
এলাচের কৌটো
সুনীল গঙ্গোপাধ্যায়
সাইকেল রিকশা নিয়ে বাড়ি থেকে খানিকটা এগোবার পরেই রত্নার মনে পড়ল একটা জিনিস নেওয়া হয়নি। সে ব্যস্ত হয়ে বলে উঠল, এই এই, একটু থামো তো ভাই, একবার ফিরে যেতে হবে।
রিকশাচালক অপ্রসন্নভাবে মুখ ফিরিয়ে তাকাল। এই সময় দু-দিক থেকে দুটো ট্রেন আসে, অনেক যাত্রী, তাই রিকশাওয়ালাদের পোয়াবারো। কলকাতার ট্যাক্সি ড্রাইভারদের মতন রুক্ষ হয়ে ওঠে। কী যেন নিজের মনে গজগজ করতে-করতে রিকশাটা ফেরাল।
সদর দরজা খুলিয়ে যেতে হল দোতলায়। নিজের ঘরের টেবিলের ওপর রাখা আছে কৌটোটা। সেটা তাড়াতাড়ি ব্যাগে ভরে নিয়ে ফিরে যেতেই টান পড়ল আঁচলে। টেবিলের কোনায় যে চলটা উঠে আসে, সেখানে আটকেছে।
আঁচলটা ছাড়াতে গিয়ে শরীরটা কেঁপে উঠল রত্নার। আসল জিনিসটাই তো সে ভুলে গেছে। তার আইডেনটিটি কার্ড। এটা না থাকলে তো সে ঢুকতেই পারত না। আঁচলটা আটকাল বলেই তো মনে পড়ল। এটা যেন অলৌকিক ব্যাপার। ঠিক কেউ যেন তার আঁচল ধরে টেনে মনে করিয়ে দিল! ঠিক যেন ব্যাখ্যা করা যায় না।
রিকশাচালক বলল, অনেক টাইম লেগে গেল, দিদি। এক টাকা বেশি লাগবে।
তর্ক করতে ইচ্ছে করল না রত্নার। দেবে সে এক টাকা, কিন্তু কথা খরচ করবে না।
এই সময়টাতেই মফসসল শহর সবচেয়ে বেশি জেগে ওঠে। ট্রেন আসে, দোকানপাট খোলে, ইস্কুল-কলেজের ছেলেমেয়েরা বেরোয়। হাসপাতালেও ভিড় হয়। এই হাসপাতালের সামনেই আটকা পড়তে হয় ট্রাঠিক জ্যামে। সামনে আবার একটা ময়লার গাড়ি। রত্না কয়েক দানা এলাচ মুখে দিল।
জেলখানার গেটে পৌঁছতে বেজে গেল সাড়ে দশটা। অবশ্য ইস্কুলে যাওয়ার মতন সময়ের অত কড়াকড়ি নেই। এক মাস ধরে ইস্কুলে যেতে হচ্ছে না রত্নাকে, তার ডিউটি পড়েছে জেলে। নবছর ধরে ইস্কুলে একই জিনিস পড়াতে-পড়াতে একঘেয়েমি এসে গিয়েছিল, সেই তুলনায় এখানকার কাজ তার ভালোই লাগছে—অন্যরকম অভিজ্ঞতা।
গেটের কাছে এসে কার্ডটা বার করল রত্না। তাতে তার ছবি লাগানো আছে। প্রথম দিন তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সুতপাদি, তিনি হাসতে-হাসতে বলেছিলেন, কার্ডটা সাবধানে রাখিস। দেখিস, ভেতরে যেন কেউ জোর করে কেড়ে না নেয়। তাহলে কিন্তু তুই আর বেরোতেই পারবি না। এই গেটে আটকে দেবে।
কেউ অবশ্য কেড়ে নেওয়ার চেষ্টা করেনি এর মধ্যে। তবে, দু-তিনজনের চোখের দৃষ্টি দেখলে ভয়-ভয় করে।
জেলখানা। প্রথম দিন ঢুকে সত্যিই খুব অবাক হয়েছিল রত্না। জেলখানার ভেতরটা কেমন হয় তার স্পষ্ট ধারণা ছিল না, গল্প-উপন্যাস পড়ে মনে হত, অন্ধকার-অন্ধকার ঘর, লোভী আর হিংস্র চেহারার পাহারাদার, লোহার দরজা, ডান্ডাবেড়ি, আর মানুষ হয়েও অনেকের অমানবিক। ব্যবহার। আগেকার দিনের রাজবন্দিদের লেখা কয়েকটা বই পড়েছে রত্না, অল্প বয়সে, ভালো মনে নেই। বেশি মনে আছে, সতীনাথ ভাদুড়ীর জাগরী আর জয়া মিত্রের হন্যমান। জাগরীতে একটা অধ্যায়ের নাম আওরৎ কিতা:মা, আর জয়া মিত্রের বইতেও জেলের মধ্যে মেয়েদের কথাই প্রধান। সতীনাথ ভাদুড়ীর একটা গ্রন্থাবলি আছে বাড়িতে, এখানে আসবার পর রত্না। একবার ভেবেছিল জাগরীটা আর একবার পড়ে ঝালিয়ে নেবে। ওরে বাবা, কী সাংঘাতিক বই, খানিকটা পড়তে-পড়তেই চোখের জলে পাতাগুলো ঝাপসা হয়ে আসে। বিলুর ফাঁসি হবে, সেই রাতে তার মা-ও জেলে, তিনি নানাভাবে মনটাকে ফেরাবার চেষ্টা করছেন, এক জায়গায় বলছেন, ছেলে তো নয়, একটা শত্রু। ছেলেদের কথা যত ভেবেছি, তার অর্ধেকও যদি ভগবানের কথা ভাবতাম, তাহলে নিশ্চয়ই ভগবানকে পাওয়া যেত। এই জায়গাটা পড়তে পড়তে রত্না ফুঁপিয়ে কেঁদে উঠেছিল।
