
আওলাদ
বুদ্ধদেব গুহ
ডিসেরগড়ের টিম-এর কেউই তখন মাঠে ছিল না। খেলা শেষ হওয়ার পরই খুব জোর বৃষ্টি নেমেছিল। সবাই দুড়দুড় করে বাড়ি পালিয়েছে। নয়তো মাথা গোঁজার মতো আস্তানার দিকে। বার্নপুরের টিম-এরও বিশেষ কেউ ছিল না। গোলপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে চুপচুপে আমি, ফাস্টুমামার বুট, মোজা, হোস ও জার্সি খোলা দেখছিলাম।
আমাদের বার্নপুরের টিম-এর অনিলদা খেলা আরম্ভ হবার দশ মিনিটের মধ্যে ফ্রি কিক-এর সুযোগ নিয়ে একটি অতিসাদামাটা গোল ঢুকিয়ে দিয়েছিল, হারুদার কিক-এ তার হেঁড়ে মাথা পেতে দিয়ে। সেই গোলটা অনিলদার শিং নাড়ার কৃতিত্বের যত বড়ো কীর্তি ছিল তার চেয়ে অনেকই বেশি লজ্জাকর ছিল ডিসেরগড়-এর গোলকিপারের পক্ষে।
মোদ্দাকথা, আজ যেবার্নপুর একগোলে জিতল ডিসেরগড়ের সঙ্গে খেলায়, লিগের ফিরতি ম্যাচে; তার পুরো কৃতিত্বই গোলকিপার ফাস্টুমামার একার।
ওদের চাটুজ্যে আর ধাওয়ান কম করে ছ-ছ-বার আমাদের ডিফেন্সকে সম্পূর্ণ বিধ্বস্ত করে চমৎকার শট নিয়েছিল গোলে। দুটি শট ছিল অ্যাঙ্গুলার। এমনই সোয়ার্ভ ছিল যে, মনে হচ্ছিল ফুটবল তো নয়, যেন ক্রিকেট বল! উড়ন্ত ঘূর্ণি-গোলক। এ ছাড়াও দুটি শট করেছিল ওরা দুজনেই একটি একটি করে, মাটি থেকে ফুটখানেক ওপর দিয়ে। এবং সেই দুটি শটের আগে আক্রমণকারীদের চোখ দেখে কারোরই বোঝার উপায় ছিল না যে বল কোনদিকে যাবে। চ্যাটার্জির শটটা, তার শট নেবার পরমুহূর্তের দৃষ্টি অনুযায়ী যেদিকে যাবে বলে সকলেই ভেবেছিল, তার ঠিক বিপরীত দিকে গেছিল। তারই মিনিট পাঁচেক পর ধাওয়ান শট নিল যখন, তখন গোলকিপারকে বোকা বানাবার জন্যে আপাতদৃষ্টিতে একটুও চাতুরী না করে, চাতুরীর চূড়ান্ত করেছিল। শেষমুহূর্তের দৃষ্টি অনুযায়ী যেদিকে বল যাবে বলে সকলেই ভেবেছিল, বল ঠিক সেই দিকেই গেছিল।
অন্য যে-কোনো গোলকিপার হলে এই শেষ চাতুরীর খেলাতে হেরে যেতই। কিন্তু ফাস্টুমামা; ফাস্টুমামাই! আক্রমণকারীদের সব ছল, চাতুরী, দক্ষতা ব্যর্থ করে দিয়ে প্রতিবারই প্রত্যুৎপন্নমতিত্বর পরাকাষ্ঠা দেখিয়ে গোল বাঁচিয়েছিল। আজকের খেলাটা, বলা চলে; ডিসেরগড় ইলেভেন ভার্সাস ফাস্টুমামার একারই খেলা।
