়ে নামত ট্রাক। ওই বিরিগড়ের পটভূমিতেই আমার ‘পারিধী’ উপন্যাস লিখেছিলাম। অনেকে বলতেন, বুদ্ধদেব গুহ অশিক্ষিত, তাই ‘পরিধি’ বানানটিও জানেন না। কিন্তু ‘পারিধী’ একটি খন্দ শব্দ। মানে, শিকার।
এই উপন্যাসের যিনি নায়ক তাঁর নাম চন্দ্রকান্ত। এই চন্দ্রকান্তর মধ্যে চাঁদুবাবুর ছায়া ছিল। আর নায়িকা চন্দনী ছিল ওই নামেরই একটি খন্দ মেয়ে। পারিধীর পরের খণ্ডও লিখেছিলাম, তার নাম দিয়েছিলাম ‘লবঙ্গীর জঙ্গলে’।
জঙ্গল নিলামে কিনে নেওয়ার পর থেকেই নরেনবাবুর দুই ছেলে প্রভাত এবং অশোক (ফুটু এবং হোঁদল) চাঁদুবাবুকে ট্যাঁকস্থ করে জিপে উঠতেন। প্রায় ষাট বছর আগের কথা, তখন মহানদীর দুপারে যে গভীর আদিম জঙ্গল ছিল, তা আজ অনুমান পর্যন্ত করা যায় না। অনেক বনের ঠিকাদারেরা আমাদের মক্কেল ছিলেন বলে বিহার (তখন তো ঝাড়খণ্ড হয়নি), আসাম এবং ওড়িশার অনেক আদিম বনের ধ্বংসের নিরুপায় ও নীরব সাক্ষী ছিলাম আমি। এক একটি মহীরুহ যখন তাদের আকাশচুম্বী মাথা, অগণ্য পাখি ও সাপের আশ্রয়স্থলকে নয়ছয় করে মাটিতে সশব্দে আছড়ে পড়ত তখন আমার বুকের মধ্যে হাহাকার উঠত। সেই মহীরুহ কাটত বিরাট বিরাট করাত দিয়ে করাতিরা। মাটিতে পড়লে, সেই সব গাছকে কেটেকুটে বড় বড় ‘লগ’ করা হত। তবে এত বড় নয় যে ট্রাকে আঁটে না। কাঠের লগ সাইজমতো কাটা হলে মোষ দিয়ে বা বলদ দিয়ে সেই কাঠ পথের পাশে এমন জায়গাতে সাজিয়ে রাখা হত যাতে ট্রাকে লোড করতে সুবিধে হয়। এই প্রক্রিয়াকে ‘ঢোলাই’ বলা হত। ঠিকাদারদের মুহুরিরা কাগজ—কলম নিয়ে চশমা পরে বসে সন্ধের পরে ক্যাম্পে বা পাতায় ছাওয়া ঘরে লন্ঠনের বা হ্যাজাকের আলোতে কত বর্গফুট কাঠ হল তার চুলচেরা হিসেব করত। এই মুহুরিরা কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল না, অধিকাংশই ‘সপ্তম ফেল’ বা ‘অষ্টম ফেল’। কিন্তু হাবেভাবে তারা ছিল বুর্জোয়া। ধুতি, রাবারের বা প্লাস্টিকের পাম্প শু, রঙিন টেরিলিনের পাঞ্জাবি, কবজিতে এইচ এম টি ঘড়ি, মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তারা তাদের ‘অথরিটি’ নিয়ে গরিবস্য গরিব করাতিদের শাসন করত। করাতিরা সারাদিন, সূর্যোদয় থেকে প্রায় সূর্যাস্ত হাড়ভাঙা খাটুনির পর শীত—গ্রীষ্ম