
ইচ্ছাশক্তি
সুনীল গঙ্গোপাধ্যায়
মহাশূন্যের আর্মস্ট্রং স্টেশনের ওপরে ঘুরছে ঝিলমদের রকেট।
এর আগে ঝিলমরা এখানে এসেছে অনেকবার। প্রত্যেকবারই এসেছে আনন্দ ভরা মন নিয়ে। আর্মস্ট্রং স্টেশন চমৎকার জায়গা। এখানে এলেই মন ভালো হয়ে যায়। মহাশূন্যে ঘুরতে-ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেই ইচ্ছে করে দু-একদিন আর্মস্ট্রং স্টেশনে কাটিয়ে আসতে। এখানে নাচ, গান, হই-হল্লা, যে-কোনও পছন্দ মতন খাবার, সব কিছুরই ব্যবস্থা আছে।
কিন্তু এবারে এই রকেটের যাত্রীরা এসেছে অনেকগুলো বিপদ কাটিয়ে এবং দারুণ দুশ্চিন্তা নিয়ে।
রকেটটা চালাচ্ছে ইউনুস, তাকে সাহায্য করছিল রা। সে মাঝে-মাঝেই চোখের জল সামলাতে পারছে না। নী নামের অল্পবয়েসি মেয়েটি, যে সব সময়েই হাসিখুশি থাকে আর মুখে কবিতা বানায়, সে ব্যাপার-স্যাপার দেখে যেন বোবা হয়ে গেল।
গ্রাউন্ড কন্ট্রোল থেকে একটা গলা ভেসে এল, রকেট নং তিন হাজার সাতাশ, সুস্বাগতম আমি রাইন বলছি! আর্মস্ট্রং স্টেশনের তিন নম্বর গেট তোমাদের জন্য খোলা হচ্ছে। জীবনটা খুব সুন্দর, তাই না ঝিলম?
ইউনুস একবার ঝিলমের দিকে তাকাল। ঝিলম বসে আছে একটা পাথরের মূর্তির মতন। তার গায়ের রং আগুনের মতন লাল। সত্যি যেন তার গা থেকে আগুনের ছটা বেরুচ্ছে। তার চোখের মণি স্থির। সে কিছুই শুনতে পাচ্ছে না!
ইউনুস বললেন, জীবন শুধু সুন্দর নয়, রাইন। জীবন অতি বিচিত্র। আমি ইউনুস বলছি! ঝিলম একটু অসুস্থ হয়েছে। রকেটের কন্ট্রোলে এখন আমি আছি।
রাইন জিগ্যেস করল, কী হয়েছে ঝিলমের?
ইউনুস বলল, সেটা দেখা হলে বুঝিয়ে বলব। রাইন, তুমি ঝটিকা বাহিনীতে তৈরি থাকতে বলো তিন নম্বর গেটে। হাসপাতালে খবর দিয়ে রাখো। ঝিলমকে এক্ষুনি সেখানে ভর্তি করতে হবে।
রাইন ঝিলমের বন্ধু। একথা শুনে বিচলিত হয়ে বলল, কী বলছ, ইউনুস? ঠিক আছে, আমার ডিউটি শেষ হয়ে যাচ্ছে, আমি নিজে উপস্থিত থাকছি তিন নম্বর গেটে!
ইউনুস বলল, শোনো, আর একটা কথা আছে। আমাদের বন্ধু কমপিউটার জিউস কোনও কথা বলছে না। সুতরাং ঠিক মতন টাচ ডাউন হবে কি না জানি না। তুমি এমার্জেন্সির ব্যবস্থা রেখো।
রাইন বলল, সে কী! তোমাদের কমপিউটার কাজ করছে না? ঘুমিয়ে পড়েনি তো। জাগাবার চেষ্টা করে দেখেছ?
ইউনুস বলল, হ্যাঁ দেখেছি। ও জাগবে না, ওর হার্ট বীট থেমে গেছে।
তা হলে নেমো না, এখন নেমো না! ওপরে ঘুরতে থাকো!
কতক্ষণ ঘুরব, আমাদের ফিউয়েল প্রায় শেষ হয়ে এসেছে।
সর্বনাশ! কিন্তু কোনও উপায় নেই, ইউনুস। আর্মস্ট্রং স্টেশনে ফোর্সড ল্যান্ডিং নিষিদ্ধ। কমপিউটার খারাপ হলেও নামতে দেওয়া হয় না। এখানে কোনও রকম বিস্ফোরণের ঝুঁকি নেওয়া যায় না।
তা হলে আমি কী করব?
