আজ নিয়ে ঠিক নব্বই দিন হল, গোমেজ ফিরল না-মনে মনে এই কথা বলে, পকেট থেকে রুমাল বের করে চশমার কাচ মুছে লাঠি হাতে আবার হাঁটতে শুরু করলেন জনদাদু৷ পথের দু-পাশে সার সার সমাধি৷ তার মধ্যে কয়েকটির বয়স কয়েকশো বছর৷ সমাধির উপর শ্বেতপাথরের চাদরগুলো ভেঙেচুরে গিয়েছে, তার নীচে থেকে ইটগুলো উঁকি মারছে৷