Home
ঋজুদার সঙ্গে অচানক মার এ

ঋজুদার সঙ্গে অচানক মার এ

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে অচানক মার এ

বুদ্ধদেব গুহ
juvenile literature

Posted byবেলা 07-May-2025

Change color

১

বেলা যদিও হয়েছে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পুবে একটি পাহাড় ছিল৷ সেটি ডিঙিয়ে আসতে সূর্যের সময় লাগল প্রায় ঘণ্টাখানেক৷ আমরা বাংলো থেকে অনেকক্ষণ হলই বেরিয়েছি৷ সূর্যটা সবে উঠছে পাহাড়ের ওপাশে৷ তখনও এই অচানক মার-এ শীত শীত ভাব আছে এই মার্চ মাসের মাঝামাঝিতেও৷

কলকাতার মানুষমাত্রই শীতকাতুরে৷ শীত বলতেও সেখানে মাত্র দেড়-দু-মাস৷ তাও তাকে শীত বললে উত্তর ও মধ্যভারতের এমনকী বিহার, ওড়িশা, অসমের মানুষেরাও হাসেন৷

কাল সন্ধেবেলাতেই আমরা এখানে এসে পৌঁছেছি৷


আমরা মানে, ঋজুদা, আমি আর ভটকাই৷ তিনজনে দাঁড়িয়েছিলাম একটা টিলার উপরে, অচানক মার বনবাংলো থেকে মাইল দুয়েক উত্তরে৷ সামনে দিয়ে দুধলি সাপের মতন এঁকেবেঁকে চলে গেছে একটি পাহাড়ি নদী৷ তার বুকের নুড়িময় সাদা বুকে অতি ধীরে ধীরে পাহাড় টপকানো সূর্যর কমলারঙা আভা লাগছে, যেমন করে স্থলপদ্মর পাপড়িতে সকালে লালের ছোপ লাগে৷ এমন ধীরে, যে বোঝা পর্যন্ত যায় না৷


রোদ আরও জোর হলে সেই কমলা ভাবটি কেটে যাবে৷ দুধলি অস্পষ্টতা মুছে গিয়ে নদীর জল সাদা হবে, বালির রং গেরুয়া, পাথরের কালো৷ তখনও রাতের শিশিরে বনজঙ্গল, দূরের ঝিকারপানির পাহাড় সব ভিজে আছে৷ এই বসন্তের ভোরের বন পাহাড় নদীর এক আশ্চর্য গন্ধ ও মোহ আছে, মুগ্ধতাও৷


তিতির, বটের ও ছাতারে ডাকছে চারধার থেকে৷ টিয়া আর চন্দনার ঝাঁক শন শন করে উড়ে যাচ্ছে ঝাঁক ঝাঁক সবুজ তিরের মতন৷ মাথার উপর দিয়ে৷ এমনই ব্যস্তসমস্ত হয়ে, যেন কোনো খুবই জরুরি খবর তাদের পৌঁছে দিতে হবে এখুনি কারও কাছে৷


রাতের সব পাখিরা এখন চুপ৷ একেবারেই চুপ৷ ধীরে ধীরে পাহাড়শ্রেণির পেছনে পুবেরর আকাশ লাল হচ্ছে৷ আলো ফোটার সঙ্গে সঙ্গে কতকিছু ঘটবার সম্ভাবনাও যেন স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে৷ অন্ধকার রাত পোয়ালে, সবকিছু স্পষ্ট, আলোকময় করে, রাতের সব ভয় ও অনিশ্চিতি দূর করে একটি দিন আসছে অনেক আশা নিয়ে৷


আমরা মানে, আমি, ভটকাই আর ঋজুদা দাঁড়িয়েছিলাম কতকগুলো কালো পাথরের স্তূপের পাশে৷ এইরকম স্তূপকেই পূর্ব আফ্রিকার ঘাসের দিগন্তলীন সমুদ্র সেরেঙ্গেটিতে বলে ‘কোপি’৷ বানান অবশ্য Kopje৷