প্রথম দিন এসে জেলখানা সম্পর্কে তার পুরোনো ধারণা কিছুই মিলল না। এ যেন একটা বাগানবাড়ি। সত্যিই বেশ বড় বাগান, কত ফুল ফুটে আছে, বড়-বড় গাছও কয়েকটা, মাঝখানের বাড়িটার রং সাদা। শুধু চারদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।
অবশ্য আজকাল আর জেলখানা বলে না, নতুন নাম হয়েছে সংশোধনাগার, আর এটা শুধু মেয়েদের জন্য। এখানে একজনও পুরুষ নেই।
বাগানের মধ্যে একটা খড়ের চালাঘর। তার ভেতরে তিনখানা সিমেন্টের তৈরি বেঞ্চ, একটা প্লাস্টিকের চেয়ারও আছে। আজ অবশ্য শীত পড়েছে একটু-একটু, রোদ বেশ মোলায়েম, বাইরেও বসা যায়।
নানা বয়সের নারী, তবে আঠারোর নীচে কেউ নয়, ওপরের সীমা পঁয়তাল্লিশ-পঞ্চাশ। কেউ উৎকট গম্ভীর, কেউ বেশি কথা বলে, কেউ ঝগড়া ছাড়া থাকতে পারে না। অনেকেরই শরীরে রূপ নেই, স্বাস্থ্যও ভালো নয়।
রত্না ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হেঁটে এসে চালাটার মধ্যে চেয়ারে বসল। সে নিজে থেকে কারোকেই ডাকে না। মিনিটপাঁচেক সে বসে রইল চুপ করে। তারপর দুটি তরুণী দৌড়তে দৌড়তে এসে দাঁড়াল, হাত পাতল তার সামনে।
রত্না কৌটো খুলে কয়েকটা করে এলাচদানা দিল ওদের হাতে।
টপ করে তা মুখে পুরেই ওদের একজন জিগ্যেস করল, দিদি, আপনি পান খান না?
এই প্রশ্নটা তাকে এখানকার অনেকেই করে, প্রথম দিন থেকে। অর্থাৎ ওদের পান খাবার নেশা। রত্নার পান খাওয়ার অভ্যেস থাকলে নিশ্চয়ই সে পানের ডিবে রাখত, ওরা চেয়ে নিত। কিন্তু রত্না কখনও পান খায়নি, এমনকী বিয়েবাড়িতেও সে পান নেয় না। পানের পিক ফেলার দৃশ্যটা তার অশ্লীল মনে হয়।
অনেকদিন থেকেই এলাচদানা খায় রত্না। আগে তার কাছে একটা ছোট্ট রূপোর কৌটো থাকত, এখন এখানকার অনেককে দিতে হয় বলে, সে একটা বড় টিনের কৌটো রাখে। এলাচের দামও বেশ।
রত্না লক্ষ করেছে, এরা অনেকেই বাইরে থেকে কিছু কিছু জিনিস আনায়। কী উপায়ে, তা সে জানে না। কেউ-কেউ শুধু দোক্তা খায়, কয়েকজনকে সে বিড়ি টানতেও দেখেছে। এক মাঝবয়েসি, স্থূলাঙ্গিনী একদিন তাকে ফিসফিস করে বলেছিল, দিদি, আমার জন্য ইসবগুলের
ভুসি এনে দেবে? আমি তোমায় পয়সা দেব। রত্না রাজি হয়নি। যত তুচ্ছ জিনিসই হোক, বাইরে থেকে এদের জন্য কিছু এনে দেওয়ার নিষেধ আছে। এখানকার সুপার সুতপাদি বলেছিলেন, তুই এরা কে, কোন কারণে জেল খাটছে, তা কখনও জিগ্যেস করবি না। এদের জীবনকাহিনি জানতে চাইবি না। তাহলে এক- একজন সম্পর্কে মনের মধ্যে একটা ধারণা গেঁথে যাবে। বরং খোলা মন নিয়ে সবাইকে সমান মনে করাই উচিত।
রত্না কখনও কাউকে কিছু জিগ্যেস করেনি। তবু কী করে যেন জেনে গেছে, এখানে তিনজন খুনের আসামি। নিজের হাতে খুন করেছে, যাবজ্জীবন বন্দিনী। তাদের মধ্যে একজন রত্নার ছাত্রী।
