Home
দিঘি

দিঘি

রবীন্দ্রনাথ ঠাকুর

দিঘি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


জুড়ালো রে দিনের দাহ , ফুরালো সব কাজ ,

কাটল সারা দিন ।

সামনে আসে বাক্যহারা স্বপ্নভরা রাত

সকল - কর্ম - হীন ।

তারি মাঝে দিঘির জলে যাবার বেলাটুকু

একটুকু সময়

সেই গোধূলি এল এখন , সূর্য ডুবু - ডুবু—

ঘরে কি মন রয় ।

কূলে কূলে পূর্ণ নিটোল গভীর ঘন কালো

শীতল জলরাশি ,

নিবিড় হয়ে নেমেছে তায় তীরের তরু হতে

সকল ছায়া আসি ।

দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে

জলের কিনারায় ,

পথে চলতে বধূ যেমন নয়ন রাঙা ক'রে

বাপের ঘরে চায় ।

শেওলা - পিছল পৈঁঠা বেয়ে নামি জলের তলে

একটি একটি করে ,

ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন

অঙ্গ উঠে ভরে ।

ভেসে গেলেম আপন - মনে , ভেসে গেলেম পারে ,

ফিরে এলেম ভেসে—

সাঁতার দিয়ে চলে গেলেম , চলে এলেম যেন

সকল - হারা দেশে ।

ওগো বোবা , ওগো কালো , স্তব্ধ সুগম্ভীর

গভীর ভয়ংকর ,

তুমি নিবিড় নিশীথ - রাত্রি বন্দী হয়ে আছ—

মাটির পিঞ্জর ।

পাশে তোমার ধুলার ধরা কাজের রঙ্গভূমি ,

প্রাণের নিকেতন ,

হঠাৎ থেমে তোমার'পরে নত হয়ে পড়ে

দেখিছে দর্পণ ।

তীরের কর্ম সেরে আমি গায়ের ধুলো নিয়ে

নামি তোমার মাঝে—

এ কোন্‌ অশ্রুভরা গীতি ছল্‌ছলিয়ে উঠে

কানের কাছে বাজে ।

ছায়া - নিচোল দিয়ে ঢাকা মরণ - ভরা তব

বুকের আলিঙ্গন

আমায় নিল কেড়ে নিল সকল বাঁধা হতে ,

কাড়িল মোর মন ।

শিউলি - শাখে কোকিল ডাকে করুণ কাকলিতে

ক্লান্ত আশার ডাক ।

ম্লান ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নীড়ে

উড়ে গেল কাক ।

মর্মরিয়া মর্মরিয়া বাতাস গেল মরে

বেণুবনের তলে ,

আকাশ যেন ঘনিয়ে এল ঘুমঘোরের মতো

দিঘির কালো জলে ।

সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে ,

বাজল দূরে শাঁখ ।

রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে

গেল বকের ঝাঁক ।

পথে কেবল জোনাক জ্বলে , নাইকো কোনো আলো

এলেম যবে ফিরে—

দিন ফুরালো , রাত্রি এল , কাটল মাঝের বেলা

দিঘির কালো নীরে ।


**********
No Review
Related Books
Loading books…