
অলিন্দ
সমরেশ বসু
পরিচ্ছেদ ১
শুভার দীর্ঘশ্বাস পড়ে। ভাবে, কে তার এমন নাম রেখেছিল। শুভা। ছি ছি! যে মেয়ে এমন একটা প্রকাণ্ড অশুভা, অশুভ যার চারপাশে মৌরসিপাট্টা করে গেড়ে বসে আছে, তার শুভা নামটাই একটা ঠাট্টা।
দীর্ঘশ্বাস ফেলে, গরাদহীন জানালাটার ধারে, ঠাণ্ডা দেওয়ালে গাল পেতে, ও বাইরের দিকে চেয়ে থাকে। ঘরের মধ্যে অন্ধকার। জানালা দরজা প্রায় সবই বন্ধ। শুধু এই জানালাটাই শুভা খুলে দিয়েছে। এটা পুবের জানালা, ঠাণ্ডা বাতাস আসে না। সব বন্ধ করে কেমন যেন নিশ্বাস বন্ধ হয়ে আসে। খাট, বিছানা, ওয়ারড্রব আলমারি, ড্রেসিংটেবল, পাশের আর একটা ঘরের সোফাসেট, বইয়ের আলমারি, সেক্রেটারিয়েট টেবল, সবই যেন ওকে গিলতে আসে। আলো জ্বালাতে আরও খারাপ লাগে। তখন। যেন নিজের অসহায় অবস্থাটা আরও বেশি করে চোখে পড়তে থাকে। রাত্রি হলেই, যে উদ্বেগ থার্মোমিটারের পারার মতো ডিগ্রিতে ডিগ্রিতে বাড়তে থাকে, আলো জ্বাললে যেন সেই অসহায় উদ্বিগ্নতা আরও তীব্র হয়ে উঠতে থাকে।
অথচ ঘর অন্ধকার করে দিয়েও থাকতে পারে না। মনে হয়, একটা ভয়ংকর অন্ধকার হাঁ যেন গিলতে আসছে। তখন জানালা খুলে দিয়ে, বাইরের দিকে চেয়ে থাকলে, তবু যেন একটু স্বস্তি বোধ হয়। তবু যেন মনের অন্ধকার থেকে একটু বেরিয়ে আসা যায়। তবু যেন এ ঘরের পরিবেশ থেকে, নিজেকে একটু অন্য কোথাও নিয়ে যাওয়া যায়।
কিন্তু এও যেন এক যক্ষপুরীর দেশ। এই দোতলা ঘরের চারপাশে, আটতলা দশতলা ছতলা চারতলা বিশাল ইমারতগুলো যেন বুকের ওপর দাঁড়িয়ে আছে। এই দোতলা বাড়িটার, পুবের এই জানালার নীচে, অনেকখানি জমি নিয়ে কেমন করে এত বড় একটা গ্যারেজ বজায় রাখা গিয়েছে, শুভা বুঝতে পারে না। নীচের দিকে তাকালেই মস্ত বড় ঢেউ-খেলানো অ্যাসবেসটরের চালটা যেন ওর চোখের সামনে, রৌদ্র-ছায়ার নানা রঙে, পুকুরের মতো টলটল করে। এ বাড়ি আর গ্যারেজের মাঝখানে, ডান দিক ঘেঁষে একটা জামগাছও রয়েছে। সেখানে পাখিদের জটলা হয়। গ্যারেজের চালে, ভোরবেলাতেই কাকেরা ভিড় করে। এ বছরের মরশুমে, জামগাছে, জাম হতেও দেখেছে শুভ। কেউ-ই প্রায় খায় না। অ্যাসবেসটরের সাদা চালে, পাকা জাম পড়ে পড়ে জাম রঙের ছোপ লেগে যায়। কোনও কোনও দিন হয়তো দেখা গিয়েছে, গ্যারেজের কোনও ছোকরা ক্লিনার বা মেরামতি মিস্তিরি বা ড্রাইভার চালে উঠে জাম পাড়ছে। তাও, গ্যারেজের দরোয়ানকে লুকিয়ে চুরিয়ে। তার চোখে পড়লেই চিৎকার করে গাল দেয়।
