Home
কুন্তী সংবাদ

কুন্তী সংবাদ

সমরেশ বসু

কুন্তী সংবাদ

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা01-Mar-2025

Change color

তখন আমি বিহারের সাঁওতাল পরগনার কোনও এক জায়গায় বেড়াবার উপলক্ষে অবস্থান করছিলাম। স্বাস্থ্যান্বেষণের কোনও ব্যাপার ছিল না। যকৃত প্লীহা ফুসফুস ইত্যাদি বেশ ভাল ভাবেই তাদের কাজ করছিল। ক্ষুধামান্দ্য অম্ল অজীর্ণ উপসর্গ সকল আমাকে কোনওরকমেই স্পর্শ করেনি। আমার আসল উদ্দেশ্য ছিল, সাঁওতাল পরগনায় প্রকৃতি উপভোগ। রক্তমৃত্তিকা, খোয়াই, ছোটখাটো পাহাড়, খরস্রোতা পাহাড়ি নদী, শালের বন, তালের জটলা এ সব দেখা; এই প্রকৃতির মধ্যে ঘোরা ফেরা। তবে একটা কথা স্বীকার করতেই হবে, সেখানকার জলবায়ুর একটি বিশেষ গুণ, ক্ষুধাটা বেড়ে গিয়েছিল, এবং বেশি খেয়েও হজম হত। আমি সাধ্যমতো আহারে বিশ্বাসী এবং অভ্যস্ত। তথাপি প্রকৃতির হাত থেকে রেহাই পাইনি। ক্ষুধার প্রাবল্যটা প্রকৃতই বেড়ে গিয়েছিল।

বিহারের সাঁওতাল পরগনায় আমি যেখানে ছিলাম, সেটা একটা ছোটখাটো শহর। সে শহরও, নিতান্তই রেলওয়ে স্টেশনকে ঘিরেই। প্রকৃতপক্ষে, শহর শব্দটাই বোধহয় ব্যবহার করা চলে না। কিছু দোকানপাট, ছোট একটি বাজার, যে বাজারে আনাজপাতির বিশেষ অভাব। প্রধানত মুরগি, ডিম, পায়রা এ সবই বেশি। চাল-ডাল-আটা ইত্যাদি মুদি দোকানেই পাওয়া যেত। মাছও কিছু কিছু আসত। বাঙালি চেঞ্জারদের পক্ষে তাতেই কুলিয়ে যেত। আমার সবথেকে ভাল লাগত ওখানকার স্থানীয় দই। যদিও বাঙালিদের সেই বিহারি দইয়ের স্বাদ মোটেই ভাল লাগত না। কারণ সে দই মিষ্টি না, এবং অনেক ক্ষেত্রেই গোরুর দুধের না হয়ে, মহিষের দুধের হত। হাঁড়ি উপুড় করে ধরলেও, সেই দই পাথরের মতো হাঁড়িতে আটকে থাকত। হাত দিয়ে খেলে রীতিমতো মাখন চটচট করত। তবে স্টেশনের সামনের সেই ছোট বাজারটুকু বাদ দিলেও সেখান থেকে মাইল তিনেক দূরে সপ্তাহে দুদিন হাট হত। কাছাকাছি দশ বারো মাইলের মধ্যে অধিবাসীরা সকলে সেখানেই হাটে যেত, আমরাও যেতাম।

যাই হোক, হাটবাজার খাদ্য-স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আমার কিছু বলার নেই, প্রসঙ্গক্রমে কথাগুলো এসে গেল। আমি সেখানে অলস ভাবে বেরিয়ে বেড়াতাম। আমার সঙ্গে কেউ ছিল না। যে বাড়িতে ছিলাম, সেই বাড়ি দেখাশোনা করত যে লোকটি, সে একজন মাঝবয়সি সাঁওতাল হলেও, বিহারি বলেই তাকে ভুল হত। সে সেই অঞ্চলের বিহারিদের দেহাতি ভাষাতেই কথা বলত, এবং তার চালচলনের মধ্যে কোথাও সাঁওতাল আদিবাসীর সন্ধান পাওয়া যেত না। সেই আমাকে রান্না করে দিত। এবং পরিচর‍্যা বলতে যা বোঝায় তা করত।

স্টেশন থেকে মাইলখানেক দূরে, একটি বিশাল কাঁকর-পাথর বিছানো প্রান্তরের দুপাশে দুটো গ্রাম আছে। বিহারি অধিবাসীদের গ্রাম। গ্রাম খুব বড় না। দুটো গ্রামই ছোট, অধিবাসীরা সকলেই প্রায় কৃষিজীবী পশুপালক। দু-চার ঘর গোয়ালাও আছে। আর আশেপাশে সাঁওতালদের বিচ্ছিন্ন কয়েকটি ঘর-গৃহস্থালি রয়েছে।

