Home
তৃতীয় চক্ষু

তৃতীয় চক্ষু

সুনীল গঙ্গোপাধ্যায়

তৃতীয় চক্ষু

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byশেষ নগরী21-May-2025

Change color


হল্যাণ্ডের অ্যামস্টারডাম শহরে আছে পৃথিবী বিখ্যাত হীরের বাজার। সেখানে সারি সারি দোকানে যে কত কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার ঠিক নেই।

সেই বাজারের সবচেয়ে বড় দোকানটির সামনে একদিন দুপুরবেলা একটি কালো রঙের ভ্যান থামলো। তার পিছন দিকের দরজা খুলে লাফিয়ে নামলে চারজন অটোমেটিক রাইফেলধারী গার্ড। তারা দোকানটির দরজার দু’দিকে এমন ভাবে অস্ত্র উঁচিয়ে দাঁড়ালো যে, মনে হলো তক্ষুনি কেউ সামনে এলেই তারা গুলি চালাবে।


সেই দোকানটির সামনেই মস্ত বড় একটা স্কোয়ার। সেখানে সারা বছরই টুরিস্টদের ভিড় লেগে থাকে। আজ বেশ সুন্দর ঝকঝকে রোদ উঠছে, বাতাস হালকা ধরনের ঠাণ্ডা, আজ সেখানে পৃথিবীর নানান দেশের প্রায় হাজার খানেক নারী—পুরুষ বেড়াতে এসেছে। অনেকেরই তো হীরে— জহরৎ কেনার সাধ্য নেই, তারা ওই সব দোকানের শো—উইণ্ডোর কাছে দাঁড়িয়ে দুর্লভ সব হীরে দেখে সাধ মেটায়। সাধারণতঃ পুলিশ টুলিশ সেখানে থাকে না। থাকলেও তারা দূরে দাঁড়িয়ে ছদ্মবেশে পাহারা দেয়।



আজ ওই বড় দোকানের সামনে অস্ত্রধারী গার্ডদের দেখে টুরিস্টর ভরে দূরে সরে গেল।


তখন সেই ভ্যান থেকে নামলো একটি রোগা, লম্বা লোক। তার হাতে একটি ছোট্ট মখমলের বাক্স। সে দ্রুত পায়ে ঢুকে গেল দোকানের মধ্যে।


আসলে এইসব দোকানে ছোটখাটো ও মাঝারি ধরনের হীরে থাকে প্রচুর। কিন্তু যে—সব হীরে পৃথিবী বিখ্যাত, সেগুলো ডাকাতদের ভয়ে দোকানে রাখা হয় না। সেগুলো থাকে ব্যাঙ্কের ভল্টে। খুব বড় ধরনের কোনো ক্রেতা এলে ওই সব হীরে ব্যাঙ্ক থেকে আনালো হয় কিছুক্ষণের জন্য। অনেক সময় যে—সব বিখ্যাত হীরে উধাও হয়ে গেছে, অনেকদিন কোনো সন্ধান পাওয়া যায়নি, সেরকমও দু’—একটি হীরে হঠাৎ পাওয়া যায় অ্যামস্টারডামের এইসব দোকানে। এই তো মাস দেড়েক আগেই স্টার অফ সাউথ নামে বহুকাল ধরে হারিয়ে যাওয়া একটি দারুণ দামী হীরে একটা দোকানে ফিরে এসেছিল। সেটা বিক্রি হলো সাতাশ লক্ষ ডলারে, সারা পৃথিবীতে সেই খবর ছাপা হয়েছিল।


আজও বোধহয় সেই রকমই কোনো হীরে এসেছে, তাই এত পাহারার ব্যবস্থা!



দোকানটির একেবারে ভেতরের দিকে, মালিকের ঘরে বসে আছেন এক আমেরিকান দম্পতি। পুরুষটির বয়েস পঞ্চাশের কিছু বেশি, ছ’—ফুটেরও বেশি লম্ব চেহারা, সেই রকমই সুগঠিত স্বাস্থ্য। ইনি টেক্সাসের একটা মস্ত বড় তেল কোম্পানির মালিক, মিঃ টম শেফার্ড। ওদের দেশে তেল মানে অবশ্য পেট্রোল। টম শেফার্ডের স্ত্রীর বয়েস মোটে বাইশ বছর, ছিপছিপে তরুণী, অসাধারণ সুন্দরী। এর নাম গ্লোবিয়া।


এই দু’জন মালিকের ঘরে অধীরভাবে অপেক্ষা করছিলেন, এক সময় এসে পৌঁছলো মখমলের বাক্সটি। দোকানের মালিকটিও মধ্যবয়সী, মাথায় চকচকে টাক, মুখ দেখলেই বোঝা যায় খুব ধূর্ত।


