Home
অন্ধকারে সবুজ আলো

অন্ধকারে সবুজ আলো

সুনীল গঙ্গোপাধ্যায়

অন্ধকারে সবুজ আলো

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byমেঘ বালিকা23-Apr-2025

Change color

সেদিন সকালবেলাতেই বিমান খবর পেল যে তার বন্ধু স্বপন গত রাত থেকেই ৫।অজ্ঞান হয়ে আছে। এখনও জ্ঞান ফেরেনি। সবেমাত্র বালিগঞ্জের লেকে সাঁতার কেটে বাড়িতে ফিরছে বিমান। সামনের মাসে বাঙ্গালোরে সাঁতারের কমপিটিশনে যোগ দিতে যাবে। লেক থেকে বাড়ি ফিরে রোজই সে আর একবার কলের জলে স্নান করে নেয়। সেদিনও বাড়ি ফিরে বাথরুমে যাচ্ছিল, এমন সময় প্রিয়ব্রতর ফোন এল।

কী রে বিমান, লেক থেকে ফিরলি কতক্ষণ? শোন, কতক্ষণে রেডি হতে পারবি?

কে, প্রিয়দা? কেন, রেডি হব কেন? কোথায় যেতে হবে বলত।

আমি এক্ষুনি বেরুচ্ছি। গিয়ে বলব।


কিন্তু কোথায় যাব এখন? আমার তো আজ কলেজ আছে।


কলেজে আজ আর যাওয়া হবে না। একবার দক্ষিণেশ্বরে যেতে হবে রে!


দক্ষিণেশ্বরে? হঠাৎ এই সক্কালবেলা?


কেন, তুই শুনিশনি কিছু? স্বপনের যে এখনও জ্ঞান ফেরেনি রে!


স্বপন? আমাদের স্বপন? জ্ঞান ফেরেনি মানে? কী হয়েছে ওর?


স্বপনের ঠিক যে কী হয়েছে, তা প্রিয়ব্রতও জানে না। সারারাত স্বপন অজ্ঞান হয়ে আছে, এইটুকুই শুধু সে জেনেছে। স্বপনের মামা প্রিয়ব্রতকে আজ ভোরে ফোন করেছিলেন। শুধু বোঝা গেল তিনি খুব ভয় পেয়ে গেছেন।


স্বপনদের বাড়ি ভবানীপুরে। কিন্তু কয়েকদিন ধরে স্বপন দক্ষিণেশ্বরে তার মামার বাড়িতে রয়েছে, এ খবর বিমান জানত। সেই জন্যেই স্বপনের সঙ্গে বিমানের দেখা হয়নি একদিন। পাঁচদিন ছুটি থাকার পর আজই ওদের কলেজ খুলছে।


ঝাঁ করে স্নান সেরে, চটপট দু-খানা টোস্ট আর একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়ে বিমান জামা-প্যান্ট পরে জুতোয় ফিতে বাঁধছে এমন সময় প্রিয়ব্রতর গাড়ির হর্ন বেজে উঠল রাস্তায়। তিনতলার বারান্দা থেকে বিমান হাত নেড়ে ‘আসছি’ বলেই ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে নামতে লাগল।


প্রিয়ব্রত বি. এ. পাশ করার পর পুলিশের চাকরি পেয়েছিল। কিন্তু কিছুদিন করার পর তার আর ও-চাকরি ভালো লাগল না। তখন ওই চাকরি ছেড়ে দিয়ে একটা বেশ বড় কোম্পানিতে সিকিউরিটি অফিসারের কাজ নিয়েছিল। কিন্তু সে চাকরিতেও তার মন টিকল না। বাঁধাধরা কোনও কাজই তার পছন্দ হয় না। এখন তাকে বরং বেকারই বলা যায়। তবে ওদের অবস্থা বেশ ভালো। এর মধ্যে কোথায় যেন একটা নিলাম থেকে সে একটা পুরোনো জিপ গাড়ি কিনে সেটাকে সারিয়ে-টারিয়ে টকটকে লাল রং করে নিয়েছে। প্রায়ই সে বলে এই গাড়িটা নিয়ে সে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়বে। স্বপন আর বিমানকেও সে সঙ্গী হিসেবে নিতে রাজি। কিন্তু সত্যি-সত্যি কবে যে যাওয়া হবে, তার ঠিক হয়নি এখনও।


জিপের স্টিয়ারিং-এর সামনে বসে শিস দিয়ে প্রিয়ব্রত একটা গান গাইছিল। বিমান এসে তার পাশে বসতেই জিপে স্টার্ট দিল। এখান থেকে দক্ষিণেশ্বর অনেক দূরের পথ।


জিপটা চলতে শুরু করতেই বিমান জিগ্যেস করল, প্রিয়দা, স্বপন হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেল সে কথা ওর মামা কিছু জানাননি তোমায়? অমন সুস্থ, সবল ছেলে!


