
হুপা
সুনীল গঙ্গোপাধ্যায়
সেবারে আমরা রামপুরহাট বেড়াতে গিয়েছিলাম৷ স্টেশন থেকে পাঁচ-ছ’মাইল দূরে একটা বড় ইস্কুল আছে৷ তখন পুজোর ছুটি, অত বড় ইস্কুল বাড়িটা ফাঁকা, হস্টেলে একটিও ছাত্র নেই৷
আমাদের এক বন্ধু জীবনময় ওই ইস্কুলের ইতিহাসের মাস্টার৷ সে আমাদের চিঠি লিখেছিল, পুজোর সময় এদিকে বেড়াতে চলে এসো না৷ জায়গাটা খুব চমৎকার, খুব ভালো পুঁইশাক আর সজনে ডাঁটা পাওয়া যায়৷ আর রামপুরহাটের বেগুন তো বিখ্যাত৷ আমাদের ঠাকুর খুব ভালো ঝিঙেপোস্ত রান্না করে৷ অবশ্য এখানকার মুরগিগুলোও বেশ মোটাসোটা৷ আর থাকার জায়গারও কোনো অসুবিধে নেই৷ এক একজন দু’তিনখানা করে ঘর নিয়ে শুতে পারে৷
চিঠি পেয়েই আমি, রতন আর অসীম আর তার বউ জয়া আর ওদের ছেলেমেয়ে ভুটানি আর বাবুয়া রওনা হয়ে পড়লুম৷ আমরা আগে কেউ রামপুরহাট যাইনি, দেখেই আসা যাক জায়গাটা৷
স্টেশনে নেমেই আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম৷ মোটরগাড়ি যখন প্রথম আবিষ্কার হয়েছিল, ট্যাক্সিটা বোধহয় সেই সময়কার৷ তার হর্ন বাজে না৷ কিন্তু সারা গাড়িতেই এমন ঝকার ঝক হুড়ুম হাড়াম শব্দ হয় যে হর্নের কোনো দরকারই নেই৷ ট্যাক্সিটা দেখলেই রাস্তার লোক দৌড়ে মাঠে নেমে যায় আর অন্য গাড়িগুলো অনেক দূরে থেমে পড়ে৷ মনে হয়, এখানে ট্যাক্সিটা বেশ বিখ্যাত৷
আমাদের অবশ্য বেশ ভালো লাগছিল৷ ট্যাক্সিতে বসে লাফাতে লাফাতে যাচ্ছি৷ একসঙ্গে ট্যাক্সি চড়া আর ঘোড়ায় চড়া হয়ে যাচ্ছে৷
তখন বিকেলবেলা৷ গাড়িটা শহর ছাড়বার পরেই রাস্তার দু’পাশের দৃশ্য বেশ সুন্দর৷ অনেক দূর পর্যন্ত ঢেউ খেলানো মাঠ৷ ঠিক পাহাড় নেই, তবে, অনেকটা পাহাড় পাহাড় ভাব৷ লাল রঙের পাথরের ঢিপি, আর মাঝে মাঝে বিরাট বিরাট গাছ৷ আর আকাশটাকে বেশ জমকালো করে সূর্য ডুবছে৷ ঠিক যেন একটা ছবি৷ অর্থাৎ চুলকাটার সেলুনের ক্যালেন্ডারে যে-রকম ছবি থাকে, ঠিক সেইরকম৷
আমরা মুগ্ধ হয়ে সেই ছবি দেখছিলাম, ইতিমধ্যে ট্যাক্সিওয়ালা আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল৷ সে আমাদের নিয়ে যাচ্ছিল তারাপীঠে৷ এখান নাকি সবাই তারাপীঠের মন্দির দেখতে আসে৷ আমরা ইস্কুলে যাব শুনে সে তো খুব অবাক৷ ছুটির সময় আবার কেউ ইস্কুলে যায় নাকি?
যাই হোক, কোনোরকমে তো পৌঁছোনো গেল৷ ইস্কুলের গেটেই দাঁড়িয়েছিল জীবনময়৷ হাতে একটা বিরাট লম্বা লাউ, ঠিক একটা গদার মতন৷ আমাদের দেখে একগাল হেসে বলল, তোরা আসবি বলে এক্ষুনি এই লাউটা কিনলুম৷
রতন অমনি ধমক দিয়ে বলল, মোটেই আমরা লাউ কিংবা পুঁইশাক কিংবা সজনেডাঁটা খেতে এখানে আসিনি৷ নিরামিষ খেলে আমার হেঁচকি ওঠে৷
জীবনময় বলল, দু’কেজি বড় বড় চিংড়িমাছও কিনেছি অবশ্য!