দোকানের মালিক এবারে একটা দেরাজ খুলে দু’হাতে দুটি সাদা দস্তানা পরে নিলেন। তারপর মখমলের বাক্সটির ওপর হাত রেখে বললেন, এক্ষুনি আপনারা যে হীরেটি দেখবেন, সেই বিশ্বের একটি বিস্ময়। লোকে কোহিনূর হীরের কথাই বেশি বলে। তারপর রাশিয়ার জারিনা দ্বিতীয় ক্যাথরিনের ‘অরলভ’ নামের হীরেও খুব বিখ্যাত। ইণ্ডিয়ার বিখ্যাত হীরে ‘হোপ’, যেটা এখন আছে অ্যামেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে, সেটার কথাও সবাই জানে। কিন্তু এই যে হীরেটি, ‘ইভনিং স্টার’, এর কোনো তুলনা নেই। প্রথমে এটা পাওয়া যায় ইন্ডিয়ায়। এক মহারাজার সম্পত্তি ছিল। এটা সেখান থেকে যায় ইজিপ্টে। নেপোলিয়ান ইজিপ্ট জয় করে এটা নিয়ে যান ফ্রান্সে। তিনি এটা মাদাম মেরি ওয়ালেউস্কা নামে একটি মহিলাকে উপহার দিয়েছিলেন। তারপর বেশ কিছুদিন হীরেটা ছিল পোলাণ্ডে। আবার সেটিকে কিনে নেন ইজিপ্টের রাজা ফারুক। সেই ফারুকের সিংহাসন চলে যাবাব পর হীরেটার সন্ধান পাওয়া যাচ্ছিল না বহুদিন। তারপর সম্প্রতি রোমে এই ‘ইভিনিং স্টার’ দেখতে পাওয়া গেল। সেখান থেকেই আমাদের হাতে এসেছে।



টম শেফার্ড জিজ্ঞেস করলেন, রোম থেকে কে আপনাদের এটা বিক্রি করলো?


দোকানের মালিক বললো, সেটা আমাদের গোপন রাখতে বলা হয়েছে। তবে এটাই যে সেই আসল ‘ইভনিং স্টার’ তাতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের দোকানের এমনই সুনাম যে, আমরা যে হীরেকে খাঁটি বললো, সারা পৃথিবী তা বিশ্বাস করবে।


দোকানের মালিক কিন্তু বাক্সটা এখনো খুলছেন না।


টম শেফার্ডের স্ত্রী গ্লোরিয়া উৎসুক ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাক্সটির দিকে।


টম শেফার্ড জিজ্ঞেস করলেন, এই ‘ইভনিং স্টার’—এর ওজন কত?


দোকানের মালিক বললেন, হীরেটা ইন্ডিয়ায় যখন পাওয়া যায়, তখন এর ওজন ছিল একশো ষোল ক্যারাট। কিন্তু ভালো ভাবে কাটা ছিল না। ইন্ডিয়াতে আগেকার ধনী লোকেরা হীরের ওজনের ওপরেই বেশি গুরুত্ব দিত। কিন্তু হীরের আসল দাম হয় ঠিক মতন কাটার ওপরে। এটাকে ঠিক মতন কেটে এখন ওজন হয়েছে বিরাশি ক্যারাট।



টম শেফার্ড বললেন, তাও তো যথেষ্ট বড়। কোহিনূরের এখন ওজন একশো নয় ক্যারাট, আর ‘হোপ’ নামে যে হীরেটির কথা আপনি বললেন তার ওজন, অনেক কাটাকাটির পর চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ ক্যারাটা। আর সাউথ আফ্রিকার একসেলশিয়র নামে যে বিরাট হীরেটি পাওয়া গিয়েছিল, সেটা এখন অনেকগুলো টুকরো হয়ে গেছে, সবচেয়ে বড় টুকরোটির ওজন ৬৯° ৮০ ক্যারাট, তাই না?


দোকানের মালিক চোখ বড় বড় করে বললেন, আপনি হীরে সম্পর্কে অনেক কিছু জানেন দেখছি। তা হলেই বুঝুন, ‘ইভনিং স্টার’ কেন এত বিখ্যাত।


গ্লোরিয়া অধীর ভাবে জিজ্ঞেস করলো, আমরা হীরেটা দেখবো না?


