Home
কিমলিস

কিমলিস

সমরেশ বসু

কিমলিস

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা14-Feb-2025

Change color

সন্ধ্যা হয় হয়, তবু হয়নি। এখনও আকাশ ভরে নামেনি তার কালো ছায়া। পশ্চিম দিকের রাবিশ ও ঘেঁষ ফেলা চওড়া সড়কটার মোড়ে দাঁড়ালে দেখা যায়, গঙ্গার স্বচ্ছ জলে পড়েছে পড়ন্ত বেলার আকাশের ছায়া। আকাশেরই ছায়া, কারণ সূর্য ডুবে গিয়েছে। নির্মেঘ আকাশের কোলে গাঢ় লালিমা। ওপারের কারখানাটার পেছনে এই মাত্র ডুবেছে সূর্য। আকাশের প্রতিবিম্ব জলে পড়ে গঙ্গাকে দেখাচ্ছে যেন তাতানো ইস্পাতের মতো। ঢালাই ইস্পাতের জুড়িয়ে আসার মতো গঙ্গার পুব কোল জুড়ে নীলচে ঝিলিক দিচ্ছে।


শীতকাল। মাঘ মাস। জনশূন্য গঙ্গার ধার। দু-চারটে নৌকো মন্থর গতিতে উত্তরে কিংবা দক্ষিণে চলেছে। জেলে নৌকো নয়, ব্যবসায়ী। সড়কটার ডান পাশ জুড়ে একটা সুদীর্ঘ বস্তি। ছিটে বেড়ার গায়ে মাটির প্রলেপ। মাথায় খোলা ছাওয়া। দূর থেকে দেখলে বোঝা যায়, সমস্ত বস্তিটা পশ্চিম দিকে ঝুঁকে পড়েছে। যেন হেলান দিয়ে রয়েছে। বস্তিটার সামনে কতগুলি ছেলেমেয়ে খেলা করছে ন্যাংটো হয়ে খালি গায়ে। ওদের শীত নেই।


এমন সময় সে এসে দাঁড়াল বস্তিটার সামনে। তার আপাদমস্তক দেখে মনে হয়, এ বস্তির বাসিন্দা সে কখনওই নয়। তার মাথার চুল হাল আমলের ছোকরাদের মতো মাপজোখ করে ছাঁটা, গোঁফ দাড়ি কামানো পরিষ্কার মুখ। রংটা অবশ্য কালো। গায়ে শার্টের উপর উলের সোয়েটার, সাদা জিনের ফুল প্যান্ট। পায়ে ইংলিশ বুট। এক হাতে একটা চামড়ার সুটকেশ ও আর এক হাতে বেডিং।


চেহারাটাও তার দেখতে শুনতে নেহাত মন্দ নয়। নাকটা একটু মোটা, আর ঠোঁট দুটো একটু পুরু। তার সেই ঠোঁট চাপা হাসিতে ছুঁচলো হয়ে উঠেছে, আর নাকটা কুঁচকে গিয়ে ফুটো দুটো দেখাচ্ছে একটু বড় বড়।

বাইরের আলো নেই বস্তিতে। সেখানে ইতিমধ্যেই সন্ধ্যার গাঢ় ছায়া নেমে এসেছে। ঘরে ঘরে জ্বলছে উনুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে বস্তির ভেতরটা। উঠানের উপরে কেউ কেউ কাপড় কাচছে, দু-একটি ঝি বহুড়ি জল তুলে এনে স্নান করতে বসেছে। তারই কাছাকাছি খাঁটিয়াতে বসেছে। পুরুষদের বৈঠক। সারাদিনের পর এ সময়েই তাদের যত কথা গান হাসি ঝগড়া। ছুটির পর ছাড়া সময়ই বা কোথায়!


সে ভেতরে এসে সবাইকে একবার খুব গম্ভীরভাবে ভারিক্কি হাসিতে ঘাড় নেড়ে সোজা গটগট করে এসে দাঁড়াল পুবদিকে বানোয়ারীর ঘরের কাছে।

বুড়ো বানোয়ারী আর তার বউ রামদেই তখন সবেমাত্র কারখানা থেকে এসে পা ছড়িয়ে বসেছে। ঘরের দাওয়ায়। তাদের ঘিরে বসেছে একপাল অপোগণ্ড, তাদেরই ছেলেমেয়ে।

