
ভূতে মানুষে
সৈয়দ মুস্তাফা সিরাজ
একালের লেখকদের এই এক ঝামেলা। পুজোসংখ্যা পত্র-পত্রিকা বেরিয়ে যাওয়ার নপর থেকেই সম্পাদকমশাইদের তাগিদ শুরু হয়ে যায়, পরের বছর পুজোসংখ্যার জন্য জানুয়ারির মধ্যেই লেখা চাই। সেবার জানুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেল। কিন্তু আমার কলম যেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে বসল। আসলে মগজ একেবারে খালি। লেখা বেরুতে চায় না। প্রায় হাল ছেড়ে দিয়েছিলুম। কিন্তু গোদের ওপর বিষফোঁড়া। মার্চের মাঝামাঝি হঠাৎ আমার এক বন্ধু সন্দীপ এসে সোল্লাসে বলল,–কেল্লা মার দিয়া!
বললম, কী ব্যাপার?
–তোকে আমি বলেছিলুম না আগামী পুজোয় একটা পত্রিকা বের করব? টাকার জোগাড় হয়ে গেছে। এবার আর আমাকে রেখে কে? পত্রিকার নামও ঠিক করে ফেলেছি। বুঝলি?
সন্দীপ কবে পত্রিকা বের করবে বলেছিল মনে পড়ল না। বললুম,– ভালো। খুব ভালো খবর। পত্রিকার কী নাম ঠিক করলি?
সন্দীপ একগাল হেসে বলল,-ভূতভুতুম।
অবাক হয়ে বললুম, ভূতভুতুম? তার মানে, ভূতের গল্পের পত্রিকা করবি নাকি?
–হ্যাঁ। তবে শুধু গল্প নয়। প্রবন্ধ থাকবে। পদ্য থাকবে। উপন্যাস থাকবে। আর সেই উপন্যাস তোকেই লিখতে হবে। টাকার কথা ভাবিস না। লেখকদের আমরা উপযুক্ত দক্ষিণাই দেব।
ওর কথা শুনেই আমার মাথা ভেঁ-ভোঁ করছিল। সন্দীপ যেমন জেদি, তেমনই গোঁয়ার-গোবিন্দ। করুণমুখে বললুম, সন্দীপ। তোর পত্রিকায় লিখে কি টাকা নিতে পারি? কিন্তু কথাটা কী জানিস? ভূতের আর একটুও চাহিদা নেই। সেই মান্ধাতার আমল থেকে ভূত নিয়ে এত লেখা হয়ে গেছে যে, পাঠক ভূতকে আর একটুও ভয় পায় না। তাছাড়া স্বনামধন্য ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ভূতের সার কথা লিখে গেছেন। এদিকে নতুন ভূত হলেও কথা ছিল। পুরোনো ভূতেরা বাসি হয়ে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাজেই
সন্দীপ আমার কথায় বাধা দিয়ে বলল, কী যে বলিস তুই! আমার আইডিয়াটাই তো তাই অন্যরকম। তুই নতুন ভূতের কথা বললি। সেই আনকোরা নতুন ভূত নিয়েই শারদীয়া ভূতভুতুম পত্রিকা বের করতে চাই। তুই অ্যাদ্দিন অনেকরকম ভূতের গল্প লিখেছিস। এবার নতুনরকমের ভূত নিয়ে একখানা উপন্যাস তোকে লিখতেই হবে। তুই একালের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হয়ে যাবি।
হতাশ হয়ে বললুম, ভাই সন্দীপ! তোকে খুলেই বলি। এবার মানুষ নিয়েই কোনও লেখা আসছে না, তো ভূত।
–আহা, নতুন ভূত।
–কিন্তু নতুন ভূত পাচ্ছি কোথায়? আমার মগজ একেবারে খালি। কল্পনার যন্ত্রটা মগজের মধ্যে থাকে। সেটাই বিগড়ে গেছে। কল্পনা ছাড়া কি লেখা হয়?