না। মনে হচ্ছে, ওর মামার বাড়ির কেউ-ই কারণটা ঠিক বুঝতে পারেননি। কোনও জায়গা থেকে পড়ে যায়নি, মাথায় কেউ ডান্ডাও মারেনি। শরীরে কোনও চোট নেই। হঠাৎ অজ্ঞান! তা-ও একেবারে সারা রাত ধরে অজ্ঞান! হারে, তুই কি জানিস, স্বপন আগে কখনও এরকম অজ্ঞান হয়েছে?


না তো।


এতক্ষণ অজ্ঞান হয়ে থাকাটা খুবই আশ্চর্যের ব্যাপার, ভয়েরও। ওকে হাসাপতালে পাঠানো উচিত ছিল।


ওকে অজ্ঞান অবস্থায় কোথায় পাওয়া গেছে?


ছাতে।


দক্ষিণেশ্বরে স্বপনের মামাবাড়ির ছাতের দৃশ্যটা মনে পড়ল বিমানের। সে ওখানে কয়েকবার গেছে। দেখবার মতন ছাত একটা। পুরোনো আমলের বাড়ি, মস্ত বড় ছাত। সেখানে অন্তত দেড়শোটা নানা জাতের ফুলের টব। কতরকমের ফুলই না রয়েছে সেখানে! বেশিরভাগ ফুলেরই নাম জানে না বিমান। স্বপন অবশ্য জানে। স্বপন গাছপালা খুব ভালোবাসে। ওই ছাতের বাগানটার জন্যেই স্বপন মাঝে-মাঝেই মামার বাড়িতে যায়। ছাতের মাঝখানে খড়ের ছাত দেওয়া একটা ঘর আছে। মামার বাড়িতে থাকার সময় সেখানে বসেই স্বপন পড়াশুনো করে।


প্রিয়ব্রত একটু পরে বলল, শুনলুম, কাল দুপুরেই নাকি ওখানকার একটা ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল স্বপনের।


বিমান অবাক হয়ে জিগ্যেস করল, স্বপন ঝগড়া করেছিল? যাঃ!


স্বপনের চেহারা রোগা পাতলা, মাথার চুল কোঁকড়া-কোঁকড়া, চোখে পুরু লেন্সের চশমা। ওই চশমা ছাড়া স্বপন প্রায় দেখতেই পায় না। স্বপন সবসময় হাসিঠাট্টা করতে আর মজা করে কথা বলতে ভালোবাসে, কখনও রেগে যায় না। সেই স্বপন কারও সঙ্গে ঝগড়া করেছে, এ কথা শুনলে তো আশ্চর্য হতেই হয়।


প্রিয়ব্রত বলল, ওদের পাড়ায় গুন্ডা মতন কিছু ছেলে আছে জানিস তো? তাদের কাজই হল লোকের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা। সেইরকমই একটা ছেলে–


কিন্তু তারা ঝগড়া করতে চাইলেও স্বপন তো উলটে ঝগড়া করার ছেলে নয়!


শোন না! দুপুরবেলা স্বপন ওই ছাতের ঘরে বসে বই পড়ছিল। এক সময় সামনের রাস্তায় খুব চাচামেচি হচ্ছে শুনে উঠে এসে রেলিং নিয়ে উঁকি মারলো। রাস্তায় কতকগুলো বেশ বড়-বড় ছেলে তখন ক্যাম্বিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। স্বপনকে দেখতে পেয়েই তারা বলল, তাদের বলটা ওভার বাউন্ডারি হয়ে ওদের হাতে চলে এসেছে। সেটা ফেলে দিতে বলল তারা। স্বপন এতক্ষণ বই পড়ছিল মন দিয়ে, বলটা পড়েছে কিনা টেরই পায়নি। তা ছাড়া অতবড় ছাতের কোনও একদিকে বল পড়লে টের না পেতেও পারে। সে খোঁজাখুঁজি করেও বলটা পেল না। চেঁচিয়ে ওদের বলল যে, বলটা পাওয়া গেল না। বোধহয় উড়ে অন্য কোথাও গিয়ে পড়েছে। কিন্তু রাস্তার ওই ছেলেগুলো শুনবে কেন সে কথা? ওরা বললে যে ওরা নিজেরা এসে দেখতে চায়। ওদের বাধা দেওয়ারও উপায় নেই! ওরা উঠে এল ছাতে–


হঠাৎ প্রিয়ব্রত ঘ্যাঁচ করে ব্রেক কষল। রাস্তার মাঝখানে ড্রপ খাচ্ছে একটা ক্যাম্বিস বল, আর সেটা ধরার জন্য পাগলের মতন ছুটে আসছে একটা ছেলে। দেখা গেল ডান পাশের গলিতে ইটের উইকেট সাজিয়ে ক্রিকেট খেলা চলছে।