তুমি যেমন ভাবে পারো রকেটটাকে ভাসিয়ে রাখো! যেটুকু ফিউয়েল আছে তা দিয়ে সোজা ওপরে উঠে যাও, তারপর আস্তে-আস্তে নামো! তার মধ্যেই ব্যবস্থা হচ্ছে।
কান্না থামিয়ে রা বললে, ইউনুস, রকেটটা হালকা করার জন্য আমি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে পারি।
ইউনুস বলল, রা, তুমি ভুলে গেছ, আমাদের অম্লজান ট্যাবলেট সব শেষ। এমনি এমনি রকেটের বাইরে যাওয়ামাত্র তোমার নিশ্বাস বন্ধ হয়ে যাবে।
রা কপাল চাপড়ে বলল, উঃ, এক সঙ্গে এতগুলো বিপদ!
ইউনুস বলল, রা, ধৈর্য ধরো। তুমি নী-কে সামলাও, দ্যাখো, নী কাঁপছে!
নী রা-কে জড়িয়ে ধরে বলল, রা-দি, আমি আমাদের জন্য ভয় পাচ্ছি না! কিন্তু ঝিলমদার কী হবে? ঝিলমদার খুব কষ্ট হচ্ছে, তাই না! দ্যাখো, চামড়া দিয়ে একটু-একটু ধোঁয়া বেরুচ্ছে। ভেতরে কিছু পুড়ছে।
রা ঝিলমের দিকে এক পলক তাকিয়েই চোখে হাত চাপা দিল।
ইউনুস অনেকটা ওপরে উঠে এসে রকেটের সব কটা বুস্টার ইঞ্জিন বন্ধ করে দিয়ে সেটাকে পাখির মতন ভাসিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু বেশিক্ষণ এই ভাবেও থাকা যাবে না। আর্মস্ট্রং সেক্টারের পরিধি প্রায় পঞ্চাশ মাইল, তার একটা মাধ্যাকর্ষণ
আছে, সে টানছে।
ঠিক চার মিনিটের মধ্যে দুটি রেসকিউ রকেট উড়ে এল নিচ থেকে। তারা ইউনুসের রকেটের দুদিকে জয়েন্ট করলে।
ইউনুস দরজা খুলে দিতেই তিনজন উদ্ধারকারী ঢুকে পড়ল। তাদের মধ্যে একজনকে ইউনুস আগে থেকেই চেনে। তার নাম জুভ। মোটা-সোটা চেহারার অতি ভালো মানুষ।
জুকভ প্রথমে মহিলা দু-জনের দিকে তাকিয়ে মাথায় টুপি ছুঁয়ে অভিবাদন জানাল।
তারপর ইউনুসকে বলল, তোমাদের জীবন আনন্দময় হোক, ইউনুস। আর চিন্তা নেই। তোমরা আমাদের রকেটে ঢুকে পড়ো। এই রকেটের ভার আমরা নিচ্ছি।
অন্য একজন ঝিলমের দিকে তাকিয়ে বলল, এ কী! ওই লোকটি যে জ্বলছে।
জুকভ বলল, এ কে ইউনুস?
ও ঝিলম! ওর একটা বিপদ হয়েছে!
ঝিলম? চেনাই যাচ্ছে না! ওর গা থেকে আগুন বেরুচ্ছে কেন?
একজন উদ্ধারকারী বলল, সময় নষ্ট করে লাভ নেই। আপনারা পাশের রকেটে যান। কিন্তু ওই লোকটিকে তো নেওয়া যাবে না আর্মস্ট্রং সেন্টারে?
রা আর ইউনুস প্রায় এক সঙ্গে বলে উঠল, সে কী! কেন নেওয়া যাবে না।
জুকভ দুঃখিত ভাবে বলল, তাই তো! আর্মস্ট্রং-এ কোনওরকম আগুন জ্বালানো নিষিদ্ধ! ঝিলমকে নিয়ে যাই কী করে? ওর গা দিয়ে আগুন বেরুচ্ছে।
রা বলল, আমস্ট্রং-এ আগুন নিষিদ্ধ? কে বলেছে? ওখানে যে আমরা কত রকম রান্না খাই!
জুকভ বলল, হে মাননীয়া, আপনি বোধহয় ভুলে গেছেন। আর্মস্ট্রং-এ সত্যিই কক্ষনো আগুন জ্বালানো হয় না। সমস্ত রান্না-বান্না হয় মাইক্রোওয়েভে।
ইউনুস বলল, শোনো জুকভ, ঝিলমের গা থেকে যা বেরুচ্ছে, তা আগুন নয়, অন্য কিছু। আগুনের মতনই দেখাচ্ছে যদিও। কিন্তু ওরকম ভাবে আগুনে পুড়লে কেউ বাঁচে? ওর গায়ে হাত দিয়ে দ্যাখো, গা-টা ঠান্ডা!
