Home
গোপন

গোপন

সুনীল গঙ্গোপাধ্যায়


জয়াকে নামিয়ে দিয়ে ট্যাক্সিটা ঘুরিয়ে নেওয়ার একটু পরেই সব আলো নিভে গেল। একেবারে ঘুরঘুটি অন্ধকার। সঙ্গে-সঙ্গে প্রবল আপশোশের সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাল রজত। আর পাঁচ মিনিট আগে লোডশেডিং হতে পারত না? নেমে যাওয়ার সময় জয়া তার হাতটাও ছুঁতে দেয়নি। জয়া ভয় পায়। ভয় ঠিক নয়। লজ্জাও নয়। এক ধরনের অস্বস্তি। এ-পাড়ার একটি যুবককে জয়া প্রত্যাখ্যান করেছে, সেই অবনীর সামনে সে রজতের সঙ্গে তার ঘনিষ্ঠতা দেখাতে চায় না! ট্যাক্সির মধ্যেও জয়া খানিকটা দূরত্ব রেখে বসে। তা বসুক। রজত তো আর ট্যাক্সির মধ্যে জয়াকে চুমু খেতে চায় না। কিন্তু বিদায় নেওয়ার সময় একটুখানি হাতের সঙ্গে হাতের স্পর্শ…


একটু আগে লোডশেডিং হলে রজত জয়ার একটা হাত ধরে নাকের কাছে আনত। জয়ার হাতেরও একটা সুগন্ধ আছে।


এখন আর কোথাও যাওয়ার নেই। রজত বাড়িতেই ফিরবে।



রজতদের পাড়াটাও অন্ধকার। আজ সন্ধেবেলা বাতাসেরও তেজ নেই, বাড়ি ফিরে অন্ধকারে ভূত হয়ে থাকতে হবে। একটা ইনভার্টার কেনা খুবই দরকার, কিন্তু নতুন বাড়িতে যাওয়ার আগে এনে লাভ নেই, শুধু-শুধু লাইন পালটাবার ঝামেলা।


ট্যাক্সিটা গলির মধ্যে ঢুকতে চাইল না। ঝগড়া করার ইচ্ছে নেই রজতের। সে ভাড়া মিটিয়ে নেমে পড়ল। এখন তাকে হিসেব করে হাঁটতে হবে ফুটপাথের কোথায়-কোথায় ভাঙা তা প্রায় তার মুখস্থ, ডান পাশে দুটো হাইড্রান্টের ঢাকনা নেই। ফুটপাথের এক দিকে ঘেঁষে পাড়ার ছেলেরা গাছ লাগিয়েছে। কিছুই দেখা যায় না।


রজতের বেশি ভয় কুকুরদের। ভুলে গায়ে পা পড়লেই কামড়ে দেবে। গ্রামের রাস্তায় অন্ধকারে যেমন সাপের ভয়, কলকাতায় তেমনি কুকুর। ওরা যেখানে সেখানে শুয়ে থাকে।


খানিক আগে রজত তার বান্ধবীর সঙ্গে আমেজময় সময় কাটিয়েছে, এখন সে কুকুরের ভয়ে সিঁটকে হাঁটছে। একই অন্ধকার, যদি সে এখন জয়ার পাশে বসে থাকত। এই অন্ধকারই স্বর্ণাভ বাঙময় হয়ে উঠত।


সদর দরজাটা খোলা। রজত ভেতরে পা দিতেই সিঁড়ির নীচে কী যেন খচর-খচর করে উঠল রজতের। সে চোর-গুন্ডার কথা ভাবল না। তার মনে হল, রাস্তার কুকুর!



পুরোনো আমলের ফ্ল্যাটবাড়ি। এক সময় দরজার কাছে একজন দারোয়ান থাকত, এখনও সে আছে বটে, কিন্তু তার কাজের ঠিক নেই। এ-বাড়ির দেওয়ালে প্লাস্টার, চুন-বালি খসে খসে পড়ছে, কিন্তু এ-বাড়ির মালিকের কোনও মায়া নেই বাড়ি সম্পর্কে। সিঁড়ির রেলিং দু-এক জায়গায় বিপজ্জনকভাবে ভাঙা কিন্তু পুরোনো ভাড়াটেদের অসুবিধের দিকগুলো দেখতে যাবে কেন?