খালি গায়ে তাদের ঝুপড়ির মধ্যে পাশাপাশি শুয়ে থাকত। আর দূর গ্রামে ফেলে—আসা তাদের যুবতী—স্ত্রী, শিশুপুত্র ও কন্যাদের কথা অথবা প্রেমিকাদের কথা ভাবত। বাইরে কাঠের আগুনে তাদের সাধের ভাত বা ‘জাউ’ ফুটত। তার মধ্যে একটু নুন আর আফিঙের গুঁড়ো ফেলে দেওয়া হত। ওই গভীর বনে তরকারি কোত্থেকে পাওয়া যাবে? তাদের ডালও জুটত না। সেই ভাত রান্না হয়ে গেলে, তা খেয়ে, পাশাপাশি তারা নিজেদের দেহের উষ্ণতাতে উষ্ণ হয়ে রাত কাটাত। গরমের দিনেও রাতের বেলা নানা বন্য জন্তু ও সাপের ভয়ে তারা বাইরে শুত না। চাঁদুবাবু যতদিন ক্যাম্পে থাকতেন ততদিন তিনিই ছিলেন তাদের রক্ষাকর্তা। হাতি, বাঘ, চিতা, বাইসন এ সব কিছুর হাত থেকেই রক্ষা করতেন তাদের চাঁদুবাবু তাঁর দোনলা বন্দুক নিয়ে। অত্যন্ত রসিক এবং গরিব—দরদী বলে চাঁদুবাবু করাতিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ও ছিলেন। টাকাপয়সা দিয়ে সাহায্য করতে পারতেন না অবশ্য, কিন্তু তাঁর রসিকতাতে তাদের সকলকে ‘গুড হিউমারে’ রাখতেন। সেটাই ছিল তাদের কাছে মস্ত পাওনা।
বাবা গাছ কাটতে কাটতে গাছ চাপা পড়ে মারা গেলে পনেরো বছরের ছেলে বাবার শ্রাদ্ধ করে কোরা ধুতি পরে গামছা কাঁধে কুড়ুলটি কাঁধে ফেলে এসে দাঁড়াত। করাতির ছেলে করাতি। প্রজন্মের পর প্রজন্ম। করাতিদের প্রত্যেকের লিভার বড় ছিল ভাতের সঙ্গে নিয়মিত আফিঙ খেয়ে খেয়ে। তাদের গড় আয়ু ছিল চল্লিশ বছর।
মুহুরিদের মধ্যে কেউ কেউ ভাল ও সাহসী শিকারিও ছিল। ঠিকাদারেরাই তাঁদের নিজেদের বন্দুক ও গুলি দিয়ে রাখতেন তাঁদের। বিপদ—আপদ থেকে করাতিদের রক্ষার জন্যে। আর নিজেরা যখন ক্যাম্পে যেতেন মুরগিটা, ময়ূরটা, শজারুটা, হরিণটা আর শুয়োরটা মেরে আনবার জন্যে। Pot-hunting। জঙ্গলে ও ছাড়া তো কোনও উপায়ও ছিল না। তবে চাঁদুবাবু ফুটুদা এবং এ বি কাকুর (অনন্ত বিশ্বাস, চৌরঙ্গির ইস্ট ইন্ডিয়া আর্মস কোম্পানির এক মালিক এবং যিনি সুরবাবুদের জামাই হতেন) সঙ্গে যখন যেতাম, রাইফেল দিয়ে বড় জানোয়ার, যেমন শম্বর বা নীলগাই মেরে দেওয়ার জন্যে কাকুতি—মিনতি করত করাতিরা। হরিণ জাতীয় জানোয়ারের মাংসকে (venison) ওরা বলত ‘শিকার’। শিকার আর মাংস ওদের কাছে সমার্থক ছিল—শুধু