Home
তুমি পিশাচ

তুমি পিশাচ

অনীশ দেব

তুমি পিশাচ

অনীশ দেব
novel

Posted byমিতা সাহা03-Jul-2025

Change color

তুমি পিশাচ – অনীশ দেব

তুমি পিশাচ

৷৷এক৷৷

আমার চলার কোনও শেষ নেই৷ আমি সত্যিকারের পথিক—পথই যার জীবন৷ আমার চলার পথের যেমন কোনও শেষ নেই, তেমন আমারও কোনও শেষ নেই৷ এমনই আমার জীবন৷

মানুষের সঙ্গে আমার মিল অনেক—কিন্তু আবার গরমিলও প্রচুর৷ আমি মানুষের মনের কথা বুঝতে পারি৷ তাই বুঝতে পারি মানুষ কেমন হয়৷ অর্থাৎ, মানুষের মন আর চেহারা দুই-ই দেখতে পাই৷ কিন্তু আমাকে কেউ দেখতে পায় না—শুধু অনুভব করতে পারে৷

মানুষ আমার খুব পছন্দের, খুব প্রিয়৷ তাই মানুষ দেখলে আমি কেমন যেন দুর্বল হয়ে পড়ি৷ এক অদ্ভুত টানে দু, তিন, কিংবা চার টুকরো হয়ে নানান মানুষের ভেতরে আশ্রয় নিই৷ তাই আমার বাসা হল মানুষ—মানুষই আমার ঠিকানা৷ কারও মধ্যে আমি পঞ্চাশ, ষাট কি একশো বছর ধরে থাকি৷ আবার কারও শরীরে থাকি পাঁচ, সাত কি দশ দিন৷ কতদিন কোথায় থাকব সেটা নির্ভর করে আমার মরজির ওপরে৷

যে-যে মানুষের মধ্যে আমি আশ্রয় নিই তাদের মধ্যে অনেকগুলো নতুন-নতুন গুণ দেখা যায়৷ কিন্তু সেই গুণগুলো হয়তো মানুষের চোখে দোষ৷ তাই আমি খুব চেষ্টা করি গুণগুলো আড়াল করে রাখতে৷

কী আশ্চর্য আমার জীবন! মানুষের এত কাছাকাছি আমি বাস করি অথচ তা সত্ত্বেও মানুষ আমাকে ভাবে অমানুষ৷ আমাকে কিছুতেই আপন করে নিতে পারে না৷

আমি জানি, এক ঠান্ডা গভীর অন্ধকার থেকে আমার উৎপত্তি৷ তারপর পথ চলা৷ শুধু পথ চলা৷ আমার বিনাশ বলে কিছু নেই৷ মানুষ আমাকে কখনও-কখনও ধ্বংস করে বটে, কিন্তু তা নিতান্তই সাময়িক৷ তখন আমি ফিরে যাই সেই ঠান্ডা অন্ধকার গহ্বরে৷ শীতঘুমে সময় কাটিয়ে দিই৷ তারপর…৷

তারপর? তারপর যখন আবার খিদে টের পাই, তেষ্টা টের পাই, মানুষের টান টের পাই—তখন আমি জেগে উঠি৷ শীতঘুম ছেড়ে বেরিয়ে আসি বাইরের আলোর জগতে, লোকালয়ে৷ যেমন এখন৷

ওই তো চোখে পড়ছে একটা বিশাল পাঁচিল ঘেরা এলাকা৷ তার ভেতরে, অনেকটা দূরে, একটা বাড়ি৷ বাড়ি তো নয়, যেন প্রাসাদ৷ না, শুধু প্রাসাদও নয়—তার সঙ্গে রয়েছে ছোট-ছোট কয়েকটা বাড়ি আর ঘিরে থাকা বাগান৷ বাগানে কত বড়-বড় গাছ৷ গাছে কত পাতা৷ সেই পাতার ছায়ায় গাছের নীচটা দিনের আলোতেও অন্ধকার-অন্ধকার দেখাচ্ছে৷ আর সেই অন্ধকারে মাথাচাড়া দিয়েছে অজস্র আগাছা৷

