Home
সুন্দরী তুমি শুকতারা

সুন্দরী তুমি শুকতারা

অদ্রীশ বর্ধন

সুন্দরী তুমি শুকতারা

অদ্রীশ বর্ধন
thriller

Change color

গৌরচন্দ্রিকা

ফুটন্ত লোহা গজায়, কিন্তু বানিয়ে দেয় ইস্পাত। ব্যক্তিগত ট্র্যাজেডির লেলিহান অগ্নিশিখায় মানুষও কখনও কখনও পালটে যায়–অসহ্য কষ্ট তাকে প্রায় অমানুষ করে দেয়। বিদ্রোহী

বর্মন-এর ক্ষেত্রে হয়েছিল ঠিক তাই। সুন্দরী স্ত্রীকে হারানোর পর সে হয়ে গেল নিছক একটা মেশিন, প্রতিহিংসা নেওয়ার মেশিন।

আমরা জানি সে এখন কী হয়েছে ও বরফ আর ইস্পাতে গড়া মূর্তি, এই দুইয়ের চাইতেও বেশি নিষ্করুণ; অতি ভয়ানক প্রায় নৈব্যক্তিক এক শক্তি, যার মড়ার মতন সাদা মুখ মুখোশের মতন ঢেকে রেখে দেয় হিমশীতল প্রায় অলৌকিক নির্মম প্রতিভাকে সমাজশত্রু হননের পূর্বমুহূর্তেই কেবল নারকীয় আগুন দেখা যায় কালো চোখের মণিকায়–

এ কাহিনি সেই বিদ্রোহী বর্মনের–

সঙ্গে আছে গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র।

অর্ধাঙ্গিনীর অন্তর্ধান


ফাগুনের আগুন লেগেছে বনে-বনে।


দমদম এয়ারপোর্টের দুরে-দূরে দেখা যাচ্ছে এহেন আগুনের সমারোহ।


এয়ারপোর্ট কিন্তু নিস্তরঙ্গ পুষ্করিণীর মতনই স্থির। পুকুরের শোভা যেমন পদ্ম ফুল, এয়ারপোর্টেও তেমনি ঝকঝক করছে খানকয়েক এরোপ্লেন।


শান্ত এয়ারপোর্টে ঝিকমিকিয়ে চলেছে ফাগুনের আনন্দময় রোদ। এই দৃশ্যই নয়নভরে দেখছে বিদ্রোহী বর্মন। তখন কি কল্পনাও করতে পেরেছিল যে এমন সুন্দর জায়গাটাই তার জীবন সাহারার সূচনাকেন্দ্র হয়ে দাঁড়াবে? ভাবতেও কি পেরেছিল অপরিসীম আতঙ্কঘন ফ্যানট্যাসটিক ঘটনার পর ঘটনা তার গোটা জীবনের মোড় ঘুরিয়ে দেবে?



না, পারেনি।


আতঙ্কের জীবাণু প্রশান্ত পরিবেশে লীলা দেখাতে পারে না–এ হেন জায়গায় তার সৃষ্টির সম্ভাবনাও থাকে না।


অথচ রৌদ্রবিধৌত অপরূপ এই দমদম বিমান বন্দরেই আতঙ্ক হল অঙ্কুরিত। বিদ্রোহী বর্মন সর্বজনের কাছে পরিচিত ছিল হাসিখুশির অফুরন্ত আধার হিসাবে–কৌতুকবোধ অপসৃত হল তার চরিত্র থেকে।


ট্র্যাজেডির বীজ বপন হয়ে গেল শান্তিময় এই ক্ষেত্রেই–পালটে গেল বিদ্রোহী বর্মনের জীবনের ছন্দ।


.