ওড়িশাতেই নয়, দক্ষিণী রাজ্যগুলি ছাড়া পূর্বী, উত্তর ও মধ্যপ্রদেশের সব রাজ্যের জঙ্গলের অধিবাসীদের কাছেই। ওদের কারোরই তো চিকেন, মটন বা পর্ক কিনে খাওয়ার সামর্থ্য ছিল না, আজও নেই—তাই শিকার করা মাংসই ওদের কাছে একমাত্র অ্যানিমাল প্রোটিন ছিল—তাও তা জুটত ন’মাসে ছ’মাসে একবার। তবে ওদের বিয়ে—চুড়োতে শুয়োরের মাংস খাওয়াটা মান্য প্রথা ছিল। সঙ্গে স্থানীয় মদ। রুখু রাজ্যগুলিতে ভাত খাওয়াও এক বিলাসিতা ছিল। বিয়ে—চুড়ো ছাড়া ভাতও খেতে পায় না ওরা। চিনামিনা ধানের ভাত, জওয়ার, কখনও মকাই এবং বেশিভাগই শুখা মহুয়া খেয়েই থাকে ওরা। স্থানীয় মদ বলতে হাঁড়িয়া, মহুয়া, পানমৌরি এই সব। আমার ‘কোজাগর’ উপন্যাস যাঁরা পড়েছেন তাঁরা কিছুটা জানবেন।
কী বলতে বসে কী বললাম এতক্ষণ। আবার চাঁদুবাবুতেই ফিরি। চাঁদুবাবুর এক জোড়া ছুঁচোল গোঁফ ছিল। চোখ দুটি ছিল জবা ফুলের মতো লাল। মাথাতে বড় বড় চুল। ছেচল্লিশ ইঞ্চি বুকের ছাতি। গায়ের রঙ কুচকুচে কালো। মুখে সব সময়েই এক মিচকে হাসি। জঙ্গলের মধ্যে হঠাৎ কেউ বন্দুকধারী অপরিচিত চাঁদুবাবুকে দেখলে ডাকাত বলে ভুল করতে পারত সহজেই। তার ওপরে হাঁপানির হাঁপ এবং তোতলামির জন্যে থেমে থেমে বলা কথা শুনলে লোকে আরও ঘাবড়ে যেত। চাঁদুবাবু নিজেই মজা করে একটা গল্প বলতেন। এক জঙ্গলের এক রেঞ্জার চাঁদুবাবুকে প্রথমবার দেখে আঁতকে উঠে তাঁর ঘনিষ্ঠ একজনকে বলেছিলেন ‘অমরবল্লভ দে এত্তে বড্ড মানুষ থিলা আর তাংকু এ পুওটা গুট্টে বারুংগা হেল্বা!’
ওড়িয়াতে বারুঙ্গা মানে ভ্যাগাবন্ড।
চাঁদুবাবুর সঙ্গে আমার প্রথম আলাপ হয় পুরুনাকোটে। সুরবাবুদের ওই বাড়িতেই। এক দারুণ শীতের রাতে। আমি তখনও ছাত্র।
জ্যোৎস্না রাতে চাঁদুবাবু বহুদিন মাংস না—খাওয়া তাঁর এক চেলার পাল্লাতে পড়ে একটি ময়ূর মারার চেষ্টা করেছিলেন। সেই গল্প এবং ‘আউ গুট্টে দিয়ন্তু’র গল্প শুনে যেমন হেসেছিলাম তেমন বহুদিন হাসিনি। পুরুনাকোট থেকে টিকরপাড়া যাওয়ার কাঁচা পথের ওপরে নরেনবাবুদের জঙ্গলের কাজ দেখাশোনার জন্যেই এক কামরা আর বারান্দাওয়ালা একটি ছোট টিনের চালের বাড়ি ছিল। তার পেছনেই গভীর জঙ্গল আর পাহাড় উঠে গেছে। পুরুনাকোটের চারপাশ ঘিরে ছিল নানা