
অরমিতা
বুদ্ধদেব গুহ
দুপুর যখনই বিকেলে গড়িয়ে যায়, বিশেষ করে বনেজঙ্গলে, তখনই চুয়ার মন বড়ো খারাপ লাগে। স্বল্পায়ু বিকেলও দেখতে দেখতে মরে যায়, উষ্ণতা মরে যায়; সোনা ঝরে যায়। ঘন গভীর বনের বুক থেকে ময়ূর আর বনমোরগের ডাক ভেসে আসে। বড়ো গাছেদের গা-জড়ানো অসংখ্য অদৃশ্য ঝিঁঝি, স্বল্পবিত্ত কন্যাপক্ষর বাড়ির সস্তা সানাইওয়ালার কর্কশ, তীব্র ফুঁ-এর মতো হঠাৎ বেজে ওঠে। একলা উড-ডাক বা একঝাঁক লেসার হর্নবিল গ্লাইডিং করে নিষ্কম্প ডানায় ভেসে যায় আলোর দেশ থেকে অন্ধকারের দেশে, তাদের ডানায় দিনের শেষ আলোকে মুছে নিয়ে।
সন্ধে আসে। ঝোপঝাড়ের গা থেকে একধরনের অসভ্য গন্ধ বেরোয়; যৌনতায় ভরা। অরণ্যের গভীরের বড়ো গাছপালার পাতা থেকে, অন্ধকারে, শীতের অদৃশ্য সৈন্যরা নি:শব্দে নেমে এসে ঘিরে ফেলে আগন্তুকদের।
দোলাটার ঠিক ওপরে একটা মস্ত ঝরে-পড়া একটা বড়ো শিমুল গাছের গুঁড়ির ওপর বসে ছিল চুয়া। দোলার দিকে চেয়ে। একটি ঝরনা বয়ে গেছে দোলাটাকে ছুঁয়ে। এখন পুজোয় সময়। বর্ষা এবার প্রলয়ংকরী রূপেই এসেছিল। প্রচন্ড আওয়াজে বয়ে চলেছে ঘোলা জল পাথরে পাথরে ধাক্কা দিয়ে, নিজেকে লালচে টুকরোয় গলিয়ে ভেঙে এলিয়ে দিয়ে।
ঝরনার দু-পাশে একটু মাঠের মতো! বড়ো বড়ো জংলি ঘাস তাতে। ঋষি বলে, ওগুলো নেপিয়ার ঘাস। জংলি জানোয়ারে তো খায়ই, ভালো সারও নাকি হয়। জলের কাছে, সোঁদা জায়গায় এরা জন্মায়, যেমন, আফ্রিকান ইয়ালো-ফিভার আকাসিয়া।
অনেক কিছু জানে ঋষি। আই এ এস পরীক্ষাতেও দারুণ নম্বর পেয়েছিল। ভাইভাভোসেতেও খুবই ভালো করেছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেও যেতে পারত। কিন্তু না গিয়ে ফরেস্ট সার্ভিসে এসেছে। ও একজন কমিটেড ফরেস্ট অফিসার। যাঁরা বলেন যে, ভারতবর্ষের অনেক আমলারাই ওয়ার্থলেস, অসৎ; তাঁরা ঋষির মতো আমলা নিশ্চয়ই দেখেননি।
ঋষির মতো ফরেস্ট অফিসার আজ অনেকই দরকার এই দেশে।
চিফ কনসার্ভেটের অফ ফরেস্ট বলেছিলেন চুয়ার বাবাকে; যখন ঋষির সঙ্গে রাকার বিয়ে ঠিক হয়।
আশ্চর্য মেয়ে! সত্যি!
পেছন থেকে হঠাৎ-আসা, ঋষির গলার আওয়াজে চমকে উঠেছিল চুয়া।
তারপর নিরুত্তাপ গলায় বলেছিল, কেন?
কেন? কালকে গুণ্ডাহাতিটার এত গল্প শুনলে তাও বলছ কেন?
—ওঃ! গুণ্ডাহাতি খারাপ লোকদের মারে। আমার মতো ভালো লোককে মারবে কেন?
—বা:, জঙ্গলে কখনো অন্ধকারের পর এরকম নিরস্ত্র অবস্থায় থাকতে নেই। জঙ্গলের মধ্যে মধ্যে যেসব গ্রাম তার বাসিন্দাদের দ্যাখো না? সূর্যোদয় আর সূর্যাস্তর সঙ্গে তাদের ঘড়ি বাঁধা। রাতের জঙ্গল, শুধু জঙ্গলেরই।
—আমি যে এখানে আছি তা জানলে কী করে?