আফ্রিকার সোয়াহিলি ভাষার ব্যাপারই আলাদা৷ ডাক্তারি শাস্ত্রে যেমন অনেক শব্দেরই আগে একটি করে ‘p’ যোগ করে দিতে হয়; যেমন নিউমোনিয়া, থাইসিসের (টি.বি).) বানান আরম্ভ হয় ‘p’ দিয়ে, তেমনই সেখানেও অনেক শব্দের আগে ‘N’ বসে৷ অদ্ভুতভাবে উচ্চারণ করে তারা শব্দগুলো৷ যেমন Ngorongoro, Ndutu, অথচ উচ্চারণ গোরোংগোরো, এবং ডুটু৷


এসব কথা আমি, ঋজুদা, আর তিতির জানি৷ ভটকাইচন্দ্র তো মাত্র সেদিন ঢুকেছে আমাদের দলে৷ তাও আমারই লাগাতার সুপারিশে৷ আফ্রিকাতে তো ও যায়নি৷ ‘গুগুনোগুম্বারের দেশে’-তে অবশ্য শুধুই আমি আর ঋজুদাই গেছিলাম৷ তারপর ভুষুন্ডার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে পরে আবারও যখন ‘রুআহা’-তে গেছিলাম তখন তিতির গেছিল আমাদের সঙ্গে৷ তাই ভাবছিলাম, ভটকাইকে আফ্রিকার কথা বলে লাভ নেই৷ এমনিতেই তো ওর আগবাড়ানো মাতব্বরি আর ডেঁপোমিতে আমি একেবারেই বিরক্ত৷ ঋজুদা যে ওকে শাসন কেন করে না জানি না৷ তিতির এখন দিল্লিতে পড়াশোনা করছে, তাই কিছুদিন হল আমাদের সঙ্গ দিতে পারবে না৷


‘এটা কী নদী? ঋজুদা?’


‘মানে?’


‘মানে, নদীর নামটা কী? তুমি তো এর আগে অনেক বারই এসেছ৷’


ফাটা শুরু হল সাতসকালেই৷ ভটকাইয়ের লাগাতার কথার ধানিপটকা৷ এই চুপ করে দাঁড়িয়ে আমরা মধ্যপ্রদেশের এই অচানক মার-এর আশ্চর্য সুন্দর এক চৈত্রসকালের শান্তিতে যে বুঁদ হয়েছিলাম, সেই শান্তি ছিঁড়েখুঁড়ে গেল৷


ঋজুদার পাইপের ইংলিশ গোল্ডব্লক তামাকের গন্ধে এই মিশ্রগন্ধী সকাল আরও সুগন্ধি হয়ে উঠেছিল৷


পাইপটা মুখ থেকে নামিয়ে ঋজুদা বলল, ‘মনিয়ারী কৈরাহা৷’


‘বাঃ৷’


আমি বললাম অজানিতেই, ‘কী সুন্দর নাম! নদীর নাম মনিয়ারী কৈরাহা?’


‘হ্যাঁ৷’


‘আর সামনে ওই যে পাহাড়টা দেখছিস ওটার নাম ঝিকারপানি৷’


‘তুমি না বললে বিন্ধ্যপর্বতমালা৷’ ভটকাই ফুট কাটল৷


‘তাই তো৷ পর্বতমালা মানেই তো অনেক পর্বতের সমষ্টি৷ পর্বতের মধ্যে কত শত পাহাড় থাকে৷ তাদের নামও থাকে৷ এই ঝিকারপানিরই মতো অসংখ্য নামও দেয় স্থানীয় মানুষেরা তাদের৷ একেকটি পাহাড়ের নামে, নদীর নাম৷ আর শুধু বিন্ধ্যই তো নয়৷ মাইকাল পর্বতমালাও আছে ডান দিকে৷’


তারপর পাইপে একটা টান লাগিয়ে বলল, ‘অমরকণ্টকের নাম শুনেছিস?’