জেল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন, এখানকার মেয়েদের নানারকম হাতের কাজ শেখাবার সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখাবারও চেষ্টা হবে। যাতে কারাবাস থেকে মুক্ত হওয়ার পর, তারা সুস্থ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু লেখাপড়া তো জোর করে শেখানো যায় না। বেশিরভাগই সমাজের। গরিব, নীচু শ্রেণির নারী। জীবনে বই কখনও ছুঁয়েও দেখেনি। বেশি বয়সে তারা একেবারে প্রথম থেকে শেখার আগ্রহ পায় না।
তবু নিয়মমাফিক দুজন শিক্ষয়িত্ৰী আসে। তারা কয়েকজনকে এ-বি-সি-ডি, অ-আ-ক-খ শেখাতে চেষ্টা করে। রত্না অবশ্য বলে দিয়েছিল, সে অত প্রাথমিক স্তরে পড়াতে রাজি নয়। রত্নার ডাক পড়েছিল অন্য কারণে।
সুতপাদি একদিন জানতে পেরেছিলেন, খুনের আসামি বাসন্তী নামে একটি মেয়ে ঝগড়ার সময় ইংরেজিতে গালাগালি দেয়। সোয়াইন, ব্লাডি, বাস্টার্ড, বিচ, এইসব গালাগাল তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসে। তার কেস হিস্ট্রিতে দেখা গেছে, সে একটি ধনী পরিবারে আয়ার কাজ করত। সেই বাড়িতে তাদের মুখ থেকে শুনে-শুনে সে ওইসব গালাগাল মুখস্থ করেছে। সুতপাদি তার সঙ্গে কথা বলে বুঝলেন, সে ইংরেজি-বাংলা পড়তেও পারে, আলেকজান্ডার এবং সম্রাট অশোকের নাম জানে, অর্থাৎ প্রায় ক্লাস এইট-নাইনের বিদ্যে। সুতপাদি একে জিগ্যেস করেছিলেন, তুই আরও পড়তে চাস? সে ঘাড় নেড়েছিল। বছরখানেক পড়ালে এ মেয়ে মাধ্যমিকও পাশ করতে পারে। তেমন যদি হয়, তাহলে এই সংশোধনাগারেরও বেশ নাম হবে, ছবি উঠবে কাগজে। তাই সরকারি স্কুলে আবেদন করে রত্না হালদারকে তিনি আনিয়েছেন। এখানে। বাসন্তীকে পড়াতে গিয়ে রত্না দেখেছে, এ মেয়েটির মেধা আছে, যা পড়ে, তা বেশ মনে রাখতে পারে। চব্বিশ-পঁচিশ বছর বয়স, মুখখানা সুন্দর নয়, কিন্তু শরীর বেশ আঁট, বুকের গড়ন যেন বেশি-বেশি। মাঝে-মাঝে সে বেশ সরলভাবে হেসেও ওঠে। এ মেয়ে কেন দু-দুটো খুন। করেছে, তা জানার জন্য রত্নার মনটা আকুলি-বিকুলি করলেও প্রশ্ন করার উপায় নেই। নিজে থেকে যদি সে কখনও কিছু বলে।
বাসন্তী বইখাতা নিয়ে এসে বসল তার সামনে।
ওকে পড়াতে-পড়াতে রত্নার মনে হল, পরীক্ষায় পাশ করলেও সে-বিদ্যে নিয়ে ও কী করবে? ও কি কোনওদিনও ছাড়া পাবে? যাবজ্জীবন মানে চোদ্দো বছর, এই কেসে অনেকের ধারণা, গুড। কনডাক্টের রিপোর্ট থাকলে বারো বছর পরেই খালাস হয়ে যেতে পারে। কিন্তু সে ব্যবস্থা তো আর নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যাবজ্জীবন মানে সারা জীবনই পচতে হবে জেলে। অন্তত কুড়ি-বাইশ বছরের আগে রিভিউয়ের প্রশ্ন নেই। সংশোধনাগার নাম হোক আর যাই-ই হোক, আসলে তো কারাগার।
আর একটি মেয়ে, সে রত্নার কাছে পড়তে আসে না, কিন্তু এই সময়টায় সে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকে। সে কোনও কথা বলে না, কোনও প্রশ্ন করলেও উত্তর দেয় না। বৃষ্টির সময়। বাসন্তী তাকে বলেছিল, এই মেদ্দা, বসে-বসে ভিজছিস কেন, ভেতরে উঠে যা!
