আমরা দেখেছি প্রাচীন ভারতবর্ষের উচ্চাশা ছিল তার চেতনার ক্ষেত্র সমগ্র বিশ্বে বিস্তার ক’রে ব্রহ্মের মধ্যে জীবিত থাকা ও বিচরণ করা ও আনন্দ লাভ করা, এই ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বব্যাপী আত্মা। কিন্তু, দৃঢ়তার সঙ্গে বলা যেতে পারে যে মানুষের পক্ষে এই কাজে সাফল্য লাভ করা অসম্ভব। চেতনার এই বিস্তার যদি এক বাহ্...