Home
নীল তারা – পরশুরাম

নীল তারা – পরশুরাম

রঞ্জিত চট্টোপাধ্যায়

নীল তারা – পরশুরাম

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Posted bySmita Biswash18-Aug-2025

Change color

ষাট বৎসর আগেকার কথা, কুইন ভিক্টোরিয়ার আমল। তখন কলকাতায় বিজলী বাতি, মোটর গাড়ি, রেডিও, লাউড স্পীকার ছিল না, আকাশে এয়ারোপ্লেন উড়ত না, রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি, লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলত। কিন্তু রাখাল মাস্টার মনে করত সে আরও উঁচু দরের কবি, হতাশের আক্ষেপের চাইতেও ভাল কবিতা লিখতে পারে। সে তার অনুগত ছাত্র নারাণকে বলত, আজ কি একখানা লিখেছি শুনবি?—ক্ষিপ্ত বায়ু ধূলি মাখে গায়। আর একটা শুনবি?—শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায়। আর কেউ পারে এমন লিখতে?


রাখাল মুস্তৌফী শুধু এনট্রান্স পাস, কিন্তু বিদ্বান লোক, বিস্তর বাংলা ইংরেজী বই পড়েছিল। সেকালে বেশি পাস না করলেও মাস্টারি করা চলত। কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল। প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাইস্কুলে থার্ড মাস্টারি করত, তার পর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজাবাহাদুর রৌপ্যেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে দু’ বৎসর তাঁর প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল। কোনও কারণে সে চাকরি ছেড়ে তাকে চলে আসতে হয়। তারপর দশ বৎসর কেটে গেছে, এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলে মাস্টারি করছে।


যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় তেত্রিশ। সুপুরুষ, কিন্তু চেহারার যত্ন নেয় না, উস্কোখুস্কো চুল, দাড়ি কামায় না, তাতে একটু পাকও ধরেছে। পাড়ার লোকে বলে পাগলা মাস্টার। সেকালে লোকে অল্প বয়সে বিবাহ করত, কিন্তু রাখাল এখনও অবিবাহিত। বাড়িতে সে একাই থাকে, তার মা দু’বৎসর আগে মারা গেছেন।


রবিবার সকাল আটটা। রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্তপোশে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে। বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে একটা আধপাকা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। রাখাল দেখতে পেল, একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে থামল, তা থেকে দুজন সাহেব আর একজন বাঙালী নামল। গাড়ি দাঁড়িয়ে রইল, আরোহীরা হন্‌হন্‌ করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এল।


সাহেবদের একজন লম্বা রোগা, গোঁফদাড়ি নেই, গাল একটু তোবড়া, সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে। অন্য জন মাঝারি আকারের, দোহারা গড়ন, গোঁফ আছে, একটু খুঁড়িয়ে চলেন। তাঁদের বাঙালী সঙ্গীটি কালো, পাকাটে মজবুত গড়ন, চুল ছোট করে ছাঁটা, গোঁফের ডগা পাক দেওয়া, পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট। রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল।


কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন, গুড মর্নিং সার। অন্য সাহেব হ্যাট না খুলেই বললেন, গুড মর্নিং বাবু। তাঁদের বাঙালী সঙ্গী নীরবে রইলেন।


রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেলাম করে বলল, গুড মর্নিং সার। ভেরি সরি, আমার বাড়িতে চেয়ার নেই, দয়া করে তক্তপোশে—এই উড্‌ন প্ল্যাটফর্মে বসুন।


লম্বা বললেন, দ্যাটস্‌ অল রাইট, আমরা বসছি, আপনিও বসুন। মিস্টার রাখাল মুস্তৌফীর সঙ্গেই কি কথা বলছি?


