Home
শরতে প্রকৃতি

শরতে প্রকৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর

শরতে প্রকৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


কই গো প্রকৃতি রানী , দেখি দেখি মুখখানি ,

কেন গো বিষাদছায়া রয়েছে অধর ছুঁয়ে

মুখখানি মলিন কেন গো ?

এই যে মুহূর্ত আগে হাসিতে ছিলে গো দেখি

পলক না পালটিতে সহসা নেহারি এ কি—

মরনে বিলীন যেন গো !

কেন তনুখানি ঢাকা শুভ্র কুহেলিকা বাসে

মৃদু বিষাদের ভারে সুধীরে মুদিয়া আসে

নয়ন – নলিন হেন গো ?


ওই দেখো চেয়ে দেখো—একবার চেয়ে দেখো—

চাঁদের অধর দুটি হাসিতে ভাসিয়া যায়।

নিশীথের প্রাণে গিয়া সে হাসি মিশিয়া যায়।

সে হাসির কোলে বসি কানন – গোলাপগুলি

আধো আধো কথা কহে সোহাগেতে দুলি দুলি।

সে – হাসির পায়ে পড়ি নদীর লহরীগন

যার যত কথা আছে বলিতে আকুল মন।

সে হাসির শিশুদুটি লতিকামন্ডপে গিয়া

আঁধারে ভাবিয়া সারা বাহিরিবে কোথা দিয়ে

সে – হাসি অলসে ঢলি দিগন্তে পড়িয়া নুয়ে ,

মেঘের অধরপ্রান্ত একটু রয়েছে ছুঁয়ে।

বলো তুমি কেন তবে

এমন মলিন রবে ?

বিষাদ – স্বপন দেখে হাসির কোলেতে শুয়ে।



ঘোমটাটি খোলো খোলো

মুখখানি তোলো তোলো

চাঁদের মুখের পানে চাও একবার।

বলো দেখি কারে হেরি এত হাসি তার !

নিলাজ বসন্ত যবে কুসুমে কুসুমময়

মাতিয়া নিজের রূপে হাসিয়া আকুল হয় ,

মলয় মরমে মরি ,

ফিরে হাহাকার করি—

বনের হৃদয় হতে সৌরভ – উচ্ছাস বয় !

তারে হেরি হয় না সে এমন হরষে ভোর ;

কী চোখে দেখেছে চাঁদ ওই মুখখানি তোর !

তুই তবু কেন কেন

দারুন বিরাগে যেন

চাস নে চা চাঁদের হাসি চাঁদের আদর !

নাই তোর ফুলবাস

নাইক প্রেমের হাস ,

পাপিয়া আড়ালে বসি শুনায় না প্রেম গান !

কী দুখেতে উদাসীনি

যৌবনেতে সন্ন্যাসিনী !

কাহার ধেয়ানে মগ্ন শুভ্র বস্ত্র পরিধান ?



এক – কালে ছিল তোর কুসুমিত মধুমাস—

হৃদয়ে ফুটিত তোর অজস্র ফুলের রাশ ;

যৌবন – উচ্ছাসে ভোর

প্রাণের সুরভি তোর

পথিক সমীরে সব দিলি তুই বিলাইয়া !

শেষে গ্রীষ্মতাপে জ্বলি

শুকাইল ফুল – কলি ,

সর্বস্ব যাহারে দিলি সেও গেল পলাইয়া !

চেতনা পাইয়া শেষে হইয়া সর্বস্ব – হারা

সারাটি বরষা তুই কাঁদিয়া হইলি সারা !

এত দিন পরে বুঝি শুকাইল অশ্রুধারা !

আজ বুঝি মনে মনে করিলি দারুন পণ

যোগিনী হইবি তুই পাষাণে বাঁধিয়া মন !

বসন্তের ছেলেখেলা ভালো নাহি লাগে আর—

চপল চঞ্চল হাসি ফুলময় অলংকার !

এখন যে হাসি হাসো আজি বিরাগের দিন ,

শুভ্র শান্ত সুবিমল বাসনা – লালসাহীন।

এত করিলি পণ

তবুও তো ক্ষণে ক্ষণ

সে দিনের স্মৃতিছায়া হৃদয়ে বেড়ায় ভাসি।

প্রশান্ত মুখের ‘ পরে

কুহেলিকা ছায়া পড়ে—

ভাবনায় মেঘ উঠে সহসা আলোক নাশি—

মুহূর্তে কিসের লাগি

আবার উঠিস জাগি

আবার অধরে ফুটে সেই সে পুরানো হাসি !



ঘুমায়ে পড়িস যবে বিহ্বল রজনীশেষে ,

অতি মৃদু পা টিপিয়া উষা আসে হেসে হেসে ,

অতিশয় সাবধানে দুইটি আঙুল দিয়া

কুয়াশা – ঘোমটা তোর দেয় ধীরে সরাইয়া।

অমনি তরুণ রবি পাশে আসি মৃদুগতি

মুদিত নয়ন তোর চুমে ধীরে ধীরে অতি !

শিহরিয়া কাঁপি উঠি

মেলিস নয়ন দুটি ,

রাঙা হয়ে ওঠে তোর কপোল – কুসুমদল

শরমে আকুল ঝরে শিশির – নয়নজল !


সুদুর আলয় হতে তাড়াতাড়ি খেলা ভুলি

মাঝে মাঝে ছুটে আসে দুদন্ডের মেঘগুলি।

চমকি দাঁড়ায়ে থাকে , ওই মুখপানে চায় ,

কাঁদিয়া কাঁদিয়া শেষে কাঁদিয়া মরিয়া যায় !

কিসের বিরাগ এত , কী তপে আছিস ভোর !

এত করে সেধে সেধে

এত করে কেঁদে কেঁদে

যোগিনী , কিছুতে তবু ভাঙিবে না পণ তোর ?

যোগিনী , কিছুতে কি রে ফিরিবে না মন তোর ?

**********
No Review
Related Books
Loading books…