
অচিন পাখি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
রঞ্জিত চট্টোপাধ্যায়
অচিন পাখি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byমৌসুমী দাস18-Aug-2025
Change color
ব্যোমকেশ ও আমি গত ফাগ্লুন মাসে বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে দু’দিনের জন্য কলিকাতার বাহিরে গিয়াছিলাম। শহরটি প্রাচীন এবং নোংরা; কলিকাতা হইতে মাত্র তিন ঘণ্টার পথ। ট্রেন বদল করিতে না হইলে, আরও কম সময়ে যাওয়া যাইত।
বীরেনবাবুর সহিত আমার দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলিকাতায় পুলিশ কর্মচারী ছিলেন, বহুবার বহু সূত্রে তাঁহার সংস্পর্শে আসিয়াছি। অতিশয় সজ্জন ব্যক্তি। বছর দুই আগে অবসর লইয়া এই শহরে বাস্তু ভিটায় বাস করিতেছেন। কন্যার বিবাহে আমাদের সনির্বন্ধ নিমন্ত্রণ জানাইয়াছিলেন। ব্যোমকেশেরও হাতে কাজ ছিল না। তাই বিবাহের দিন পূর্বাহ্ণে আমরা বীরেনবাবুর গৃহে অবতীর্ণ হইলাম।
বিয়ে বাড়িতে যথাবিহিত কর্মতৎপরতা ও হৈ-হৈ চলিতেছে, শানাই বাজিতেছে। বীরেনবাবু ছুটিয়া আসিয়া আমাদের সংবর্ধনা করিলেন এবং একটি ঘরে লইয়া গিয়া বসাইলেন। ঘরের মেঝেয় ফরাস পাতা; বরযাত্রীদের জন্য যথারীতি সাজানো। কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি। তাহারা সন্ধ্যার পর আসিবে। উপস্থিত ঘরটি খালি রহিয়াছে।
আমরা তাকিয়া ঠেস দিয়া বসিলাম। চা জলখাবার আসিল। বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করিতে করিতে একটু উসখুস করিতে লাগিলেন। তাহা দেখিয়া ব্যোমকেশ বলিল, ‘আপনি কন্যাকর্তা, আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে চলবে কি করে? যান, কাজকর্ম করুন গিয়ে।’
বীরেনবাবু একটু অপ্রতিভ ভাবে এদিক ওদিক চাহিতেছেন, এমন সময় ঘরের বাহিরে কণ্ঠস্বর শোনা গেল, ‘কই হে বীরেন, মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে দেখতে এলাম।’
‘এই যে দাদা!’ বীরেনবাবু তাড়াতাড়ি গিয়া একটি বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে লইয়া আসিলেন, ‘ভালই হল, আপনি এসে পড়েছেন। এঁরা আমার দুই বন্ধু, কলকাতা থেকে এসেছেন। নাম জানো নিশ্চয়, আমাদেরই দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়।’
‘নাম শুনেছি বৈকি।’ বলিয়া ভদ্রলোক আমাদের প্রতি তীক্ষায়ত দৃষ্টিপাত করিলেন।
বীরেনবাবু বলিলেন, ‘ইনি হচ্ছেন নীলমণি মজুমদার। পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন রিটায়ার করেছেন।’
আমরাও ভদ্রলোককে দেখিলাম। গৌরবর্ণ লম্বা চেহারা; বয়স বোধ করি ষাটের ঊর্ধ্বে, কিন্তু শরীর বেশ দৃঢ় আছে; পিঠের শিরদাঁড়া হাতের লাঠির মতই শক্ত এবং ঋজু। মুখ দেখিয়া মনে হয় জবরদস্ত রাশভারি লোক। গলার স্বর গম্ভীর।
ব্যোমকেশ বলিল, ‘বসতে আজ্ঞা হোক।’
নীলমণি মজুমদার লাঠিশুদ্ধ হাত তুলিয়া নমস্কার করিলেন এবং আমাদের মুখোমুখি হইয়া উপবিষ্ট হইলেন। বীরেনবাবু বলিলেন, ‘নীলমণিদা, আপনারা তাহলে গল্পসল্প করুন, আমি একটু—’
ব্যোমকেশ বলিল, ‘হ্যাঁ, হ্যাঁ, আপনি প্রস্থান করুন। কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়। গড়গড়া দুটো নিষ্কর্মার মত হাত-পা গুটিয়ে বসে আছে।’
বীরেনবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞাসা করিল, ‘আপনারও কি আদি নিবাস এই শহরে?’