প্রকাণ্ড এলাকাটা রং-চটে-যাওয়া পাঁচিল দিয়ে ঘেরা৷ তারই এক জায়গায় সিং-দরজা৷ সব কিছু দেখে মনে হয় রাজা-রাজড়াদের ফেলে যাওয়া বাগান আর প্রাসাদ৷ এককালে তাদের হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া৷ আজ সবই পুরোনো স্মৃতি৷ শুধু রাজবাড়িটা অতীতের সাক্ষী হয়ে চুপচাপ মনের দুঃখে দাঁড়িয়ে আছে৷ আর তাকে ঘিরে বিষণ্ণ গাছগুলো৷

কিন্তু তাই কী? এখানে এখন কেউ থাকে না তা তো নয়!

কারণ, আমি মানুষের ঘ্রাণ পাচ্ছি৷ একটা-আধটা নয়, অনেক মানুষের৷

শুধু তাই নয়, এত দূর থেকেও আমি কত মানুষের কথা শুনতে পাচ্ছি৷ শুনতে পাচ্ছি ছেলেদের গলা, মেয়েদের গলা৷

উঁহু, বাড়িটা পুরোনো জীর্ণ হলেও এখানে অনেক মানুষ থাকে৷ আমাকে ওরা কোন অদৃশ্য টানে টানছে—কাছে টানছে৷

আমি আকাশের দিকে তাকালাম৷

আকাশে মেঘ জড়ো হচ্ছিল সকাল থেকেই৷ তার সঙ্গে দম আটকানো গুমোট৷ বৃষ্টি যে হবে তার গন্ধ আমি পাচ্ছিলাম৷ এও বুঝতে পারছিলাম, মেঘ আরও ঘন হবে, আরও কালো হবে৷ এখন দেখলাম আকাশটা একেবারে ছাই রঙের হয়ে গেছে৷ আর সেই রং-টা ক্রমশ কালোর দিকে ঢলে পড়ছে৷

বৃষ্টির জল আমার ভালো লাগে না৷ বৃষ্টির জল ওপর থেকে আসে৷ প্রাকৃতিক পবিত্র জল৷ ওই জল গায়ে লাগলে আমরা—মানে, আমি আর আমার মতো যারা—নিস্তেজ হয়ে পড়ি৷ তাই ঠিক করলাম, আপাতত এই বাড়িটায় আমি আশ্রয় নিই৷ অনেক মানুষে ভরা এই আস্তানাটা আমার মন্দ লাগবে না৷

সেদিকে এগোতে গিয়েই সিং-দরজার মাথায় বসানো হোর্ডিং-টা আমার চোখে পড়ল৷ তাতে বড়-বড় হরফে লেখা রয়েছে :

রাজা চন্দ্রভানু মালটিপারপাস গার্লস স্কুল

ও, এটা তা হলে স্কুল!

ওঃ, ক’শো বছর আগে যে আমি স্কুলে পড়তে গিয়েছিলাম তা মনে নেই৷ কিন্তু যুগে-যুগে আমি মানুষের কাছ থেকে শিখেছি৷ যখনই আমি কোনও মানুষের শরীর আর মন দখল করেছি তখনই তার সব অভিজ্ঞতা আর জ্ঞান আমার অস্তিত্বে মিশে গেছে৷ আমি বহু শতকের প্রাচীন হলেও সবসময় নবীনের কাছাকাছি থেকে শিখেছি৷ তাই প্রাচীন হলেও আমি সবসময় আধুনিক৷

এখনও চিনতে পারোনি আমাকে?

আমি একজন পিশাচ—যার মধ্যে রয়েছে অতি প্রাচীন এক অমানুষ প্রেতাত্মা৷

আমি একা৷ তবে ইচ্ছে হলেই অনেক হতে পারি—অ্যামিবার মতো৷

আর যদি আমি তোমার ওপরে ভর করি, তোমার মধ্যে বাসা বাঁধি, তা হলে তখন তুমি পিশাচ৷ হ্যাঁ, হ্যাঁ—তুমি৷

আকাশ থেকে বৃষ্টির দু-একটা ফোঁটা পড়ল৷

নাঃ, আর দেরি নয়৷ আমি সিং-দরজার দিকে এগোলাম৷ তালাবন্ধ দরজার জং ধরা লোহার রডের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লাম৷ দারোয়ানরা কেউ আমাকে দেখতে পেল না—কারণ, আগেই বলেছি, আমাকে দেখা যায় না—শুধু টের পাওয়া যায়৷