এখানে আর কারাই বা জাম খাবে। চারপাশে যারা আছে, তারা বোধ হয় কেউ জাম খায় না। তারা হয়তো স্ট্রবেরি বা পিচ বা আঙুর খেতেই ভালবাসে। জামের স্বাদ জানে না। অধিকাংশই তো অ্যাংলো-ইন্ডিয়ান, পার্শি, বড়লোক মুসলমান, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধনী অবাঙালি এবং বাঙালিরা এই সব আকাশ-ছোঁয়া বাড়িগুলোতে থাকে। দু-তিন ফুটের একটা পরিত্যক্ত জমির ফালিতে, কোথায় একটা জামগাছ আছে, এখানকার অধিবাসীদের চোখেও পড়ে না বোধ হয়। পাশেই নিউ মার্কেট। সেখানে মরশুমের সময় ধুয়ে মুছে রঙিন ডালিতে জাম রাখা হয়, তাই হয়তো চোখে পড়ে। ইচ্ছে হলে কেনে।
জানালা দিয়ে, আশেপাশে, কত রকমের পরিবার, দম্পতি, মেয়ে পুরুষ শিশুদের যে দেখতে পায় শুভা। মনে হয়, শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবীর সব রকমের মানুষ এখানে আছে। রুশ, আমেরিকান, ইংরেজ, ফরাসি, সব রকম। এ পাড়াটাই তো সেই রকম। তবে, একটা কথা খালি মনে হয়, জামা কাপড় শাড়ি ফ্রক যা কিছুরই তফাত থাক, যাদের যেমনই খাবার হোক, তবু যেন সব মিলিয়ে, এরা সব এক রকম। এদের দেখলেই মনে হয়, এরা এক আলাদা জগতের মানুষ। এরা পাশাপাশি থাকে, কথাবার্তা তেমন বলে না, পাশাপাশি মেলামেশা নেই, তবু এরা যেন একই গোষ্ঠীর ভিন্ন ভিন্ন পরিবার।
কেবল একটা বাড়িকেই, আগে আগে খুব রহস্যময় মনে হত। পশ্চিমের জানালা খুললে, চারতলা প্রকাণ্ড বাড়িটার পিছন দিক দেখা যায়। শুভা শুনেছিল, ওটা একটা হোটেল। এখন জানতে পেরেছে, ওটা হোটেলের নামে চলে বটে, আসলে লুকিয়ে মেয়েদের দেহের ব্যবসা বাড়ি। বে-আইনি ব্যবসা, শহরের এমন জায়গায়, এত বড় বাড়িতে, দিনে রাত্রে চলে, অথচ পুলিশ নাকি কিছুই জানে না। ভাবলে, শুভার মতো মেয়েরও, ঠোঁট বেঁকে যায়। সত্যিই তো, অপরাধীরা লুকিয়ে পাপ করে। পুলিশ কেমন করেই বা জানবে। এই সব অপরাধীরা তো দিনের বেলা মিছিল করে অপরাধ করে না। পুলিশ এদের ওপর ঝাঁপিয়ে পড়ে কেমন করে!