ছেলেটা বলটা কুড়িয়ে নিয়ে যাওয়ার পর প্রিয়ব্রত আবার গাড়িতে স্টার্ট দিয়ে বলল, শীত কবে শেষ হয়ে গেছে, এখনও পাড়ায়-পাড়ায় গলির মধ্যে ক্রিকেট খেলা চলছে! মনে হয় ভিশি কি গাভাসকার কি কপিলের অভাব হবে না আমাদের দেশে! তারপর একটু দুঃখের সুরে বলল, কত ছেলে যে চাপা পড়ে এইভাবে!


প্রিয়দা, তুমি কখনও গলিতে ক্রিকেট খেলেছ?


খেলেছি বইকি। উপায় কী বল, কলকাতায় কটাই বা খেলার মাঠ আছে!


যাকগে, এখন বলো স্বপনের ওখানে কী হল তারপর? এতসব কথা তোমায় জানালই বা কে?


স্বপনের ছোটমামা ইন্দ্রবাবু। তিনিই তো আমায় টেলিফোন করেছিলেন। তুই হয়তো জানিস না, ওই ইন্দ্রদার কাছে আমি পড়েছি এক সময়। ইন্দ্রদার ধারণা, আমি এখনও পুলিশে কাজ করি।


বুঝেছি। তারপর?


ছেলেগুলো তো ছাতে এসে বলটা খোঁজাখুঁজি করতে লাগল। কিছুতেই আর পায় না। ওদের ছাতে এত ফুল গাছ, তার মধ্যে কোথায় লুকিয়ে আছে বলটা! খুঁজে পাওয়া সত্যিই শক্ত!


তাতে স্বপনের সঙ্গে ওদের ঝগড়া হবে কেন?


ওদের ধারণা হল, স্বপন বলটা লুকিয়ে রেখে, ইচ্ছে করেই ওদের দিচ্ছে না।


স্বপন তা করতেই পারে না।


সে তো তুই বলছিস। কিন্তু ওদিকে ব্যাপারটা কী হল জানিস, স্বপন ওদের সঙ্গে রসিকতা করতে গিয়েই মুশকিল বাধাল। ওদের মধ্যে বেশ একটা ষন্ডা-গুন্ডা মতন চেহারার ছেলের হাতে ছিল ব্যাট। স্বপন তাকে বলল, আপনিই বলটা মেরেছিলেন তো? আপনার যা চেহারা, তাতে মনে হয় আপনি এত জোরে হাঁকড়েছিলেন যে বলটা এতক্ষণে উড়তে উড়তে স্বর্গে পৌঁছে গেছে! সেই কথা শুনে রেগে গেল ছেলেটা, বলল, খুব তো দাঁত বের করে কথা বলা হচ্ছে। এখন বলটা কোথায় লুকিয়ে রেখেছ, বার করো তো চাদু! স্বপন তার উত্তরে আকাশের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে একটা ফুটকি দেখতে পাচ্ছেন, ও–ই যে…মনে হচ্ছে আপনার বলটা এখনও স্বর্গের দিকে ছুটে চলেছে।


স্বপনের এই রকম ইয়ার্কি করাই তো স্বভাব? বলল বিমান।


কিন্তু সবাই তো ইয়ার্কি বোঝে না, আর হাসতেও জানে না! রেগে যাওয়া বরং সহজ। স্বপনের কথা শুনে সেই ছেলেটা রেগে গরগর করতে লাগল। ওদিকে অন্য ছেলেরা বলটা খুঁজতে গিয়ে ততক্ষণে ফুলগাছগুলো একেবারে তছনছ করেছে, দু-একটা টব উলটেও দিয়েছে। তাই দেখে স্বপন ক্ষুব্ধ হয়ে বলল, আপনারা এভাবে গাছ নষ্ট করছেন কেন? পুরোনো বলটা গেছে যাক, আপনাদের আমি একটা নতুন বল কেনার পয়সা দিচ্ছি। যে-ই না এই কথা বলা, অমনি তেলে-বেগুনে জ্বলে উঠল সেই ছেলেটা। দাঁত মুখ খিঁচিয়ে বলল, বড্ড যে টাকার গরম দেখাচ্ছ ঈদ। আমাদের চেনো না দেখছি। বলটা এক্ষুনি। বের করো, নইলে তোমার মুণ্ডুটা নিয়েই আজ ক্রিকেট বল বানাবো!