অসীম বলল, লাউ-চিংড়ি জিনিসটা অবশ্য মন্দ নয়৷ কিন্তু মোটা মোটা মুরগিগুলো কোথায়?
জয়া বলল, একি, এসেই তোমরা খাওয়ার কথা শুরু করলে যে!
ভুটানি আর বাবুয়া ডন-বৈঠক দিতে শুরু করেছে৷ ট্যাক্সির ঝাঁকুনিতে ওদের গায়ে ব্যথা হয়ে গেছে৷ তারপরই ওরা একছুটে চলে গেল বাগানে৷
জিনিসপত্র দিয়ে আমরা চলে এলাম হস্টেলে৷ বারোখানা ঘর৷ সবগুলোই ফাঁকা৷ বেশ অনেকদিন বাদে আমাদের একটা ছাত্র ছাত্র ভাব এল৷ আমরা ছাত্রদের খাটেই শোবো, তাদের চেয়ার-টেবিলেই বসব৷ শুধু আমাদের পড়াশোনো করার জন্য তাড়া দেবার কেউ নেই৷
হস্টেলের পাশেই বিরাট বড় মাঠ৷ অনেক রকম গাছপালাও রয়েছে৷ ভুটানি আর বাবুয়া বেশ খানিকক্ষণ সেখানে হুটোপুটি করার পর ঝগড়া করতে করতে ফিরে এল৷ ভুটানি আর বাবুয়ার বয়েস তেরো আর এগারো, কিন্তু ওরা মাঝেমাঝেই বড় ঝগড়া করে৷
ট্রেনে আসবার সময় বাবুয়া একটা বাঁশের বাঁশি কিনেছিল৷ এখানে খেলতে খেলতে সেটা একবার একটা গাছের তলায় রেখেছিল৷ আর খুঁজে পাচ্ছে না৷ সে বলছে, ভুটানি সেটা নিয়েছে৷
আর ভুটানি বলছে, মোটেই আমি নিইনি৷ ওই পচা একটা বাঁশি নিতে আমার বয়ে গেছে!
সে দু’হাত তুলে দেখাল, কোথায় বাঁশি? আমার কাছে আছে!
বাবুয়া বলল, তুই নিশ্চয়ই লুকিয়ে রেখেছিল কোথাও!
আমরা ওদের ঝগড়া থামালাম৷ সন্ধে হয়ে গেছে৷ আমি বললাম, কাল সকালে আমিই খুঁজে দেবো বাঁশিটা৷ বাগানে নিশ্চয়ই কোথাও পড়ে আছে৷
রাত্তিরে খাওয়াদাওয়া বেশ ভালোই হল৷ হস্টেলের ঠাকুরটা ভাগ্যিস ছুটি নেয়নি৷ রান্না সে ভালোই করে৷ শুধু ডাল রাঁধতে জানে না৷ ডালের বাটিতে নেমে অনায়াসে সাঁতার কাটা যায়৷
খাওয়ার আগে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল৷ আমরা তার মানে বুঝতে পারিনি৷ সন্ধের পর আমরা চা খাচ্ছিলাম৷ রতন ওর চায়ের কাপটা নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল৷ আমরা ঘরের মধ্যে! চমৎকার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল৷ ইউক্যালিপটাস পাতার গন্ধ৷ রতন গান গাইছিল আপন মনে৷ একটু বাদে ঘরের মধ্যে ফিরে এল৷ চায়ের কাপটা বারান্দাতেই রেখে এসেছে৷ সেটা মনে পড়তেই বারান্দায় ফিরে গিয়ে দেখল কাপটা নেই৷
রতন চেঁচিয়ে বলল, আরে আমার চায়ের কাপ কোথায় গেল?
