
পায়ের তলার মাটি
সুনীল গঙ্গোপাধ্যায়
পর্ব ১
প্রথমে গুজবটা ছড়িয়েছিল অনেকটা নিরীহভাবে। কিন্তু কোনো কোনো গুজব হঠাৎ জীবন্ত প্রাণীর মতন হয়ে ওঠে। তারপর থেকে সে চলাফেরা করতে থাকে তার নিজস্ব নিয়মে।
গত দু-দিন কেউ আর সন্ধ্যের পর বেরোয়নি বাড়ি থেকে। বাজারের দোকানগুলো সাধারণত খোলা থাকে রাত ন-টা-দশটা পর্যন্ত, সেগুলোও অন্ধকার হতে-না-হতেই ঝাঁপ ফেলে দিয়েছে। কেউ তাদের বন্ধ করে দিতে বলেনি, কেউ তাদের ভয় দেখায়নি। দিনের বেলা গ্রামের রাস্তায় ছোটো জটলায় সকলেই বলে, দুর, এ কখনো আজকালকার দিনে সম্ভব! লোকেরও কাজ নেই, একটা উড়োকথার পেছনে…
কে প্রথমে ছড়িয়েছিল কথাটা, কেউ জানে না। অথচ গ্রামসুদ্ধ সবাই শুনেছে। এখন তো খবরই ছাপা হয়ে গেছে জেলাবার্তায়। ছাপার অক্ষরে আতঙ্ক শব্দটা দেখে সকলেই আতঙ্কিত হওয়ার ন্যায্য অধিকার বোধ করে। যদিও অনেকেই জানে যে, পরিমল মাস্টারের ভাগনে আজকাল জেলাবার্তায় খবর লেখে, তবু সাতখানি গ্রামজুড়ে আতঙ্ক—বড়ো কাঠের হরফে ছাপা দেখে যেন গা ছমছম করে।
পুলিশ আসার কথাও শোনা যাচ্ছে রোজই। মাত্র সাত মাইল দূরে ফাঁড়ি। অথচ সাতদিনের মধ্যেও এইটুকু রাস্তা পেরিয়ে আসতে পারলেন না বাবুরা। জল-কাদা নেই, শীতের শেষের শুকনো খটখটে রাস্তা, কোনোই অসুবিধে নেই যাতায়াতের। ছাপার অক্ষরে খবর বেরিয়ে গেছে, তবু পুলিশ আসছে না দেখে সত্যি রাগ ধরে যায়।
সেই সত্তর-বাহাত্তর সালে পুলিশ এই গ্রামে আসত খুব ঘন ঘন। একবার গুলি চালিয়েছিল পর্যন্ত। তখন বোঝা যেত, দেশে থানা-পুলিশ আছে। গত ক-বছর ধরে পুলিশ যেন ভুলেই গেছে এ গ্রামটার কথা।
কোনো কারণ নেই, তবু মনে হয়, পুলিশ এলে আসবে সন্ধ্যের পরই। মিশমিশে অন্ধকারের মধ্যে পুলিশের হাতের জোরালো টর্চ আর জিপগাড়ির হেডলাইটে তাদের উপস্থিতিটা বেশ সম্রান্ত হয়ে ওঠে। দিনের বেলা অতটা না। সত্তর-বাহাত্তর সালের সময় পুলিশ আসত ভোর রাত্রে, চুপেচাপে। এখন তো আর সেরকমভাবে আসবার ঠেকা নেই।
পুলিশ এলে প্রথমেই যে খোঁজ করে দ্বারিকের, তা সবাই জানে। লোকে প্রথমে চেনালোকের কাছেই যায়। দ্বারিকের বাড়িতে এর আগে অন্তত দশবার পুলিশ এসেছে। দ্বারিক ছাড়া আর যে দু-জনকে চিনত পুলিশ, তারা এখন আর নেই।
দ্বারিকের বাড়ির ঠিক সামনে দিয়েই টানা রাস্তা। জানলা দিয়ে তাকালেই সোজা সেই তেঁতুলিয়ার মোড় পর্যন্ত দেখা যায়। সন্ধ্যের পর পথ একেবারে শুনশান। একটা গোরুর গাড়ি পর্যন্ত চলে না। ঘুমে চোখ টেনে এলেও দ্বারিক চট করে শুতে যায় না, জানলা খুলে চেয়ে বসে থাকে। পুলিশের জন্য প্রতীক্ষা। পুলিশের হাঁকডাকে হঠাৎ ঘুম ভেঙে লাফিয়ে ওঠার অভিজ্ঞতা আর দ্বারিক চায় না। সেসব যথেষ্ট হয়েছে।
এবাড়ির পাশেই একটা বেশ বড়ো পুকুর। কচুরিপানায় একেবারে ঠাসা। তার ওপাশে তিন শরিকের আমবাগান। সেই বাগান পেরিয়ে পুরোনো ইটের একতলা বাড়ি। সেখানে এখনও আলো জ্বলছে। মাঝে মাঝে সেই বাড়ি থেকে গ্রাম্য রাত্রির স্তব্ধতা ভেঙে উঠে আসছে একটা কান্নার আওয়াজ। বিটুর মা। ওই কান্নাটা শুনলেই দ্বারিকের ভুরু কুঁচকে যায়। কান্না সে একেবারে সহ্য করতে পারে না।
