
ব্যক্তিসত্তার সমস্যা
রবীন্দ্রনাথ ঠাকুর
আমার অস্তিত্বের এক মেরুতে আমি গাছের গুঁড়ি ও পাথরের সঙ্গে এক। সেখানে আমাকে বিশ্বজনীন নিয়মের শাসন স্বীকার করতে হয়। অর্থাৎ সেখানে গভীর অতলে আমার অস্তিত্বের ভিত নিহিত। সমগ্র জগতের দৃঢ়মুষ্টিতে আবদ্ধ থাকার মধ্যে, ও সমস্ত কিছুর সঙ্গে সম্পূর্ণ গোষ্ঠীবদ্ধতার মধ্যে রয়েছে এর শক্তি।
কিন্তু আমার অস্তিত্বের অন্য মেরুতে আমি সকলের থেকে স্বতন্ত্র। সেখানে আমি সমতার বেড়া ভেঙে বেরিয়ে এসেছি ও একজন ব্যক্তিরূপে একা দাঁড়িয়ে আছি। আমি সম্পূর্ণ অদ্বিতীয়, আমি আমি, আমি অতুলনীয়। আমার এই ব্যক্তিস্বাতন্ত্র্যকে বিশ্বের সমগ্র ভার চূর্ণ করতে পারে না। সমস্ত কিছুর ভয়ঙ্কর আকর্ষণ সত্ত্বেও আমি একে রক্ষা করি। এ দেখতে ক্ষুদ্র হলেও বাস্তবে গুরুত্বপূর্ণ। কারণ যে সমস্ত শক্তি এর বৈশিষ্ট্য কেড়ে নিতে পারে ও ধূলিকণার সঙ্গে একে এক ক’রে দিতে পারে তাদের বিরুদ্ধে এ নিজেকে ধরে রাখতে পারে।
ব্যক্তিসত্তার এই অতিবিন্যাস অনির্ধারিত গভীর ও অন্ধকারময় ভিত্তি থেকে প্রকাশ্যে উঠে আসে, নিজের স্বাতন্ত্র্য সম্বন্ধে সে গর্বিত, সমগ্র বিশ্বে যার কোনো প্রতিরূপ নেই নির্মাতার এমন এক ভাবকে রূপ দেওয়ার জন্য সে গর্বিত। এই স্বাতন্ত্র্য যদি ভেঙে দেওয়া হয়, তা হলে যদিও বস্তুগত কিছু হারিয়ে যাবে না, একটি পরমাণুও বিনষ্ট হবে না, শুধু তার মধ্যে সৃষ্টির যে নিবিড় আনন্দ রয়েছে তা চলে যাবে। আমরা সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাব যদি যাকে আমরা একমাত্র নিজস্ব বলতে পারি সেই বৈশিষ্ট্য, সেই ব্যক্তিস্বাতন্ত্র্য থেকে বঞ্চিত হয়ে যাই; এবং এ যদি হারিয়ে যায়, তা হলে সমস্ত জগতেরও ক্ষতি। এ সর্বাধিক মূল্যবান কারণ এ সার্বজনীন নয়। আর সেইজন্য নিজেদের স্বাতন্ত্র্য সম্বন্ধে সচেতন না থেকে বিশ্বের বুকে শুয়ে থাকলে যা পেতাম তার থেকে বেশী সত্যরূপে একমাত্র এর মধ্যে দিয়েই আমরা জগৎকে পাই। বিশ্বজনীনতা চিরকাল স্বাতন্ত্র্যের মধ্যে তার পরিপূর্ণতার সন্ধান ক’রে চলেছে। এবং আমাদের এই স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ণ রাখার ইচ্ছা বস্তুত বিশ্বেরই ইচ্ছা আমাদের মধ্যে দিয়ে কাজ ক’রে চলেছে। আমাদের মধ্যে অসীমের যে আনন্দ রয়েছে সেই আনন্দ আমাদের নিয়েই আমাদের আনন্দ দেয়।