সন্দীপ একটু চুপ করে থাকার পর গম্ভীর হয়ে বলল,-বুঝেছি। কলকাতায় তোর এই ঘরে বইপত্তরের আবর্জনার মধ্যে বসে কি আর লেখা আসে? তোর প্রবলেম আমি বুঝেছি। এক কাজ কর। বীরভূম জেলার ঘুমঘুমিতলায় আমার ঠাকুরদার পৈতৃক একটা বাড়ি আছে। নিরিবিলিতে দোতলা বাড়ি। পিছনে পুকুর আছে। এই বসন্তকালে প্রকৃতি-পরিবেশ আর পাখি-টাখির ডাক–মানে, ওয়ান্ডারফুল জায়গা! বিশেষ করে লেখকদের লেখার জন্য অত সুন্দর জায়গা আর কোথাও নেই। বাড়িটার কেয়ারটেকারের নাম কালাচাঁদ। আমরা যখন ওখানে বেড়াতে যাই, তাকে কালাচাঁদ-খুড়ো বলে ডাকি। ডানপিটে লোক। খুড়ো বললে খুব খুশি হয়। তুই আজই ওখানে চলে যা। একমাস দেড়মাস যদ্দিন খুশি থাকবি। লিখবি। তার চেয়ে বড় কথা, নতুন ধরনের ভূত দেখতে পাওয়ার চান্স ওখানে নাইন্টি নাইন পারসেন্ট।
সন্দীপের কথা আমার মনে ধরল। ওর পত্রিকার জন্য ভূতের উপন্যাস না লেখা হোক, স্থানবদলের দরুণ আমার মগজে কল্পনাশক্তিটা ফিরে আসবার সম্ভাবনা প্রচুর। তাই রাজি হয়ে গেলুম। সন্দীপ এস. টি. ডি. ফোনে ঘুমঘুমিতলায় তার বাবার বন্ধু এক ডাক্তারবাবুকে জানিয়ে দেবে এবং তিনি কালাচাঁদকে আমার যাওয়ার খবরটা দিয়ে রাখবেন।
হাওড়া স্টেশনে বারোটা পাঁচের ট্রেনে চেপে আমাকে নামতে হবে হিংলাডিহি স্টেশনে। সেখান থেকে বাসে চেপে ঘুমঘুমিতলা পৌঁছুব। স্টেশন থেকে আঠারো কিলোমিটার দূরত্ব। বাসস্টপে কালাচাঁদ থাকবে।
সন্দীপ চলে যাওয়ার সময় আবার বলে গেল, প্রথমে কিন্তু আমার পত্রিকার জন্য উপন্যাস লিখতে বসবি।
পরে বুঝতে পেরেছিলুম, সন্দীপ ভূতভুতুম পত্রিকার শারদীয়া সংখ্যার জন্য আমার উপন্যাস সর্বাগ্রে পেতে চায়। তাই আমাকে সে তার গাড়িতে চাপিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল এবং ট্রেনেও তুলে দিয়েছিল।
যে ট্রেনের হিংলাডিহিতে সাড়ে তিনটে নাগাদ পৌঁছুনোর কথা, সেই ট্রেন গদাইলস্করি চালে চলতে-চলতে পৌঁছুল সওয়া চারটেতে। বেরিয়ে গিয়ে বাসস্ট্যান্ডে ঘুমঘুমিতলার বাস খোঁজ করলুম। সেখানে প্রচণ্ড ভিড়। কয়েকটা বাস দাঁড়িয়ে আছে এবং সবগুলোই ভিড়ে ততক্ষণে ঠাসা হয়ে গেছে। আরও লোক গিয়ে বাদুড়ঝোলা হয়ে ঝুলছে। অবস্থা দেখে দমে গেলুম। ঘুমঘুমিতলার বাসের খোঁজ যার কাছে নিচ্ছি, সে-ই বলছে,–ওপাশে দেখুন।
আমার কাঁধে প্রকাণ্ড ব্যাগ আর হাতে ব্রিফকেস। আমার বাসটারও যদি ওইরকম অবস্থা হয়, কেমন করে আমি তাতে চাপব বুঝতে পারছিলাম না। সেইসময় বেঁটে গোলগাল চেহারার ধুতি-পাঞ্জাবিপরা এক ভদ্রলোককে দেখতে পেলুম। তাঁর কাঁধে একটা কাপড়ের নকশাকাটা ব্যাগ। তিনি একপ্রান্তে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। মাথায় টাক। মুখে কেমন একটা হাসি। তার কাছে গিয়ে খোঁজ করতেই তিনি সহাস্যে বললেন,–একটু অপেক্ষা করুন। খবর নিয়েছি। যন্তর বিগড়ে জয় মা তারা এখন মানুবাবুর গ্যারাজে আছে। মিস্তিরিরা হাত লাগিয়েছে। বুঝলেন না? একটা ট্রিপ ফেল করলে মালিকের হেভি লস!
বুঝলুম, বাসটার নাম জয় মা তারা। ভদ্রলোকের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করলুম।–আপনি কোথায় যাবেন?
ভদ্রলোক মুচকি হেসে বললেন, আপনি যেখানে যাবেন। তা মশাইয়ের আসা হচ্ছে কোত্থেকে?
–কলকাতা থেকে।
–ঘুমঘুমিতলায় কাদের বাড়ি যাওয়া হবে?