দোকানের মালিক বললেন, নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। এবার দেখাচ্ছি। তার আগে আপনি দুটি গ্লাভস পরে নেবেন। আমার কাছে নতুন গ্রাভস আছে। খালি হাতে এই হীরে ধরা ঠিক নয়।


গ্লোরিয়া নিজের হাত ব্যাগ খুলতে খুলতে বললো, আমার সঙ্গেই নিজের গ্লাভস আছে। ধন্যবাদ। গ্লোরিয়া দু’হাতে পরে নিল দুটি সাদা দস্তানা।



দোকানের মালিক ম্যাজিক দেখাবার ভঙ্গি করে মখমলের বাক্সটি আস্তে আস্তে খুললেন।


সঙ্গে সঙ্গে যেন ঘরের মধ্যে আকাশের একটা নতুন তারা ঝিলিক দিয়ে উঠলো।


প্রথম দেখলে মনে হয়, হীরেটি নীল রঙের। আসলে নীল নয়। কিন্তু ভেতর থেকে একটা নীল আভা বেরিয়ে আসছে। সেই নীল রঙটা কোথা থেকে আসছে সেটা বোঝা যায় না। সেইটাই হীরেটার বৈশিষ্ট্য!


হীরেটার মাঝখানটা চওড়া, দু’দিক সরু হয়ে এসেছে। অনেকটা যেন চোখের গড়ন।


দোকানের মালিক টেবিলের তলার সুইচ টিপে ঘরের আলো নিভিয়ে দিলেন এক মিনিটের জন্য। তখন হীরেটাকে আরও উজ্জ্বল দেখালো। গ্লোরিয়া আঃ, কী সুন্দর! কী অপূর্ব! করতে লাগলো।


আলো আবার জ্বলে ওঠার পর গ্লোরিয়া টপ করে হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তারপর স্বামীর দিকে ফিরে বললো, টম, এই হীরেটা আমার চাই।



টম শেফার্ড বললেন, এটা তোমার এবারের জন্মদিনের উপহার। তারপর তিনি দোকানের মালিককে জিজ্ঞেস করলেন, এটার দাম কত? দোকানের মালিক বললেন, এটার দাম এখন উঠেছে দশ লক্ষ ব্রিটিশ পাউন্ড।


অর্থাৎ, ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকা।


এই দাম শুনেও টম শেফার্ডের একটুও ভুরু কাঁপলো না। তিনি উঠে গিয়ে দরজা খুলে তাঁর সেক্রেটারিকে ডাকলেন। এই সব ধনী লোকদের পকেটে কোনো টাকা কড়ি থাকে না। অনেক সময় একটা টাকাও থাকে না সঙ্গে।


টম শেফার্ডের সেক্রেটারির নাম ফিলিপ লমবার্ড। সে ঘরের দরজার’পরে দাঁড়াতেই টম শেফার্ড বললেন, ফিলিপ; এঁদের দশ লক্ষ ব্রিটিশ পাউণ্ড দেবার ব্যবস্থা করে দাও।


দোকানের মালিককে তিনি বললেন, আপনি হীরেটা আজ বিকেলের মধ্যে আমাদের হোটেলে পাঠিয়ে দেবেন।


তারপর গ্লোরিয়াকে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন।



ঠিক সেই সময় দোকানের গেটের সামনে একটা হুটোপুটি শুরু হয়ে গেল!


একজন ভারতীয় যুবক জোর করে সেই দোকানের মধ্যে ঢোকবার চেষ্টা করছিল, দু’জন রক্ষী তাকে ধরে ফেলেছে। লোকটি তবু জোর করে নিজেকে ছাড়াবার চেষ্টা করতেই একজন রক্ষী তার রাইফেলের মুখটা ঠেকালো লোকটির মাথায়।


দোকানের মালিক বেরিয়ে এসে বললেন, ওকে মেরো না। ওকে পুলিশের হাতে তুলে দাও। রক্ষী দু’জন লোকটিকে ছেঁচড়ে টেনে নিয়ে যেতে লাগলো। তারই মধ্যে সে একবার মুখ ঘুরিয়ে টম শেফার্ডকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলো, মিঃ শেফার্ড। ওই হীরেটা কিনবেন না। আপনার বিপদ হবে। ওটা অপয়া। ওটা অভিশপ্ত। মিঃ শেফার্ড, আমার কথা শুনুন……


রক্ষী দু’জন লোকটির মুখ হাত চাপা দিয়ে দূরে সরিয়ে নিয়ে গেল। আর কিছু শোনা গেল না।


গ্লোরিয়া দারুণ অবাক হয়ে স্বামীকে জিজ্ঞেস করলো, ওই লোকটা কে? ও ওই কথা বললো কেন?