ব্যক্তিসত্তার এই স্বাতন্ত্র্যকে মানুষ যে সর্বাধিক মূল্যবান সম্পদ মনে করে তা প্রমাণিত হয়, এর জন্য যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে যায় এবং এর জন্য যে পাপ সে করে তার থেকে। কিন্তু স্বাতন্ত্র্য সম্বন্ধে সচেতনতা এসেছে জ্ঞানের ফল খাওয়া থেকে। মানুষকে সে লজ্জা, অপরাধ ও মৃত্যুর দিকে চালিত করেছে; তা সত্ত্বেও সে মানুষের কাছে যে-কোনো স্বর্গের থেকে অনেক বেশী প্রিয়, যেখানে ব্যক্তিসত্তা সম্পূর্ণ সরলতায় প্রকৃতির মাতৃজঠরে নিরাপদে তন্দ্রাচ্ছন্ন থাকে।
আমাদের এই সত্তার স্বাতন্ত্র্য রক্ষা করার জন্য আমাদের নিরন্তর চেষ্টা ও কষ্টভোগ থাকে এবং বাস্তবিক এই কষ্টভোগই এর মূল্য নির্ধারণ করে। মূল্যের একদিকে রয়েছে ত্যাগ, যা তার জন্য কত দাম দিতে হয়েছে তা প্রকাশ করে। অন্যদিকে রয়েছে সাফল্য, যা কত প্রাপ্তি হয়েছে তা প্রকাশ করে। কষ্টভোগ ও ত্যাগ ছাড়া আমাদের কাছে সত্তার যদি আর কোনো অর্থ না থাকতো, তা হলে আমাদের কাছে তার মূল্য থাকতো না, এবং কোনো কারণেই স্বেচ্ছায় আমরা এই রকম ত্যাগের মধ্যে দিয়ে যেতাম না। এমন অবস্থায় নিঃসন্দেহে মানবতার সর্বোচ্চ লক্ষ্য হতো সত্তার বিলোপ।
কিন্তু অনুরূপ ভাবে যদি সাফল্য থাকে, যদি তা শূন্যে পরিসমাপ্ত না হয়ে পূর্ণতায় হয়, তা হলে পরিষ্কার হয় যে এর নেতিবাচক বৈশিষ্ট্যগুলি, এর সমস্ত কষ্টভোগ ও ত্যাগ, একে আরো বেশী মূল্যবান ক’রে তোলে। এমন যে হয় তা প্রমাণিত হয়েছে যাঁরা সত্তার ইতিবাচক গুরুত্ব উপলব্ধি করেছিলেন, এর সমস্ত দায়িত্ব সাগ্রহে গ্রহণ করেছিলেন, এবং নির্ভয়ে সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন তাঁদের মাধ্যমে।
এই পর্যন্ত দেওয়া ভূমিকায় আমার পক্ষে আমার এক শ্রোতার জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে যে, ভারতবর্ষে কি সত্তার বিলোপকে মনুষ্যত্বের চরম লক্ষ্য ব’লে ধরা হয়নি?