নীলমণিবাবু মাথা নাড়িয়া বলিলেন, ‘না। আদি নিবাস ছিল পূর্ববঙ্গে। কিন্তু সে-সব গেছে। রিটায়ার করে বুড়ো বয়সে কোথায় যাব, তাই এখানেই আছি।’
ব্যোমকেশ বলিল, ‘এখানে আপনার আত্মীয়-স্বজন আছেন বুঝি?’
নীলমণিবাবু বলিলেন, ‘আত্মীয়-স্বজন আমার কেউ নেই। বিবাহ করি নি; সারা জীবন কেবল কাজই করেছি। পুলিশের কাজে একটা মোহ আছে; আমি আমার কাজে সমস্ত মনপ্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম, তখন এই শহরেই রয়ে গেলাম। এ শহরটার সঙ্গে আমার একটা নাড়ীর যোগ আছে; প্রথম যখন সাব-ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম, তখন এই শহরেই পোস্টেড হয়েছিলাম। আবার রিটায়ার করলাম এই শহর থেকেই।’
ব্যোমকেশ হাসিয়া বলিল, ‘শহরটার ওপর মায়া পড়ে গেছে আর কি। কতদিন রিটায়ার করেছেন?’
‘সাত বছর।’
এই সময় ভৃত্য আসিয়া দুই ছিলিম তামাক দুটি গড়গড়ার মাথার উপর বসাইয়া দিয়া চলিয়া গেল।
নীলমণিবাবু একটি গড়গড়ার নল হাতে লইলেন, অন্যটি লইল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলিল। উৎকৃষ্ট গয়ার তামাক; ধূম-গন্ধে ঘর আমোদিত হইয়া উঠিল।
ব্যোমকেশকে প্রথম দেখিয়া এবং তাহার পরিচয় পাইয়া অনেকেই তাহাকে পরম কৌতুহলের সহিত নিরীক্ষণ করিয়া থাকে। নীলমণিবাবুও তামাক টানিতে টানিতে তাহাকে নিরীক্ষণ করিতেছিলেন, কিন্তু তাঁহার নিরীক্ষার মধ্যে একটু বিশেষত্ব ছিল। ভক্তসুলভ পুলক-বিহ্বলতা একেবারেই ছিল না; বরং তিনি যেন চক্ষু দিয়া ব্যোমকেশকে তৌল করিতেছিলেন, ব্যোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে, তাহাই ওজন করিবার চেষ্টা করিতেছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন, মানুষের মুখ দেখিয়া তাহার চরিত্র নির্ণয় করা তাঁহার কাজ ছিল; পরের মুখে ঝাল খাইবার লোক তিনি নন। তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধির নিকষে যাচাই করিয়া লইতে চান।
অবশেষে গড়গড়ার নলটি মুখ হইতে সরাইয়া তিনি যখন কথা বলিলেন, তখন তাঁহার কথার মধ্যেও এই প্রচ্ছন্ন অনুসন্ধিৎসা বক্রভাবে প্রকাশ পাইল। তিনি বলিলেন, ‘ব্যোমকেশবাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি সবই আমি পড়েছি। লক্ষ্য করেছি, সব সমস্যাই আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছে হয়, আপনি কি কখনো কোন রহস্যের মর্মোদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি?’
ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়া সবিনয়ে হাসিল। বলিল, ‘কখনো ভুল করিনি, এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী। ভুলভ্রান্তি অনেক করেছি; এমনও অনেকবার হয়েছে যে, অপরাধীকে ধরতে পারিনি। কিন্তু সত্যের সন্ধান পাইনি, এমন বোধ কখনো হয়নি। অবশ্য বলতে পারেন, আমি ক’টা রহস্যই বা পেয়েছি। আমার চেয়ে হাজার গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি। আপনি যতদিন চাকরিতে ছিলেন, প্রত্যহ দু’চারটে ছোটবড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে। আমাকে যদি তাই করতে হত, আমারও অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত সন্দেহ নেই।’
ব্যোমকেশের উত্তর শুনিয়া নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হইয়াছেন মনে হইল। তিনি যখন আবার কথা বলিলেন, তখন তাঁহার কণ্ঠস্বরে একটু ঘনিষ্ঠতার সুর ধ্বনিত হইল। তিনি বলিলেন, ‘দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা। চুনোপুঁটির কারবারই বেশি, রুই কাতলা কদাচিৎ মেলে। আবার মজা জানেন, ওই চুনোপুঁটিগুলোকেই ধরতে প্রাণ বেরিয়ে যায়; রুই কাতলা ধরা খুব শক্ত নয়।’
ব্যোমকেশ বলিল, ‘তা বটে। ডাক্তারেরা বলেন শক্ত রোগের ওষুধ আছে, সর্দি-কাশি সারানোই কঠিন। তা—আপনার চারে যে-ক’টি রুই কাতলা এসেছে, তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়।’
নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না, ভ্রু কুঞ্চিত করিয়া হাতের নলটি লইয়া নাড়াচাড়া করিতে লাগিলেন। তারপর ব্যোমকেশের দিকে একটি সুতীক্ষ্ণ কটাক্ষ হানিয়া বলিলেন, ‘সব মাছই ডাঙায় তুলেছি ব্যোমকেশবাবু, কেবল একটি বাদে। আমার পুলিশ জীবনের শেষ বড় কেস। এই শহরেই ব্যাপারটা ঘটেছিল। কিন্তু কিনারা করতে পারলাম না।’
ব্যোমকেশ প্রশ্ন করিল, ‘আসামী কে তা জানতে পেরেছিলেন, কিন্তু প্রমাণ পেলেন না?’
নীলমণিবাবু ঈষৎ দ্বিধাভরে বলিলেন, ‘একটা লোককে পাকা রকম সন্দেহ করেছিলাম, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে, সব ওলোটপালট হয়ে গেল। সত্যিকার আসামী যে কে, সে সম্বন্ধে ধোঁকা আর কাটল না।’
‘হুঁ’ বলিয়া ব্যোমকেশ আমার হাত হইতে নল লইল এবং তাকিয়ায় ঠেস দিয়া টানিতে লাগিল। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু স্থির রাখিয়া গড়গড়ায় একটি লম্বা টান দিলেন, তারপর নল রাখিয়া দিয়া বলিলেন, ‘আপনি গল্পটা শুনবেন?’
ব্যোমকেশ উঠিয়া বসিল, বলিল, ‘বেশ তো বলুন না। ভারি চমকপ্রদ গল্প হবে মনে হচ্ছে।’
‘চমকপ্রদ কিনা আপনি বিচার করবেন। আমি যা-যা জানি, সব আপনাকে বলছি। হয়তো আপনি আসামীকে সনাক্ত করতে পারবেন।’ বলিয়া নীলমণিবাবু একটু হাসিলেন।
ইহা শুধু গল্প শুনাইবার প্রস্তাব নয়, ইহার অন্তরালে একটি চ্যালেঞ্জ রহিয়াছে। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়া বলিতেছেন—এস দেখি, তোমার কত বুদ্ধি প্রমাণ কর।
ব্যোমকেশ কিন্তু রণাহ্বান গায়ে মাখিল না, হাসিয়া বলিল, ‘আরে না, না, আপনার মত অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারে নি, আমার দ্বারা কি তা হবে। তবে গল্পটা শোনার কৌতূহল আছে। আপনি বলুন।’
আমরা নীলমনিবাবুর কাছে সরিয়া আসিয়া বসিলাম। তিনি পকেট হইতে একটি কৌটা বাহির করিয়া এক চিমটি জর্দা মুখে দিলেন। পান নয়, শুধু জর্দা। ইহাই বোধ হয় তাঁহার আসল নেশা।