অদূরেই উনুনে আগুন দিয়ে হাওয়া দিচ্ছে একটি ষোলো-সতেরো বছরের বউ। তার অযত্নের জটধরা পিঙ্গলবর্ণের খোঁপা ভেঙে পড়েছে ঘাড়ের কাছে, ধোঁয়া লেগে চোখে এসেছে জল।

এদের সঙ্গে বস্তির প্রায় সকলেই এই ফিটফাট পাতলুন-পরা আগন্তুকের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বানোয়ারী বেচারি তো কুঁজো হয়ে দাঁড়িয়ে বার দুয়েক কপালেই হাত ঠেকিয়ে ফেলল। তার গোঁফের ফাঁকে সংশয়ের হাসি। একে অপরিচিত, তায় রীতিমতো বাবু। সংশয়ের মধ্যে তার ভয়ও ধরেছিল।


রামদেইয়ের অবস্থাও তাই। বাচ্চাকাচ্চাদের সঙ্গে বউটি একেবারে উনুনের ধোঁয়াচ্ছন্ন অন্ধকার কোণে গিয়ে ঢুকেছে। হায় রাম! এ আবার কে?

আগন্তুকের গাম্ভীর্য আর টিকল না। তার পুরু ঠোঁটের ফাঁকে বেরিয়ে পড়ল বড় বড় উঁচু দাঁতের সারি। কোনও কথা না বলে হাতের বোঝা দুটো নামিয়ে ফেলে, ঘাড়টা একটু তুলে, হাত দুটো ঝাড়তে লাগল।

সন্ধ্যার অন্ধকারে কালো কালো ছায়ার মতো বস্তির মেয়ে পুরুষ দূরে দূরে ঘিরে দাঁড়িয়ে রীতিমতো একটা ব্যুহ তৈরি করে ফেলল। কয়েক মুহূর্তের জন্যে অখণ্ড নিস্তব্ধতা নেমে এল বস্তিতে। এমন কী বাচ্চাগুলিও চিৎকার করতে ভুলে গেল।

বানোয়ারী হাত জোড় করে আর না জিজ্ঞেস করে পারল না, আপ–


এবার সে হা হা হি হি নানান বিচিত্র স্বরে দরাজ গলায় হেসে উঠল। বুকে হাত দিয়ে ভাঙা ভাঙা হেঁড়ে গলায় বলল, আরে হম, হম বেচন, তুমহারা লেড়কা।

বেচন! বানোয়ারীর ছেলে বেচন! অমনি ছায়ারা সব মূর্তি ধরে একেবারে হুমড়ি খেয়ে পড়ল বেচনের গায়ের উপর। একটা স্বস্তির নিশ্বাস সকলের পড়ি পড়ি করেও পড়তে চায় না। ইচ্ছেটা, গায়ের চামড়া খুঁটিয়ে না দেখা পর্যন্ত যেন বিশ্বাস নেই। চটকলের স্পিনার, গোরক্ষপুরের কাহারের ব্যাটা, নিজের নাম বলতে বাপের নাম বলে, সেই হাবাগোবা বেচন এটা?

এ বলে, হায় রাম! ও বলে, হে ভগবান! সে বলে, কাঁহা যাই?

বেচনের মা রামদেই তো এক মুহূর্ত হাঁ করে দেখেই, বেড়ায় মুখ গুঁজে ডুকরে উঠল, ই হামার কা ভইল হো!

উনুনের পাশে বেড়ার কোণে বউটির বুকের মধ্যে ভয়ে ধুক ধুক করছে। সেই পাঁচ বছর বয়সে তার বিয়ে হয়েছে। তারপর দেড় বছর আগে গাওনা করে বেচন আর তার শ্বশুর তাকে মুলুক থেকে নিয়ে এসেছে। বেচন তার কাছে ছিল মাত্র দেড় মাসের মতো। তার পরেই চলে গিয়েছিল। সেই বেচনের একটা মূর্তি এঁকে রেখেছিল সে। কিন্তু আজ একী সর্বনাশ হল তার। এ কোন দেশি আজব মরদ। এ তো তার সে মানুষটা নয়।

প্রথমে সে ফুঁপিয়ে উঠে একেবারে শাশুড়ির সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে কান্না জুড়ে দিল।

বেচন পড়ল মুশকিলে। খানিকটা অপ্রতিভের হাসি হেসে সে বলতে গেল, আরে তুমলোগ রোতা কেঁউ? কিন্তু তার আগেই বানোয়ারী চেঁচিয়ে উঠল, আরে শুয়ারকা বাচ্চা, ইয়ে হম কেয়া দেখতা? তু কেয়া জেহেলসে আতা?