—আমি জানব কী করে? পাগলের মতো খুঁজছি। রাকা আজ তোমার জন্যে কড়াইশুঁটির চপ করেছে বন্ধুকে তাক লাগিয়ে দেওয়ার জন্যে। চায়ের সঙ্গে খাওয়াবে। আর তুমিই বেপাত্তা। দূরের হাটে লোক পাঠিয়ে জোগাড় করেছে কড়াইশুঁটি।
—লুকিয়ে থাকারও কি জো নেই? এই আশ্চর্য দৃশ্য, এই সানসেট-এর চেয়েও কি কড়াইশুঁটির চপ বেশি হল? উইথ অ্যাপলজি টু রাকাই, বলছি।
—লুকোনোর জায়গাও বেছেছিলে বাবা! ভাগ্যিস ফরেস্ট গার্ড, ঝি-রা তোমায় আসতে দেখেছিল এদিকে। নইলে মুশকিলেই ফেলতে। চলো চলো, ওঠো। হাতিটা নিয়ে ভয়ের কারণ আছে। গুণ্ডাহাতি জঙ্গলে সবচেয়ে ভয়ের।
ওরা যখন দোলার পাশের উঁচু জায়গাটা থেকে নেমে আসতে লাগল তখন আলো ছিল না। তবে অন্ধকারও না। এইরকম না-আলো না-অন্ধকার শুধু গ্রামে-গঞ্জে বনেজঙ্গলেই থাকে।
জিপের স্টিয়ারিং-এ বসতে যাচ্ছিল ঋষি।
চুয়া বলল, আমি চালাব।
আবদার করে।
জঙ্গলে জিপ চালাতে আমার খুব ভালো লাগে।
—বেশ! চালাও। তবে, পথের পাশের গাছে ধাক্কা লাগিয়ো না। প্রাণটা যাবে, তোমার প্রিয়সখী বিধবা হবে এবং আমার চাকরিটাও যাবে। প্রাণের চেয়েও চাকরি দামি আজকাল।
—আমার না জঙ্গল খুব ভালো লাগে। তোমার কোনো বন্ধুবান্ধব নেই, ঋষি? এলিজিবল ব্যাচেলর? আলাপ করিয়ে দাও-না বাবা কয়েক-জনের সঙ্গে। দেখি, বিয়ে করার মতো ভালো কাউকে লাগে নাকি? তাহলে ফরেস্টেই থাকতে পারব বাকি জীবন।
সিগারেটটা ধরাতে ধরাতে ঋষি বলল, নো প্রবলেম। আর পনেরোটা দিন থাকো। সেমিনার হবে ভুটানের বর্ডারে। হাতিরই ওপরে সেমিনার। শুধু ভারতবর্ষই নয়, এশিয়ার বহু দেশ থেকে অনেক হাতি-বিশেষজ্ঞ সব আসবেন। প্রমথেশ বড়ুয়ার ছোটোভাই প্রকৃতীশচন্দ্র বড়ুয়া অর্থাৎ লালজিও আসেন। চলো সেখানে স্বয়ংবর সভার বন্দোবস্ত করব।
গিয়ার চেঞ্জ করে একটা হেয়ারপিন বেণ্ড সামলাতে সামলাতে চুয়া বলল, আমি যাব কোন ক্যাপাসিটিতে?
—হুঁ। ক্যাপাসিটি নয়, বলো ক্যাপাকাইটি। তোমাকে সেমিনারে আমার বউ সাজিয়ে নিয়ে যাব।
—ইয়ার্কি! না?
—ইয়ার্কি কী? আমি তোমার প্রিয়সখীর স্বামী। আমার সঙ্গে সহবাস তো করছই না, দু-একটা চুমু-টুমু, তাও নয়; নিজেরই স্বার্থে একটু নেম-লেণ্ডও করতে রাজি নও! তাহলে দেব না ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসারের অভাব কী? আমার বড়োসাহেবই তো ব্যাচেলার।
—সত্যি! এতক্ষণ তো বলোনি। তুমি একটি ওয়ার্থলেস।
বলেই বলল, ইস। কী আমার দেনেওয়ালা রে!