যদি সিঁড়ির ধাপেও কোনও কুকুর শুয়ে থাকে? রজতের মাথায় খেলে গেল চোদ্দোটি ইঞ্জেকশানের কথা; এ-পাড়ার একটি ড্রাইভারকে নিতে হয়েছে কয়েকদিন আগেই।


নিঃসাড়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর রজত পকেট থেকে লাইটার বার করে জ্বালল। সিঁড়ির মুখটা পরিষ্কার, কিন্তু সিঁড়ির নীচে কিছু আছে।


রজত আবার চমকে উঠল। কুকুর নয়, একটি রমণী। জোড়াসনে সোজা হয়ে বসে স্থিরভাবে চেয়ে আছে রজতের দিকে। একরাশ কালো চুলের পটভূমিকায় শুধু দেখা যাচ্ছে তার মুখখানা।


লাইটার বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে সেটা গরম হয়ে যায়। নিভিয়ে দিয়ে রজত কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে রইল! সে কি ভুল দেখছে? বাইরের কোনও ভিখিরি-টিখিরি এসে এরকম একটা বারোয়ারি বাড়ির সিঁড়ির নীচে আশ্রয় নেওয়া বিচিত্র কিছু নয়। কিন্তু রজতের মনে হল, এরকম অসাধারণ। সুন্দরী সে আগে কখনও দেখেনি।



আবার লাইটার জ্বেলে রজত দেখল সেই রমণীটি সেইরকম একই ভঙ্গিতে চেয়ে আছে। রজতের দৃষ্টি বিভ্রম নয়। সত্যিই সে সুন্দরী। এবার তার কাছাকাছি অন্ধকার থেকে শোনা গেল ওঁয়া ওঁয়া করে একটা বাচ্চার কান্না।


রজত আর দাঁড়াল না। সে এ-বাড়ির ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। সিঁড়ির নীচে যে খুশি এসে আশ্রয় নিক, তাতে তার কী যায় আসে? আর দু-মাসের মধ্যেই সে এ-বাড়ির মালিককে একেবারে হতবাক করে দিয়ে নিঃশর্তে তার ফ্ল্যাট ছেড়ে চলে যাবে।


রজত উঠে এল তিনতলায়। দাদা, বউদি তাদের দুই ছেলে মেয়ে, মা, একজন কাজের লোক, অথচ সব মিলিয়ে ঘর মাত্র আড়াইখানা। সবচেয়ে ছোট ঘরখানা রজতের। এই ঘরে জয়াকে আনা যায় না।


মোমবাতির আলোয় জামা-প্যান্ট ছেড়ে রজত বাথরুমে গিয়ে চোখে-মুখে জল দিল। কয়েকদিন ধরে বেশ জমপেশ করে গরম পড়ছে। বঙ্গোপসাগরের বাতাস আসছে না। এখন কালবৈশাখীর সময়, কিন্তু সেই ঝড়ও নিরুদ্দেশ।


নিজের ঘরে ফিরে রজত রাস্তার দিকের জানলাটা খুলে দিল। অন্ধকারের মধ্যেও লোকজনের চলাফেরার বিরাম নেই। একসময় এ-বাড়িটার সামনে অনেকখানি খোলা জায়গা ছিল। এখন ঘেঁষাঘেঁষি অনেক বাড়ি উঠে গেছে।



রজত ভুরু কুঁচকে ভাবল। অস্পষ্ট আলোয় দেখা ওই সুন্দরী রমণীটি কে? ঠিক যেন টিশিয়ানের আঁকা একটা ছবি। এমন এক সুন্দরী এলে সিঁড়ির নীচে বসে থাকবে কেন? কী গভীর কালো চোখে সে তাকিয়েছিল রজতের দিকে।


মোমবাতির আলোয় বই পড়া যায় না। টি.ভি, দেখা যাবে না। ক্যাসেট প্লেয়ারটিতে ব্যাটারি ভরা নেই। তাহলে এই সন্ধে সাড়ে সাতটায় তুমি আর কী করতে পারো?


রজত একটা সিগারেট ধরিয়ে শুয়ে পড়ল।


কয়েকদিন আগে এই ঘরের শিলিং থেকে হুড়মুড় করে বেশ বড় একটা চাঙর ভেঙে পড়েছিল। বেশ বিপজ্জনক ব্যাপার। ঘুমের মধ্যে আচমকা এরকম মাথায় এসে পড়তে পারে বলে রজত মশারি টাঙিয়ে শোয়। বাড়িওয়ালা তো কিছু করবে না। দাদাও এ-ফ্ল্যাট সারাবার জন্য একটা পয়সাও খরচ করতে রাজি নয়। চাকরি বদল করে দাদা সপরিবারে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। আগামী মাসে। রজতও একটা সরকারি অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছে আয়রন সাইড রোডে। খুব সুন্দর সব ব্যবস্থা হয়ে গেছে। মাকে নিয়ে সে ওখানে উঠে যাবে। তারপর জয়া আসবে।



সিঁড়ির নীচে একজন রহস্যময়ী বসে আছে। সঙ্গে একটা শিশু।


কিছুক্ষণ বাদে রজত খেয়াল করল, ঘুরে ফিরে ওই রমণীটির মুখখানা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। সে জয়ার কথা ভাবছে না। এই রহস্যটা ভাঙা দরকার।