—আজ্ঞে হ্যাঁ।


দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোশে বসলেন, রাখালও বসল। আগন্তুক বাঙালী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন, সাহেবের সঙ্গে একাসনে বসতে তিনি পারেন না।


গুঁফো সাহেব মুখের সিগারেট ফেলে দিয়ে বললেন, এই বেঙ্গলী বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খাঞ্জা। বোধ হয় এঁর দরকার হবে না, আপনি ইংরেজী জানেন দেখছি, আমরা সরাসরি আলাপ করতে পারব। ওয়েল মুস্তৌফী বাবু, আমার এই ফেমস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধ হয়?


কার্ড দুটো ভাল করে পড়ে রাখাল বলল, আজ্ঞে শুনেছি বলে তো মনে পড়েনা, ভেরি সরি।


—কি আশ্চর্য, আপনি তো একজন শিক্ষিত লোক, স্ট্র্যান্ড ম্যাগাজিনে এঁর কথা পড়েননি?


—পুওর ম্যান সার, স্ট্র্যান্ড মাগাজিন কোথা পাব? শুধু বঙ্গবাসী জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু পেট্রিয়ট পড়ি।


—ইংরেজী গল্পের বই পড়েন না?


—তা অনেক পড়েছি, স্কট ডিকেন্স লীটন জর্জ ইলিয়ট আমার পড়া আছে।


—ক্রাইম স্টোরিজ পড়েন না?


—রেনল্ড্‌সের বিস্তর নভেল পড়েছি, মায় মিস্ট্রিজ অভ দি কোর্ট অভ লন্ডন।


—ফর শেম মুস্তৌফিবাবু। ওর বই ছুঁতে নেই, দেশদ্রোহী বজ্জাত লোক।


—তিনি কি করেছেন সার?


—সে লিখেছে, ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য, নেপোলিয়নের মতন গ্রেট ম্যান জন্মায়নি, আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জাৰ্মন বদমাশ ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দেয়। যাক সে কথা। তা হলে আমার এই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না?


রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল, শুধু এইটুকু জানি, ইনি এই প্রথম এদেশে এসেছেন, কিন্তু আপনি নতুন আসেননি।


লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন, দ্যাটস্‌ ফাইন! আর কি জানেন মিস্টার মুস্তৌফি?


—কাল রাত্রে আপনাদের ভাল ঘুম হয়নি।


—ভেরি ভেরি গুড! আর কি জানেন?


—আপনারা কাল লংকা খেয়েছিলেন।


—লংকা? ইউ মীন সীলোন, আইল্যান্ড অভ রাবণ?


—আজ্ঞে সে লংকা নয়। হিন্দী নাম মিরচাই, ইংরেজী নামটা মনে আসছে না। রেড অ্যান্ড গ্রীন পড—হাঁ হাঁ মনে পড়েছে চিলি, রেড পেপার, ক্যাপ্‌সিকম, ভেরি হট স্পাইস।


লম্বা সাহেব তাঁর বন্ধুকে বললেন, ওহে ওয়াটসন, দেখছ তো, সায়েন্স অভ ডিডক্‌শন এই বেঙ্গলী জেন্টলম্যান ভালই জানেন। নাঃ, এদেশে শারলক হোম্‌সের পসার হবে না।


ওয়াটসন বললেন, মুস্তৌফিবাবু, আপনি কি ইয়োগা প্র্যাকটিস করেন?


রাখাল বলল, যোগশাস্ত্র? না, তা আমার জানা নেই। আমার বাবা কবিরাজি করতেন—ইন্ডিয়ান সিস্টেম অভ মেডিসিন, তাঁর কাছ থেকে আমি কিছু শিখেছি। সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে।


ওয়াটসন প্রশ্ন করলেন, কাল রাত্রে আমাদের ভাল ঘুম হয়নি তা বুঝলেন কি করে?


শারলক হোম্‌স বললেন, এলিমেন্টারি ওয়াটসন, অতি সহজ। আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে। আমরা মশারির মধ্যে শুইনি, পাংখাপুলারও মাঝরাত্রে পালিয়েছিল। কিন্তু আর দুটো বিষয় টের পেলেন কি করে?