সুন্দর পিচবাঁধানো রাস্তা আর ঘাসজমির ওপর দিয়ে প্রাচীন বাড়িটার দিকে যাওয়ার সময় আমি হঠাৎই একটা চেনা গন্ধ পেলাম৷ স্কুলবাড়ির দিক থেকেই আসছে গন্ধটা৷

চমকে উঠলাম আমি৷ এ তো আমার মতোই গন্ধ! আমার একজন বন্ধু তা হলে রয়েছে ওই স্কুলবাড়িতে! আমার আগেই আমার মতো কেউ এসে আশ্রয় নিয়েছে এখানে! অথবা আস্তানা গেড়েছে ওই বাড়ির মানুষজনের ভেতরে! আনন্দ আর খুশিতে মনটা নেচে উঠল৷

বৃষ্টির ফোঁটা হঠাৎই জোরে ঝরতে লাগল৷

আর আমিও দেরি না করে ঢুকে পড়লাম স্কুলবাড়ির ভেতরে৷

.

৷৷দুই৷৷

ইতিহাসের ক্লাস এমনভাবে চলছিল যেন টিভির নিউজ চ্যানেলে কোনও রোবট পরপর দুঃখের খবর পড়ে চলেছে৷

রনিতা ম্যাডাম এভাবেই ক্লাস নেন বরাবর৷ আর সেই জন্যই পড়ার দিকে ইলিনার মন ছিল না৷ ও অনুষ্কার কথা ভাবছিল৷ মাত্র সাতদিন হল অনুষ্কা ওদের ক্লাসে ভরতি হয়েছে৷

ইলিনার ডেস্কের ওপরে ইতিহাস বইয়ের পাতা খোলা ছিল৷ তার নীচে একটা রাফ খাতা৷ সেই খাতার শেষ পাতায় ইলিনা বারবার নিজের নাম লিখছিল৷ একবার ইংরেজিতে, আর-একবার বাংলায়৷ বেশ সুন্দর ডিজাইন করে অক্ষরগুলো তৈরি করছিল ও৷ সেগুলোর দিকে একবার তাকালেই বোঝা যায় ওর অলঙ্করণের হাত বেশ ভালো৷

ইলিনার খুব শখ ও ট্যাটু আর্টিস্ট হবে৷ এ পর্যন্ত ও প্রায় চল্লিশটা ট্যাটুর ডিজাইন এঁকেছে—লাল আর নীল কালি দিয়ে৷ সেগুলো একটা বাঁধানো ড্রইং খাতায় আঁকা আছে৷ সেটার ছবিগুলোর দিকে তাকিয়ে ওর নিত্য-নতুন নকশার আইডিয়া মাথায় আসে৷

মাঝে-মাঝে ও বন্ধুদের হাতে বা পায়ে বলপয়েন্ট পেন দিয়ে ছোট-ছোট ট্যাটু এঁকে দেয়৷ অবশ্য বন্ধুদের পারমিশান নিয়ে তবেই৷ একবার গীতাঞ্জলির কনুইয়ের ওপরদিকটায় একটা বাজপাখির ডিজাইন এঁকে দিয়েছিল৷ সেটা রনিতা ম্যাডামের চোখে পড়ে গিয়েছিল৷ গীতাঞ্জলিকে তিনি বেশ বকুনি দিয়েছিলেন৷ কিন্তু গীতাঞ্জলি ইলিনার নাম বলেনি৷ বরং ট্যাটু আঁকার দায়টা ওর এক কাল্পনিক ভাইয়ের ওপর দিয়ে চালিয়ে দিয়েছিল৷

ইলিনার নামের অক্ষরের ডিজাইনগুলো অনেকটা ট্যাটুর ডিজাইনের মতো দেখাচ্ছিল৷ সেদিকে তাকিয়ে ইলিনা সেগুলো বেশ খুঁটিয়ে বিচার করছিল৷ হঠাৎই ক্লাসরুমের খোলা জানলায় একটা শালিখ এসে বসায় ওর সেদিকে চোখ গেল৷