একটা টর্চ নিয়ে নীচে নামার জন্য তৈরি হতেই আলো জ্বলে উঠল। যাক ভালোই হল, টর্চ নিয়ে নীচে নামতে গেলে মা হয়তো কৌতূহলী হয়ে কারণটা জানতে চাইতেন। এখন রজত সিগারেট কেনার ছুতো করে যেতে পারে।


উজ্জ্বল আলোয় রহস্য অনেকটা কেটে যেতে বাধ্য। সেই রমণীটি এখনও সেখানে বসে আছে। বটে, কিন্তু বিশেষ বিস্ময়ের কিছু নেই। লাইটারের শিখায় শুধু ওর মুখখানি দেখতে পেয়েছিল। এখন চড়া আলোয় বোঝা গেল, সে ভদ্দরলোক শ্রেণির নয়, লাল ফুল ছাপ শাড়ি পরা একজন। দেহাতি স্ত্রীলোক। ঈষৎ পাশ ফিরে বসে সে বাচ্চাটিকে স্তন পান করাচ্ছে। রজতের পায়ের শব্দ শুনে সে একবার শুধু মুখ ফিরিয়ে তাকাল।


রজত একেবারে ভুলে দেখেনি। যে-কোনও বিচারেই মেয়েটাকে যথেষ্ট রূপসী বলা যায়। টানা টানা চোখ, টিকোলো নাক, প্রশস্ত কপাল, সম্পূর্ণ ভরা নদীর মতন স্বাস্থ্য। শুধু মুখে একটা ভয়। মাখানো সারল্যের জন্যই গ্রাম্যতার ছাপটা বোঝা যায়। এই নারী এখনও শহর চেনে না।



রজত আর বেশি কৌতূহল দেখাল না। বাড়ি থেকে বেরিয়ে সিগারেট কিনতে গেল। ফিরে আসার সময় সে আবার স্ত্রীলোকটির দিকে একঝলক না তাকিয়ে পারল না। তার মনে হল, গ্রাম কিংবা পাহাড় অঞ্চলের এই স্বাস্থ্যবতী তরুণীটি কেন শহরে এসে সিঁড়ির তলায় এমনভাবে বসে থাকে? প্রকৃতি কি তার সন্তান সন্ততিদের ধরে রাখতে পারে না?


রাত্তিরবেলা জয়ার মুখের পাশাপাশি এ মুখখানা রজত দেখল অনেকবার।


পরদিন রহস্যটা একেবারেই পরিষ্কার হয়ে গেল।


ষাট-সত্তর বছর আগে কলকাতার বড়লোক শ্রেণি বিভিন্ন জায়গায় বাড়ি বানিয়ে ভাড়া দেওয়াটা একটা লাভজনক ব্যাবসা মনে করত। তখন এত রকম ট্যাকসের ঝামেলা ছিল না। তখন এইসব ফ্ল্যাট বাড়ির ব্যবস্থাও বেশ ভালো ছিল, ঝি, চাকর, দারোয়ানদের আলাদা ঘরের ব্যবস্থা ছিল, ছেলেমেয়েদের খেলবার সেই জায়গাটিতে এখন গাড়ি সারাবার কারখানা হয়েছে।


এ-বাড়ির দারোয়ান ছিল হীরালাল। বয়স তার বেশি নয়, চল্লিশের নীচেই হবে, কিন্তু প্রায়ই অসুখে ভুগত সে। একবার ছুটি নিয়ে দেশে গেল, ছমাসের মধ্যে আর ফিরল না। এ-বাড়ির মালিক তার ঘরখানাও ভাড়া দিয়ে দিল একজন দোকানদারকে। হীরালাল ফিরলে তাকে জানানো হল যে তার আর চাকরি নেই।



হীরালাল তবু গেল না। সে বিনা মাইনের দারোয়ানগিরি চালিয়ে যেতে লাগল। শুয়ে থাকে তারই আগেকার কোয়ার্টারের বারান্দায়। তার অসুখও সারেনি। চেহারাটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে,


সবসময় খকখক করে কাশে। যেহেতু অন্য কোনও দারোয়ান আর নিয়োগ করা হয়নি বাড়ির মালিক হীরালালকেও মাইনে দেবে না। ভাড়াটেরা দয়া করে প্রত্যেকে ওকে মাসে পনেরো কুড়িটাকা করে দেয়। কারুর বাড়িতে রান্না বেশি হলে হীরালালকে ডাকে।