প্রথম প্রথম শুভা দেখত, বাড়িটার যে কোনও জানালাই যখন খোলে, সব জানালাতেই আলাদা আলাদা মেয়ের মুখ। আবার, কয়েক দিন যাকে দেখা গেল এক জানালায়, কয়েক দিন পরে, আবার অন্য মেয়ের মুখ সেখানে। হয়তো, শ্যামাঙ্গিনীর জায়গায়, এক গৌরাঙ্গী ফুক-ফুক করে সিগারেট খাচ্ছে। আর শ্যামাঙ্গিনীকে দেখা গেল, অন্য জানালায়, গেলাসে করে কী যেন চুমুক দিচ্ছে। প্রথমে অবাক কৌতূহল, তারপরে চমক। দুপুরে সন্ধ্যায় রাত্রে, আলাদা আলাদা পুরুষের চেহারা হঠাৎ দেখা যেত। জানালাগুলো অধিকাংশ সময় তো বন্ধই থাকে। হঠাৎ হঠাৎ খুলে যায়, আর হঠাৎ হঠাৎই ওরকম দেখা যায়। তারপর আরও কিছু চোখে পড়তে আরম্ভ করেছিল। মেয়ে পুরুষের নানান আচরণ। শরীরের নগ্নতা, আচরণের নগ্নতা চোখে পড়েছিল।
প্রথম দিনটা ভয়ে বিস্ময়ে চমকে উঠেছিল, যখন দেখেছিল, উলঙ্গ মেয়ে পুরুষ, রাস্তার কুকুরের মতো খেলা করছে। মুহূর্তের জন্যেই। মুহূর্তের জন্যেই হয়তো তাদের খেলার আবেশে, জানালা খোলা ছিল। তারপরেই বন্ধ হয়ে গিয়েছিল।
তারপরেও যেটুকু বুঝতে অসুবিধে ছিল, সেটুকুও বুঝিয়ে দিয়েছিল একদিন এক মত্ত শক্ত হাত। শুভার ঘাড় চেপে ধরে, পশ্চিমের জানালাটার কাছে নিয়ে গিয়েছিল। জানালাটা খুলে, চারতলা বাড়িটার দিকে দেখিয়ে বলেছিল, বেশি তেড়িবেড়ি করলে, ওই বাড়িটায় ঢুকিয়ে দিয়ে আসব। সতীর যত সতীত্বপনা, বিলকুল ওখানে মিলে যাবে। সতীর বিচার যারা করে, কাজিরা সব ওই বাড়িতে আছে। ছেনালি!
তারপরে আর কিছু বোঝবার ছিল না। কিন্তু তারপরে, পশ্চিমের জানালা খুলে প্রকাণ্ড চারতলা বাড়িটা যত বার চোখে পড়েছে, শুভার বুকের মধ্যে কেমন করে উঠেছে। সেই কেমন করাটা কেবল ভয় না। কল্পনায় যেন ও বাড়ির খোপে খোপে মেয়েদের সে দেখতে পায়। কল্পনায় নিজেকেও যেন সেখানে দেখতে পায়। আর তৎক্ষণাৎ মুখে হাত চাপা দিয়ে, শক্ত হয়ে ওঠে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।
শুভা পশ্চিমের জানালাটা খুলতে এখন ভুলেই গিয়েছে। তা ছাড়া, এই শীতের সময় তো খোলবার কোনও দরকারও নেই।
শীতের রাত্রি। চারিপাশেই নিঝুম। মাঝে মাঝে গ্যারেজে এসে গাড়ি ঢুকছে। তাও শব্দ শোনা যাচ্ছে। চারপাশের আকাশ-ছোঁয়া বাড়িগুলোর শত শত জানালা। যেন শত শত আলো ঝলসানো চোখ। বাতি জ্বালানো ব্যালকনিগুলো যেন ভিন্ন ভিন্ন ছাঁদের শূন্যে দোলানো দোলনা। কোনও কোনও বিল্ডিংয়ের এলিভেটর-এর ওঠানামা কাঁচের শার্সি দিয়ে দেখা যাচ্ছে।
