আবার সেই মুখ। সেই ঢুলু ঢুলু চোখ, যার আয়ত ক্ষেত্র অতিরিক্ত সাদা। মানুষের চোখের রঙ কি কখনো এত সাদা হয়? উন্নত নাসা, মোটা ভুরু, চওড়া কপালের ওপর রেশম-মোলায়েম কালো চুলে বাঁ-দিকে সিঁথি কাটা, এবং হেলিয়ে পিছন দিকে টেনে আঁচড়ানো। পাতলা গোঁফ ঠোঁটের দু-পাশ দিয়ে বেয়ে পড়েছে। বোঝা যায় ক্ষুর লাগানো হয় না, মাঝে মাঝে সযত্নে কাচি দিয়ে ছেঁটে দেওয়া হয়। চিবুকের মাঝখানে একটি রেখা।