Home
ফাঁকি

ফাঁকি

রবীন্দ্রনাথ ঠাকুর

ফাঁকি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


বিনুর বয়স তেইশ তখন , রোগে ধরল তারে ।

ওষুধে ডাক্তারে

ব্যাধির চেয়ে আধি হল বড়ো ;

নানা ছাপের জমল শিশি , নানা মাপের কৌটো হল জড়ো ।

বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জরজর

তখন বললে , “ হাওয়া বদল করো । ”

এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি ,

বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুরবাড়ি ।

নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে

মোদের হত দেখাশুনো ভাঙা লয়ের তালে ;

মিলন ছিল ছাড়া ছাড়া ,

চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতাড়া ।

আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশভরা সকল আলো ধরে

বর বধূরে নিলে বরণ করে ।

রোগা মুখের মস্ত বড়ো দুটি চোখে

বিনুর যেন নতুন করে শুভদৃষ্টি হল নতুন লোকে ।

রেল-লাইনের ওপার থেকে

কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে ,

বিনু আপন বাক্স খুলে

টাকা সিকে যা হাতে পায় তুলে

কাগজ দিয়ে মুড়ে

দেয় সে ছুঁড়ে ছুঁড়ে ।

সবার দুঃখ দূর না হলে পরে

আনন্দ তার আপনার ই ভার বইবে কেমন করে ।

সংসারের ঐ ভাঙা ঘাটের কিনার হতে

আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে —

তাই যেন আজ দানে ধ্যানে

ভরতে হবে সে — যাত্রাটি বিশ্বে র কল্যাণে ।

বিনুর মনে জাগছে বারেবার

নিখিলে আজ একলা শুধু আমিই কেবল তার ;

কেউ কোথা নেই আর

শ্বশুর ভাশুর সামনে পিছে ডাইনে বাঁয়ে ;

সেই কথাটা মনে করে পুলক দিল গাঁয়ে ।

বিলাসপুরের ইস্টেশনে বদল হবে গাড়ি ;

তাড়াতাড়ি

নামতে হল । ছ-ঘণ্টা কাল থামতে হবে যাত্রিশালায় ,

মনে হল এ এক বিষম বালাই !

বিনু বললে , “ কেন , এ তো বেশ । ”

তার মনে আজ নেই যে খুশির শেষ ।

পথের বাঁশি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা —

আনন্দে তাই এক হল তার পৌঁছনো আর চলা ।

যাত্রিশালার দুয়ার খুলে আমায় বলে । —

“ দেখো , দেখো , এক্কাগাড়ি কেমন চলে ।

আর দেখছ বাছুরটি ওই , আ মরে যাই , চিকন নধর দেহ ,

মায়ের চোখে কী সুগভীর স্নেহ ।

ওই যেখানে দিঘির উঁচু পাড়ি —

সিসু গাছের তলাটিতে পাঁচিলঘেরা ছোট্ট বাড়ি

ওই যে রেলের কাছে —

ইস্টেশনের বাবু থাকে ?— আহা ওরা কেমন সুখে আছে । ”

যাত্রীঘরে বিছানাটা দিলেম পেতে ,

বলে দিলেম , “ বিনু এবার চুপটি করে ঘুমোও আরামেতে । ”

প্ল্যাটফরমে চেয়ার টেনে

পড়তে শুরু করে দিলেম ইংরেজি এক নভেল কিনে এনে ।

গেল কত মালের গাড়ি , গেল প্যাসেঞ্জার ,

ঘণ্টা তিনেক হয়ে গেল পার ।

এমন সময় যাত্রীদের দ্বারের কাছে

বাহির হয়ে বললে বিনু , “ কথা একটা আছে । ”

ঘরে ঢুকে দেখি কে - এক হিন্দুস্থানি মেয়ে

আমার মুখে চেয়ে

সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম ।

বিনু বললে , “ রুক্‌মিনী ওর নাম ।

ওই যে হোথায় কুয়োর ধারে সারবাঁধা ঘরগুলি

ওই খানে ওর বাসা আছে , স্বামী রেলের কুলি ;

তেরো শো কোন্‌ সনে

দেশে ওদের আকাল হল — স্বামী-স্ত্রী দুইজনে

পালিয়ে এল জমিদারের অত্যাচারে ।

সাত বিঘে ওর জমি ছিল কোন্‌-এক গাঁয়ে কী-এক নদীর ধারে — ”

বাধা দিয়ে আমি বললেম হেসে ,

“ রুক্‌মিনীর এই জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে ।

আমার মতে , একটু যদি সংক্ষেপেতে সার ো

অধিক ক্ষতি হবে না তায় কারো । ”