‘হ্যাঁ৷’ ভটকাই বলল৷


তারপর বলল, ‘জ্যাঠাইমা পটলাদাদের সঙ্গে সেখানে তীর্থ করতে গেছিলেন একবার৷ আমি যখন ছোটো ছিলাম৷’


‘তুই এখনও ছোটোই আছিস৷’ ঋজুদা বলল৷


‘যদিও পেকে ঝুনো হয়ে গেছিস৷’ আমি বললাম৷


ঋজুদা বলল, ‘তুই ভুল বললি রুদ্র৷ বল, এঁচড়ে-পেকে গেছে৷’


‘ঠিক তাই৷’


‘ফুঃ! সব এঁচড়ই আজকাল পাকা৷ কলকাতার কোনো বাজারে জেনুইন এঁচড় কি আর পাওয়া যায়? কারবাইডে পাকানো কাঁঠালই চলে এঁচড় হিসেবে৷’


‘তাও ভালো৷ আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে তোকে কিলিয়ে কাঁঠাল পাকাই৷’


‘তার মানে?’


ভটকাই তার খরগোশের মতন বড়ো বড়ো কান দু-টি তুলে আমাকে আক্রমণাত্মক প্রশ্ন করল৷


‘মানে আবার কী? কারবাইডে না পাকিয়ে কিল মেরে মেরেও যে এঁচড়কে কাঁঠাল করা যায় তা কি জানিস?’


ভটকাই আমার দিকে একটি জ্বলন্ত চাউনি ছুড়ে দিয়ে বলল, ‘ঋজুদা, সকালেই আরম্ভ করেছে কিন্তু তোমার অরিজিনাল চেলা৷ আসল ব্যাপারটা কী জান তো?’


‘কী?’


‘সেই নিনিকুমারীর মানুষখেকো বাঘ মারতে যাওয়ার সময়ে আমার সাহস এবং এলেম দেখার পর থেকেই ও জে৷’


‘জে মানে?’ আমি জিজ্ঞেস করলাম৷


‘জে মানে জান না? জে—জেলাসি৷ ঈর্ষা৷ পিওর অ্যান্ড সিম্পল ঈর্ষা৷ আরে ঈর্ষা করেই তো বাঙালি জাতটা গোল্লায় গেল৷ আমাকে ঈর্ষা না করে কী করে আমার মতো ঈর্ষণীয় হতে পারিস তার চেষ্টা কর, ভালো কাজে সময় ব্যয় কর, উন্নতি হবে৷’


ঋজুদা বলল, ‘চল৷ এদিকটা মোটামুটি দেখা হল তবে ব্রেকফাস্ট-এর পরে সারাদিনের মতো বেরোতে হবে চারধার ভালো করে দেখার জন্যে৷’


ভটকাই বলল, ‘একেই তো বলে scouting৷ তাই নয়?’


ঋজুদা কথা না বলে, মাথা নাড়ল৷


আমরা অচানক মার বনবাংলোর দিকে ফিরে চললাম৷


‘এতক্ষণে হয়তো শিকারি ছখু বাইগা এসে বসে আছে৷’ আমি বললাম৷


‘হুঁ৷’ ঋজুদা বলল৷


তারপর বলল, ‘ডিভিশনাল ফরেস্ট অফিসার ওসমানসাহেব ব্রেকফাস্ট করবেন আমাদের সঙ্গে৷ অচানক মার-এর ম্যান-ইটিং টাইগার সম্বন্ধে পুরো ব্রিফিং করে যাবেন আমাদের৷ যদিও গত মাসে যখন কলিয়ারির কাজে এখানে এসেছিলাম, কনসার্ভেটরসাহেব মোটামুটি জানিয়েছেন, যা জানানোর৷ মাত্র তিন মাসে পনেরোটি মানুষ খেয়েছে বাঘটা৷ অনেক মানুষখেকো বাঘ ও লেপার্ড দেখেছি, মেরেওছি কম নয়৷ কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আর কোনো মানুষখেকো মেরেছে বলে জানি না৷ আমার অভিজ্ঞতাতে অন্তত নেই৷’


‘বাঘটার কোনো wound আছে নিশ্চয়ই, যে কারণে মানুষের মতন প্রতিরোধহীন প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী শিকার করারই ক্ষমতা তার নেই৷’ আমি বললাম৷


ঋজুদা পাইপটা মুখ থেকে নামিয়ে বলল, ‘Could be!’