এবার দোতলা বাংলোটা দেখা যাচ্ছে।
অন্ধকারও হয়ে গেছে। ঝিঁঝিদের ডাক আরও জোর হয়েছে। এখুনি মশাদের পিনপিনানি শুরু হবে। উত্তরবঙ্গের জঙ্গল বড়ো স্যাঁতসেঁতে। শীতকালে এলে ভয়ও যেমন করে, মনও খারাপ হয়ে যায়। বর্ষাকালে এলে অবশ্য আরও খারাপ। তবু, চুয়া উত্তরবঙ্গেরই মেয়ে। তাই এই জঙ্গলকে ভালোওবাসে ও।
বড়ো বড়ো আকাশ-ছোঁয়া শাল গাছের মধ্যে দিয়ে সাদা ধুলোর পথটা চলে গেছে। বাইরে বারান্দায় হ্যাজাক জ্বলছে। অ্যাক্সিলারেটরে চাপ দিল চুয়া।
জিপের শব্দ শুনে বসবার ঘর থেকে বাইরে এল রাকা। জিনস পরেছে, হালকা নীলরঙা। পায়ে যোধপুরি বুট। ওপরে ফুল স্লিভস ক্রিমসনরঙা পুলওভার।
ইঞ্জিন বন্ধ করে নামল চুয়া। ঋষিও নামল। হ্যাজাকের আলো দোতলার রেলিং-এর ফাঁক দিয়ে এসে রাকার মুখে পড়েছিল। প্লাক করা ভুরুতে পুরু করে আইব্রো পেনসিল ঘষেছে ও।
চোখ কুঁচকে ও ঋষির দিকে তাকাল, চুয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে।
বলল, কী করছিলে এতক্ষণ! ছিলে কোথায় তোমরা? গেছ সেই চারটেতে আর এলে সাড়ে পাঁচটাতে!
শেষের বাক্যটি বলল ঠাট্টার ঢঙে। কিন্তু ঠাট্টা বলে মনে হল না আদৌ।
নিজে মেয়ে বলে, রাকার কথার মানে চুয়া বুঝল।
ঋষি কাঁধ শ্রাগ করে বলল, ওয়েল! তোমার বান্ধবীকেই জিজ্ঞেস করো।
চুয়া বুদ্ধিমতী। অন্তত রাকার চেয়ে কম বুদ্ধিমতী নয়। মুখ তুলেই বলল, আগে কড়াইশুঁটির চপ। পরে কথা। চল ভেতরে। কাঞ্ছা, চা—আ—আ…।
ভেতরের দিকে এগোল বটে, কিন্তু এগোতে এগোতেই রাকা বলল, কড়াইশুঁটির চপ তো বানালাম সারাদুপুর ধরে। তোর তো দেখছি, তার চেয়েও মোর প্যালেটেবল…
চুয়া চকিতে মুখ ঘুরিয়ে তাকাল রাকার দিকে।
চোখে চোখ রেখে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে?
ভাগ্যিস ঋষি কথাটা শোনেনি। ও চলে গেছিল ওর ঘরে জামাকাপড় ছাড়তে। লজ্জায় কান ঝাঁঝাঁ করছিল চুয়ার।
রাকার দিকে বিস্ময়ে চেয়ে রইল ও। ছোটোবেলার বন্ধু ওরা। তবে ছোটোবেলাতেই ছাড়াছাড়ি হয়ে যায়। চুয়ার বাবা দিল্লি চলে যান বদলি হয়ে। মিরাণ্ডা হাউসে লেখাপড়া করে চুয়া। তারপর এখন চাকরি কলকাতায়। বিয়ের সময়ও আসতে পারেনি। অনেক বছর পর বন্ধুর খোঁজ পেয়ে পুজোর ছুটিটা কাটাবে বলে এসেছে।
চুয়া আবার বলল, কী রে? মাথা কি সত্যিই খারাপ হয়েছে তোর?
—হয়নি। কিন্তু হতে পারে।
গলা নামিয়ে বলল, তুই কী জানবি? তুই তো আর বিয়ে করিসনি। এখনও স্পিনস্টার। আ ওম্যান ক্যান শেয়ার এভরিথিং ইন হার লাইফ। বাট নট হার হাব্বি!
স্তম্ভিত হয়ে তাকিয়ে ছিল চুয়া রাকার দিকে। রাকার স্বামীর ওপর ভাগ বসাবার কথা কীভাবে ওর মনে এল তা ওর বুদ্ধিরও বাইরে। মেয়েটা গ্রাম্যই রয়ে গেছে। ও নিজে যে দিল্লিতে পড়াশুনা করেছে এজন্যে ভালো লাগল চুয়ার। এ কী! এমন জানলে আসতই না এখানে। এসে অবধি লক্ষ করেছে যে, রাকা সন্দিগ্ধ। এমন ব্যবহার করলে লোককে আদর করে ডেকে আনা কেন?