অনেক দিনই সেই গ্রামের পাশ দিয়ে যাবার সময় দেহাতি ছেলেমেয়েদের গোরু-মহিষ চরাতে দেখেছি। দেখে ভাল লাগত, যখন চোখে পড়ত, ছেলেমেয়েরা বিশাল কালো মহিষের পিঠে চেপে ছোট হাঁটু ডোবানো নদী পার হয়ে যেত। অনেক সময় দেখতাম, পশুরা মাঠে চরছে, রাখাল ছেলেমেয়েরা খাবার খাচ্ছে বা গাছতলায় মুখের ওপর গামছা চাপা দিয়ে ঘুমোচ্ছে। কেবল ছোটরাই নয়, কখনও কখনও বড়দেরও দেখতে পেয়েছি। বড়দের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

সেখান থেকে ফিরে আসার কয়েক দিন আগে, পড়ন্ত বেলায়, সেই গ্রামের দিকে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের ভিতরে কখনও বড় একটা প্রবেশ করতাম না। একদিন গানের শব্দ পেয়ে গিয়েছিলাম। যে দিনের কথা বলছি, সেই দিন, প্রান্তরের ডান দিকের গ্রামে একটা জটলা দেখতে পেয়েছিলাম, এবং মেয়ে-পুরুষদের চড়া গলায় কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। তার জন্য আমার কোনও কৌতূহল ছিল না। আমি একটি মেয়ের আর্তনাদ শুনে, কৌতূহলিত এবং আকৃষ্ট হয়ে, গ্রামের দিকে গিয়েছিলাম।

জটলার কাছে গিয়ে দেখলাম, মেয়ে-পুরুষ-শিশু-বৃদ্ধ-যুবা, অনেকেই সেখানে রয়েছে। কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে। বয়স্কা মেয়েদের কেউ হয়তো তার কোলের শিশুটিকে বুকজোড়া খুলেই খেতে দিয়েছে, যেন ক্ষুধার্ত একটি বাছুর সবুজ কচি ঘাসের বুকে মুখ ডুবিয়ে আছে, এবং সেই সঙ্গেই মা চিৎকার করে কথা বলে চলেছে। তাতে শিশুটির খাবার যেমন কোনও ব্যাঘাত ঘটছে না, তেমনি মায়ের কথা ও চিৎকারেও কোনও বাধা ঘটছে না। পুরুষদের মধ্যে কেউ কেউ হুঁকো হাতে। মাঝে মাঝে টানছে, উত্তেজিত ভাবে চিৎকার করে কথা বলছে। কেউ বা শুকনো তামাক পাতার সঙ্গে চুন মিশিয়ে বাঁ হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ঘসছে। কেউ ঘাস-পাতার দড়ি পাকাচ্ছে বা দা দিয়ে তামাক পাতা কাটছে। কিন্তু কথা ও চিৎকার সমানে চালিয়ে যাচ্ছে। সকলেই যে কাজ করছে, তা নয়। আমার বক্তব্য হচ্ছে, যারা কাজ করছে তারাও রীতিমতো উত্তেজিত এবং এই আসরে অংশ নিচ্ছে।

জায়গাটা দেখে মনে হচ্ছে, গ্রামের বারোয়ারি তলার মতো, যেখানে গ্রামের লোকেরা মিলিত হয়, পঞ্চায়েত বসে, নানান সমস্যা নিয়ে আলোচনা করে, বিচার করে, এবং রায় দেয়। এদের বোধহয় সেই রকম কোনও পঞ্চায়েতের আসরই বসেছে, কারণ এদের কথার মধ্যে সরপঞ্চ কথাটা কয়েকবারই আমি শুনতে পেলাম।

আমরা বাঙালিরা সাধারণ ভাবে হিন্দি বলতে যা জানি, এদের কথাবার্তা ঠিক সেরকম না। একে ঠিক কী ধরনের বুলি বলে, আমি জানি না। বিহারের মৈথিলি বুলি একরকম, যা আমরা বাঙালিরা সাধারণত বুঝে উঠতে পারি না। কারণ সে-মৈথিলি বুলি, শিক্ষিত বাঙালির জানা বিদ্যাপতির কবিতার ভাষা না। আমি এখন যাদের কথা বলছি, এদের ভাষা আবার অন্যরকম, যা আমি পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তবে কতগুলো ইতর গালিগালাজের ভাষা বোধহয় এরকমই হয়। যেমন ছিনার অর্থাৎ বাংলায় যাকে ছিনাল বলা হয়, এখানে সে বিশেষণটি কয়েকবারই শুনতে পেয়েছি। কয়েকটি ক্রিয়াপদ বা অঙ্গপ্রত্যঙ্গের ইতর উচ্চারণ, যে সব কথা লিখে প্রকাশ করা যায় না, তাও শুনতে পাচ্ছি।