বিখ্যাত বন। বাঘ্বমুণ্ডা, টুল্বকা, লবঙ্গী ইত্যাদি। মহানদীর অন্য পারে ছিল দশপাল্লা, বৌধ এবং ফুলবানি। টিকরপাড়াতে বড় বড় গোঁফওয়ালা প্রকাণ্ড প্রকাণ্ড স্বাদু মহাশোল মাছ আর নানা কুমিরের মেলা ছিল। সেই কুমিরেরা শুধু মাছই নয়, মানুষও খেত। নরেনবাবুর মুখে এক সাহেব শিকারির কুমিরের মুখে মৃত্যুর মর্মন্তুদ কাহিনি শুনেছিলাম। হাপুসনয়নে কাঁদতে কাঁদতে তাঁর কিশোর পুত্র আর স্বামীর মৃতদেহ নিয়ে মেমসাহেবের টি—এইট মডেলের ফোর্ড গাড়ি চালিয়ে ধীরে ধীরে পুরুনাকোটের পথ বেয়ে কটকের দিকে চলে যাওয়ার ছবি চোখের সামনে ফুটে উঠত আমাদের, সেই গল্প শুনে।
লবঙ্গীর জঙ্গলে এক সকালে চাঁদুবাবুর সঙ্গে মাইল ছয়েক পাহাড়ে পাহাড়ে হেঁটে একটি বড় পাহাড়ের চুড়োতে পৌঁছে চাঁদুবাবু এক গভীর জঙ্গলাকীর্ণ উপত্যকা দেখিয়েছিলেন আমাকে। সেই ছায়াচ্ছন্ন বনে মেয়ে হাতিরা বাচ্চচা প্রসব করত। তখন সেই বনে কোনও মানুষ গিয়ে পড়লে তার মৃত্যু ছিল অবশ্যম্ভাবী। তখন হস্তীযূথের পৌনঃপুনিক বৃংহনে সমস্ত বনভূমি প্রতিধ্বনিত হত। ওই অঞ্চলে প্রচুর হাতি ছিল তখন। বাঘ্বমুণ্ডার দিক থেকে অন্ধকার বা চাঁদনি রাতে তারা দলবদ্ধ হয়ে হেঁটে আসত পুরুনাকোটের বিস্তীর্ণ ধানখেতের পেকে—ওঠা ধান খেতে। ছোট ছোট খড়ের চালের মাচার ওপরে ছেঁড়া বালিশ ও তেলচিটে শতরঞ্চির ওপরে গায়ে কাঁথা আর দু’পায়ের মধ্যে কাঠকয়লার আগুনের কাঙরি নিয়ে নিজেদের পশ্চাৎদেশ গরম রেখে তারা সারা রাত ক্যানেস্তারা বাজিয়ে হাতি তাড়াবার বিফল চেষ্টা করত। নবান্নর জন্যে সামান্য ধানই বাঁচাতে পারত তারা।
বাঘ্বমুণ্ডার হাতিরা ক্রিশ্চান ছিল কি না জানা নেই, তবে তারা হাতিগির্জা পাহাড়ে জমায়েত হয়ে প্রার্থনা করত। পাহাড়টির নাম হাতিগির্জা ছিল বলেই হাতিদের ক্রিশ্চান ভাবা হত। পাঠকদের জ্ঞাতার্থে জানাই যে, আমার প্রথম দিকের উপন্যাস ‘নগ্ননির্জন’ এবং পরবর্তীকালের ‘পর্ণমোচী’তে এই বাঘ্বমুণ্ডার কথা আছে। ‘নগ্ননির্জন’ আনন্দ পাবলিশার্স—এর দশটি উপন্যাসের মধ্যে আছে এবং ‘পর্ণমোচী’ দে’জ পাবলিশিং—এর বই।
চাঁদুবাবুর সঙ্গে দিনের বেলা পায়ে হেঁটে ও রাতের বেলা মাচাতে বসে কত কিছু না শিখেছি তা বলার নয়। টুল্বকা বন—বাংলোর কাছেই ভীমধার