–চাটুজ্যেমশাইদের বাড়ি। বাড়িটার নাম গিরিবালা ভবন।
–তাই বলুন! অবনী চাটুজ্যে এখন কলকাতায় চলে গেছে। অবনী স্কুলে আমার ক্লাসফ্রেন্ড ছিল। তা–মশাই কি অবনীর আত্মীয়?
–না। অবনীবাবুর ছেলে সন্দীপ আমার বন্ধু।
–সন্দীপ, মানে সানু আপনার সঙ্গে আসেনি?
–সে এখন ব্যস্ত। আমি একা এসেছি।
ভদ্রলোক কেন কে জানে মুচকি হাসলেন। তা ভালো। কালাচাঁদ আছে। গণ্ডগোল পড়লে সে একাই একশো।
একটু চমকে উঠেছিলুম। গণ্ডগোল মানে? কীসের গণ্ডগোল?
ও কিছু না।–বলে ভদ্রলোক রাস্তার দিকে তাকালেন, রেডি হোন! জয় মা তারা আসছে মনে হচ্ছে।
–প্লিজ আমাকে বাসে উঠতে আপনি যদি একটু সাহায্য করেন–
–আলবাত করব। আমার বাল্যবন্ধুর ছেলের বন্ধু আপনি। এক কাজ করবেন। আপনি আমার পেছনে আঠার মতো সেঁটে থাকবেন। ছেড়ে গেলেই বিপদ। সেঁটে থাকলে দেখবেন, ঠিক বাসের মধ্যিখানে পৌঁছে গেছেন। আগে থেকে সাবধান করে দিলুম।
একটা খালি বাস হর্ন দিতে দিতে এসে দাঁড়ানোমাত্র আমি সত্যিই খালি বাঁ-হাত দিয়ে ভদ্রলোকের পেটের দিকটায় জড়িয়ে ধরেছিলুম। তারপর যেন ঝড় প্লাবন মহাপ্রলয়ের মধ্যে দিয়ে অসহায় হয়ে প্রায় ভেসেই চললুম। এরপর কী ঘটল বুঝলুম না। একসময় দেখলুম, আমি সেই ভদ্রলোকের পাশে চিঁড়েচ্যাপ্টা হয়ে বসে আছি।
নাঃ! কাঁধের প্রকাণ্ড ব্যাগটা ঠিকই আছে। তবে ভদ্রলোকের পেটের ওপর আছে, এই যা। হাতের ব্রিফকেস দু-পায়ের ফাঁকে কখন ঢুকে গেছে। ভদ্রলোক শাসপ্রশ্বাসের মধ্যে বলে উঠলেন,–জয় মা তারা!
আমিও মনে মনে বললুম,–জয় মা তারা!
বাসটার মধ্যে মানুষ আর জিনিস ঠেসে প্রায় দলা পাকিয়ে আছে। পিঠে খোঁচা খেয়ে অতিকষ্টে মুখ ঘুরিয়ে দেখলুম, বাইরে বাদুড়ঝোলা হয়ে লোকেরা ঝুলছে। ভেতরের লোকেরা চ্যাঁচিচ্ছে–বাস চালাও! বাস চালাও!
বাসের ছোকরা অ্যাসিস্ট্যান্ট বাসের গায়ে থাপ্পড় মেরে হাঁক দিচ্ছে–ছেড়ে গেল! ছেড়ে গেল! বেলতলা! তেলতলা! ঝুমঝুমিতলা! ঘুমঘুমিতলা!
যাত্রীদের চ্যাঁচিমেচিতে অবশেষে বাসের চাকা গড়াল। কিন্তু এ যে দেখছি ভূমিকম্প হচ্ছে যেন! প্রচণ্ড ঝাঁকুনি আর মাঝে-মাঝে কেমন গোগো গরর-গরর বিদঘুঁটে শব্দ। জানালার বাইরে মানুষের মাথা। বাইরে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সঙ্গী ভদ্রলোককে জিগ্যেস করলুম,–পৌঁছুতে কতক্ষণ লাগবে?
তিনি হাই তুলে বললেন, রাস্তার বেহাল অবস্থা। দু-ঘণ্টাও লাগতে পারে। তিন ঘণ্টাও লাগতে পারে। চিন্তা করবেন না। জয় মা তারা।
বলে তিনি চোখ বুজলেন এবং তার চিবুকটা বুকে বসে গেল। ঘুমিয়ে পড়লেন নাকি?