টম শেফার্ড ব্যাপারটা গ্রাহ্য করলেন না। তিনি বললেন, ও কিছু না। চলো, আমাদের লাঞ্চের দেরি হয়ে যাচ্ছে।



দোকানের বাইরে এসে ওঁরা একটা রোলস রয়েস গাড়িতে উঠলেন। তারপর চলে এলেন পাঁচতারা হোটেলে।


ঠিক বিকেল পাঁচটার সময় হোটেলে এসে পৌঁছে গেল ভেলভেটের বাক্সটি। গ্লোরিয়া এবং টম শেফার্ড নিজেদের সুইটে বসে বাক্সাটি খুলে দেখলেন। দোকান থেকে একটি বেশ ভারি ধরনের সোনার হারের মাঝখানে লকেট করে বসিয়ে দেওয়া হয়েছে হীরেটা।


সোনার এই হারের জন্য দোকান থেকে কোনো দাম চাওয়া হয়নি! অবশ্য দশ লক্ষ পাউণ্ড হীরেটার দাম শুনেও দরাদরি করেননি টম শেফার্ড।


গ্লোরিয়া বললো, আমার জন্মদিন তো দেড় মাস বাদে। তার আগে আমি এটা গলায় দিয়ে লোককে দেখাতে পারবো না?


টম শেফার্ড হেসে ফেললেন। তিনি হাসেন খুব কম।


তিনি বললেন, অতদিন ধৈর্য ধরতে পারবে না, তাই না। ঠিক আছে, কালকেই তুমি বড় করে একটা পার্টি দাও এই হোটেলে। অন্তত একশো জন অতিথি ডাকো। সেখানে তুমি গলায় এই হীরের গয়নাটা পরে বেরুবে, সবাই জানবে যে ‘ইভনিং স্টার’—কে আবার বহুকাল পরে খুঁজে পাওয়া গেছে।



তখন দু’জনে বসে বসে অতিথিদের তালিকা বানাতে লাগলেন। শুধু অ্যামস্টারডাম নয়, লন্ডন—প্যারিস—রোম থেকেও বন্ধুবান্ধবরা আসবে। প্লেনে উড়ে আসতে আর কতক্ষণহ বা লাগে।


সন্ধের সময় শেফার্ড দম্পতি আবার নামলেন হোটেলের একতলার লবিতে। তাঁদের এক জায়গায় নেমন্তন্ন আছে।


টম শেফার্ড গাড়ির জন্য হোটেলের দারোয়ানকে বলতে যাবেন, এমন সময় হঠাৎ একটি ভারতীয় যুবক তাঁর সামনে এসে দাঁড়িয়ে পড়ে বললো, মিঃ শেফার্ড, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। কয়েক মিনিট সময় দেবেন?


টম শেফার্ড মানুষের মুখ খুব মনে রাখতে পারেন। তিনি ভুরু কুঁচকে বললেন, কী ব্যাপার? আজ দুপুরে হীরের দোকানের সামনে তোমাকেই দেখেছিলাম না? পুলিশ তোমাকে এরই মধ্যে ছেড়ে দিল?


ভারতীয় যুবকটি বললো, আপনি একটু আড়ালে চলুন। আপনার সঙ্গে আমি পাঁচ মিনিট কথা বলতে চাই।


টম শেফার্ড বললেন, দুঃখিত। আমার হাতে সময় নেই।



গ্লোরিয়া টম শেফার্ডের হাত ধরে বললেন, আমি শুনতে চাই, টম। আমার কৌতূহল হচ্ছে।


টম শেফার্ড গম্ভীর ভাবে বললেন, ঠিক পাঁচ মিনিট!


ভারতীয় যুবকটি বললো, মিঃ শেফার্ড, আমার নাম অমল ভট্টাচার্য। আমি আপনাকে শুধু একটাই কথা জানাতে চাই। আপনি আজ যে হীরেটা কিনেছেন, সেটা ‘ইভনিং স্টার’ নয়। ওটার নাম আসলে ‘থার্ড আই’!


টম শেফার্ড ভুরু কুঁচকে বললেন, ‘থার্ড আই’? এরকম একটা হীরের নাম শুনেছি বটে। কিন্তু ‘থার্ড আই’ তো টাইটানিক জাহাজের সঙ্গে সমুদ্রে ডুবে গেছে।


অমল ভট্টাচার্য বললো, না। লোকে তাই জানে বটে। কিন্তু টাইটানিক জাহাজ থেকে কয়েকজন বেঁচে গিয়েছিল। তাদের আরও দুটো দেশ ঘুরে হীরেটা এখানে ফিরে এসেছে। ‘ইভনিং স্টার’—এর দাম দিয়ে আপনি ‘থার্ড আই’ কিনলে ঠকে যাবেন।

**********
No Review
Related Books
Loading books…