যাকে উদ্দেশ করে এ সব গালিগালাজ এবং ক্রুদ্ধ ক্ষিপ্ত ইতরভাষা প্রয়োগ করা হচ্ছে, সে একটা মেয়ে। তার বয়স এগারো বারোর বেশি না, জানি না, তার চেয়েও কম কিনা। মেয়েটির কালো চোখ, একটু বোঁচা বোঁচা নাক, কিন্তু কটা কটা মুখোনি বেশ মিষ্টি, বটের পাতার মতো গড়ন। ঠোঁট দুটি রাঙা। মাথার চুলে বেশ কিছু দিন তেল পড়েনি, জট পাকানোর মতো দেখাচ্ছে। শরীরের গঠন ছিপছিপে, পূর্ণাঙ্গ নারী হয়ে ওঠার অবকাশ যেন এখনও হয়নি, অথচ পূর্ণতার একটি স্পর্শ যেন তার শরীরে লেগেছে।

মেয়েটির দুহাত পিছমোড়া করে বাঁধা। সামনে ছড়ানো ধুলো মাখা পা দুটিও বাঁধা। ময়লা একটা কাপড় আর জামা তার গায়ে। সে কাঁদছে মাথা নিচু করে। তার মুখে বা হাঁটু অবধি তোলা কাপড়ের নীচে দেখলেই বোঝা যায়, তাকে প্রহার করা হয়েছে।

গোটা ছবিটা নিষ্ঠুর আর করুণ। করুণতর আরও এই কারণে, মেয়েটির বয়সি অন্যান্য মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে। নির্দয় ঘৃণা প্রজ্বলিত চোখে। কেউ বা বিদ্রুপে শাণিত হাসি নিয়ে। নিজেদের মধ্যে তারা কী সব বলাবলিও করছে, কিন্তু তা একান্ত নিজেদের সমবয়সিদের মধ্যে। অন্যেরা সেকথা শুনতে পাচ্ছে না।

কী এমন ব্যাপার ঘটতে পারে, বা মেয়েটি এমন কী অপরাধ করতে পারে, যার জন্য গোটা গ্রামের মানুষ একত্র হয়ে এরকম শাস্তি দিচ্ছে! ও কি চুরি করেছে? ও কি কারও পালিত পশুকে বিষ খাইয়েছে, অথবা দুধের বাটে তুক করেছে? এ ধরনের দু-একটি ঘটনার কথা শুনেছি, এ সব অঞ্চলে নাকি ঘটে এবং সকলেই বিশ্বাসও করে। কেন না, ডাইনিতন্ত্রটা এখানে খুবই চলে, ডাইনি বিরোধী ঘৃণাও প্রচণ্ড। কিন্তু এরকম একটি মেয়ে কি ডাইনিতন্ত্র জানে? ডাইনিরা তো একটু বয়স্ক হয় বলেই জানি।

অবাক হয়ে ব্যাপারটা দেখছিলাম। কিন্তু সকলে আমার দিকে মুখ তুলে এমন ভাবে দেখছে, আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে হল না। এটা গ্রামের মানুষদের একান্ত নিজস্ব ব্যাপার। আমি একজন ভিনদেশি অপরিচিত, ভিন্ন সমাজের মানুষ। স্বভাবতই তারা বিরক্ত হতে পারে। তাই আমি মনে মনে বিশেষ কৌতূহল নিয়ে, সেখান থেকে সরে এসে, চলে যাবার উদ্যোগ করলাম। এই সময়ে শুনতে পেলাম, বাবুজি!

আমি ফিরে তাকালাম। দেখলাম, মাথায় চাদর জড়ানো একটি প্রায় বৃদ্ধালোক আমার কাছে এসে দাঁড়িয়েছে। তার কালো মুখে, সাদা খোঁচাখোঁচা দাড়ি। লোকটিকে দেখেই চিনতে পারলাম। এ আমাকে রোজ দই দেয়। তাকে আমি দহিবালা বলে ডাকি।

জিজ্ঞেস করলাম, কেয়া দহিবালা?

দহিলার উচ্চারিত দেহাতি ভাষা আমার পক্ষে বলা বা লেখা সম্ভব নয়, তাই তার কথা আমি বাংলাতেই লিখছি। সে আমাকে জিজ্ঞেস করল, বাবুজি, আপনি চলে যাচ্ছেন?

বললাম, হ্যাঁ। কেন না, আমার মনে হচ্ছে এটা তোমাদের গ্রামের কোনও একটা ব্যাপার, আমার এখানে থাকা উচিত না।

দহিবালা বলল, কথাটা বাবু ঠিকই বলেছেন। আজ সকাল থেকেই আমাদের এখানে গ্রামের পঞ্চায়েত বসেছে, একটা বিচার চলেছে।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সকাল থেকেই?

হ্যাঁ, বাবুজি, সকাল থেকেই।

কিন্তু তুমি তো আজ সকালে আমাকে দই বিক্রি করতে গেছলে।

তা গেছলাম। কাজকর্ম তো সব বন্ধ করে দেওয়া যায় না। যার যা কাজ তাকে তা করতেই হবে, কারণ পঞ্চায়েত করলে তো আর পেট ভরবে না! কিন্তু সমাজ-ঘরের ইজ্জত রক্ষা করতে হলে পঞ্চায়েতও বসাতে হবে। তাই পঞ্চায়েতের ফাঁকে ফাঁকে কাজকর্মও করে নিতে হয়।

**********
No Review
Related Books
Loading books…