দ্বারিকের টেবিলের ওপর ঘড়িটা থেমে আছে সাড়ে সাতটায়। সকালে দম দেওয়া হয়েছিল ঠিকই, দ্বারিক নিজেই দিয়েছে। তাহলে কিছু রোগ হয়েছে ঘড়িটার। এখন ক-টা বাজে বোঝবার উপায় নেই। যদি রেডিয়োটা চালু থাকে তাহলে অবশ্য সময়টা মিলিয়ে নেওয়া যায়।
ঘড়িটায় দম দিতে দিতে দ্বারিক জানলার ধার ছেড়ে উঠে এল। ঘড়িটা আবার টিকটিক করছে। রেডিয়োটা এ ঘরেই থাকত আগে, দ্বারিক সেটা দিয়েছে বীথিকে। কিন্তু বীথিও সেটা নিজের ঘরে রাখেনি। দ্বারিকের বাবাই সেটা শোনেন আজকাল। তিনি এখন প্রায় অথর্ব, চোখে কম দেখেন, কানে প্রায় শুনতেই পান না, তবু এই বয়সে হিন্দি গান শোনার এক দুর্দান্ত নেশায় পেয়ে বসেছে তাঁকে। শিশুর খেলনার মতন তিনি রেডিয়োটা আঁকড়ে ধরে থাকেন সর্বক্ষণ।
ঘুমন্ত বাবার শিয়রের কাছ থেকে রেডিয়োটা তুলে নিয়ে এল দ্বারিক। সেটাকে চালিয়ে দিয়ে এদিক-ওদিক কাঁটা ঘোরালো। গান-বাজনা শুনে সময় বোঝা যাবে না। ওটা চালানোই রইল, খবর হবে নিশ্চয়ই কখনো-না-কখনো।
আপনি খাবেন এখন?
দরজার সামনে দাঁড়িয়ে আছে বীথি। সরু লাল পাড়ের শাড়ি পরা, সাদা রঙের ব্লাউজ, সিথিতে স্পষ্ট করে দেওয়া সিঁদুর। রেডিয়োটা আনতে যাওয়ার সময় দ্বারিক দেখেছিল, বীথি তার নিজের ঘরে শুয়ে শুয়ে হ্যারিকেনের আলোয় বই পড়ছে। হ্যারিকেনের আলোয় পড়াশুনো করার অভ্যেস নেই যাদের, তাদের নিশ্চয়ই নতুন করে মানিয়ে নিতে খুব অসুবিধে হয়। বীথি অবশ্য সে-কথা স্বীকার করে না।
হ্যাঁ, খেয়ে নিতে পারি। আজও পুলিশ আসবে না বোধ হয়।
আসুন, জায়গা করাই আছে। খেতে বসতে হবে দ্বারিককে একাই। মেঝেতে আসন পাতা, পাশে কাঁসার গেলাসে জল। অনেক বলে বলেও দ্বারিক ব্যবস্থা পালটাতে পারেনি। বাবা রাত্তিরে কিছু খান না, সন্ধ্যের সময়ই খানিকটা মুড়ি আর বাতাসা খেয়ে নেন পেটভরে, আর এক কাপ চা। বাকি থাকে আর তিনজন, মা, বীথি আর দ্বারিক। মা বাবর ছেলেদের খাবার আগে পরিবেশন করেছেন, নিজে খেতে বসেছেন পরে। বীথিও মার সঙ্গে পরে খায়। তিনজনে একসঙ্গে বসে খেয়ে নিলে যে আলোর খরচটা কম হয়, সেটা কিছুতেই বুঝবেন না মা।
পরিবেশন করারও কিছু নেই। রুটি, ডাল আর আলু-পেঁয়াজের তরকারি। প্রত্যেকদিন রাত্রে এই একই খাবার। খেতে বসে দ্বারিকের প্রত্যেকদিনই অস্বস্তি হয়। তার অভ্যেস আছে, কিন্তু বীথি কী করে দিনের পর দিন এই খাবার খেয়ে যাচ্ছে? অথচ অন্য কোনো ব্যবস্থাও তো করবার উপায় নেই। টাকাপয়সার প্রশ্ন ছাড়াও, পাওয়াও তো যায় না কিছু। এ গ্রামের বাজারে মাসে একদিন-দু-দিন মাত্র মাংস ওঠে। আগে থেকে খবর পাওয়া যায় যে, রবিবার খাসি কাটা হবে। এমনি কোনো দিন হঠাৎ একটা খাসি কাটা হলে পুরো মাংস বিক্রি হওয়ার মতন খদ্দের জোটে না। মাছ এদিকে মেলেই না প্রায়। ধারে-কাছে নদী নেই। দু চারটে মজা-হাজা পুকুরে সারাদিন জাল ফেললেও মাছের সন্ধান পাওয়া যায় না। যেদিন বাজারে বড়োমাছ ওঠে, সেদিন শহরের চেয়েও বেশি দাম হাঁকে। যারা টাকার অভাবের জন্য মাংস কেনে না, তারাও ধারধোর করে সেই মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