আমরা টিলা থেকে নেমে আস্তে আস্তে অচানক মার বাংলোর দিকে ফিরে যেতে লাগলাম৷ আমরা নিরস্ত্র৷ শুধু ভটকাইয়ের কাঁধে বারো বোরের দোনলা বন্দুক৷ ঋজুদার পারমিশনে আমাদের খাওয়ার জন্যে একটা মাত্র মুরগি অথবা খরগোশ মারার অলিখিত পারমিট সঙ্গে নিয়ে এসেছে সে৷


বন্দুকটা কিন্তু দারুণ৷ ইটালিয়ান বন্দুক৷ ব্যারেটা৷ ওভার-আন্ডার৷ মানে বন্দুকের নল দু-টি পাশাপাশি নয়৷ উপরে-নীচে৷ ইটালির ব্যারেটা কোম্পানিতে নিজের হাতের ও কনুইয়ের দৈর্ঘ্য, কবজি থেকে তর্জনীর দূরত্ব, নিজের মুখের মাপ সব পাঠিয়ে custom built করিয়েছিল ঋজুদা এটিকে বহুদিন আগে৷ পয়সা অবশ্য ঋজুদা দেয়নি৷ আমরা হাজারিবাগের মুলিমালোঁয়ার অ্যালবিনো রহস্য ভেদ করার পরে বিষেনদেওবাবু ঋজুদাকে জোর করে প্রেজেন্ট করেছিলেন৷ তখনকার দিনেই আমাদের দেশের টাকাতে লাখ খানেক টাকা দাম পড়েছিল৷ ওঁদের অভ্র রপ্তানির পয়সা ছিল অঢেল৷ বিদেশি মুদ্রাতে দিতে কোনো অসুবিধেও হয়নি৷


‘সকালে এক কাপ চা না খেয়ে ভদ্রলোকের পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়৷ ঘুম পাচ্ছে এখনও আমার৷’ ভটকাই বলল, ব্যাজার মুখে৷


আমি হাসলাম৷


‘হাসির কী হল এতে? তুমিও কি সকালে চা খাও না? নাকি রবীন্দ্রনাথের মতন নিমপাতার রস খাও?’ ভটকাই বলল৷


‘না৷ সেজন্যে নয়৷ নিজেকে ভদ্রলোক বললি তো! তাই৷ তা ছাড়া, সারাটা জীবনই তো তুই ঘুমোলিই৷ ঘুম থেকে উঠলি আর কখন? কুম্ভকর্ণ incarnated, তোকে মাধবস্যার বলতেন না স্কুলে? মনে নেই?—এই যে বৎস ভটকাই, ঘুম কি ভাঙল? তারপরই মাধবস্যার আমাদের বলতেন, ওরে, তোরা ওকে একটু চটকে দিয়ে দেখ তো মটকা মেরে আছে, না সত্যিই ঘুমোচ্ছে? মাধবস্যারের সেই কথা থেকেই তো, ওরে ওরে ভটকাই আয় তোরে চটকাই এই স্লোগানের উদ্ভব৷’


ঋজুদা বলল, ‘তাই? স্লোগানটা শুনেছিলাম কিন্তু প্রেক্ষাপট জানতাম না৷’


তারপর বলল, ‘চল ফিরে বাংলোতে৷ গরম গরম পরোটা, ডিমের ভুজিয়া, বেগুন ভাজা লাল করে, সঙ্গে শেওতারাই-এর কালাজামুন৷’


ভটকাই বলল, ‘আর বিলাসপুরের বেঙ্গল সুইটস-এর সন্দেশের কথাটাই ভুলে গেলে৷ এস.ই.সি.এল.-এর সুভাষ চৌধুরীসাহেব আনিয়ে দিলেন না?’