আমরাও বারান্দায় গিয়ে খুঁজলাম৷ চায়ের কাপটা পাওয়াই গেল না৷
জয়া বলল, নিশ্চয়ই আপনি কাপটা ভুল করে অন্য কোথাও ফেলে এসেছেন৷
রতন বলল, না, এই তো রেলিং-এর ওপর রেখেছিলাম৷
রেলিং-এর ওপর কেউ কাপ রাখে? নিশ্চয়ই নীচে পড়ে গেছে৷ আমরা সবাই মিলে বকলাম রতনকে৷ রতন নীচে গিয়েও দেখে এল৷ সেখানে ভাঙা কাচের টুকরোও পড়ে নেই৷ তাহলে চায়ের কাপ কোথায় যাবে? অর্ধেক চা-ভর্তি কাপ তো আর হাওয়ায় উড়ে যেতে পারে না৷ রতনের যা ভুলো মন৷ নিশ্চয়ই অন্য কোথাও রেখেছে কখন৷
জীবনময় তখন শহরে গিয়েছিল কয়েকটা জিনিসপত্র কিনতে৷ সুতরাং কাপের ব্যাপারটা আমরা একটু বাদে ভুলে গেলাম৷
এখানে কলের জল নেই৷ হস্টেলের বাইরে বেশ বড় একটা কুয়ো আছে৷ উঁচু করে পাড় বাঁধানো৷ বেশ ঠান্ডা পড়েছে, মুখ ধোয়ার জন্য কেউ বাইরে যেতে চায় না৷ কুয়ো থেকে বালতি ভরে ভরে জল আনা হতে লাগল ভেতরে৷ আমিই কুয়ো থেকে জল তুলছিলাম৷ পরিশ্রম করলে শীত কেটে যায়৷
জল তোলা শেষ হলে বালতি-টালতি নিয়ে ভেতরে আসবার পর খেয়াল হল চটিটা ফেলে এসেছি৷ ফিরে এসে দেখি চটি জোড়া অদৃশ্য হয়ে গেছে৷
আমি বুঝে গেলুম, এটা রতনের কাণ্ড৷ খানিকটা আগে চায়ের কাপের জন্য ওকে বকেছি বলে ও আমার চটি লুকিয়েছে৷ ফিরে গিয়ে আমি কাউকে কিছু না বলে রতনের চটি নিজের পায়ে পরে নিলাম৷
রতন একটু বাদেই বলল, এই, তুই আমার চটি পরেছিস কেন?
আমি বললাম, তুই আমার চটি কোথায় লুকিয়েছিস দে!
আমি তো তোর চটি নিইনি৷
কুয়োর ধার থেকে তুই যে আমার চটি পরে চলে এলি?
না সত্যিই না৷
তখন টর্চ নিয়ে আমরা দু’জনে আবার গেলাম কুয়োর ধারে৷ অনেক খোঁজাখুঁজি করেও চটি পাওয়া গেল না৷
রতন তখন চোখ গোলমাল করে বলল, একি ভূতুড়ে ব্যাপার নাকি? আমার কিরকম সন্দেহ হচ্ছে!
চাঁদ ওঠেনি, তাই ঘুটঘুটে অন্ধকার৷ চারদিক নির্জন৷ এর মধ্যে ভূতের নাম করা মোটেই উচিত নয়৷
আমি তবু সাহস সঞ্চয় করে বললাম, যাঃ ভূতে চটি নিয়ে কি করবে?
তাহলে চটি জোড়া গেল কোথায়? এই মাত্র ছিল এখানে৷
কিন্তু ভূতে কখনো জুতো নেয়, তা শুনিনি! ভূতেরা তো জামাকাপড়ই পরে না৷ জামাকাপড় না পরে শুধু চটি কেউ পায়ে দেয়?
চটি পরা একটা ভূতের কথা চিন্তা করতেই আমার হাসি পেল! আমি বললাম, নিশ্চয়ই কুকুর-টুকুর এসে—
রতন বলল, আমার চায়ের কাপটাও কি কুকুরে নিয়েছে?
এমন সময় একটা হালকা বাঁশির আওয়াজ শোনা গেল বাগান থেকে৷ কেউ যেন নতুন বাঁশি শিখছে৷
রতন ভয় পেয়ে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, শুনতে পাচ্ছিস? বাবুয়ার যে বাঁশিটা হারিয়ে গিয়েছিল—
এবার আমারও একটু সন্দেহ হল৷ কিন্তু রতনের কাছে সাহস দেখানো দরকার৷ তাই বললাম, চল বাগানটা খুঁজে দেখে আসি৷
রতন কাঁপা কাঁপা গলায় বলল, জীবনময়কে ডাকি তাহলে?
আমি বললাম, ওকে ডাকতে হবে কেন? আমরা দু’জনে তো আছি, সঙ্গে টর্চ রয়েছে৷
দু’জনে খুব ঘেঁষাঘেঁষি করে বাগানটা ঘুরে দেখলাম৷ কোথাও কেউ নেই৷ বাঁশির শব্দটাও থেমে গেছে৷ টর্চের আলোয় একসময় দেখতে পেলাম, একটা গাছের তলায় বাবুয়ার বাঁশিটা পড়ে আছে৷ মাঝখান থেকে ফাটা, সেটা থেকে শব্দ বেরুবার কথা নয়৷
দু’জনে ছুটতে ছুটতে ফিরে এলাম হস্টেলে! রতন সোজা জীবনময়ের সামনে দাঁড়িয়ে বলল, এখানে ভূত আছে, আমাদের বলিসনি কেন?
জীবনময় অবাক হয়ে বলল, ভূত! ভূত আবার কি?