প্রথমতঃ, আমাদের এই তথ্য মনে রাখতে হবে যে নিতান্ত সাধারণ বিষয় ছাড়া মানুষ কখনোই আক্ষরিক ভাবে তার ধারণা প্রকাশ করে না। প্রায়ই মানুষের শব্দ একেবারেই কোনো ভাষা হয় না, বরং বোবার কণ্ঠোচ্চারিত ইশারা মাত্র হয়। তারা ইঙ্গিত দিতে পারে, কিন্তু তার চিন্তা প্রকাশ করে না। তার চিন্তা যত গভীর হয় তত তার শব্দগুলিকে তার জীবন অনুসারে ব্যাখ্যা করতে হয়। যাঁরা শব্দকোষের সাহায্যে তার অর্থ জানতে চান তাঁরা শুধু কৌশলগত ভাবে বাড়ি পর্যন্ত পৌঁছান, কারণ বাইরের দেওয়াল তাঁদের থামিয়ে দেয়, বড় ঘরে প্রবেশের কোনো পথ তাঁরা পান না। এই কারণেই আমাদের শ্রেষ্ঠ ঋষিদের শিক্ষা যখন আমরা নিজেদের জীবনে উপলব্ধি না ক’রে শুধুমাত্র তাদের শব্দ অনুসরণে তাদের বুঝতে চেষ্টা করি, তখন তারা অন্তহীন বাদানুবাদের সৃষ্টি করে। যে সমস্ত ব্যক্তি আক্ষরিক অর্থ গ্রহণের মানসিকতার সহজাত গুণে অভিশপ্ত সেই ভাগ্যহীনেরা সব সময় মাছ ধরাকে অবহেলা ক’রে মাছের জাল নিয়ে ব্যস্ত থাকেন।
শুধু বৌদ্ধ এবং ভারতীয় ধর্মসমূহে নয়, খ্রীষ্ট ধর্মেও, নিঃস্বার্থতার আদর্শ যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়েছে। শেষোক্ত মতে যে জীবন সত্য নয় তার থেকে মানুষের মুক্তির ধারণা প্রকাশের জন্য মৃত্যুর প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রদীপ নির্বাপণের প্রতীক, নির্বাণের সঙ্গে এই ধারণা এক।
ভারতীয় চিন্তার বৈশিষ্ট্যে ধরা হয় যে মানুষের যথার্থ মুক্তি হলো “অবিদ্যার” থেকে, অজ্ঞানের থেকে মুক্তি। এ কোনো সদর্থক ও বাস্তব কিছুর বিনাশে নেই, কারণ তা সম্ভব নয়, বরং রয়েছে নঞর্থক যা কিছু আমাদের সত্য দর্শনে বাধা দেয়, তার বিনাশে। যখন অজ্ঞানের এই প্রতিবন্ধকতা অপসারিত হয়, কেবল তখনই আমাদের দৃষ্টি উন্মীলিত হয় অথচ চোখের কোনো ক্ষতি হয় না।
আমাদের অবিদ্যা আমাদের চিন্তা করতে শেখায় যে আমাদের সত্তা, সত্তা রূপে সত্য, তার সম্পূর্ণ অর্থ রয়েছে তার নিজের মধ্যে। যখন আমরা সত্তা সম্বন্ধে এই ভ্রান্ত মত গ্রহণ করি, তখন এমন ভাবে জীবন যাপন করার চেষ্টা করি যাতে আমাদের সত্তা আমাদের জীবনের চরম লক্ষ্যে পরিণত হয়। তখন নিরাশায় আমাদের সর্বনাশ হয়; যেমন ক’রে কোনো ব্যক্তি পথের ধুলোকে আঁকড়ে ধরে লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করলে হয়। আমাদের ধরে রাখার কোনো উপায় আমাদের সত্তার নেই, কারণ অগ্রসর হওয়া এর নিজের স্বভাব; আর এই সত্তার সুতোকে আঁকড়ে ধরে থাকলেও যেহেতু জীবনের তাঁতের মধ্যে দিয়ে সে অগ্রসর হয়ে যায় সেহেতু যে কাপড়ের জন্য তাকে বোনা হচ্ছে তাকে দিয়ে সেই অভীষ্ট সাধন হয় না। কোনো ব্যক্তি যখন বিশেষ যত্ন সহকারে নিজের ভোগের ব্যবস্থা করেন, তখন তিনি আগুন জ্বালেন কিন্তু নিজের জন্য রুটি বানানোর মাখা ময়দা তাঁর কাছে থাকে না; আগুন জ্বলে ওঠে আর নিজেকে ক্ষয় ক’রে নিঃশেষ হয়ে যায়, ঠিক যেমন ক’রে অস্বাভাবিক কোনো জন্তু নিজের শাবক নিজেই খেয়ে ফেলে ও মরে যায়।