সেই হীরালাল আবার দেশে গিয়ে নিয়ে এসেছে তার বউ আর দুটি বাচ্চাকে। বউকে তো আর বারান্দায় বেআব্রু অবস্থায় রাখা যায় না। পুরোনো বাড়ি, সিঁড়ির নীচে অনেকটা জায়গা প্রায় একটা ছোটখাটো ঘরের মতন।


আর তো সবই ঠিক ছিল, কিন্তু রুগ্ন, বুড়োটে চেহারার হীরালালের এমন স্বাস্থ্যবতী যুবতী বউ থাকবে কেন? এটা ঠিক যেন মেনে নেওয়া যায় না। যোগ্য প্রহরী না থাকলে এরকম যৌবন। অনেক বিপদ ডেকে আনতে পারে।


এ-বাড়ির ব্যাপার নিয়ে মাথা ঘামায় না রজত। সে সকালে বেরিয়ে যায়, সন্ধের পর ফিরে নিজের ঘরে বসে থাকে। অন্য ফ্ল্যাটের লোকজনদের সঙ্গে মেলামেশা করে না কখনও। সুতরাং অন্য ভাড়াটেরা হীরালালের বউকে নিয়ে কী আলোচনা করছে তা রজতের জানার কথা নয়।



যাওয়া আসার পথে সে শুধু মেয়েটিকে একবার করে দেখে। দিনেরবেলা মেয়েটি প্রায় অধিকাংশ সময় মাথায় ঘোমটা দিয়ে থাকে। সিঁড়ির তলায় ওই কুঠুরি থেকে ওকে কখনও বেরুতেও দেখে না রজত। অমন যৌবন নিয়েও অন্য কোনও পুরুষকে প্রলুব্ধ করার বিন্দুমাত্র চেষ্টা নেই তার।


মেয়েটিকে দেখে রজত প্রত্যেকবার এক ধরনের বিরক্ত বোধ করে। চোখের সামনে একটা কিছু অন্যায় দেখেও যখন প্রতিকার করা যায় না, তখন মানুষের মনে এরকম আত্ম-বিরক্তি আসে। এই রমণীটি দিনের-পর-দিন ওই অন্ধকার সিঁড়ির তলায় জীবন কাটাবে। ওর সুন্দর স্বাস্থ্যটি তা হলে অচিরেই নষ্ট হয়ে যাবে। এটা একটা অন্যায় না? কিন্তু এ বিষয়ে রজতের কোনও কথা বলার উপায় নেই।


প্রথম দিন লাইটারের কাঁপা কাঁপা আলোয় মেয়েটির মুখখানা দেখে রজতের যে অসাধারণ সুন্দর মনে হয়েছিল, সে ছবিটি তার চোখ থেকে এখনও মুছে যায়নি। দিনের আলোতেও সে সুন্দর। একদিন মেয়েটিকে উঠে দাঁড়ানো অবস্থায় সে দেখল, রজত একবার চোখ ফিরিয়ে নিয়েও আবার তাকাল। মেয়েটি বেশদীর্ঘাঙ্গী, তার কোমরের নিখুঁত ভাঁজ দেখলে কোনারকের ভাস্কর্যের কথা মনে পড়ে। এর বয়স তিরিশ-বত্রিশের কম নিশ্চয়ই নয়। পরিপূর্ণ রমণী বোধহয় একেই বলা যায়।



হীরালালের বউয়ের নাম জানে না রজত। মনে-মনে ওর নাম দিয়েছে শঙ্করী। আপনে না পায় ঠাঁই শঙ্করাকে ডাকে এরকম একটা প্রবাদ আছেনা।


এক-একসময় রজতের মনে একটা অপরোধবোধও জাগে। সে যে প্রত্যেকদিন এ শঙ্করীকে দুবার করে দেখে যায়, তার মধ্যে কি লোভ আছে? জয়াকে সে ভালোবাসে, অথচ লোভ করছে অন্য রমণীর শরীর?


তারপর সে নিজেকে বোঝায়, লোভ নয়, সে দেখছে সৌন্দর্য। জয়াকে ভালোবাসে বলে সে সারাজীবন অন্য মেয়েদের দিকে তাকাতে পারবে না, এর কি কোনও মানে আছে? জয়াও তো। কত অন্য পুরুষের সঙ্গে কথা বলে, হাসে, গল্প করে। এমনকি ওদের পাড়ার অবনী নামে যে ছেলেটিকে জয়া প্রত্যাখ্যান করেছে একবার, তার সঙ্গে জয়া কথা বলা বন্ধ করেনি। অবনীর। যাতে মনে আঘাত না লাগে, সেইজন্য জয়া রজতের পাশাপাশিও হাঁটে না।


রেডিয়ো স্টেশনে জয়ার একটা প্রোগ্রাম রেকডিং ছিল, রজত ওর জন্য অপেক্ষা করছি

**********
No Review
Related Books
Loading books…