বেচনের হাসি ততক্ষণে উবে গেছে। তবু যথেষ্ট সপ্রতিভভাবে বলল, হাই লাও, গালি বকতা। জেহেলসে আতা নহি তো কেয়া ময়দান সে আতা!

চোপ! চোপ রহো হারামজাদা!


চিৎকার করে বানোয়ারী মারতে আসে আর কী। এখন সেরীতিমতোবাঘা বাপ। বাঘা বাঘের মতোই ব্যাটাকে শাসন করতে উদ্যত। বেচনের জামা কাপড় দেখিয়ে বলল, আরে তু তো বানোয়ারী কাহার কা লেড়কা, কাঁহাসে সাহাব বকে আয়া, আঁ? লিখাপঢ়ি নহি জানত, আরে গোরক্ষপুরকা চুহা, চুতিয়া বানোয়ারী নন্দন, ইসব তু বদন পর ক্যা চঢ়ায়া, আঁ? কাঁহাসে চোরায়া?


চোরায়া? চুরি? বেচন হাসবে কি কাঁদবে ভেবে পেল না। একটু হাসি হাসি বোকা বোকা, করুণ চোখে তাকিয়ে, হতাশাভরে সে বলল, হাই লাও, চোরি হম্‌ কাহে করেগা?

সেই জবাবের আগেই ভিড় ঠেলে অলগু এসে বলল বানোয়ারীকে, বানোয়ারী, তুমকো জলদি বাড়িওয়ালা বোলাতা।

বানোয়ারী তৎক্ষণাৎ ভিড় ঠেলে চলে গেল। বাড়িওয়ালা শুধু বাড়িওয়ালাই নয়, একটা ডিপার্টের সর্দার, দেশ গাঁয়ের ব্রাহ্মণ, একটা মোড়ল গোছের লোক। তার উপরে, সুদ কিস্তিবন্দির কারবারি, ধার দেনা দেয়। অর্থাৎ দোষ, বিচার, জান-প্রাণ, সব তার হাতে। সব ফেলে আগে তার কথা শুনতে যেতেই হয়।


বেচন আর কী করে। তার এত সাধের সাজগোজ, প্রাণে ঠাসা এত আজব অবাক কথা, সর্বোপরি নিজেকে একটা মানুষের মতো মানুষ বলে জাহির করা, সব তত বেঘাটে গেলই উপরন্তু আর একটা শোরগোলের সুত্রপাত হল বস্তি জুড়ে।

তখনও সবাই তাকে ঘিরে রয়েছে, ছেলে মেয়ে জোয়ান বুড়োর দল। দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। কথা বলছে নানারকম। আর ওদিকে মড়া কান্না জুড়েছে মা আর বউ, ভাই আর বোন।


বেচন জেলে গিয়েছিল। দেড় বছর ধরে জেলে ছিল সে। না, চুরি বাটপাড়ি করে যায়নি, কারখানার রেশন হরতালে, যাকে বলে সে একেবারে দলপতি হয়ে উঠেছিল। কম আর খারাপ রেশন, অতিরিক্ত দাম, কোম্পানি তাও বন্ধ করে দেওয়ার ফিকিরে ছিল। আর দশজনের সঙ্গে বেচনও এ অবিচারটা সহ্য করতে পারেনি। সে ব্যাপারটা নিয়ে রীতিমতো কাণ্ড বাধিয়ে বসেছিল। এমনকী তার এই বাপ; ঘিরে-ধরা এই সব পাড়াপ্রতিবেশীরা বেচনের কথায় একেবারে হল্লায় মাতিয়ে তুলেছিল কারখানা, ঘেরাও করেছিল ম্যানেজার সাহেবকে। সারা এলাকা জুড়ে যে হরতাল কমিটি হয়েছিল, বেচন সেই কমিটির মেম্বর পর্যন্ত হয়েছিল। একটা যা-তা কথা নয়।


হ্যাঁ, নিজের প্রাণের কাছে তো আর সত্যি কথা স্বীকার করতে আপত্তি নেই। কোত্থেকে তার প্রাণে এত তেজ ও ঘৃণা জন্মেছিল সে কিছুতেই ঠাওরাতে পারেনি। কিন্তু শুধু পদাধিকার নয়, কারখানার স

**********
No Review
Related Books
Loading books…