গণেশদা, আমাদের বার্নপুরের টিম-এর কোচ বাঁ-হাতের পাতা দিয়ে টাকের জল মুছতে মুছতে এবং ডানহাতের বুড়ো আঙুল আর তর্জনী মোটা সিগারের গায়ে রেখে, সিগার টানতে টানতে বললেন, তূর্য, ঘোষ সাহেব আমাকে গতরাতে বলছিলেন যে, তিনি নিজে স্যার আর এন-কে তোমার কথা বলেছেন। লেডি রাণু আর স্যার বীরেন, এর পরে যখন বার্নপুরে আসবেন তখন শুধু তোমারই জন্যে তাঁদের বাংলোতে একটি রিসেপশন-এর বন্দোবস্ত করবেন ঘোষ সাহেব। তুমি হায়ার স্টাডিজ-এর জন্যে যেখানে যেতে চাও, তার সব বন্দোবস্তই ওঁরা করে দিতে রাজি। তুমি ছেড়ে যেয়ো না…
ফাস্টুমামা, ঘামে আর বৃষ্টিতে ভেজা হোস, জার্সি, নী-ক্যাপ, অ্যাংক্লেট ইত্যাদি সব খুলে ব্যাগের মধ্যে রেখে একটি হলুদ-রঙা গেঞ্জি গায়ে দিয়ে সবে উঠে দাঁড়িয়েছে তখন। তোয়ালে দিয়ে মুখের ঘাম-জল মুছে বলল, ঘোষ সাহেব আমাকে জিজ্ঞেস না করে, মানে, আমার সঙ্গে আলোচনা না করে, এটা না করলেই পারতেন। আমার মতটা আগে নেওয়া উচিত ছিল। আমার বাবাই এই কোম্পানিতে চাকরি করেন, আমি তো আর করি না। আমার জন্যে কোম্পানির কোনো চিন্তারই দরকার নেই।
গণেশদা বললেন, তুমি বড়োই উদ্ধত তূর্য। তোমার এই অকারণের ঔদ্ধত্যর কোনো মানে নেই। তোমার ব্যাপারটা যেন একগামলা দুধ-এর মধ্যে একফোঁটা চোনারই মতন। এই একদোষেই তোমার সব গুণ মাটি হবে।
ফাস্টুমামা হেসেছিল। বলেছিল, এটা আমার ঔদ্ধত্য নয় গণেশদা, এটা আত্মবিশ্বাস। আত্মসম্মানও বলতে পারেন।
বলেই, বলল, চল রে বুঁচু! বাড়ি যাবি না?
যাব তো!
আমি ফাস্টুমামার সামনে সাইকেলের রড-এ বসলাম। তার সাইকেলে কোনো ক্যারিয়ার ছিল না। কাদামাখা বুট দুটোর ফিতেতে গিঁট দিয়ে বেঁধে তা সাইকেলের হ্যাণ্ডল থেকে দু-দিকে ঝোলানো ছিল। ভিজে চামড়ার আর মাটির আর ঘাসের গন্ধ লেগেছিল বুটে।
বার্নপুরের পথ আর গ্র্যাণ্ড ট্রাঙ্ক রোড যেখানে মিলেছে, সেই মোড়ের দিকে, ইদানীং যেখানে ইনকাম ট্যাক্স অফিস হয়েছে, সেই জায়গাটিতে পৌঁছে, বাঁয়ে জি টি রোড ধরে বরাকরের দিকে যাব আমরা। ডান দিকে পড়বে উঁচু পাঁচিল দেওয়া ‘এভিলিন লজ’। ফাস্টুমামারা এবং আমরাও সেখানেই থাকতাম। পর পর কয়েকটি বাংলো ছিল ‘এভিলিন লজ’-এ। সামনে লন ও বাগান।
বার্নপুরের এলাকা প্রায় ছেড়ে এসেছি, বাঁ-দিকে কারখানা শেষ হতে চলেছে; এমন সময়ে জোরে বৃষ্টি নামল আবার। ফাস্টুমামা সুরেলা, উদাত্ত গলায় গান ধরল, ‘আজি বারি ঝরে ঝর ঝর ভরা বাদরে’।