স্কুল থেকে ফেরার পথে দ্বারিককে রণকালীপুর পেরিয়ে আসতে হয়। গ্রামটি মুসলমানপ্রধান। ওর আসল নাম রওনাক আলিপুর। কিন্তু লোকের মুখে মুখে রণকালীপুর হয়ে গেছে, অনেক মুসলমানও ওই নামই বলে। সে-গ্রামের বাজারে দ্বারিক গোরুর মাংস ঝুলতে দেখে রোজই। তিন টাকা কিলো।
দ্বারিক একদিন বীথিকে জিজ্ঞেস করেছিল, তুমি গোরুর মাংস খাও? বীথি উত্তর দিয়েছিল, খাইনি কখনো, …তবে খেতে পারি। দ্বারিক বলেছিল, আমি যদি মাঝে মাঝে গোরুর মাংস কিনে আনি, তাতে তোমার আপত্তি আছে? মাকে অবশ্য জানানো হবে না–
বীথি বলেছিল, মাকে জানানো হবে না?
না, মা মেনে নিতে পারবেন না কিছুতেই। সে চেষ্টা করে আর লাভ নেই। ওঁকে বলতে হবে পাঁঠার মাংস, এমনিতে তো দেখে কিছু তফাত বোঝা যাবে না।
তারপর উনি যদি একদিন জেনে যান।
বীথির দৃষ্টিতে এমন একটা সারল্যের জোর আছে যে দ্বারিক আর কোনো কথা খুঁজে পায়। মায়ের পক্ষে জেনে যাওয়া খুবই সম্ভব। ভুবন হালদারের ছেলে দ্বারিক গোরুর মাংস কিনছে, এ খবর গ্রাম থেকে গ্রামান্তরে চালাচালি হয়ে যাবে দু-চারদিনের মধ্যেই। কথাটা কোনোক্রমে কানে এলে মা প্রথমে জিজ্ঞেস করবেন বীথিকেই। আর বীথি তো মিথ্যে কথা বলবে না।
আপনি ডিম কিনে আনেন না কেন? আপনার নিশ্চয়ই অসুবিধে হয়—
না, না, আমার জন্য নয়, তোমার জন্যই।
আমার তো কোনো অসুবিধে হয় না।
অসুবিধে হয় কিনা হয়, তা তো বীথি বলবে না মুখ ফুটে। হাঁস-মুরগির ডিম অবশ্য পাওয়া যায়। কিন্তু বীথি ডিম খায় না, তার অ্যালার্জির ধাত আছে। দ্বারিক নিজে ডিম ভালোবাসে, কিন্তু আজকাল পারতপক্ষে বাজার থেকে ডিম আনে না। বাইশ-তেইশ বছরের মেয়ে বীথি, সে কোনো প্রোটিন খাবে না, আর দ্বারিক কি একলা ডিম খেতে পারে?
মোট ঠিক চারখানা রুটি খায় দ্বারিক। দু-খানা ডালে ডুবিয়ে। দু-খানা আলু-পেঁয়াজের তরকারি দিয়ে। তবু প্রত্যেকদিনই মা জিজ্ঞেস করবেন, আর রুটি নিবি না? নে, আরও আছে কিন্তু।
দ্বারিক দু-দিকে মাথা নাড়ায়।
একসময় সে দশ-বারো খানা রুটি খেত। স্কুলজীবনের শেষ থেকেই। এক ডেলা গুড় দিয়েই রুটি উড়িয়ে দিত পাঁচ ছ-খানা। জেলে থাকার সময় থেকেই তার খিদে মরে গেছে।
খাওয়া শেষ করে কাঁসার গেলাসের জলে চুমুক দিতেই আবার শোনা গেল বিটুর মায়ের কান্না। দ্বারিক ভুরু কোঁচকালো এবং বিষম খেল। মা বললেন, ষাট, ষাট।
মা বসে আছেন পাড় সেলাই করা আসনে। বীথি দাঁড়িয়ে আছে দেওয়ালে হেলান দিয়ে। গেলাসটা নামিয়ে রেখে দ্বারিক বলল, আজও বিটুর কোনো খোঁজ পাওয়া যায়নি?