জুকভ এগিয়ে গিয়ে ঝিলমের গায়ে হাত দেওয়াতেই ঝিলম একটা হাত তুলে তাকে একটা ধাক্কা মারল। অত বড় চেহারা নিয়েও সাত হাত দূরে ছিটকে পড়ে গেল জুকভ!
নী চেঁচিয়ে বলল, ঝিলমদা, এরা আমাদের শত্রু নয়। বন্ধু! এরা আমাদের উদ্ধার করতে এসেছেন।
ইউনুস বলল, ও কিছু শুনতে পাচ্ছে না!
ধাক্কা খেয়ে পড়ে গিয়েও জুকভ কিন্তু রেগে গেল না। সে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ওর গাটা ঠান্ডা! ওকে নেওয়া যেতে পারে।
একজন উদ্ধারকারী বলল, আমি দুঃখিত, মাসাল জুকভ। ঠান্ডা হোক, গরম থোক। ওর গা থেকে আগুন বেরুচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই অবস্থায় ওকে নিচে নিয়ে গেলে আইন ভঙ্গ হবে!
ঝিলম হঠাৎ হেসে উঠল হা-হা করে। লোহার শিকলের ঝংকারের মতন সেই হাসির শব্দ। তারপর সে উঠে দাঁড়িয়ে এগোতে লাগল দরজার দিকে। তার হাঁটার ভঙ্গিটা মানুষের মতন নয়, খারাপ হয়ে যাওয়া রোবটের মতন।
রা আর্ত গলায় বলল, ওকে আটকান, আপনারা ওকে আটকান।
কেউ কিছু করবার আগেই ঝিলম পৌঁছে গেল দরজার কাছে। অন্য রকেটটি গায়ে-গায়ে লেগে আছে। ঠিক যেমন পা দিয়ে নৌকো সরিয়ে দেওয়া হয়। সেইরকম ভাবে ঝিলম অন্য রকেটটির গায়ে একটা লাথি মারল। অসীম তার ক্ষমতা! অন্য রকেটটি একটু সরে যেতেই ঝিলম ঝাঁপ দিল শূন্যে।
রা আর নী একসঙ্গে কেঁদে উঠল।
জুকভ চোখ বুজে ফেলে বলল, ইস, ছি-ছি-ছি! ঝিলম এত ভালো ছেলে, এরকম দুঃসাহসী অভিযাত্রী আমি খুব কম দেখেছি। তার এই পরিণতি! সব শেষ!
ইউনুসই একমাত্র ঘাবড়াল না। সে বলল, রা তুমি এরকম করছ কেন?
মিডাস নক্ষত্রের কথা মনে নেই? ঝিলমের কিছু হবে না?
তারপরই সে বেতার-টেলিফোনটা তুলে নিয়ে বলল, রাইন, রাইন! খুব জরুরি, তুমি শুনতে পাচ্ছ? ঝিলম একলা নেমে পড়েছে, তোমরা ওকে গুলি করার চেষ্টা করো না…
রাইন বলল, একলা নেমে পড়েছে মানে? প্যারাসুট ডাইভ? এখানে একটা ফোর্স ফিল্ড আছে জানো না? সোজা আছড়ে পড়ে গুঁড়ো-গুঁড়ো হয়ে যাবে!
ইউনুস বলল, ঝিলমের সেসব কিছু হবে না। ঝিলম সেসবের ঊর্ধ্বে চলে গেছে। আমি শুধু বলছি, ওর গায়ে আগুন জ্বলছে তোমরা দেখতে পাবে। কিন্তু ওটা আগুন নয়। ওর কোনও ক্ষতি করার চেষ্টা করো না। বন্ধুত্বের দিব্যি দিলাম। তুমি ঝটিকা বাহিনীকে জানিয়ে দাও!
তারপর সে জুকভের দিকে ফিরে বলল, শিগগির চলুন!
.
০২.