বাঁকিয়ে ভুরু , পাকিয়ে চক্ষু , বিনু বললে খে পে —

‘ ক খ্‌ খোনো না , বলব না সংক্ষেপে ।

আপিস যাবার তাড়া তো নেই , ভাবনা কিসের তবে ।

আগাগোড়া সব শুনতেই হবে । ”

নভেল-পড়া নেশাটুকু কোথায় গেল মিশে ।

রেলের কুলি র লম্বা কাহিনী সে

বিস্তারিত শুনে গেলেম আমি ।

আসল কথা শেষে ছিল , সেইটে কিছু দামি ।

কুলি র মেয়ের বিয়ে হবে , তাই

পেঁচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই ;

অনেক টেনেটুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারি ;

সে ভাবনাটা ভারি

রুক্‌মিনীরে করেছে বিব্রত ।

তাই এবারের মতো

আমার ‘ পরে ভার

কুলি নারীর ভাবনা ঘোচাবার ।

আজকে গাড়ি চড়ার আগে একেবারে থোকে

পঁচিশ টাকা দিতেই হবে ওকে ।

অবাক কান্ড এ কী ।

এমন কথা মানুষ শুনেছে কি ।

জাতে হয়তো মেথর হবে , কিংবা নেহাত ওঁচা ,

যাত্রীঘরের করে ঝাড়ামোছা ,

পঁচিশ টাকা দিতেই হবে তাকে!

এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে ।

“ আচ্ছা , আচ্ছা , হবে , হবে । আমি দেখছি মোট

এক শো টাকার আছে একটা নোট ,

সেটা আবার ভাঙানো নেই! ”

বিনু বললে , “ এই

ইস্টিশনেই ভাঙিয়ে নিলেই হবে । ”

“ আচ্ছা , দেব তবে ”

এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেম ডেকে ,—

আচ্ছা করেই দিলেম তারে হেঁকে —

“ কেমন তোমার নোকরি থাকে দেখব আমি!

প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও! ঘোচাব নষ্টামি! ”

কেঁদে যখন পড়ল পায়ে ধরে

দু-টাকা তার হাতে দিয়ে দিলেম বিদায় করে ।

জীবন-দেউল আঁধার করে নিবল হঠাৎ আলো ।

ফিরে এলেম দু-মাস যেই ফুরাল ।

বিলাসপুরে এবার যখন এলেম নামি ,

একলা আমি ।

শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধূলি

বিনু আমায় বলেছিল , “ এ জীবনের যা-কিছু আর ভুলি

শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম

বৈকুণ্ঠেতে নারায়ণীর সিঁথের ‘ পরে নিত্য সিঁদুর - সম ।

এই দুটি মাস সুধায় দিলে ভরে

বিদায় নিলেম সেই কথাটি স্মরণ করে । ”

ওগো অন্তর্যামী ,

বিনুরে আজ জানাতে চাই আমি

সেই দু-মাসের অর্ঘ্যে আমার বিষম বাকি ,

পঁচিশ টাকার ফাঁকি ।

দিই যদি আজ রুক্‌মিনীরে লক্ষ টাকা

তবুও তো ভরবে না সেই ফাঁকা ।

বিনু যে সেই দু-মাসটিরে নিয়ে গেছে আপন সাথে ,

জানল না তো ফাঁকিসুদ্ধ দিলেম তারি হাতে ।

বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে

“ রুক্‌মিনী সে কোথায় আছে ?”

প্রশ্ন শুনে অবাক মানে —

রুক্‌মিনী কে তাই বা ক-জন জানে ।

অনেক ভেবে “ ঝামরু কুলির বউ ” বললেম যেই ,

বললে সবে , “ এখন তারা এখানে কেউ নেই । ”

শুধাই আমি , “ কোথায় পাব তাকে । ”

ইস্টেশনের বড়োবাবু রেগে বলেন , “ সে খবর কে রাখে । ”

টিকিটবাবু বললে হেসে , “ তারা মাসেক আগে

গেছে চলে দার্জিলিঙে কিংবা খসরুবাগে ,

কিংবা আরাকানে । ”

শুধাই যত , “ ঠিকানা তার কেউ কি জানে । ” —

তারা কেবল বিরক্ত হয় , তার ঠিকানায় কার কাছে কোন্‌ কাজ ।

কেমন করে বোঝাই আমি — ওগো আমার আজ

সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ;

ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন ।

“ এই দুটি মাস সুধায় দিলে ভরে ”

বিনুর মুখে শেষ কথা সেই বইব কেমন করে ।

রয়ে গেলেম দায়ী

মিথ্যা আমার হল চিরস্থায়ী ।


**********
No Review
Related Books
Loading books…