কিন্তু নিঝুমতা যতই ঘনিয়ে আসে, জানালাগুলো ততই অন্ধকারে ডুবে যেতে থাকে, ব্যালকনির দোলনাগুলো হারিয়ে যেতে থাকে। ঘরে ঘরে বাতি নিভতে থাকে, তাই সবই অন্ধকারে ডুবে যেতে থাকে। যেন যক্ষপুরীর ঘরে ঘরে ঘুম নেমে এসে, বাতি নিভিয়ে দিতে থাকে। বন্ধ কাঁচের ঝিকিমিকিও চোখে পড়ে না। কেবল সিঁড়ি বা বারান্দার দু-একটা আলো জ্বলতে থাকে। বিশাল ইমারতগুলোকে এখন মনে হয়, ঋজু বাঁকা বা বৃত্তের নানা আকারে, অতিকায় জীবগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে।
চারপাশের আলো যত নিভে যায়, আকাশের তারাগুলো যেন ততই জেগে ওঠে। নক্ষত্রেরা যেন অনেক নীচে নেমে আসে, উঁচু বাড়িগুলোর ছাদের কাছাকাছি। শহরের আলো যতক্ষণ জ্বলে, ততক্ষণ নক্ষত্র কাছে আসে না। চারপাশে যতই নিঝুমতা নেমে আসে, গ্যারেজে গাড়ি আসার শব্দও ততই কমে আসে। আর শুভার বুকের মধ্যেও উদ্বেগ থরথরানি বাড়তে থাকে।
বাইরের অন্ধকার যত বাড়ে, শব্দ যত কমে, ততই যেন এক ভয়ংকর পায়ের শব্দ দূর থেকে ওর কানে এসে বাজতে থাকে। বুকের মধ্যে বিধতে থাকে, একটা উৎকণ্ঠা ভয় আর যন্ত্রণা পাক দিয়ে দিয়ে উঠতে থাকে। জানালার ধারে দেওয়ালের গায়ে, আরও চেপে ধরে নিজেকে। যেন আড়াল করতে চায়। শরীরটা রক্তশূন্য মনে হতে থাকে। নিশ্বাস ঘন হয়ে আসে, যেন হাঁফ লাগে।…
হঠাৎ আটতলা বাড়িটার, কয়েকটা জানালায় আলো ফুটে উঠতে থাকে। দু-একটা গলার উঁচু স্বর শোনা যায়। হয়তো কিছু একটা ঘটেছে। কেন না, গলার স্বর ক্রমেই বাড়তে থাকে। শুভা অবাক হয়ে চেয়ে থাকে। প্রথমেই ওর মনে অশুভ চিন্তা জাগে। কেউ কি মারা গেল। না কি, বিশেষ কোনও দুর্ঘটনা ঘটেছে। আলোগুলো জ্বলে ওঠা আর গলার স্বরের ডাকাডাকিগুলো শুনলে, একটা অশুভ ঘটনার মতোই মনে হয়।
ভাবতে ভাবতেই, শুভা চমকে আটতলা বাড়িটার ছাদের দিকে তাকাল। ও কি সত্যিই দেখতে পাচ্ছে, আলসেহীন ছাদের ওপর দিয়ে, একটা মানুষের মূর্তি এক দিক থেকে, আর এক দিকে ছুটে যাচ্ছে। তা হলে কি চোর নাকি! লোকটা ওখানে উঠল কী করে। কে লোকটা। বাড়িরই লোক, নাকি বাইরের লোক। বাইরের অচেনা লোক দরোয়ানের চোখ ফাঁকি দিয়ে ঢুকবে কেমন করে। ঢুকলেও, সিঁড়ি বেয়ে, দরজা খুলে, ছাদে উঠবে কোন সাহসে!