রাষ্ট্রসঙেঘর শান্তি বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল লী পো আজই পৌঁছেছেন আর্মস্ট্রং সেন্টারে। গত শতাব্দীর প্রথম মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন-এর নামে একটি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে মঙ্গলগ্রহে, তিনি সেটা উদ্বোধন করতে গিয়েছিলেন। তারপর ভিনাসে যাওয়ার পথে তিনি এখানে থেমেছেন দু-দিন বিশ্রাম নেওয়ার জন্য।
জেনারাল লী পো-র বয়স হয়েছে। দুপুরে তিনি একটু ঘুমোতে ভালোবাসেন! তা ছাড়া অনেকদিন বাদে তিনি এখানে ভালো-ভালো আসল জাপানি খাবার খেয়েছেন।
তার ঘুম ভাঙিয়ে শান্তি বাহিনীর একজন পদস্থ অফিসার একটি চমকপ্রদ খবর দিল।
আকাশ থেকে একজন মানুষ নাকি এখানে একা-একা নেমেছে। আগুন বেরুচ্ছে তার গা দিয়ে। কিছুতেই বন্দি করা যাচ্ছে না তাকে। কোনও অস্ত্রই তার গায়ে লাগছে । নীল আর্মস্ট্রং-এর মূর্তির সামনে দাঁড়িয়ে সে নাকি পাগলের মতন হা-হা করে হাসছে।
ঘুম চোখ রগড়াতেরগড়াতে জেনারেল লী পো বললেন, কী সব গাঁজাখুরির কথা শোনাচ্ছ আমাকে। এখানে কোনও আবহাওয়াই নেই, তার মধ্য দিয়ে কোনও মানুষ এমনি-এমনি নামতে পারে? কোনও মানুষের পক্ষে এক মিনিটও বেঁচে থাকা অসম্ভব।
অফিসারটি বলল, সার, তা হলে বোধহয় এ মানুষ নয়, আমি নিজে চোখে দেখে এসেছি। সে বেঁচে আছে।
মানুষ নয়, তবে কী।
অনেকে বলছে, মানুষের মতন চেহারা হলেও আমাদের বিজ্ঞানের অজানা কোনও প্রাণী। কেউ-কেউ বলছে দেবতা!
লী পো ভুরু কুঁচকোলেন!
বহু জায়গা ঘুরে তিনি দেখেছেন যে বিজ্ঞানের এত উন্নতি হলেও এখনও অনেক বৈজ্ঞানিকের মনে নানা রকম কুসংস্কার আছে। তারা কেউ মনে করে যে এই মহাশূন্যের কোথাও দেবতাদের বাস। স্বর্গ বলে একটা জায়গা আছে।
তিনি বললেন, চলো তো, দেখে আসি!
আর্মস্ট্রং সেন্টারে মনোরেল চলে চব্বিশ ঘণ্টা। তাতে চেপে যে-কোনও জায়গায় পৌঁছানো যায়।
চঁদে প্রথম যে মানুষটি পা দিয়েছিল সেই নীল আর্মস্ট্রং-এর একটি বিশাল মূর্তি আছে এখানে। সেখানে পৌঁছে দেখা গেল দারুণ ভিড় জমে গেছে। রক্ষী বাহিনীর লোকেরা ঘিরে রেখেছে মাঝখানের জায়গাটা। সেখানে সত্যিই দাঁড়িয়ে আছে মানুষের মতন চেহারার একটি প্রাণী। তার শরীর থেকে লকলক করছে আগুনের শিখা।
লী পো স্তম্ভিত হয়ে গেলেন। সত্যিই লোকটি আকাশ থেকে নেমেছে?
রক্ষী বাহিনীর প্রধান এসে জানাল, সার, আমরা একে জান দিয়ে বন্দি করবার চেষ্টা করেছি, পারিনি। ঘুমপাড়ানি গুলি ছুঁড়েছি, ওর গায়ে লাগেনি। এমনকী গুড়ো করার যন্ত্র চালু করেছি, তাতেও এর কিছু হয়নি। একে বন্দি করার সাধ্য আমার নেই!
লী পো জিগ্যেস করলেন, এ কী কারুর কোনও ক্ষতি করার চেষ্টা করেছে?
প্রধান জানাল, না, সার, তা করেনি। কিন্তু ওর গা দিয়ে আগুন বেরুচ্ছে, সেটাই তো যথেষ্ট বিপদের কারণ! প্রতি মুহূর্তে এখানকার অমূল্য বাতাস খরচ হয়ে যাচ্ছে!
লী পো এগিয়ে গিয়ে প্রথমে এসপারান্টো ভাষায় জিগ্যেস করলেন, হে আগুন্তুক, আমি শান্তি বাহিনীর অধ্যক্ষ, গ্রহ-গ্রহান্তরে, সৌরমন্ডলে, মহাশূন্যে শান্তি আসুক। আপনি কে?
অগ্নিময় প্রাণীটি কোনও উত্তর না দিয়ে হা-হা করে হাসলেন!
লী পো এবারে সরল ইংরিজিতে জিগ্যেস করলেন, আপনি কে?
একই রকম ব্যাপার হল।
তারপর তিনি চীনা, স্প্যানি