ফাস্টুমামার বাবা আর আমার দাদু, মানে, মায়ের বাবা ইণ্ডিয়ান আয়রন অ্যাণ্ড স্টিল কোম্পানির জাঁদরেল অফিসার ছিলেন। আমাদের মামাদের সমবয়েসিই ছিল ফাস্টুমামা। আমি ওঁর খুব ফেভারিট ছিলাম কারণ আমার ছোটোমাসি পরমার সঙ্গে ফাস্টুমামার একটি মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। তূর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনীতা হওয়া তখনকার আসানসোল-বার্নপুর-ডিসেরগড়-ধাদকা অঞ্চলে বিশেষ গর্বের ব্যাপার বলেই গণ্য হত। এবং অন্য মেয়েদের গভীর ঈর্ষা এবং দ্বেষের। আমাদের মাতৃকুলের তাই এতে অখুশি হবার কিছু ছিল না। কিন্তু গভীর চিন্তা ছিল, শ্রাবণের বাতাসের মতো ফাস্টুমামার মন কখন যে দিক বদলায়; তা নিয়ে।
ফাস্টুমামার পুরো নাম ছিল তূর্য বন্দ্যোপাধ্যায়। ‘ফাস্টু’ নামটা ‘ফারস্টু’-র সহজ সমীকরণ। ওর বাড়ির ডাকনাম ছিল চুপু। ওঁর ফারস্টু নামটা প্রথমে দেন বার্নপুরের কারখানার একটি শপ-এর সিনিয়র ফোরম্যান অশেষকাকা। অশেষ রায়। তখন ফাস্টুমামা ক্লাস ফাইভ-সিক্স-এ পড়ত, আমি যেমন সেই খেলার দিনে পড়তাম। স্কুলের পরীক্ষায়, সবরকম খেলাধুলো, ডিবেটিং, গান-বাজনা, অভিনয়, সভ্যতা-ভব্যতা, আচার-ব্যবহার, কোনো দিক দিয়েই তূর্য বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো একজন ছেলেও ছিল না ওই অঞ্চলে।কলেজে উঠেও সেই একই ব্যাপার। তাই অশেষকাকার অশেষ কৌতুকে দেওয়া তূর্য বন্দ্যোপাধ্যায়ের ‘ফারস্টু’ নামটা অন্য সব নামকে মুছে দিয়ে ‘ফাস্টু’ হয়ে থেকে গিয়েছিল সকলের মুখে মুখে। ‘তূর্য’ বা ‘চুপু’ নাম আর কারো মনেই পড়ে না।
কারো কাছেই হারব না, কোনো অবস্থাতেই মাথা নোয়াব না, জীবনে দ্বিতীয় কখনোই হব না—এমন একটা জেদ শিশুকাল থেকেই ফাস্টুদাকে পেয়ে বসেছিল। এবং সেই জেদ বজায় রাখতে যতখানি সাধনা, অধ্যবসায় এবং যোগ্যতার প্রয়োজন তার সবটুকুই করবার ও অর্জন করবার জন্যে মরণপণ করত সে। এবং সবসময়েই প্রথমই থাকত। নির্দ্বিধায়। সেইজন্যেই বোধ হয় আমার ছোটোমাসি ‘পরমা’কে অত পছন্দ ছিল তার। পরমা যার নাম, সে মেয়েও যে সাধারণ ছিল না।
বৃষ্টি থামলে গানও থামল।
আমি বললাম, কোম্পানি নিজে থেকে তোমাকে এমন অফার দিচ্ছে আর সেই সাধালক্ষ্মী পায়ে ঠেলছ; তুমি কীরকম:
হা:!