তা শুনেও মেয়েটি উঠে আসেনি, একই জায়গায় বসে-বসে ভিজেছে।
রত্না জিগ্যেস করেছিল, ওর নাম কী বললে মেদ্দা? এ আবার কীরকম নাম? মানে কী?
ঠোঁট উলটে বাসন্তী বলেছিল, কী জানি। সবাই তো ওই নামেই ডাকে। ও আমারও আগে থেকে আছে।
নাম শুনে বোঝাও যায় না, বাঙালি কি না। কথাও বলে না। তবু ও একদিন চমকে দিয়েছিল। সেদিন বাসন্তী ছাড়াও অন্য চারটি মেয়ে ছিল এখানে। এরকম মাঝে মাঝে অন্যরাও আসে। পড়াশুনোর জন্য নয়, রত্নার কথা শোনে বড়-বড় চোখ মেলে। সেইসব দিনে রত্না বই খুলে পড়ায় না, নানারকম গল্প করে।
একটি মেয়ের নাম সবিতা। তাকে রত্ন জিগ্যেস করেছিল, তুমি তোমার নামের মানে জানো?
সবিতা দু-দিকে মাথা নাড়ে কৌতূহল ও বিস্ময় মিশিয়ে। যেন এই প্রশ্নটা আগে কেউ তাকে জিগ্যেস করেনি। রত্নাও কম অবাক হয় না। নিজের একটা নাম, সারাজীবন বয়ে বেড়াবে, অথচ তার মানে জানবে না?
সে জিগ্যেস করে অন্য মেয়েদের নাম। লতা, রুবাত আর প্রমদা। এর মধ্যে একমাত্র লতাই তার নামের অর্থ বোঝে, লতা-পাতা। সে অবশ্য হেসে বলল, রাত্তিরবেলা সাপকেও লতা বলে, সেই ভেবেই বোধহয় বাপ-মা তার ওই নাম রেখেছিল।
রুবাত শুনে রত্নার খটকা লেগেছিল। এ আবার কী ধরনের নাম! মেয়েটির নাকে একটা নাকছাবি, মুখে এমন একটা ভাব আছে, যাতে মুসলমান বলে মনে হয়। কী ভাবের জন্য এমন মনে হয়, তা বলা শক্ত। তার নাম আরও কয়েকবার জিগ্যেস করে রত্না বুঝল, তার অনুমানই ঠিক। মেয়েটির নাম রুবাইয়াত। ঠিক উচ্চারণ করতেও পারে না।
সে বলেছিল, তোমার নামের মানেটা খুব সুন্দর। রুবাই হচ্ছে চার লাইনের এক ধরনের কবিতা। কবিতা জানো তো—পদ্য, কিংবা ছড়ার মতন। তার থেকে রুবাইয়াত। ওমর খৈয়াম নামে। একজন বড় কবি রুবাইয়াত লিখেছেন, সে গল্প অন্য একদিন বলব। আর প্রমদা হচ্ছে সুন্দরী মেয়ে। হ্যাঁ, প্রমদা, তুমিও তো সুন্দর। আর সবিতা, তুমি হচ্ছ আকাশের সূর্য। সূর্যের অনেক নাম আছে। যেমন, আদিত্য, অরুণ, ভাস্কর, রবি—এ সবই কিন্তু ছেলেদের নাম হয়। রবি নামটা নিশ্চয়ই শুনেছ, অনেকেরই নাম রবি হয়। বাসন্তী, তুমি তো রবি বানান জানো। র আর ব-এ হ্রস্বই। কিন্তু যদি রবীন্দ্র হয়, তাহলে কিন্তু ব-এ দীর্ঘই হয়ে যাবে। বদলে যাবে।
সবিতা জিগ্যেস করল, কেন বদলে যাবে?
এ প্রশ্ন শুনে খুশি হয়ে রত্না বলল, এই যে তুমি কেন জিগ্যেস করলে, তার মানে, তোমার পড়াশুনো করার ইচ্ছে আছে। ওটা ব্যাকরণের ব্যাপার, পরে একদিন বোঝাব। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ?