Home
চরিতখেকো অ্যাণ্ড কোম্পানি

চরিতখেকো অ্যাণ্ড কোম্পানি

বুদ্ধদেব গুহ

চরিতখেকো অ্যাণ্ড কোম্পানি

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

টেবিলের ওপরে কাচের পেপারওয়েটটা শব্দ করে রেখে হীরেন বলল, আর কী হবে। একেই বলে, ঘোর কলি।

সোমেশ বলল, যা বলেছিস। ঠাকমা কালই রাতে ‘চন্ডীমঙ্গল’ পড়ছিল শুয়ে শুয়ে। কলি যুগের কী বর্ণনা রে! যেন কলকাতারই বিজ্ঞাপন।

কীরকম? বল-না শুনি।

নেপেন শুধোল।

হীরেন, সুর করে আবৃত্তি করল—

মহাঘোর কলিকাল নীচ হব মহীপাল


সর্বভোগ নীচের সাধন



সঙ্গদোষে পাবে দুঃখ লোক ধর্মে পরাঙ্খুখ


কলিযুগে বেদের নিন্দন।


অন্ধ আদি যত জন রাজধর্মে পরায়ণ


সম্ভাষ ছাড়িব সর্বজন


কৃতঘ্ন হইবে নর পরপীড়া নিরন্তর


বেদনিন্দা করিবে ব্রাহ্মণ।


আরও অনেকখানি আছে। বলেই, হীরেন থেমে গেল।


নেপেন বলল, ‘কৃতঘ্ন’ মানে কী রে?



অকৃতজ্ঞ আর কী। আরও স্ট্রংগার টার্ম।


তাই বল। একেবারে কারেক্ট বর্ণনা। এই সময়ের। এই দেশের। কলকাতার। গজানন সোন্থালিয়া শেয়ার মার্কেটের খবর পড়ছিল মনোযোগ দিয়ে একটা দেশলাই কাঠি দিয়ে কান খুঁচোতে খুঁচোতে। কাগজটা নামিয়ে রেখে বলল, সন্ত তুলসীদাসের ‘রামচরিতমানস’-এও কিছু কলি বর্ণনা আছে। কী বলব তোমাদের। বর্ণে বর্ণে মিলে যায় আজকের অবস্থার সঙ্গে।


বুঝতেই পারি। নইলে তুমি শালা হয়েছ আমাদের ফিনানসিয়ার। সিনিয়র পার্টনার! পৈতৃক বাড়িতে আপিসটা করেছি, কোনদিন বাড়িটা পর্যন্ত হাতিয়ে নেবে। পুরো কলকাতা শহরটাই তো তুমি আর তোমার ভাই-ভাতিজা মিলে হাতিয়ে নিয়েছ। কলি যে ঘোর, তাতে আর সন্দেহ কী?


সোমেশ বলল।


গজানন কখনো রাগে না। পয়সা রোজগার করতে অনেকই গুণ লাগে। ওকে যাই বলা হোক যত কিছু কটুকাটব্যই করা হোক ও শুধুই হাসে। আর সেই হাসি দেখে সোমেশের বুক কাঁপে। মিরজাফরের হাসি।



নেপেন বলল, তা চন্ডীমঙ্গল না কী তা তো শোনা গেল। এবার গজানন তোমার সন্ত তুলসীদাসও শুনি একটু।


বলেই হীরেনের দিকে ফিরে বলল, চন্ডীমঙ্গল কার লেখা রে? মা-চন্ডীর?


হীরেন দুঃখমিশ্রিত আক্ষেপের সঙ্গে হেসে ফেলল নেপেনের কথা শুনে।


বলল, যা: শালা! ভালো পার্টনারের সঙ্গেই বিজনেস করছি যা হোক। হাঁদা রে। কবিকঙ্কণ মুকুন্দর লেখা। সে কি আজকের?


চন্ডীমঙ্গল কে নেদেছে তা জেনে তো পয়সা রোজগার হয় না। তোর জ্ঞান তোর কাছে রাখ।


একটুও লজ্জিত না হয়ে ক্যাঁটক্যাঁট করে বলল নেপেন।


মন-মেজাজ ভালো নেই। দিশি ডিটেকটিভ কোম্পানিকে লাটে তুলে এখন নতুন কী যে ধান্দা করা যায় তাই ঠিক কর। তোদের এই ফালতু কথাবার্তা আর ভালো লাগছে না।


সোমেশ বিরক্তি ও চিন্তার গলায় বলল।



হীরেন বলল, সেই গিলিগান ডিটেকটিভ এজেন্সি যখন ডিজলভ করা হয়েই গেছে, ডিসিশন নিয়ে ফেলাই হয়েছে; ও নিয়ে আর আলোচনা না করাই ভালো। তা ছাড়া দিনকালও খারাপ। দেখলি তো কোম্পানি চালিয়ে। দুস। আরে, সি.আই.এ., কে.জি.বি.রাও ডবল এজেন্ট আর কাউন্টার এসপায়োনেজ-এর জন্যে লাটে উঠতে বসেছে, আর আমাদের এজেন্সি! তা ছাড়া বড়ো বড়ো কোম্পানিদের তো নিজেদেরই ডিপার্টমেন্ট থাকে। তাদের দরকারই-বা কী আমাদের হেল্প নেবার?


নেপেন বলল, হ্যাপার কথা না বলাই ভালো। দেখলি না! মিসেস সেন আমাদের লাগাল মিস্টার সেন তার সেক্রেটারির সঙ্গে প্রেম করছে কি না তা দেখার জন্যে, আর মিস্টার সেন অন্য কোম্পানিকে লাগিয়ে দিল আমাদের পেছনে। এমনই ব্যাবসা যে, শালা সামনেই এগোব না নিজের পেছন সামলাব তাই ঠিক করতেই লবেদম। যা হয়েছে ভালোই হয়েছে! আজই ডিসকাশন করে নতুন লাইনের ব্যাপারটা ফয়সালা করে ফেলতে হবে।


সোমেশ বলল, গজাননকে; শুভ কাজে নামার আগে তোমার ওই সন্ত তুলসীদাস বাবাজি কলিযুগ সম্বন্ধে কী বলেন তা একটু শুনিয়ে দাও তো দেখি। তা থেকেই নতুন ব্যাবসার কোনো আইডিয়া মাথায় এসে যেতে পারে হয়তো! কে বলতে পারে?


গজানন সোন্থালিয়া দু-হাত কপালে ঠেকিয়ে সন্ত তুলসীদাসের উদ্দেশে ভক্তিভরে প্রণাম করল।



নেপেন বলল, অতিভক্তি চোরের লক্ষণ।


গজানন শুরু করল:


‘মারগ সোই কহুঁ জোই ভারা পন্ডিত স্যেই জো গাল বজারা


মিথ্যারম্ভ দম্ভ রত জোই তো কহুঁ সন্ত কহই সব কোই।’


দুস শালা। কী ভাষা রে এ! এর চেয়ে তো চাইনিজ বোঝা সোজা! মানেটা কী?


মানে হল, যার যা ভালো লাগে তাই তার পথ। মানে বিবেক-টিবেক কিছু নেই! কলিকালে তাকেই পন্ডিত বলবে সকলে, যে অহংকারী। যে মিথ্যাচারী আর ভন্ড তাকেই সকলে ভালো লোক বলবে। বলবে আহা। অমন লোক হয় না!


বা:। ঠিক। বিবেক একটি হারামজাদা। সে হারামজাদাকে গলা টিপে না মারতে পারলে আজকাল অর্থ, মান, যশ কিছুই পাবার উপায় নেই।



হক কথা। নইলে কলি কী। আরও শোনাও গজানন—


‘সোই সয়ান জো পরধন হারী জো কর দম্ভ সো বড়ো আচারী।


জো কহ ঝুঁঠ মসখরি জানা কলিযুগ সোখ গুণবন্ত বাখানা।’


আরে, মানেটা বলো না পার্টনার। তোমার শ্রাদ্ধর মন্ত্র কে শুনতে চায়?


মানে হল, এই যুগে তাকেই বুদ্ধিমান বলে, যে পরের ধন চুরি করে। অর্থাৎ চোরেদেরই বাজার এখন। যে এখন যত বড়ো ভন্ড সে তত বড়ো নিষ্ঠাবান। যে মিথ্যাবাদী এবং ফিচেল সেই কলিযুগে দারুণ গুণবান বলে পরিচিত। আরও অনেক আছে।


অনেক দরকার নেই। আর একটা শোনাও। জাস্ট একটা।


‘জে অপকারী চার, তিহ্ন কর গৌরব মান্য তেই।


মন ক্রম বচন লবার, তেই বকতা কলিকাল মহুঁ।’



অর্থাৎ যারাই এখন পরের অপকার করে তাদেরই রবরবা, গৌরব। তারাই এখন মান্য-গণ্য কেউকেটা। মনে, কথাতে এবং কাজেও যারা মিথ্যাবাদী তাদেরই কলিযুগে বক্তা বলে মানে সকলে।


নেপেন বলল, আমাদের জন্যে আইডিয়াল কণ্ডিশান মাইরি। এই বেলা টু-পাইস কামিয়ে নেওয়ার ধান্দা ঠিক করে ফ্যাল।


তারপর বলল, গজানন ভাই, তোমার ব্রেনের তুলনা নাই। সরষের তেলে শেয়ালকাঁটা থেকে মাখনে কচুবাটা এসব তো তোমারই মাথা থেকে বেরিয়েছিল একদিন।


কেন? চার ভাগ তিসির তেলের সঙ্গে একভাগ ইতালিয়ান অলিভ অয়েল মিশিয়ে ‘হুইলে ডি অলিভ’ করে বেচে গঙ্গা চাটুজ্যের ব্যাবসাটা কিনে নিল না? আমাদেরও অবশ্য টু-পাইস হয়েছিল। মিথ্যে বলব না। তবে ব্রেন তো গজাননেরই! তোমার ঝুনঝুনুর ঘিয়ে কী আছে বাওয়া? বুদ্ধি যা বেরোয় এক-একখানা! নেপেন বলল।


এবার একটা বুদ্ধি নিকলাও ইয়ার। এই সামারে ওয়াইফকে নিয়ে আমেরিকা যেতে হবে। বড়োশালি চিঠি লিখে লাইফ হেল করে দিল। মাল চাই। কুইক মাল। আজকাল বাগবাজারে একজন লোকও বের করা মুশকিল বোধ হয় যে আমেরিকা যায়নি। সবাই এত বড়োলোক হয়ে গেছে যে, বলার নয়। আমারই পেস্টিজ পাংচার একেবারে।



গজানন আবারও কিছুক্ষণ কান খোঁচাল। বলল, ডিটেকটিভ এজেন্সিটা করার ডিসিশনটা ঠিকই হয়েছিল। তবে লাইনটা বেশ কমপিটিটিভ হয়ে গেছে কিছুদিন হল। তা ছাড়া বড়ো গ্রূপ থাকলে তার একটা ইউনিট হিসেবে ওই ব্যাবসা চালাতে সুবিধা। একমাত্র ব্যাবসা হিসেবে….


একটা কথা। বিজনেস করতে হলে ক্যাপিটাল ইনপুট বেশি। ইণ্ডাস্ট্রি তো করতে চাই-ই না আমরা। কনসালটেন্সি-মেন্সি করাই আজকাল ভালো। খাটনি নেই, ক্যাপিটাল নেই; ফোকটাই টাকা। রডন স্কোয়ার, সল্টলেক স্টেডিয়ামের কথা সব পড়লি না কাগজে? গভর্নমেন্টের সঙ্গে লাইন করতে পারলেই পটাপট কাজ। তারপর লাগা লুঠ। ‘কোম্পানিকা মাল, দরিয়ামে ডাল।’


আজকাল শুধু মিনিস্টার পাকড়ালেই হবে না। অ্যাডমিনিস্ট্রেশনও হাতে থাকা চাই। জমানা খারাপ।


এবং অপোজিশনও।


একটা ইণ্ডাস্ট্রির কথা আমার মাথায় এসেছে অনেকদিন হল। এই বাজারেই ভালো চলবে প্রডাক্টটা। গজানন বলল।


কী?



গোরুর চোনার কনসেনট্রেট। কেমিক্যাল ইণ্ডাস্ট্রি। বড়ো প্ল্যান্টের দরকার নেই। সিড ক্যাপিটাল যদি পাঁচ লাখ দেখাই তো ব্যাংক আর ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো চারগুণ দেবে। কারখানা বলে একটা বাগানবাড়ি করব ব্যাকওয়ার্ড এরিয়াতে। মাঝেমধ্যে বাইজির গানটান শোনা যাবে। মেশিন তো কিনবই না। পাঁচ হাজার টাকার কমদামি ইউনিট কিনছি এইরকম দেখিয়ে সিধা প্রফিট অ্যাণ্ড লস অ্যাকাউন্টে ডেবিট করে দিয়ে পুরো ডিপ্রিসিয়েশন দিয়ে বেরিয়ে যাব। তার ওপরে সেকশন এইট্টির লুঠমার ডিডাকশন। শালার গভর্নমেন্টের এদিকও মারা হবে। ওদিকও।


সেটা বাড়াবাড়ি হবে না? আজকাল ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট খুব কড়া হয়ে গেছে। শেষে অতিলোভ করতে গিয়ে জেলে-না যেতে হয়! সোমেশ বলল।


কলকাতার তোমরাই শালা বুদ্ধু রয়ে গেলে। দিল্লি-বোম্বে-বাঙ্গালোরে যে ফুটুনি দ্যাখো, ইম্পোর্টেড গাড়ির সারি, ফাইভ স্টার হোটেলে মোচ্ছব, তার অনেক পার্সেন্টই যে ব্যাংক মারা টাকাতে আর ভুজুংভাজুং-এ তা কি জানো? গজানন বলল।


কথাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রডাক্টটা ঠিক কী? প্রডাক্টটার প্রসপেক্ট কী?