ডগলাস বিমানে দশজন প্যাসেঞ্জার বসতে পারে। প্রাইভেট এয়ারলাইন্স-এর বিমান। দুটো আছে। এখুনি একটা আকাশে উড়বে। তাই যেন দম নিচ্ছে। রানওয়ের ওপর খাড়া। শেষ লাগেজটা এইমাত্র প্রবেশ করেছে তার উদরে। জানলায় বসে সেই দৃশ্য দেখল বিদ্রোহী।



বলল এজেন্টকে, আমাকে যে যেতেই হবে পোর্টব্লেয়ার–এখুনি।


সসম্ভ্রমে বিদ্রোহীর দিকে চেয়ে রইল এজেন্ট। সম্ভ্রম সে ছিনিয়ে নেয় সবার কাছ থেকেই। তার ব্যক্তিত্ব দিয়ে। তার চাবুক চেহারা দিয়ে। কণ্ঠস্বরের মাদল বাজনা দিয়ে। তার কুচকুচে চুলের ঝিকিমিকি, তার কৃষ্ণতর চোখের কালো দীপ্তি পুরুষ অথবা নারী–সবাইকেই মন্ত্রমুগ্ধ করতে পারে প্রথম দর্শনেই।


এত সমীহবোধ সত্ত্বেও ঘাড় নাড়ল এজেন্ট। নিতান্তই নারাজ।


বললে মৃদু স্বরে, কলকাতায় হেড অফিসে খোঁজ নিয়ে আসেননি? একদম জায়গা নেই। সব সিট ফুল।


বিদ্রোহীর কালো মণিকা দুটোয় শুধু কালো স্ফুলিঙ্গ দেখা দিল–ক্ষণেকের জন্য। পিয়ানোর ইস্পাত তারে টঙ্কার দিলে যেরকম শিরশির আওয়াজ বেরয়, সেই আওয়াজ ধ্বনিত হল তার কণ্ঠস্বরে–খুব নীচু খাদে।


বললে, আমাকে যে যেতেই হবে। আমি আর আমার স্ত্রী। স্ত্রীর আত্মীয়া খুবই অসুস্থ। মুমূর্ষ।



হাত রাখল শুকতারার হাতে। বিদ্রোহীর হাতের পাঞ্জা দেখলে বোঝা কঠিন প্রতিটি আঙুল যেন হাড় আর ইস্পাত দিয়ে গড়া–চামড়া দিয়ে ঢাকা; সে তুলনায় শুকতারার বাহু পেলব কোমল, মসৃণ চামড়া মখমল কোমল, উজ্জ্বল গৌরবর্ণের সঙ্গে দুধ আর আলতার সংমিশ্রমের আভাস আছে। শুকতারা তাই শুধু সুন্দরী নয়–অপরূপ রূপসি। তার নাক মুখ চিবুক ইউরোপীয় মর্মর মূর্তিকে স্মরণ করিয়ে দেয়, তার দীঘল আঁখি আর মখমল পেলবতা পলিমাটির স্নিগ্ধতা মনে এনে দেয়। তার দুই চোখের তারার সমাহিত চাহনি মন-সমুদ্রের অতলতাকে বাঙময় করে তোলে। পরনে তার ফিকে গোলাপি রঙের অর্গান্ডি শাড়ি ফরসা রঙকে আগুনের মতোই প্রোজ্জ্বল করে তুলেছে। বিদ্রোহীর করস্পর্শে সাদা দাঁতের সারির আভাস, সে সামান্য হাসল। বরকে যেন সংযত হতে বলছে।


এজেন্ট কিন্তু নিরুপায়। ডাইনে বাঁয়ে মাথা নেড়েই চলেছে। সমবেদনা জানাচ্ছে, একই সঙ্গে অক্ষমতাও প্রকাশ করে চলেছে।


কিছুই করা যাবে না। মাঝরাতে একটা প্লেন ছাড়বে–


অতক্ষণ ওয়েট করা যাবে না, ঝটিতি বললে বিদ্রোহী। ওর মুখের পরতে-পরতে সঙ্কল্প প্রস্তরকঠিন রূপ নিয়েছে। অতীতেও এরকম মুখাবয়ব দেখা দিয়েছে বিশেষ ক্ষেত্রে–যখনি সাধারণ মানুষ সমস্যা সমাধানে অপারগ হয়েছে বিদ্রোহী বর্মনের অ্যাডভেঞ্চারাস সত্তা সেই সমস্যা লুফে নিয়েছে। সমাধান হাতে তুলে দিয়েছে।