হাসল ফাস্টুমামা। তার পর সাইকেলের প্যাডল চালাতে চালাতে বলল, তুই উ্যলিসিস পড়েছিস? বুঁচু?
না। আমি কী-ই বা পড়েছি! তা ছাড়া সকলেই যদি তোমার মতো ফাস্টু হতে যায় তাহলে আমাদের মতো ফিফথু, সিক্সথু, সেভেন্থু কারা হত! লাস্টুই বা হবে কে?
হা:।
ফাস্টুমামা আবারও হাসল।
বলল, ফাজিল হয়েছিস তো খুব!
আমি বললাম, কার কবিতা এ? আমাদের টেক্সট বইতে তো নেই!
তোর কোন ক্লাস এখন?
সিক্স।
হা:। টেক্সট বইয়ে কতটুকু থাকে রে বুঁচু? স্কুল-কলেজে তো আর কেউ সত্যিকারের বিদ্বান হতে যায় না।
বা:। তবে কী হতে যায়? কেন যায়?
হা:। হা: করে হেসেই আবার চুপ করে গেল ফাস্টুমামা।
আবার হাসল ফাস্টুমামা।
দূর থেকে এবার গ্র্যাণ্ড ট্রাঙ্ক রোডের মোড়টা দেখা যাচ্ছিল। বৃষ্টিভেজা পথ বেয়ে ট্রাক যাচ্ছে পিচের ওপর পিচ পিচ শব্দ তুলে।
২
আমার ছোটোমাসি, পরমাসুন্দরী, বিদুষী, লাস্যময়ী পরমা, অথবা ফাস্টুমামার বাবা চিত্তদাদু অথবা স্যার আর এন এবং স্যার বীরেন মুখার্জিও বার্নপুরে বা অন্য কোথাওই তাঁদের ইচ্ছানুযায়ী ফাস্টুমামাকে আটকে রাখতে পারেননি। তূর্য বন্দ্যোপাধ্যায়ের দিগন্ত প্রতিদিনই প্রসারিত হতে হতে বার্নপুর থেকে কলকাতা, কলকাতা থেকে লানডানে, লানডান থেকে আবার কলকাতা তার পর দক্ষিণ ভারতের নানা জায়গা এবং বম্বে হয়ে শেষকালে দিল্লিতে থিতু হয়েছিল।
তূর্য বন্দ্যোপাধ্যায়ের মতো বহুমুখী প্রতিভার একজন বিখ্যাত মানুষকে যে এই বুঁচু বোস-এর মতো একজন অতিসাধারণ মানুষ, স্ত্রী-কন্যা-পুত্র পালনকারী, নিছক সাদামাটা জীবিকার্জনের দায়িত্বেই একেবারে ন্যুব্জ হয়ে থাকা মানুষ যে, আদৌ একদিন কাছ থেকে জানতাম, তা অন্যে বিশ্বাসই করতে চায় না। আমার স্ত্রী-পুত্র-কন্যারাই বলে, হ্যাঁ। তুমি ওকে চেনো না ছাই! প্রমাণ আছে কোনো?