কোনো অজানা ভাষায় শব্দের অত্যাচার প্রকট। তারা আমাদের থামিয়ে দেয় কিন্তু কিছু বলে না। শব্দের এই বন্ধন থেকে উদ্ধার পেতে হলে, আমাদের অবিদ্যা, আমাদের অজ্ঞান থেকে নিজেদের মুক্ত করতে হবে, আর তা হলে আমাদের মন অন্তরতর ভাবের মধ্যে নিজের স্বাধীনতা খুঁজে পাবে। কিন্তু এ কথা বলা বিচারবুদ্ধিহীন হবে যে ভাষা সম্বন্ধে আমাদের অজ্ঞতা শব্দের বিনাশে দূর হতে পারে। তা নয়, যখন যথার্থ জ্ঞানের উদয় হয়, তখন প্রতিটি শব্দ স্বস্থানে থাকে, শুধুমাত্র তাদের সঙ্গে আমাদের আবদ্ধ করে না, বরং তাদের মধ্যে দিয়ে আমাদের যেতে দেয়, আর মুক্তির ধারণার দিকে চালিত করে।
এই ভাবে একমাত্র অবিদ্যা আমাদের সত্তাকে আমাদের বন্ধনে পরিণত ক’রে আমাদের ভাবতে শেখায় যে নিজের মধ্যে নিজের সত্তার পরিসমাপ্তি এবং বুঝতে দেয় না যে তার নিজের মধ্যেই নিজের সীমা অতিক্রম করার ধারণা রয়েছে। এইজন্য জ্ঞানী ব্যক্তি আসেন ও বলেন, “অবিদ্যা থেকে নিজেকে মুক্ত করো; নিজের যথার্থ স্বরূপ জানো আর সত্তার যে দৃঢ়মুষ্টি তোমাকে বন্দী ক’রে রেখেছে, তার থেকে নিজেকে রক্ষা করো।” আমরা মুক্তি লাভ করি যখন আমাদের যথার্থ স্বরূপে পৌঁছাতে পারি। একজন শিল্পী যখন তাঁর শিল্পের আদর্শ খুঁজে পান তখন তিনি শিল্পীর স্বাধীনতা লাভ করেন। তখন তিনি অনুকরণের শ্রমসাধ্য চেষ্টা থেকে, প্রচলিত অনুমোদনের অঙ্কুশ থেকে মুক্ত হন। ধর্মের কাজ আমাদের স্বরূপকে বিনাশ না ক’রে পরিপূর্ণ করা।
সংস্কৃত শব্দ “ধর্ম” ইংরেজিতে যা সাধারণতঃ “রিলিজিয়ন” শব্দে অনুবাদ করা হয় আমাদের ভাষায় তার অর্থ আরো গভীর। ধর্ম সবকিছুর অন্তরতম স্বরূপ, মূল উপাদান, অন্তর্নিহিত সত্য। আমাদের সত্তায় যে চরম উদ্দেশ্য কাজ ক’রে চলেছে, তাই ধর্ম। যখন কোনো অন্যায় করা হয় আমরা বলি ধর্ম লঙ্ঘিত হয়েছে, তার অর্থ আমাদের সত্য স্বরূপে মিথ্যা আরোপিত হয়েছে।
কিন্তু এই ধর্ম, যা আমাদের কাছে সত্য, তা আপাতপ্রতীয়মান নয়, কারণ তা সহজাত। এতখানি যে, ধরে নেওয়া হয় পাপ আচরণ মানুষের স্বভাব, আর শুধুমাত্র ঈশ্বরের বিশেষ করুণায় ব্যক্তিবিশেষ পরিত্রাণ পেতে পারেন। যেমন বলা হয় যে বীজের স্বভাব তার খোলার মধ্যে ঢাকা থাকা, আর কেবল মাত্র বিশেষ কোনো অলৌকিক ঘটনায় তা গাছে পরিণত হতে পারে। কিন্তু আমরা কি জানি না যে বীজের বাহ্য রূপ তার প্রকৃত স্বরূপের বিপরীত? যখন তুমি তাকে রাসায়নিক বিশ্লেষণের জন্য দাখিল করো, তখন তার মধ্যে কার্বন, প্রোটিন এবং আরো অনেক অন্য