বললে, চাটার প্লেন নেব। যত বড়ই হোক না কেন–


চার্টার করার মতন প্লেন এখন ফিল্ডে নেই। সরি, কান্ট হেল্প।


ঠিক এই সময়ে এয়ারপোর্ট অফিসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে ছিল বিদ্রোহী বর্মন। দেখেছিল চাকা গড়গড়িয়ে রানওয়ের দিকে চলেছে ডগলাস।


এজেন্টের সঙ্গে আর কথা বলেনি বিদ্রোহী। দ্রুতপদে ধাবিত হয়েছিল দরজার দিকে। পেছনে এসেছে সুন্দরী শুকতারা।


শুধিয়েছিল, কী করতে চাও?


সুন্দরী শুকতারার কণ্ঠস্বরে বীণার ঝঙ্কার–স্বামীর সঙ্গে কথা বলার সময় মূর্ত হয়ে ওঠে গভীর আস্থা–সে জানে, ধূসর অগ্নিশিখা সম স্বামী প্রবরের ডিক্সনারিতে অসম্ভব শব্দটা ঠাঁই পায় না।


বিদ্রোহী বললে, পোর্টব্লেয়ারে যাব–এখুনি।



ধেয়ে চলেছে সে এয়ারলাইনারের দিকে।


বিদ্রোহী যখন নিশ্চল, তখন সে সম্ভ্রম ছিনিয়ে নেয়। যখন সে চলমান, তখন তাকে স্বচ্ছন্দ গতিতে শিকারি চিতার মতন ধাবমান বলেই মনে হয়। বহু যুগে এমন শরীরী বিদ্যুৎ দেখবার সৌভাগ্য হয় মানুষের। প্রাণশক্তির তীব্রতা স্ফুরিত হয় হাতে-পায়ে সর্ব অঙ্গে। অথচ সে আয়তনে বিপুলকায় নয়। হাইটে মাত্র পাঁচ ফুট আট ইঞ্চি। ওজন মোট একশ ষাট পাউন্ড।


স্বামী স্ত্রী একই গতিবেগে চলে এসেছে প্লেনের কাছে। ডবল মেটাল ডোর এখনও খোলা রয়েছে। ধাতুর সোপান এখনও যথাস্থানে রয়েছে। প্লেন ঘুরে একজন অ্যাটেনড্যান্ট এসে দাঁড়াল বিদ্রোহীর সামনে।


বললে, এ প্লেনের দুটো খালি সিট কি আপনাদের জন্যে?


লোকটা বেজায় লম্বা। হাড়সবর্ষ। আঙুলের গাঁট বেশ মোটা। চামড়া লালচে আর কর্কশ। বিদ্রোহীর কালো চোখের ওপর কালো ভুরু জোড়া নারকেল দড়ির মতন শক্ত হয়ে ওঠে লোকটার দিকে তাকিয়েই।


দুই চোখে জয়োল্লাস ভাসল তৎক্ষণাৎ।



সিট তাহলে আছে। অথচ বলল নেই। ঘোর চক্রান্ত।


আপনাদের টিকিট যদি না থাকে–


পোর্টব্লেয়ারে নেমে মিটিয়ে দেব। ফরম্যালিটি যদি কিছু থাকে সেরে নিন–এসো সুন্দরী।


শুকতারাকে শুধু সুন্দরী বলেই ডাকে বিদ্রোহী। চিরকাল। বিয়ের আগে থেকে। শুনে যারা চোখ কপায়, তাদের দিকে কালো চোখের হিরে জ্বালিয়ে রাখে–থেমে যায় চোখের কাঁপন।


