Home
হারাধন

হারাধন

রবীন্দ্রনাথ ঠাকুর

হারাধন

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বিধি যেদিন ক্ষান্ত দিলেন

সৃষ্টি করার কাজে

সকল তারা উঠল ফুটে

নীল আকাশের মাঝে ।

নবীন সৃষ্টি সামনে রেখে

সুরসভার তলে

ছায়াপথে দেবতা সবাই

বসেন দলে দলে ।

গাহেন তাঁরা , ‘ কী আনন্দ !

এ কী পূর্ণ ছবি !

এ কী মন্ত্র , এ কী ছন্দ ,

গ্রহ চন্দ্র রবি ! '

হেনকালে সভায় কে গো

হঠাৎ বলি উঠে ,

‘ জ্যোতির মালায় একটি তারা

কোথায় গেছে টুটে ! '

ছিঁড়ে গেল বীণার তন্ত্রী ,

থেমে গেল গান ,

হারা তারা কোথায় গেল

পড়িল সন্ধান ।

সবাই বলে , ‘ সেই তারাতেই

স্বর্গ হতে আলো—

সেই তারাটাই সবার বড়ো ,

সবার চেয়ে ভালো । '

সেদিন হতে জগৎ আছে

সেই তারাটির খোঁজে—

তৃপ্তি নাহি দিনে , রাত্রে

চক্ষু নাহি বোজে ।

সবাই বলে , ‘ সকল চেয়ে

তারেই পাওয়া চাই । '

সবাই বলে , ‘ সে গিয়েছে

ভুবন কানা তাই ! '

শুধু গভীর রাত্রিবেলায়

স্তব্ধ তারার দলে—

‘ মিথ্যা খোঁজা , সবাই আছে '

নীরব হেসে বলে ।


**********
No Review
Related Books
Loading books…