বেশ কিছুদিন হাতে কোনো কাজ আসেনি। তার মানে এ নয় যে, এই কল্লোলিনী কলকাতায় খুন-জখম-রাহাজানি জাতীয় অপরাধ কমে গেছে। মোট কথা বাসু-সাহেবের দ্বারস্থ হয়নি নিরপরাধীরা। বাসু-সাহেব প্রাতভ্রমণ অন্তে ফিরে এসে সকলের সঙ্গে প্রাতরাশ সেরেছেন। বাগানে নয়; কাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই প্রাতরাশ সারা হয়েছে ‘ডাইনিং হল’-এ। তারপর খবরের কাগজটা হাতে নিয়ে এসে বসেছেন তাঁর চেম্বারে। শীতের সকাল—...