টুকটুক করে সিঁড়ি বেয়ে প্লেনের ভেতরে গিয়ে ঢোকে দুই মূর্তি। একজন পুরোদস্তুর হি ম্যান, আর একজন অণু পরমাণুতেও শী-ম্যান। প্রপেলারের গর্জন চলছে, ধাম করে বন্ধ হচ্ছে মেটাল ডোর, লক করেও দেওয়া হল সে দরজা। চলতে শুরু করেছে প্লেন। চারপাশে চোখ ঘুরিয়ে নেয়। বিদ্রোহী। ঠিক জায়গাতেই এসে পড়েছে। কিন্তু অন্যান্য আরোহীদের চিনতে পারছে না।


ওরা স্বামী-স্ত্রী ছাড়াও আটজন প্যাসেঞ্জার রয়েছে প্লেনে। সাতজন পুরুষ। একজন নারী। মহিলাটির শ্রী অঙ্গে আকর্ষণ আছে বিলক্ষণ। কিন্তু মুখ শক্ত, চোয়াল শক্ত, নাক শক্ত। এগুলি না থাকলে তাকে পারফেক্ট বিউটি বলা যেত। ছয় পুরুষের একজন বিশালকায় এবং স্থূলকায় বাড়তি চর্বি জমেছে শরীরের সব জায়গায়। দ্বিতীয়জনও বিশাল, তবে চর্বির পাহাড় নয়–এর হাতে রয়েছে গুচ্ছ গুচ্ছ কালো চুল। তৃতীয়জন খর্বকায়, সলিড বপু–দাঁতের ফাঁকে মোটা চুরুট। বাকি চারজন ভিড়ে হারিয়ে যাওয়ার মতন মামুলি চেহারার অধিকারী। পর্যবেক্ষণ সমাপ্ত করে সুন্দরীর পানে তাকায় বিদ্রোহী–খুশি তো?



নিজের সিটে বসে ঈষৎ ঝুঁকেও পড়ে। ইস্পাত-পাঞ্জা রাখে সুন্দরীর কাঁধে। যেন হরগৌরী। নিবিড় সম্পর্কটা বিজ্ঞাপিত ওই একটি আচরণেই।


ফাইন। মিষ্টি হেসে বললে সুন্দরী।


রিল্যাক্সড হয়ে যায় বিদ্রোহী। প্লেনের মৃদু আন্দোলনে আন্দোলিত হয় পাঁচ ফুট আট ইঞ্চি বডি। সূর্য ডুবছে দিগন্তে–গোধূলি অবগুণ্ঠন মেলে ধরছে ধীরে ধীরে।


সুন্দরীর মা মৃত্যুশয্যায়। যদি কিছু হয়ে যায়, বিশাল সম্পত্তির ওয়ারিশ হতে চলেছে সুন্দরী। নির্বিকার থাকার চেষ্টা করে বিদ্রোহী।


প্লেনের গর্জন এখন কানে সয়ে গেছে। কালো ইস্পাতের পাতের মতন বঙ্গোপসাগর পড়ে রয়েছে নীচে। আকাশে তারা দেখা যাচ্ছে না সাগরের জলও তাই কালো। বেঁটে সলিড লোকটা জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে–তার দৃষ্টি নেই আর কোনও দিকে।



বছর বিশেক বয়সের স্টুয়ার্ডেস এগিয়ে এল সুন্দরী শুকতারার দিকে। সুন্দরীরা সুন্দরীদের দিকে বেশি তাকায়–পুরুষদের দিকে ততটা তাকায় না। শুকতারা দেখে নিল স্টুয়ার্ডেসকে। স্লিম


অ্যান্ড অ্যাট্রাকটিভ।


হাসল স্টুয়ার্ডেস। কিছু প্রয়োজন কি শুকতারার?