হীরেন বলল।


তোমরা কীরকম বাঙালি জানি না! কথায় বলে না, এক গামলা দুধে এক ফোঁটা চোনা! ঝুনঝুনুর লোক কি তোমাদের বাংলাও শেখাবে?


তা তো হল। কিন্তু মানে বুঝলাম না।


এখনকার মানুষের টেনডেনসিই হচ্ছে অন্যের অপকার করা। বিশেষ করে বাঙালিদের। কিছু মনে কোরো না। কারও উপকার নয়। সন্ত তুলসীদাস-এর শ্লোক শুনলে না?


হ্যাঁ। কিন্তু এখনও বুঝলাম না। খোলসা করে বলো।


চোনা থেকে, চোনার গুণাগুণ, মানে দোষাদোষ ইনট্যাক্ট রেখে আমরা একটি কালার- লেস লিকুইড তৈরি করব। ছোটো ছোটো বায়োকেমিক ওষুধের শিশিতে তা ভরে, ইয়া-বড়ো প্লাস্টিকের কেসিং করে দাম করব পঞ্চাশ টাকা। কষ্ট পড়বে হয়তো পনেরো পয়সা।



তা তো হল। লোকে কিনবে কেন?


অন্যের কর্ম ভন্ডুল করতে, আবার কেন? মনে করো তোমার জিজার বা সাড়ুভাই-এর খুব তেল বেড়েছে, খুব টাকার গরম হয়েছে, তা তার বাড়ির নেমন্তন্নে গিয়ে ডালে ফেলে দাও এক ফোঁটা। ডাল সঙ্গে সঙ্গে ঘোড়ার মুত হয়ে যাবে। রসগোল্লা হচ্ছে কোথাও, গিয়ে ফেলে দাও এক ফোঁটা কড়াইয়ে, কেলোমোল্লা হয়ে যাবে।


কিন্তু এই প্রডাক্টের বিজ্ঞাপনই-বা দেবে কী করে গজানন? এ প্রডাক্ট তো অ্যাডভার্টাইজ করতে পারবে না।


গুলি মারো তো! আজকাল যেসব অ্যাডভার্টাইজিং এজেন্সি হয়েছে না! সব উইজার্ডস। নর্দমার জল বেচতে বলো তাও বেচে দেবে। এখন বিজনেসের আসলি কথা হচ্ছে প্যাকেজিং আর অ্যাডভার্টাইজমেন্ট। প্রোপাগাণ্ডা আর মলাটই সার কথা। মধ্যে যে মালই থাকুক। আরে—আমার বড়োশালার বড়োশালার ছেলে ছারপোকা মারার ওষুধ বের করেছে। ছোটো ছোটো হোমিয়োপ্যাথিক ওষুধের পুঁচকে পুঁচকে শিশিতে লাল-নীল-সবুজ নানারঙা ওষুধ ভরা থাকে। দাম পাঁচ টাকা। এজেন্সি টিভি-তে যা অ্যাড করল তা কী বলব? সেই পঁচিশ বছরে ছোকরা কোটিপতি হয়ে গেছে ছ-মাসে।


ছারপোকা নিশ্চয়ই মরে তাহলে। নইলে কী আর…


হ্যাঁ মরে বই কী। গজানন বলল, হেসে। ওষুধের নাম ‘খটমি।’ হিন্দিতে ছারপোকাকে তো ‘খটমল’ বলে। তা থেকেই ‘খটমি’। ওষুধের গায়ে দারুণ কাগজে ব্যবহারবিধি লেখা থাকে। ‘সাবধানে ছারপোকা ধরে, সযতনে মুখ হাঁ করিয়ে, এক ফোঁটা গিলিয়ে দেবেন। মৃত্যু অনিবার্য।’


হীরেন হো-হো করে হেসে উঠল। গজাননের কথা শুনে হাসল অন্যরাও।


হাসবার কী আছে? এইটাও তোমাদের বেঙ্গলি পোয়েট সুনির্মল বসুর কোনো গল্প থেকে নেওয়া। এখন তো মারামারিরই দিন! কিন্তু এজেন্সি একটি ল্যাজোয়াব সুন্দর মডেলকে দিয়ে গ্রামের মাটির ঘরে ব্যাকগ্রাউণ্ডে দড়ির খাটিয়ার সামনে নাচিয়ে নাচিয়ে গান গাওয়াল। দারুণ সুরে।


‘হাই! খটমল! খটমল।


খটমি লেতে আও।

**********
No Review
Related Books
Loading books…