মা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আর খোঁজ পাওয়া যাবে কী করে? শুনছি নাকি মাটির নীচে পুঁতে রেখেছে।
কে পুঁতে রেখেছে?
তা কী জানি। বলাবলি তো করছে লোকে।
একটা নিরীহ ছেলেকে কে মাটির নীচে পুঁতে রাখতে যাবে?
মা চুপ করে গেলেন। কয়েক মুহূর্তের অস্বস্তিকর নিস্তব্ধতা। এরমধ্যে মনে মনে কিছু কথা বলাবলি হল। এমন দিন গেছে, যখন জোয়ান জোয়ান ছেলেরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে মরেছে। বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরেছে অন্য বন্ধুরা। কিংবা পুলিশ এসে শেয়াল-কুকুরের মতন পিটিয়ে বা গুলি চালিয়ে মেরেছে। অথবা থানায় নিয়ে যাওয়ার নাম করে পাঠিয়ে দিয়েছে নিরুদ্দেশে।
সেরকম দিন আর এখন নেই। এখন মারদাঙ্গার কথা কেউ বলে না। এমনকী পুলিশকে নিজে থেকে গিয়ে খবর দিয়ে এলেও পুলিশ সময় পায় না এদিকে আসবার।
দ্বারিক নিস্তব্ধতা ভেঙে আবার বলল, স্কুলের ছেলেরা বলে, তাদের কেউ কেউ নাকি দেখেছিল বিটুকে রাধিকাপুরের বাসে চাপতে।
মা বললেন, রাধিকাপুরে ওদের মামার বাড়ি। তারা ও-তল্লাট তন্নতন্ন করে খুঁজে দেখেছে। যাবে কোথায় ছেলেটা? সঙ্গে পয়সাকড়িও কিছু ছিল না নাকি?
দেখো, কয়েকদিনের মধ্যেই ও ঠিক চিঠি লিখবে।
কথাটা বলেই দ্বারিক ভুল বুঝতে পারল। কিন্তু আর ফেরাবার উপায় নেই।
মা সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ অভিমানের সঙ্গে বললেন, তাহলে আমাদের ভুত কেন চিঠি লেখে না?
আহা ওর ব্যাপারটা তো আলাদা।
হোক আলাদা। এখন তো আর কোনো ভয় নেই।
দ্বারিক চট করে আবার বীথির মুখটা দেখে নিল। বীথি শান্তভাবে একদৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। যেন সে নিঃশব্দে বলতে চায়, তার জন্য চিন্তা করার কিছু দরকার নেই, দ্বারিক শুধু তার মায়ের কথাই চিন্তা করুক।
মা বললেন, তুই কলকাতায় যে খবর নিবি বলেছিলি?
দ্বারিক তাড়াতাড়ি হাত উঁচু করে বলল, দাঁড়াও, দাঁড়াও, একটু চুপ করো—
রেডিয়োতে গান থেমে ইংরেজি খবর শুরু হয়েছে। দ্বারিক বলল, দাঁড়াও, খবরটা শুনে নিই, যদি এখানকার কথা কিছু বলে।
খবর পাঁচ মিনিটে শেষ হয়ে যায়। তাতে ফিলিপিনস, অষ্ট্রেলিয়া এমনকী বেইরুটের সংবাদও আছে। কোনো গ্রামের কথা কিছুই নেই, কোনোদিনই প্রায় থাকে না, তবু দ্বারিক পাঁচ মিনিট মাকে চুপ করিয়ে রাখে। কান্নার আওয়াজ পেলে দ্বারিক চটে যাবে বলে মা আঁচল দিয়ে চোখ মুছে নিলেন এরমধ্যে। তারপর বললেন, তুই ওঠ, হাত ধুয়ে নে।
দ্বারিক এসে আবার জানলার ধারে বসল। রাস্তার ওপরে খুব নরমভাবে জ্যোৎস্না এসে পড়েছে। অনেক দূরে কয়েকটা কুকুর ডাকছে একটানা, আর কোনো শব্দ নেই। বিটুর মা বোধ হয় এবার ঘুমিয়ে পড়েছে। ওঁর গলায় যে এত জোর, দ্বারিক জানত না এতদিন। বিটুর মাকে দ্বারিক লীলাবউদি ব