না, শুকতারা ভালোই আছে। তবে উঠে দাঁড়াল বিদ্রোহী। হাত দুটো তার চটচট করছে। ধোয়া দরকার। এগোল ল্যাভেটরির দিকে।


চলন ভঙ্গিমায় আবার ঠিকরে গেল সেই মসৃণ পিচ্ছিলতা–শক্তি ঠাসা পেশিপুঞ্জ থেকে যার আবির্ভাব ঘটে। প্রতিটি পদক্ষেপে চিতাবাঘের রাজকীয়তা–অঙ্গ ঘিরে বিদ্যুৎ-বহ্নির অদৃশ্য বিচ্ছুরণ। শুধু চলন ভঙ্গিমাই নয়। মাঝারি মাপের ফ্রেমে বিরল শক্তির কাহিনি যেন কথা কয়ে উঠবে ওর শরীরটার দিকে তাকালে। দক্ষ লড়াকুর পূর্ণ বয়েসের সমস্ত অভিজ্ঞতাই সঞ্চিত হয়েছে। বিদ্রোহীর শক্তিঠাসা শরীরটার সব জায়গায়। একই সঙ্গে যৌবনের আগুন আর সহনশীলতাও বিধৃত রয়েছে প্রতিটি অণুপরমাণুতে। বিদ্রোহী এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে এমনই তড়িৎ, শক্তি অর্জন করেছে যা চোখে পড়ে কদাচিৎ।



শুকতারা এহেন বিরল পুরুষের দিকে তাকিয়ে হাসল ছোট্ট আর মিষ্টি হাসি। হাসি ফিরিয়ে দিল বিদ্রোহী কালো চোখের তারা নাচিয়ে। তারপর দরজা খুলে ঢুকল টয়লেট রুমে।


হাতে ময়লা না থাকলেও হাত ধোওয়ার বাতিক আছে বিদ্রোহীর। জঙ্গলে অথবা মেরু প্রান্তরে, শহরে অথবা পর্বতে লক্ষ কোটি টাকার অ্যাডভেঞ্চারে গেছে বিদ্রোহী হাত ধোওয়ার বাতিক ছাড়েনি। এক বিন্দু জলের দাম যেখানে সোনা দিয়ে ধার্য করা যায়–সেই মরু অঞ্চলেও দু-হাতের কল্পিত ক্লেদ সাফ করতে জল অপচয় করেছে নির্বিকার ভাবে।


ধীরে সুস্থে নিতান্তই অলস ভঙ্গিমায় দুহাত পরিষ্কার করে নিল বিদ্রোহী–ফিরে এল প্লেনের মধ্যে।


দেখল, ওর পাশের সিট শূন্য।


যেখানে বসেছিল সুন্দরী শুকতারা একটু আগেই।


নির্নিমেষে শুন্য সিটটার দিকে চেয়ে রইল বিদ্রোহী। শিরশির করে উঠল ব্রহ্মতালুর চামড়া।



কিন্তু শিউরে ওঠবার মতন কিছুই তো ঘটেনি। লেডিজ ল্যাভেটরি পেছনে–শুকতারা গেছে। সেখানে।


বেঁটে সলিড লোকটা এখনও চুরুট কামড়ে চলেছে–অগ্নিসংযোগ এখনও ঘটেনি। বিদ্রোহীর দিকে পূর্ণ চোখে ক্ষণেক তাকিয়ে চাহনি ফিরিয়ে নিল জানলার দিকে। বাকি ছয় পুরুষ আর এক নারী দৃকপাতই করল না ওর দিকে। পেছন থেকে এগিয়ে এল বিমানসুন্দরী। হাতছানি দিয়ে তাকে কাছে ডাকল বিদ্রোহী।


আমার স্ত্রীর শরীর সুস্থ তো? ল্যাভেটরিতে গেল নাকি?


আপনার স্ত্রী? ললাটে ঈষৎ কুঞ্চন জাগিয়ে বললে বিমান-অপ্সরা।


হ্যাঁ। সিক হয়ে গেল নাকি প্লেন মোশান-এর জন্য?

**********
No Review
Related Books
Loading books…