রাকা বলল, বোস। চা-টা ভিজুক। আমি এগুলো গরম করে আনি আবার। আমার মায়ের রেসিপিতে বানিয়েছি। খেয়ে দ্যাখ।
চুয়া মধ্যের ঘর থেকে বেরিয়ে এসে, দোতলার চওড়া কাঠের বারান্দাতে ইজিচেয়ারে বসল। বাহাদুরকে বলল, হ্যাজাকটা ভেতরে নিয়ে যেতে।
—হাতি আছে কাছেই মেমসাহেব। এটা এখানে থাকা ভালো।
—একটুক্ষণের জন্যে নিয়ে যাও। বলল ও।
এখন কৃষ্ণপক্ষ। চাঁদ ওঠে সেই শেষরাতে। একটা কোটরা হরিণ ডাকছে ব্বাক-ব্বাক-ব্বাক করে। গভীর জঙ্গলের মধ্যে মধ্যে কাঠ চেরাই-এর মতো সেই শব্দটাও চেরাই হয়ে ছড়িয়ে যাচ্ছে চারধারে। কখনো-বা ডাকটাকে দূরাগত বন্দুকের শব্দের মতো মনে হচ্ছে। ভয় লাগে চুয়ার এই ডাক শুনলে। জমাট বাঁধা অন্ধকার। গাছাপালারা এমন ঘনসন্নিবিষ্ট চাঁদোয়ার মতো ঝুঁকে আছে বাংলোটার ওপরে, যদিও দূরে দূরে তবু আকাশের তারাদের ভালো করে দেখা যায় না। মনটা খুবই খারাপ লাগছে চুয়ার। শিক্ষিত, আলোকপ্রাপ্ত মানুষের মধ্যে ক্ষুদ্রতা, ঈর্ষা, দৈন্য এবং কুটিলতা ওকে বড়ো পীড়া দেয়। চিরদিনই দিয়েছে। এসব দেখলে ওর বুকের মধ্যে কষ্ট হয় বড়ো। সেটা চুয়ার নিজের কারণে নয়। অন্য মানুষদের কারণে। এই ধরনের ছোটো মনের মানুষদের প্রতি ও একরকম অনুকম্পা বোধ করে। বড়ো ঘৃণাও বোধ করে সময় সময়। তারপরে একসময়ে অবশ্য ঘৃণাভরে ক্ষমাও করে দেয়। জেট ইঞ্জিন তার ভেতর থেকে বেগকে উৎসারিত করে পেছনে ঠেললে প্লেন উড়ে চলে তীব্র বেগে কিন্তু এই প্রচন্ড উৎসারের কষ্টটা সেই ইঞ্জিনকেই একা বইতে হয়। মনের মধ্যে আলোড়ন থাকেই। থেকেই যায়। গতি থাকলেই বিপরীত গতিও থাকেই। চুয়া যে সৎ, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন মানুষ! তার শিক্ষাটা বা বুদ্ধিটা বা সততাটা তো আজকালকার অনেক মানুষেরই মতো শুধু ভানমাত্রই নয়! কী করা যাবে! যে দুঃখ পাবার, তা পেতেই হয়।
ঋষি, পায়জামা পরে শাল গায়ে জড়িয়ে ওঘর থেকে বারান্দায় এল। সিগারেট ধরাল বারান্দার কোনার চেয়ারে বসে। দেখেনি ও, অন্ধকারে বসে-থাকা চুয়াকে। চুয়া ওর সিগারেটের আগুনটা দেখতে পাচ্ছিল। সিগারেটের আগুনটা নেচে নেচে নামছিল নিথর রাতের বনজ কালো স্তব্ধতায়।
চুয়া উঠে ভেতরে যাওয়ার জন্যে এগোল। ওর পায়ের শব্দে চমকে উঠল ঋষি।
—কে?
—আমি।
—তুমি? অন্ধকারে কী করছিলে?
—অন্ধকার দেখছিলাম।
চুয়া ভেতরে চলে গেল।
ঋষি ভাবছিল, চুয়া এসেছে সাত দিন। এই সাত দিনে ওর নিজের বড়োই কষ্ট গেছে। এখনও যাচ্ছে। প্রতিমুহূর্ত। চুয়া, অন্ধকারের মধ্যেও যে দেখার অনেক কিছু আছে, অন্ধকারের মধ্যেও দেখা যায় সেটা জানে। রাকা এখানে আছে দু-বছর। অথচ, এক সন্ধেতেও হ্যাজাকের ক্যাঁটক্যাঁটে আলো ছাড়া বারান্দাতে বসেনি। এমনকী চাঁদনি রাতেও না। কখনো জঙ্গলে বেড়াতে যায়নি। এক জলপাইগুড়ি বা শিলিগুড়ি বা মালবাজার অথবা বিভিন্ন ক্লাবে যাওয়া-আসার সময় ছাড়া। এইসব ক্লাবে যেতে একেবারেই ভালো লাগে না ঋষির। হয়তো, কোনো ক্লাবে যেতেই লাগে না। সেই একই মুখ, একই আলোচনা, বোকা বোকা রসিকতা; কিছু লোকের দুটো পেটে পড়লেই অশালীনতা, বাচালতা, আবার অন্য কিছু মানুষের সাংঘাতিক অবিচল সুস্থতাও। যাদের অনেক মদ খেয়েও কিছু হয় না সেইসব মানুষদের সম্বন্ধে ঋষির ভীতি আছে খুব। ওর ধারণা, সেই মানু