তিনি গলা ঝাড়া দিয়া গল্প আরম্ভ করিবার উপক্রম করিতেছেন, বীরেনবাবু ঘরে প্রবেশ করিয়া বলিলেন, ‘আর এক দফা চা হবে নাকি? মধ্যাহ্ন-ভোজনের এখনো বিস্তর দেরি। বিয়ে বাড়ির ব্যাপার—’
ব্যোমকেশ বলিল, ‘আসুক চা। এবং সেই সঙ্গে আর এক প্রস্থ তামাক।’
সম্মুখে চায়ের পেয়ালা এবং বাঁ হাতে গড়গড়ার নল লইয়া আমরা বসিলাম। নীলমণি মজুমদার তাঁহার স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলিতে আরম্ভ করিলেন।
রিটায়ার করিবার বছর তিনেক আগে নীলমণিবাবু এই জেলার সদর থানার কর্তা হইয়া আসেন। তাঁহার তিনটি প্রধান গুণ ছিল; যে-বুদ্ধি থাকিলে তদন্ত-কর্মে কৃতকার্য হওয়া যায় সে-বুদ্ধি তাঁহার প্রচুর পরিমাণে ছিল; তিনি অতিশয় কর্মঠ ছিলেন; এবং তিনি ঘুষ লইতেন না। শহরটা পুলিশ শেরেস্তায় দাগী শহর বলিয়া পরিচিত ছিল; খুন জখম এবং আরও নানা প্রকার অবৈধ ক্রিয়াকলাপ এখানে লাগিয়া থাকিত। নীলমণিবাবু পূর্ব হইতে এ শহরের সহিত পরিচিত ছিলেন, শহরের ধাত জানিতেন। তিনি আসিয়া দৃঢ় হস্তে শাসনের ভার তুলিয়া লইলেন।
বছর দেড়েক কাটিয়া গেল। নীলমণিবাবুর সতর্ক শাসনে শহর অনেকটা শান্তশিষ্ট ভাবে আছে। নীলমণিবাবুর অভ্যাস ছিল, হপ্তায় দু-একবার কাহাকেও কিছু না বলিয়া গভীর রাত্রে সাইকেল চড়িয়া বাহির হইয়া পড়িতেন। শহরের একটা অংশ ছিল বিশেষ ভাবে অপরাধপ্রবণ; তাহারই অন্ধকার অলিগলিতে তিনি ঘুরিয়া বেড়াইতেন; পাহারাওয়ালারা নিয়মিত রোঁদ দিতেছে কিনা লক্ষ্য করিতেন। তাঁহার সাইকেলে আলো থাকিত না ; সঙ্গে থাকিত পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ।
যে-রাত্রির ঘটনা লইয়া এই কাহিনীর আরম্ভ, সে-রাত্রে নীলমণিবাবু সাইকেল চড়িয়া যথারীতি বাহির হইয়াছেন। নিশুতি রাত, কোথাও জনমানব নাই, রাস্তার আলোগুলো দূরে দূরে টিমটিম করিয়া জ্বলিতেছে। ভদ্র পাড়া যেখানে অভদ্র পাড়ার সঙ্গে মিশিয়াছে সেইখানে আম-কাঁঠালের বাগান-ঘেরা কয়েকটা পুরাতন বাড়ি আছে—বাড়িগুলা জীর্ণ, আম-কাঁঠালের গাছগুলি বর্ষীয়ান। পূর্বে বোধ হয় এই স্থান ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল, এখন ভদ্রপল্লী ঘৃণাভরে দূরে সরিয়া গিয়াছে; ক্ষয়িষ্ণু বাড়িগুলি দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করিতেছে। এখানে যাহারা বাস করে, তাহাদের সামাজিক অবস্থাও ত্রিশঙ্কুর মত স্বর্গ ও মর্তের মধ্যবর্তী।
মন্থর গতিতে সাইকেল চালাইয়া এই পাড়ার ভিতর দিয়া যাইতে যাইতে নীলমণিবাবু দেখিলেন, সম্মুখে প্রায় পঞ্চাশ গজ দূরে কয়েকজন লোক একটি মাচার মত বস্তু কাঁধে লইয়া একটি বাড়ির ফটক হইতে বাহির হইয়া আসিতেছে। তাহাদের ভাবভঙ্গি সন্দেহজনক। নীলমণিবাবু জোরে সাইকেল চালাইলেন; কাছাকাছি আসিয়া বৈদ্যুতিক টর্চ জ্বালিয়া লোকগুলার মুখে ফেলিলেন, মৃদুকণ্ঠে হুকুম দিলেন, ‘দাড়াও!’
চারজন লোক ছিল; তাহারা একসঙ্গে কাঁধ হইতে মাচা ফেলিয়া পলায়ন করিল, মুহূর্ত মধ্যে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। কিন্তু অদৃশ্য হইবার পূর্বে একজনের মুখ নীলমণিবাবু অস্পষ্ট ভাবে দেখিতে পাইয়াছিলেন; সে ওই বাড়ির মালিক সুরেশ্বর ঘোষ।
পলাতকেরা বিভিন্ন দিকে গিয়াছে, নীলমণিবাবু তাহাদের ধরিবার চেষ্টা করিলেন না। তিনি মাচার নিকট গিয়া সাইকেল হইতে নামিলেন এবং মাচার উপর টর্চের আল