রাখাল বলল, খুব সহজে। আপনি এসেই টুপি খুলে আমাকে ‘সার’ বললেন। অভিজ্ঞ সাহেবরা সামান্য নেটিভকে এত খাতির করে না। এতে বুঝলাম আপনি এই প্রথমবার বিলাত থেকে এসেছেন। ডক্টর ওয়াটসন টুপি খোলেননি, আমাকে ‘বাবু’ বললেন, তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব, নতুন আসেননি, এদেশের দস্তুর জানেন।


—লংকা খাওয়া জানলেন নি করে?


—আপনার আঙুলে তামাকের রং ধরেছে, দেখেই বোঝা যায় আপনি খুব সিগারেট সিগার বা পাইপ টানেন। ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল, কিন্তু আপনার ছিল না। আপনি মাঝে মাঝে জিবের ডগা বার করছিলেন, অর্থাৎ জিব জ্বালা করছে। অনভ্যস্ত লোকে লংকা খেলে এইরকম হয়, সিগারেট টানতে পারে না। ডক্টর ওয়াটসন পাকা লোক; লংকায় ওঁর কিছু হয়নি।


হোম্স হেসে বললেন, চমৎকার! এই ওয়াটসনের কথা শুনেই কাল রাত্রে হোটেলে মাল্লিগাটানি সূপ, চিকেন কারি, আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম, তিনটেই প্রচণ্ড ঝাল। আচ্ছা, আমাদের সঙ্গী এই মিস্টার খাঞ্জা সম্বন্ধে কিছু বলতে পারেন?


বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল, ইনি তো পুলিশের লোক, চুলের ছাঁট, গোঁফের তা, আর ড্রিলের কোট দেখলেই বোঝা যায়। তা ছাড়া থুতনির নিচে টুপির ফিতের দাগ রয়েছে।


বাঞ্ছারাম খাঞ্জা মাতৃভাষায় বললেন, হঃ, তুমি খুব চালাক লোক বট হে। আর ভি কিছু শুনাও তো দেখি?


—পঞ্চকোটে বাড়ি। সম্প্রতি খুব মার খেয়েছিলেন, কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল। তার জড়ান মির্জাপুরী লাঠি, তার ছাপ এখনও চামড়ার ওপর রয়েছে।


—আমার গায়ের দাগটাই দেখলে হে? শালা বলদেও পানওয়ালাকে কি পিটান পিটাঁইছি তার খবর রাখ মাস্টার?


হোম্‌স বললেন, মুস্তৌফি, আওয়ার ফ্রেন্ড খাঞ্জার মুখ দেখে বুঝেছি এঁর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে। আচ্ছা, আপনিও কি টোবাকো খাচ্ছিলেন? ভার্জিনিয়া টার্কিশ ম্যানিলা জাভা কিউবা কইম্বাটুর প্রভৃতি তেষট্টি রকম টোবাকো আমি ধোঁয়া শুঁকেই চিনতে পারি, কিন্তু আপনারটা বুঝতে পারছি না। স্মেল্‌স গুড।


—এর নাম দা-কাটা তামাক, খুব সস্তা আর কড়া।


—ড্যাকোটা? আমি শ্যাগ খাই, তার চাইতে ভাল গন্ধ। কোথা পাওয়া যায়? আমি কিছু নিয়ে যেতে চাই।


—আমিই আপনাকে দু-তিন সের দিতে পারি, আমার বাড়ির তৈরি। কিন্তু পাইপে খাওয়া চলবে না, এইরকম হাবুলবাবুল চাই, হুক্কা কিংবা গড়গড়া। তার কায়দা আপনাকে শিখতে হবে। বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন সার, জলের মধ্যে দিয়ে ধোঁয়া রিফাইন্ড হয়ে আসে, জিব জ্বালা করে না।


—আপনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এখন কাজের কথা হোক। আমাদের আসার উদ্দেশ্য বোধ হয় বুঝেছেন?