ঋজুদা বলল, ‘ঠিক৷’


আমি বললাম, ‘ভারি গুণীমানুষ কিন্তু ভদ্রলোক৷ কী দারুণ ওড়িয়া এবং হিন্দি বলেন৷’


ঋজুদা বলল, ‘চৌধুরীসাহেব আবার মামুলি হিন্দি নয়, একেবারে দূরদর্শনের আগমার্কা হিন্দি বলেন৷’


‘কীরকম?’


‘গতবারে আমাকে স্টেশানে তুলে দিতে এসে একজন চেকারকে বিলাসপুর স্টেশানে শুধিয়েছিলেন, বম্বে-হাওড়া মেইলকি স্থিতি ক্যা হ্যায়?’


‘মানে?’ ভটকাই বলল৷


‘মানে, ট্রেনটার অবস্থিতি আর কী! কত লেট আছে? আদৌ লেট আছে কি না এবং দুর্গ থেকে ছেড়ে এসেছে কি না৷’


‘দুর্গ! কোথাকার দুর্গ?’ ভটকাই বলল৷


সকাল সকাল বাগে পেয়েই একটু কড়কে দিলাম ওকে৷ যাকে বলে ‘nipped in the bud’৷ বললাম, ‘ওরে মূর্খ! সাহিত্য বা বিজ্ঞান এসব তো কিছু পড়িসইনি, ভূগোলটাও কি পড়িসনি? মধ্যপ্রদেশে যে দুর্গ (দুর্গ) বলে একটি বড়ো জায়গা আছে তাও জানিস না? জায়গাটার নাম দুর্গ, পালামৌর বেতলার দুর্গ নয়৷’




২


অচানক মার বাংলোর কাছাকাছি আসতেই—আমরা বাংলোটির বাঁ-পাশ দিয়ে আসছিলাম, দেখা গেল একটি জলপাই-সবুজ জিপ দাঁড়িয়ে আছে বাংলোর সামনে৷


ঋজুদা বলল, ‘কী হল! ডি.এফ.ও. ওসমানসাহেবের তো আসার কথা সাড়ে আটটাতে৷ বিলাসপুর থেকে আসবেন৷ এত আগে এলেন যে!’


ভটকাই বলল, ‘নিশ্চয়ই কোনো গড়বড়-সড়বর, কোনো গুবলেট, হয়েছে৷’


ভটকাইয়ের বাগবাজারি ভাষাই ওরকম৷


যখন আমরা বাংলোতে গিয়ে পৌঁছোলাম, তখন কিন্তু দেখা গেল ভটকাই ঠিকই ধরেছিল৷


দূর থেকে আমাদের দেখেই ডি.এফ.ও. ওসমানসাহেব এগিয়ে এসে বললেন, ‘ওয়্যারলেসে খবর পেয়ে আসছি, লমনির পেছনে গণিয়া বস্তির একটি যুবতীকে বাঘে নিয়েছে আজই খুব ভোরে৷ চার-পাঁচজনের একটি দল মহুয়া কুড়োতে গেছিল৷ তার মধ্যে থেকে একজনকে নিয়েছে৷ এখুনি গেলে হয়তো আপনাদের পরিশ্রমের লাঘব হবে৷ আজই মানুষখেকো নিধন হবে৷’


ভটকাইয়ের মুখের দিকে তাকিয়ে ঋজুদা বলল, ‘মানুষখেকো কি অত সহজে মারা যাবে? সন্দেহ আছে৷’


ভটকাইয়ের মুখটা কাঁদো-কাঁদো হয়ে গেল৷ ফিসফিস করে আমাকে বলল, ‘ব্রেকফাস্ট?’


‘কিন্তু স্যার চেষ্টা তো করতে হবে৷ আপনিই তো ভরসা৷ কনসার্ভেটরসাহেব তো তাই বলেছে

**********
No Review
Related Books
Loading books…