উপাদান পেতে পারো, কিন্তু ডালপালা মেলা গাছের ধারণা পাবে না। শুধু যখন গাছ নির্দিষ্ট আকার নিতে শুরু করে তখন তুমি তার “ধর্ম” দেখতে পাও, আর তখন তুমি নিঃসন্দেহে দৃঢ়তার সঙ্গে বলতে পারো, যে বীজ নষ্ট হয়েছে আর যাকে মাটিতে পচে যেতে দেওয়া হয়েছে, সে তার “ধর্মে”, তার প্রকৃত স্বরূপের সার্থকতা লাভে ব্যর্থ হয়েছে। মানব ইতিহাসে আমরা জেনেছি যে আমাদের প্রাণবন্ত বীজের কণা পল্লবিত হয়। আমরা দেখেছি মহামানবদের জীবনে আমাদের মহৎ উদ্দেশ্য রূপ গ্রহণ করে আর আমরা নিশ্চিত ভাবে অনুভব করেছি যে যদিও অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবন ব্যর্থ ব’লে মনে হয়, তবুও তাদের ধর্ম বিফলে যায় না; বরং তাদের করণীয় হয় আবরণ ভেঙে ফেলা, ও প্রাণশক্তিপূর্ণ আধ্যাত্মিকতার অঙ্কুরে নিজেদের রূপান্তরিত করা, আলো হাওয়ায় বেড়ে ওঠা ও সব দিকে বিস্তার লাভ করা।
বীজের মুক্তি তার ধর্ম, তার স্বরূপ লাভ করাতে, এবং তার লক্ষ্য গাছে পরিণত হওয়াতে; তা অসম্পূর্ণ থাকাই তার কারাবাস। যে আত্মত্যাগের মধ্যে দিয়ে কোনো কিছু পূর্ণতা লাভ করে, সেই আত্মত্যাগের পরিণতি মৃত্যু নয়; এ হলো বন্ধন প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে মুক্তি অর্জন করা।
আমরা যখন কোনো ব্যক্তির মুক্তির চরম আদর্শ জানি, তখন তার ধর্ম, তার স্বভাবের বৈশিষ্ট্য, তার সত্তার প্রকৃত অর্থ জানি। প্রাথমিক ভাবে মনে হয় মানুষ তাকেই মুক্তি ব’লে গণ্য করে যাতে আত্মতুষ্টি ও নিজেকে অতিরঞ্জিত ক’রে দেখবার অবাধ সুযোগ পায়। কিন্তু অবশ্যই ইতিহাস তা সমর্থন করে না। যাঁরা আত্মত্যাগের জীবন যাপন করেছেন, চিরকাল তাঁরাই আমাদের ঋষি (প্রত্যাদিষ্ট ব্যক্তি)। মানুষের উন্নত প্রকৃতি সর্বদা এমন কিছুর অনুসন্ধান করছে যা তাকে অতিক্রম ক’রে থাকে এবং তৎসত্ত্বেও যা নিগূঢ় সত্য; যা তার সমস্ত ত্যাগ দাবী করে, তৎসত্ত্বেও এই ত্যাগকেই নিজের ক্ষতিপূরণ ক’রে তোলে। এই হলো মানুষের ধর্ম, এবং মানবাত্মা হলো এই ত্যাগকে পূজাবেদীতে নিয়ে যাওয়ার তরণী।
আমরা আমাদের সত্তাকে দুইটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। একটি সত্তা নিজেকে প্রদর্শন করে, আরেকটি সত্তা নিজের সীমা ছাড়িয়ে যায় ও তার ফলে নিজের প্রকৃত তাৎপর্য উদ্ঘাটন করে। নিজেকে প্রদর্শন করার জন্য সে বড় হ’তে চেষ্টা করে, নিজের স্তূপীকৃত সম্পদের বেদীর উপর উঠে দাঁড়ানোর চেষ্টা করে, এবং সব কিছু নিজের অধিকারে রাখার চেষ্টা করে। নিজেকে প্রকাশ করার জন্য সে নিজের যা কিছু আছে দিয়ে দেয়, আর এই ভাবে কুঁড়ি থেকে ফুটে ওঠা ফুলের মতো পূর্ণ হয়ে নিজের সৌন্দর্যের পেয়ালা থেকে সমস্ত মাধুর্য উজাড় ক’রে দেয়।
প্রদীপ তেল ধরে রাখে, তার শক্ত