বিমান হেসে উঠল।


প্রিয়ব্রত বলল, তুই হাসছিস! কিন্তু ওই সব ছেলেদের বিশ্বাস নেই, যখন খুশি যা-তা কোনও কাণ্ড করে ফেলতে পারে।


বিমান বলল, স্বপন শান্ত ছেলে, কিন্তু আমি হলে তক্ষুনি ওই ছেলেটার মুখের মতো জবাব দিয়ে দিতুম। হ্যাঁ, তারপর কী হল?


তারপর স্বপনের ছোটমামা এসে ছেলেগুলোকে বল কেনবার জন্যে পাঁচটা টাকা দিলেন। ওরা টাকাটা নিল ঠিকই, কিন্তু স্বপনের ওপর ওদের রাগ রয়েই গেল। যাওয়ার সময় সেই ছেলেটা স্বপনকে বলে গেল, বিকেলের মধ্যে আমাদের বলটা যদি ফেরত না পাই, তা হলে দেখো তোমার কী হয়!


এবার বুঝলুম, ইন্দ্ৰমামা কেন সকালবেলা তোমাকেই ফোন করেছিলেন।


ওঁরা বরানগর থানাতেও খবর দিয়েছেন। আমিও ওখানকার থানায় খবর নিলুম। ও. সি. আমার চেনা। ও. সি. আমায় বললেন, স্বপনদের মামার বাড়ির পাড়ায় ছোট এককড়ি নামে একটা উঠতি মস্তান আছে। খুব রগচটা, মারামারি করে একবার জেলও খেটেছে। কিন্তু সে যে স্বপনদের কোনও ক্ষতি করেছে, তার কোনও চিহ্ন বা প্রমাণ নেই। ছেলেটা শুধু মুখে ভয় দেখিয়েছে, আর কিছু করেনি। স্বপনও কাল সারাদিনে একবারও বেরোয়নি বাড়ি থেকে।


স্বপন কাল অজ্ঞান হয়েছে কখন?


‘রাত সাড়ে নটা-দশটার সময়! ওদের বাড়িতে শিবু বলে একটা ছেলে কাজ করে। সে ছাতে এসেছিল স্বপনকে খাওয়ার জন্যে ডাকতে। এসে দেখল ছাতের ঘরটার ঠিক দরজার সামনেই চিত হয়ে পড়ে আছে স্বপন। অনেকবার ডেকেও সাড়া না পেয়ে সে—


গাড়িটা আবার আটকাল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। ট্র্যাফিক জ্যাম। ওদের জিপটার ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা বিরাট গাড়ি। সে-গাড়িতে এক ভদ্রলোকের পাশে বসে আছে একটা ন-দশ বছরের ছেলে। বোধহয় স্কুলে যাচ্ছে। বাচ্ছা ছেলেটি জিপটার দিকে দেখিয়ে বলল, বাবা, দ্যাখো, দ্যাখো, কীরকম লাল টুকটুকে জিপ গাড়ি।


আমার ওইরকম একটা খেলনা জিপ আছে না?


প্রিয়ব্রত ছেলেটির দিকে তাকিয়ে একটু হাসল।


বিমান বলল, সত্যি, প্রিয়দা, তুমি গাড়িটার এমন রং করেছ, ঠিক যেন মনে হয় ডিংকি টয়। সবাই তাকিয়ে-তাকিয়ে দেখে!


প্রিয়বত্র বলল, আমি তো তা-ই চাই!


একটু বাদে গাড়িটা শ্যামবাজার পেরিয়ে বি. টি. রোড ধরে ছুটতে লাগল।


বিমান জিগ্যেস করল, পুলিশ কি এই ছোট এককড়ি না কী যেন ওই ছেলেটাকে ধরেছে?


প্রিয়ব্রত বলল, ধরবে কেন? বিনা প্রমাণে পুলিশ কারুকে ধরে রাখতে পারে? পুলিশ ভোরবেলা ওর কাছে গিয়ে কিছু কথা জিগ্যেস করে এসেছে। ছোট-এককড়ি বলেছে, সে কিছু জানে না। সামান্য একটা ক্যাম্বিসের বলের জন্য সে কি কাউকে মারতে পারে?


ধরো, এমন তো হতে পারে, ওই ছোট এককড়ি বা অন্য কেউ চুপি-চুপি সন্ধের পর ও-বাড়ির ছাতে উঠে এসে স্বপনকে কিছু দিয়ে মেরে অজ্ঞান করে পালিয়েছে!


তুই তো আচ্ছা বুন্ধু! মারলে দাগ থাকবে না? রক্ত বেরোবে না? সে-সব কিছুই নেই।


শুনেছি রবারের ডান্ডা কি বালির বস্তা দিয়ে মারলে কোনও দাগ থাকে না, রক্তও বেরোয় না, কিন্তু খুব লাগে।

<

**********
No Review
Related Books
Loading books…