ইতিমধ্যে চারপাশের গোলমাল আরও বেড়ে উঠতে থাকে। জানালায় জানালায় নানা মুখের উঁকিঝুঁকি। এ জানালা থেকে, ও জানালায় নানান জিজ্ঞাসাবাদ, কোন দিকে গেল? পালিয়েছে? নীচে নেমে যায়নি তো! ছাদে গেছে বোধ হয়…
নানান জনের নানান কথা। নানা দিকে ছুটোছুটি। দশতলা ছ তলাগুলোতেও আলো জ্বলে উঠতে আরম্ভ করেছে। চারদিক থেকে শত শত চোখের মতো জানালাগুলোতে আলো জ্বলে উঠছে। আলো ছড়িয়ে পড়ছে।
অন্ধকার ঘর থেকে, শুভাই একমাত্র পলাতককে দেখতে পাচ্ছে। মুর্তির ভাব-ভঙ্গিই বলে দিচ্ছে, সে-ই পলাতক। তার পিছনেই লোক ছুটছে। কিন্তু কোন সাহসে লোকটা ছাদে উঠেছে। এইবারই তো সবাই ওকে ধরে ফেলবে।
কিন্তু শুভার বুকের কাছে নিশ্বাস আটকে গেল। দুই চোখে ওর আতঙ্ক। আটতলা বাড়িটার দুটো অংশ, দুটো ব্লক। মাঝখানে দশ বারো ফুটের মতো ফাঁক। দুই অংশেরই ছাদে, বড় বড় জলের ট্যাঙ্ক। একটা দুই ইঞ্চি ডায়ামেটারের পাইপ, এক ছাদের ট্যাঙ্ক থেকে আর এক ছাদের ট্যাঙ্কে জোড়া লাগানো। শুভা দেখল, লোকটা সেই পাইপ ধরে ঝুলে পড়েছে। প্রাণে বাঁচবার চেয়ে, ধরা পড়ার ভয় কি এত বেশি? লোকটা তো পড়ল বলে! শুভা স্পষ্ট দেখতে পাচ্ছে, মসৃণ পাইপটা, লোকটার ভারে ভোঙা হয়ে পড়ছে, বেশ জোরে জোরে দুলছে। কিন্তু লোকটা থামছে না।
ইতিমধ্যে কয়েকটা টর্চের আলো লোকটার গায়ে পড়ল। ফ্ল্যাট বাড়িগুলোর নীচে, ওপরে, জানালায় জানালায় চিৎকার শোনা গেল, ওই যে, পাইপ বেয়ে যাচ্ছে। অন্য ব্লকে চলে যাচ্ছে।
কয়েকটা টর্চের আলো, লোকটাকে যেন সঙ্গিনের মতো বিধে আছে। সেই আলোতেই শুভা দেখতে পেল, কয়েকটা ঢিল এবং জুতো নীচের থেকে কারা ছুড়ছে। তার মধ্যে একটা মাত্র ঢিলই লোকটার প্যান্ট-পরা হাঁটুর কাছে স্পর্শ করল।
কিন্তু লোকটা না থেমে, একটু একটু করে এগিয়েই চলেছে। পাইপের মাঝামাঝি যখন এসেছে, তখন পাইপটাকে প্রায় ধনুকের মতো বাঁকা দেখাল। আর লোকটা হঠাৎ যেন থেমে গেল। শুভা নিশ্বাস বন্ধ করে, দাঁতে দাঁত টিপে রইল। নিশ্চয়ই লোকটা আর ঝুলে থাকতে পারছে না। হাত নিশ্চয়ই ঘেমে ভিজে উঠেছে। শরীরের ভার আর ধরে রাখতে পারছে না। পড়বার পর, ওকে আর কারুর মারবার দরকার হবে না। আটতলা উঁচু থেকে পড়ে, এমনিতেই শেষ হয়ে যাবে।
পড়ে যাবার দৃশ্যটা সহ্য হবে না বলে, শুভা জানালার পাশ থেকে সরে আসতে গেল। আর লোকটা তখনই, বন্ধ মেশিন চালু হয়ে যাওয়ার মতো, আবার চলতে আরম্ভ করল। শুভা যেন বিশ্বাস করতে পারছে না। সত্যি লোকটার এত জোর! না কি মরার ভয়েতেই, এরকম শক্তি পাচ্ছে। কোথায় চুরি করতে এসেছিল লোকটা! এমনকী চুরি করতে এসেছিল, যে জন্যে এমন ভয়াবহ বিপদে পড়তেও ভয় পায়নি।
ইতিমধ্যে, যে ব্লকের দিকে লোকটা চলেছে, সেই ব্লকের ফ্ল্যাটগুলোর জানালায় জানালায় আলো জ্বলে উঠতে আরম্ভ করেছে। পালাবার কোনও উপায়ই নেই। লোকটা কি তা বুঝতে পারছে না। যদি বুঝতে পেরে থাকে, তবে এমন ভয়ংকর ভাবে জীবন-সংশয় করে, পাইপ বেয়ে পালাতে গেল কেন।
লোকটার জন্যে, শুভার উদ্বেগের কোনও কারণই থ