Home
ব্যাঘাত

ব্যাঘাত

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাঘাত

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


কোলে ছিল সুরে-বাঁধা বীণা

মনে ছিল বিচিত্র রাগিণী ,

মাঝখানে ছিঁড়ে যাবে তার

সে কথা ভাবি নি ।

ওগো আজি প্রদীপ নিবাও ,

বন্ধ করো দ্বার —

সভা ভেঙে ফিরে চলে যাও

হৃদয় আমার ।

তোমরা যা আশা করেছিলে

নারিনু পুরাতে —

কে জানিত ছিঁড়ে যাবে তার

গীত না ফুরাতে ।

ভেবেছিনু ঢেলে দিব মন ,

প্লাবন করিব দশদিশি —

পুষ্পগন্ধে আনন্দে মিশিয়া

পূর্ণ হবে পূর্ণিমার নিশি ।

ভেবেছিনু ঘিরিয়া বসিবে

তোমরা সকলে ,

গীতশেষে হেসে ভালোবেসে

মালা দিবে গলে ,

শেষ করে যাব সব কথা

সকল কাহিনী —

মাঝখানে ছিঁড়ে যাবে তার

সে কথা ভাবি নি ।

আজি হতে সবে দয়া করে

ভুলে যাও , ঘরে যাও চলে —

করিয়ো না মোরে অপরাধী

মাঝখানে থামিলাম ব ' লে ।

আমি চাহি আজি রজনীতে

নীরব নির্জন

ভূমিতলে ঘুমায়ে পড়িতে

স্তব্ধ অচেতন —

খ্যাতিহীন শান্তি চাহি আমি

স্নিগ্ধ অন্ধকার ।

সাঙ্গ না হইতে সব গান

ছিন্ন হল তার ।

**********
No Review
Related Books
Loading books…