ক্লাসরুমের বাইরের দিকের দেওয়ালে দুটো বড়-বড় জানলা৷ তাতে ঝিলমিল লাগানো বিশাল পাল্লা৷ পাল্লার ওপরে ফুটদুয়েক চওড়া ঝিলমিল বসানো কাঠের পাটি৷ বহু পুরোনো আমলের রাজা-রাজড়াদের বাড়িতে যেমন থাকত৷ রাজা চন্দ্রভানুও বোধহয় সেরকম কেউকেটা কোনও রাজা কিংবা মহারাজা ছিলেন৷ তাঁর সেই রাজপ্রাসাদ প্রায় একশো বছর আগে স্কুল হয়ে গেছে৷

শালিখ দেখতে গিয়ে ইলিনার চোখ গেল অনুষ্কার দিকে৷ মনে হল, ইলিনার মতো ওরও ইতিহাসে মন নেই, আর ও-ও যেন আনমনাভাবে খাতায় আঁকিবুকি কেটে চলেছে৷

অনুষ্কাকে কেমন অদ্ভুত বলে মনে হয় ইলিনার৷ মাত্র সাতদিন আগে মেয়েটা ক্লাস টেন-এ ওদের সেকশানে এসে ভরতি হয়েছে৷ ওর বাবা সরকারি চাকরি করেন৷ ঝাড়খণ্ড থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় এসে পড়েছেন৷ তাই অনুষ্কা এই স্কুলে ভরতি হতে পেরেছে৷ নইলে ইলিনাদের স্কুলে ক্লাস টেন-এ কাউকে ভরতি নেওয়া হয় না৷

অনুষ্কাকে দেখতে খুব সুন্দর৷ এত সুন্দর যে, অন্য মেয়েরা যখন-তখন ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে৷ ইলিনার খুব বিশ্বাস, কোনও ফিল্ম ডিরেক্টর ওকে দেখামাত্র সিনেমা কি টিভি-তে চান্স দিয়ে দেবে৷

রনিতা ম্যাডাম আনমনা অনুষ্কাকে খেয়াল করেছিলেন৷ তাই ওকে ‘শিক্ষা’ দেওয়ার জন্য ওর দিকে আঙুল তুলে বললেন, ‘অনুষ্কা, তুমি বলো..৷’

অনুষ্কা শান্তভাবে উঠে দাঁড়াল৷ নিষ্পাপ ফুটফুটে মুখে তাকাল ম্যাডামের দিকে৷

রনিতা ম্যাডাম ক্লাস নাইন-এর কয়েকটা চ্যাপ্টার রিভাইজ করাচ্ছিলেন৷ তাই সম্রাট অশোকের ধর্মের বিষয়ে পড়াচ্ছিলেন৷

অনুষ্কাকে রনিতা ম্যাডাম জিগ্যেস করলেন, ‘সম্রাট অশোক যে ধর্ম প্রচার করেছিলেন, বৌদ্ধধর্মের সঙ্গে তার সূক্ষ্ম তফাত কোথায় ছিল?’

রনিতা ম্যাডামের রোগা চেহারা৷ চশমার পিছনে চোখ দুটো বেশ রাগি৷ কপালে ভাঁজ৷ সবসময় ছাত্রীদের হেনস্থা করেন, শাস্তি দেওয়ার ফিকির খোঁজেন৷

ইলিনা বুঝল, আজ অনুষ্কার রেহাই নেই৷ কপালে চূড়ান্ত বকুনি আছে৷ তারপর, যদি কপাল আরও খারাপ হয়, তা হলে ক্লাস সিক্সের রুমের সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে৷

ইলিনার বুকের ভেতরটা অকারণেই ঢিপঢিপ করতে লাগল৷ ও স্থির চোখে অনুষ্কার দিকে তাকিয়ে রইল৷ অপেক্ষা করতে লাগল৷

কিন্তু কী আশ্চর্য!