খানাখন্দে পড়ে বাসের চাকা অদ্ভুত শব্দ করছে। বাসের গতি মন্থর। তারপর লক্ষ করলুম, সেই অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে উঠছে। শুধু তলা শব্দটাই বুঝতে পারছি। আর বাসটা থেমে যাচ্ছে। ভাবছি, এই বুঝি বাস খালি হল। কিন্তু যতজন নামছে, তার বেশি উঠছে। জোর ধস্তাধস্তি ধাক্কাধাক্কি ঝগড়া চলেছে দু-পক্ষের মধ্যে। অবশেষে আমার চোখ বুজে এল। কী আর করা যাবে? লেখার স্বার্থে এই কষ্টটা না করে উপায় নেই। কষ্ট না করলে কি কেষ্ট মেলে?…
একসময় সঙ্গী ভদ্রলোকের খোঁচা খেয়ে চোখ খুলতে হল। তিনি আমার ব্যাগটা আমার কোলে ঠেলে দিয়ে জয় মা তারা বলে উঠে দাঁড়ালেন। বাসে তখনও যথেষ্ট। ভিড়। আমিও ভদ্রলোকের দেখাদেখি উঠে পড়লুম এবং জনাতিনেক লোক আমাদের সিটে তখনই সশব্দে বসে পড়ল। তারপর ঠেলাঠেলি করে ভদ্রলোকের পিঠে আগের মতো সেঁটে থেকে দরজার দিকে এগিয়ে গেলুম।
এতক্ষণে দেখতে পেলুম, দরজার ধারে দাঁড়িয়ে কন্ডাক্টার টিকিটের পয়সা নিচ্ছে। ভদ্রলোককে তিন টাকা দিতে দেখে আমিও তা-ই দিলুম। অ্যাসিস্ট্যান্ট তলা তলা বলে চ্যাঁচিচ্ছিল। কোন তলা তা বোঝা যাচ্ছিল না। অবশেষে বাস থামল। ভদ্রলোকের সঙ্গে আমিও নেমে গেলুম। কিন্তু আর কোনও যাত্রী নামল না। বাসটা চলে গেল।
গাছের নিচে আবছা আঁধারে দাঁড়িয়ে দেখি, ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে বললুম,–ওঃ! একটা সাংঘাতিক অভিজ্ঞতা হল বটে! তবে আপনি না থাকলে–
ভদ্রলোক আমাকে থামিয়ে খাক শব্দে হেসে বললেন,–আরে কী কাণ্ড! আপনিও এই স্টপে নেমে পড়েছেন দেখছি।
অবাক হয়ে বললুম,-কেন? আপনিও তো ঘুমঘুমিতলায় নামবেন বলছিলেন।
–কী বিপদ! এটা তো ঝুমঝুমিতলা স্টপ! আপনি শোনেননি ঝুমঝুমিতলা বলে চ্যাঁচিচ্ছিল?
–সে কী! এটা ঝুমঝুমিতলা?
–হ্যাঁ, মশাই! এই আক্রাগণ্ডার বাজারে খামোকা বাড়তি পঞ্চাশ পয়সা খরচ করতে যাব কেন? ঘুমঘুমিতলা এই স্টপ থেকে মাত্র দেড় কিলোমিটার। ওই দেখুন! চাঁদমামা উঠেছে। জ্যোৎস্নায় এটুকু পথ হাঁটতে-হাঁটতে পদ্য রচনা করব। আমি একজন কবি। বুঝলেন তো?
এ কোন পাগলের পাল্লায় পড়লুম? কিন্তু যা হওয়ার হয়ে গেছে। তাই বললুম,–দেড় কিলোমিটার জ্যোৎস্নায় হাঁটতে-হাঁটতে কল্পনাশক্তি জাগারই কথা। তা আপনি কবি?
–বলতে পারেন বইকী! স্কুলের ম্যাগাজিনে পদ্য ছাপা হতো। এখন মফস্বল শহরের পত্রিকাতেও ছাপা হয়। খানকতক পদ্য দিতেই তো হিংলাডিহি গিয়েছিলুম।
–এবার আপনার নামটা জানতে পারি?
–আমার নাম তারাচরণ যশ। আপনার বন্ধু সানু আমার পদ্য শুনে বলেছিল, যদি কখনও পত্রিকা করি, আপনার পদ্য সবার আগে ছাপব যশকাকা!
দেড় কিলোমিটার পথ হাঁটতে কথা বলাই ক্লান্তি থেকে বাঁচবার একমাত্র উপায়। তাই বললুম,–আমিও তাহলে আপনাকে যশকাকা বলব!
–বলুন! ইচ্ছে যখন হয়েছে, তখন বলুন।
–আচ্ছা যশকাকা, সানুদের বাড়িতে কী গণ্ডগোলের কথা বলছিলেন?
–এখন এই নিরিবিলি রাস্তায় রাত্রিকালে ওকথা বলা উচিত না।
–ভূতপ্রেতের গণ্ডগোল নয় তো?
তারাচরণ যশ থমকে দাঁড়ালেন।–রাম!