প্রমাণ তো কিছু রাখিনি। আগে যদি জানতাম যে, প্রয়োজন হবে তাহলে রাখতাম হয়তো! তখনকার দিনে তো টিভি ছিল না! কিন্তু খবরের কাগজে এবং রেডিয়োতে তূর্য ব্যানার্জির কথা পড়ে এবং গলা শুনে আমরা যাঁরা তাঁকে জানতাম একদিন তাঁরা সকলেই প্রতিফলিত-গৌরবে আহ্লাদিত হতাম।
শুনেছিলাম যে, উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যাসি পরীক্ষাতে প্রথম হয়েছিলেন। প্রথম হয়েছিলেন কস্টিং ও চার্টার্ড সেক্রেটারিশিপ পরীক্ষাতেও। লিনকনস ইনন থেকে ব্যারিস্টারিও করেছিলেন। আমাদের ফাস্টুমামা যে কখনো দ্বিতীয় হয়ে আমাদের অস্বস্তির কারণ ঘটাননি তা জেনে আমরা আনন্দিত ছিলাম। লানডান স্কুল অফ ইকনমিক্স থেকে বি এস সি (ইকন) করেছিলেন। তাতেও প্রথম হয়েছিলেন। সাসেক্স-এর একটি মেয়ের সঙ্গে ভাব হয় ফাস্টুমামার। নাম সিমন। তাকে বিয়ে করে জাহাজে ওঠেন। জাহাজেই হানিমুন করবেন বলে। জাহাজ থেকে নেমেই ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স-এর ব্যাপারেও ফাস্টুমামা প্রথম। আমাদের জানাশোনার মধ্যে কাউকেই কখনোই ‘ডিভোর্স’ করতে শুনিনি তখনকার দিনে। একমাসের মধ্যে সাহেবি-ভাবাপন্ন উচ্চশিক্ষিত এক পরিবারের মেয়েকে বিয়ে করেন ভালোবেসে। তাঁর নাম ছিল ফিঙে।
ফাস্টুমামা টেনিস, গলফ, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, রাইফেল ছোড়া, গান-ক্লাবে গিয়ে স্কিট ও ট্র্যাপ শুটিং, পোলো, গান-বাজনা, অভিনয় ইত্যাদি সব কিছুতেই খুব নাম করেছিলেন। কবিতাও লিখতেন ফাস্টুমামা প্রবাসীতে, ভারতবর্ষে। মানে, ইচ্ছে করলেও তাঁকে মনে না-রাখা সম্ভবই ছিল না আমাদের কারো পক্ষেই।
দেশ স্বাধীন হয়ে যাবার পরেপরেই বোধহয়, ফাস্টুমামা একবার আসানসোল-বার্নপুরের চেনাজানা সকলের বর্তমান ঠিকানা সংগ্রহ করে বিজয়ায় ও পয়লা বৈশাখে একলাইনের হলেও চিঠি লেখেন। নিজে হাতে। তখন তিনি বম্বেতে ছিলেন। আরও পরে দিল্লিতে আসেন।
আমি যে সাহেব কোম্পানিতে কাজ করতাম, সত্তরের দশকে তার হাতবদল হল। এক আধুনিক মাড়োয়ারি গোষ্ঠী কিনে নিল সেই কোম্পানি। তারও বেশ কিছুদিন পরে রিটায়ারমেন্টের সময় যখন এল তখন রিটায়ার করতে না দিয়ে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে তাদের এক নতুন কারখানার ভার দিয়ে পাঠিয়ে দিলেন তাঁরা। সেখানে পাঁচ বছর কাটানোর পর যখন ছুটি চাইলাম তখনও ছুটি মঞ্জুর হল না। আমিও ভাবলাম, রিটায়ার করে বসে গেলেই তো বুড়ো হয়ে যাব, যে ক-দিন কাজের মধ্যে থাকা যায়। আমাকে ওঁরা তখন হালকা কিন্তু খুব দায়িত্বের কাজ দিয়ে নৈনিতালে পাঠালেন। পুরো উত্তরপ্রদেশেরই দায়িত্ব দিয়ে। আমাদের এক ছেলে দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। বড়োজামাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বম্বেতে থাকে। ছোটোজামাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ফিলিপস-এ কাজ করে, সে-ও বম্বেতে থাকে। ছেলে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে স্টেটস-এ গেছিল। আমেরিকান মেয়ে বিয়ে করে সেখানেই থেকে গেছে। গ্রিন কার্ডও পেয়ে গেছে। মাত্র একবার এসেছিল। পিছুটান বলতে কিছু নেই বলেই এসেছি নৈনিতালে। মেয়েরা বছরে নাতি-নাতনিদের নিয়ে একবার আসে। জামাইরা ব্যস্ত। কখন