অনুষ্কা মিষ্টি গলায় ধীরে ধীরে উত্তর দিল, ‘ম্যাডাম, বৌদ্ধধর্মের তুলনায় অশোকের প্রচার করা ধর্ম অনেক বেশি উদার আর মানবতাবাদী ছিল৷ অশোক তাঁর ধর্মে ব্যক্তিগত জীবন আর সমাজজীবনকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন৷ সেই কারণেই তিনি দান, দয়া প্রভৃতি বারোটি গুণের অনুশীলন করার নির্দেশ দিয়েছিলেন৷ তাঁর প্রচলিত ধর্মে নানা ধর্মের সার কথাগুলো জায়গা পেয়েছিল…৷’

রনিতা ম্যাডাম কেমন যেন হকচকিয়ে গেলেন৷ শিকার হাতছাড়া হওয়ার দুঃখের চেয়ে ভ্যাবাচ্যাকা ভাবটাই বেশি করে ফুটে উঠল ওঁর মুখে৷ তিনি স্পষ্ট দেখেছেন, মেয়েটা অন্যমনস্ক হয়ে খাতায় কী যেন করছিল৷ তা হলে কী করে ওঁর এইমাত্র পড়ানো লাইনগুলো হুবহু বলে দিল!

অনুষ্কা কি ওঁর বলা কথাগুলো খাতায় টুকছিল? তারপর প্রশ্নের উত্তরে সেই লেখাগুলোই রিডিং পড়ে দিল?

কিন্তু উত্তর দেওয়ার সময় মেয়েটা তো খাতার দিকে তাকায়নি!

মরিয়া হয়ে ডায়াস থেকে নেমে এলেন রনিতা ম্যাডাম৷ মেয়েটার খাতাটা একবার দেখা দরকার৷

‘দেখি, তোমার খাতাটা দেখি—৷’ চটপটে পায়ে জানলার পাশ দিয়ে হেঁটে অনুষ্কার কাছে চলে এলেন৷

অনুষ্কা কোনও কথা না বলে ডেস্কের ওপরে রাখা খোলা খাতাটা দিদিমণির দিকে এগিয়ে দিল৷

রনিতা ম্যাডাম দেখলেন৷ পাতা দুটোয় কিছু লেখা নেই৷ শুধু ডানদিকের পাতার নীচের কোনার দিকে কয়েকটা হিজিবিজি দাগ৷

খাতাটা ওকে ফেরত দিয়ে সামান্য ধমকের সুরে ‘বোসো’ বলে ডায়াসের দিকে ফিরে গেলেন৷ ওঁর ফিরে যাওয়ার ভঙ্গিতে কেমন যেন একটা ‘হেরে যাওয়া’ ভাব ছিল৷

ইলিনার খুব আনন্দ হচ্ছিল৷ ওর মনে হল অনুষ্কা যেন রনিতা ম্যাডামকে পালটা একটা ‘শিক্ষা’ দিল৷ অনুষ্কাকে একটা চুমু খেতে ইচ্ছে করল ওর৷ ওর সঙ্গে জমিয়ে গল্প করতেও ইচ্ছে করল৷

কিন্তু সেটা বোধহয় সম্ভব নয়৷ কারণ, প্রথম দিন থেকেই ইলিনা লক্ষ করেছে, অনুষ্কা ভীষণ একা-একা আর চুপচাপ থাকে—কারও সঙ্গে মিশতে চায় না৷ ইলিনা দু-একবার আলাপ জমানোর চেষ্টা করেছে, কিন্তু কথাবার্তা তেমন এগোয়নি৷

রনিতা ম্যাডাম মঞ্চে উঠে আবার পড়াতে শুরু করেছিলেন, কিন্তু ওঁর যান্ত্রিক আত্মবিশ্বাসে কেমন যেন চিড় ধরে গিয়েছিল৷ তাই পড়ানোর তাল আর লয় বারবার গোলমাল হয়ে যাচ্ছিল৷

ইলিনা ভাবছিল, পিরিয়ডটা শেষ হলে বাঁচি৷ কারণ, তারপরই টিফিন৷ তখন অন্তত আধঘণ্টা হাঁফ ছেড়ে বাঁচা যাবে৷

আজ ওর পড়াশোনার মুড নেই৷ শুধু গল্প করতে ইচ্ছে করছে আর গান শুনতে ইচ্ছে করছে৷ কে জানে কেন—হয়তো আকাশটা মেঘলা বলেই৷ আর তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি মনখারাপে

**********
No Review
Related Books
Loading books…