আলবাৎ এখানে ভূত আছে৷
তোদের মাথা খারাপ৷ এই হস্টেলে আটচল্লিশজন ছাত্র থাকে৷ তাদের সামনে ভূত তো দূরের কথা ব্রহ্মদৈত্যও আসতে সাহস করবে না৷ আজকালকার ছাত্রদের তো চিনিস না৷
রতন তবু বলল, তাহলে সুনীলের চটি, আমার চায়ের কাপ অদৃশ্য হয়ে যাচ্ছে কি করে?
বাবুয়া আর ভুটানি ভূতের কথা শুনেই চ্যাঁচামেচি শুরু করে দিয়েছে৷ আর জীবনময় হো-হো করে হাসছে৷ এরকম সময় হাসি কারুর ভালো লাগে?
একসময় হাসি থামিয়ে জীবনময় বলল, সত্যি হুপার কথাটা তোমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল৷
আমরা তিন-চারজন মিলে একসঙ্গে জিজ্ঞেস করলাম, হুপা? হুপা আবার কে?
জীবনময় বলল, সে একটা সাঙ্ঘাতিক চোর৷ তার জ্বালায় এখানকার সব লোক অস্থির৷
চোরের কথা শুনে সকলের ভূতের ভয় কমে গেল৷ বাবুয়া বলল, চোরটাকে পুলিশে ধরতে পারে না?
জীবনময় বলল, ধরবে কি করে, তাকে দেখতেই পাওয়া যায় না! সে যে কখন আসে আর কখন যায়, কেউ টের পায় না৷ তবে, সে খুব বড় কিছু কিংবা দামি কোনো জিনিস এখনো চুরি করেনি৷ তাই সব সময় লোকে পুলিশে খবরও দেয় না!
বলতে বলতেই জীবনময় ধড়ফড় করে উঠে দাঁড়াল৷ ব্যস্ত হয়ে বলল, কুয়োতলায় বালতি ফেলে আসোনি তো? তাহলে এতক্ষণ গেছে৷
সবাই মিলে কুয়োতলা ছুটলাম৷ অন্য বালতিগুলো ভেতরে আনা হয়েছিল৷ কিন্তু যে বালতি দিয়ে জল তোলা হয় সেটা দড়ির সঙ্গে বাঁধাই ছিল৷ গিয়ে দেখি সেটা হাওয়া হয়ে গেছে!
রাত্তিরে আমরা জানালা-দরজা বন্ধ করে শুয়ে রইলাম৷ সকালে উঠে দেখা গেল আর কিছু চুরি যায়নি৷
চা-টা খেয়ে আমরা বেড়াতে বেরুলাম৷ কাছেই একটা ছোট নদী আছে৷ বেশ টলটলে জল৷ একটু দূরে দূরে গ্রামও রয়েছে কয়েকটা৷ সেরকম একটা গ্রাম পেরুলেই পশ্চিম বাংলা শেষ হয়ে বিহার৷ বাবুয়া আর ভুটানি ছুটে ছুটে একবার পশ্চিম বাংলায় একবার বিহারে আসা-যাওয়া করতে লাগল৷ তাই দেখে রতন বলল, একেই বলে আন্তঃরাজ্য দৌড় প্রতিযোগিতা!
ফিরে এসে শুনলাম, আমাদের জন্য যে দুটি মুরগি কিনে রাখা হয়েছিল, সে দুটোই চুরি হয়ে গেছে৷ রান্নাঘরের বারান্দায় একটুক্ষণের জন্য মুরগি দুটোকে রেখে ঠাকুর ভেতরে গিয়েছিল একটা গামলা আনতে, সেই ফাঁকেই হুপা এসে সে দুটো নিয়ে গেছে৷
সেই দুপুরে বাধ্য হয়ে আমাদের নিরামিষ খেতে হল বলে আমরা হুপার ওপর সত্যিই খুব রেগে গেলাম৷
খেয়েদেয়ে দুপুরে ঘুম দিয়ে বিকেলে জেগে ওঠার পর হুপার আর এক কীর্তি দেখা গেল৷ জয়া বাইরের দড়িতে ছেলেমেয়েদের জামা-প্যান্ট আর নিজের একটা শাড়ি কেচে শুকোতে দিয়েছিল৷ সে সব তো গেছেই, এমনকি দড়িটা পর্যন্ত নেই!
অসীম এবার রেখে গিয়ে জীবনময়কে বলল, এ কোন জায়গায় নিয়ে এলি আমাদের? চোরের রাজত্ব একটা!
জীবনময় বলল, না ভাই, এখানে আর কোনো চোর নেই, শুধু হুপার উৎপাতেই নতুন লোকেরা জব্দ হয়ে যায়৷
কেন, হুপা বুঝি পুরোনো লোকদের জিনিস চুরি করে না?