Home
অনাহত

অনাহত

রবীন্দ্রনাথ ঠাকুর

অনাহত

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


দাঁড়িয়ে আছ আধেক - খোলা

বাতায়নের ধারে

নূতন বধূ বুঝি ?

আসবে কখন চুড়িওলা

তোমার গৃহদ্বারে

লয়ে তাহার পুঁজি ।

দেখছ চেয়ে গোরুর গাড়ি

উড়িয়ে চলে ধূলি

খর রোদের কালে ;

দূর নদীতে দিচ্ছে পাড়ি

বোঝাই নৌকাগুলি—

বাতাস লাগে পালে ।

আধেক - খোলা বিজন ঘরে

ঘোমটা - ছায়ায় ঢাকা

একলা বাতায়নে ,

বিশ্ব তোমার আঁখির'পরে

কেমনে পড়ে আঁকা ,

তাই ভাবি যে মনে ।

ছায়াময় সে ভুবনখানি

স্বপন দিয়ে গড়া

রূপকথাটি - ছাঁদা ,

কোন্‌ সে পিতামহীর বাণী—

নাইকো আগাগোড়া ,

দীর্ঘ ছড়া বাঁধা ।

আমি ভাবি হঠাৎ যদি

বৈশাখের এক দিন

বাতাস বহে বেগে—

লজ্জা ছেড়ে নাচে নদী

শূন্যে বাঁধনহীন ,

পাগল উঠে জেগে—

যদি তোমার ঢাকা ঘরে

যত আগল আছে

সকলি যায় দূরে—

ওই - যে বসন নেমে পড়ে

তোমার আঁখির কাছে

ও যদি যায় উড়ে—

তীব্র তড়িৎহাসি হেসে

বজ্রভেরীর স্বরে

তোমার ঘরে ঢুকি

জগৎ যদি এক নিমেষে

শক্তিমূর্তি ধ ' রে

দাঁড়ায় মুখোমুখি—

কোথায় থাকে আধেক - ঢাকা

অলস দিনের ছায়া ,

বাতায়নের ছবি ,

কোথায় থাকে স্বপন - মাখা

আপন - গড়া মায়া—

উড়িয়া যায় সবি ।

তখন তোমার ঘোমটা - খোলা

কালো চোখের কোণে

কাঁপে কিসের আলো ,

ডুবে তোমার আপন - ভোলা

প্রাণের আন্দোলনে

সকল মন্দ ভালো ।

বক্ষে তোমার আঘাত করে

উত্তাল নর্তনে

রক্ততরঙ্গিণী ।

অঙ্গে তোমার কী সুর তুলে

চঞ্চল কম্পনে

কঙ্কণকিঙ্কিণী ।

আজকে তুমি আপনাকে

আধেক আড়াল ক'রে

দাঁড়িয়ে ঘরের কোণে

দেখতেছ এই জগৎটাকে

কী যে মায়ায় ভরে ,

তাহাই ভাবি মনে ।

অর্থবিহীন খেলার মতো

তোমার পথের মাঝে

চলছে যাওয়া - আসা ,

উঠে ফুটে মিলায় কত

ক্ষুদ্র দিনের কাজে

ক্ষুদ্র কাঁদা - হাসা ।


**********
No Review
Related Books
Loading books…