—আপনারাও পুলিশের লোক?


—না, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে। আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন আমার সহকর্মী।


—রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দ্রনারায়ণ আপনাকে পাঠিয়েছেন তো? আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না, আমার কাছে কোনও খবর পাবেন না।


হোম্‌স বললেন, মিস্টার খাঞ্জা, আপনার সাহায্য দরকার হবে না, আপনি ওই গাড়িতে গিয়ে বসুন।


বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন, ও মশায়, বেশি ফড়ফড় করো না, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাহেবদের কাছে যা জবানবন্দি করবে তাতে তুমিই ফাঁদে পড়বে।


বাঞ্ছারাম চলে গেলে হোম্‌স বললেন, মুস্তৌফি, আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কিছুমাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়। আমার চেষ্টার ফলে আপনার ভালই হবে।


রাখাল বলল, কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি?


—তিনি ভাল মন্দ যে কোনও উপায়ে কার্যসিদ্ধি করতে চান, কিন্তু আমার পলিসি তা নয়। তাঁর স্বার্থ আর আপনার মঙ্গল দুইই আমি সাধন করতে চাই। আমি জানি, আপনি একজন সরলস্বভাব শিক্ষিত সৎলোক, আপনার উপর অনেক পীড়ন হয়েছে। আমি আপনার হিতাকাঙক্ষী। আপনাকে কিছুই বলতে হবে না, এদেশে আসবার আগে আমি যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি, সবই আমি বলে যাচ্ছি, যদি কোথাও ভুল হয়, আপনি জানাবেন।


—বেশ, আপনি বলে যান।


শারলক হোম্‌স বলতে লাগলেন : রূপচাঁদপুরের কুমারের এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে মাস খানিক আগে আমার সঙ্গে দেখা করেন। তিনি বললেন, লেট রাজা রোপেন্ডর—


রাখাল বলল, রৌপ্যেন্দ্রনারায়ণ


—হাঁ হাঁ। ওই চোয়াল ভাঙা নামটা উচ্চারণ করা শক্ত, আমি শুধু রাজা বলব। গ্রিফিথ আমাকে যা জানিয়েছিলেন, তা এই : এক বৎসর হল রাজা মারা গেছেন। দ্যাট ওল্ডম্যান এক স্ত্রী থাকতেই আর একটি ইয়ং গার্ল বিবাহ করেছিলেন। নূতন রানীকে খুশি করবার জন্য তিনি তাঁকে বিস্তর অলংকার দিয়েছিলেন, তার মধ্যে সব চেয়ে দামী হচ্ছে একটি প্রকাণ্ড স্টার স্যাফায়ারের ব্রোচ।


রাখাল বলল, তার নাম নীল তারা, ব্লু স্টার। অতি মহামূল্য রত্ন, যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয়। রাজার এক পূর্বপুরুষ দশ বৎসর আগে এক পোর্তুগীজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন। ও রত্নটি নাকি সীলোনের কোনও মন্দির থেকে লুট হয়েছিল।


দ্যাটস রাইট। আপনি সে রত্ন দেখেছেন?


—না, শুধু বর্ণনা শুনেছি। তার পর?


—দ্বিতীয় বিবাহের কয়েকমাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হাড় ভেঙে যায়, প্রায় আট বৎসর শয্যাশায়ী থেকে তিনি মারা যান। তার পর হঠাৎ একদিন নূতন রানী নিরুদ্দেশ হলেন। রাজার যিনি উত্তরাধিকারী—কুমার বাহাদুর, বিস্তর খোঁজ করেছেন, কিন্তু নীল তারা পাননি, পলাতক রানীরও কোনও খবর পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে—রানী ফিরে আসুন, তিন

**********
No Review
Related Books
Loading books…