
রহস্য যখন সামুদ্রিক
সৈয়দ মুস্তাফা সিরাজ
০১.
সেবার মার্চের শেষ সপ্তাহে চন্দনপুর-অন-সি-তে সমুদ্রবিজ্ঞানীদের সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলুম। পশ্চিমবঙ্গ থেকে শুধু দৈনিক সত্যসেবক পত্রিকারই একজন সাংবাদিককে সেখানে ডাকা হয়েছিল। তিনদিনের সম্মেলন। আমন্ত্রণপত্র হাতে পেয়ে খুব খুশি হয়ে আমার ফ্রেন্ড ফিলজফার অ্যান্ড গাইড কর্নেল নীলাদ্রি সরকারকে টেলিফোন করেছিলুম। কিন্তু তার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণ জানিয়েছিল তার বাবামশাই বাড়িতে নেই। কয়েকদিনের জন্য বাইরে গেছেন।
একটু অবাক অবশ্য হয়েছিলুম। কারণ তার সঙ্গে গত রবিবারেও দেখা হয়েছে। অথচ তিনি বাইরে কোথাও যাবেন এমন কোনো আভাস তাঁর কথায় পাইনি। অবশ্য তার খেয়ালের কথা আমার জানা। কোথাও বিরল প্রজাতির প্রজাপতি বা ক্যাকটাসের খবর পেলে তিনি সেখানে ছুটে যেতে দেরি করেন না।
চন্দনপুর-অন-সি-তে আমি এর আগেও কয়েকবার এসেছি। কিন্তু প্রত্যেকবারই কর্নেলের সঙ্গী হয়ে। সমুদ্রবিজ্ঞানীদের সম্মেলন চলেছে সেখানকার এক বিশাল অডিটোরিয়ামে। বিজ্ঞানীদের থাকার ব্যবস্থা হয়েছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি হোটেলে আর সাংবাদিকদের জন্যে বিশেষ করে বরাদ্দ করা হয়েছে হোটেল দ্য শার্ক। এই হোটেলটি সমুদ্রের ধারে একটি সমতল জায়গায় নতুন গড়ে উঠেছে। থাকার জন্য ব্যবস্থাটা খুব মনোরম বলেই মনে হচ্ছিল। আমি উঠেছিলুম দোতলার পশ্চিম দিকের একটা সুইটে। ব্যালকনিতে বসলে ব্যাপকভাবে সমুদ্র। দেখা যায়। তাছাড়া ডানদিকে কিছুটা দূরে পুরোনো আমলের একটা লাইট হাউসও চোখে পড়ে। আমি জানি এ লাইট হাউসটা পোর্তুগিজদের তৈরি এবং বহুকাল ধরে পরিত্যক্ত। কারণ একটি নতুন লাইট হাউস গড়া হয়েছে আরও কিছুটা দূরে সমুদ্রের মধ্যে একটা ছোটো পাথুরে দ্বীপের ওপর।
সম্মেলনের আগের দিন সন্ধ্যার ট্রেনে পৌঁছেছিলুম। সেদিনই নীচের ডাইনিং-এ ভারতের নানা অঞ্চলের সাংবাদিকদের সঙ্গে আলাপ হয়েছিল। তাদের মধ্যে মাদ্রাজের দি ইন্টারন্যাশনাল অবজারভার পত্রিকার সাংবাদিক সুভদ্র বর্মন আমার চেনা। বয়সে বড়ো এই ধুরন্ধর সাংবাদিক সর্বত্র দেখেছি অনেকেরই প্রিয় হয়ে ওঠেন। কিন্তু কলকাতায় তার জন্ম বলে তিনি আমার বেশি অনুরাগী। সম্পর্কটা দাদা-ভাইয়ের মতো। বর্মনদা উঠেছেন দোতলায় মাঝামাঝি একটা সুইটে, যেটা সিঁড়ির পাশে।
সম্মেলনের প্রথম দিন তেমন কোনো আলোচনা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় নেতাদের ভাষণ, শেষে সমুদ্রবিজ্ঞান দপ্তরের এক বড়োকর্তার অসংলগ্ন দীর্ঘ বক্তৃতা, এই সব বিরক্তিকর ব্যাপারেই শেষ হয়েছিল। এক ফাঁকে বর্মনদা চুপিচুপি আমাকে নিয়ে কেটে পড়েছিলেন। কাজেই পুরো সময়ই যে সবাই ছিলুম তা বলা যাবে না। সমুদ্রের ধারে একটা ছোটো কাফেতে দুজনে কফি খেয়ে খাঁড়ির মাথায় একটা পাথরে বসে ছিলুম। কথায় কথায় বর্মনদা জিজ্ঞেস করলেন, আমার একটু অবাক লাগছে জয়ন্ত, এমন একটা সম্মেলনে তোমার বন্ধু ভদ্রলোক কেন আমন্ত্রিত হননি।
আমি তত কিছু না ভেবে বললুম, কর্নেল থাকলে কি আপনি তাকে এখানে কোনো রহস্যের পেছনে লড়িয়ে দিতেন?
বর্মনদা একটু হেসে চাপা স্বরে বললেন, কিছু বলা যায় না। আমার কেন যেন মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলবে না।
অবাক হয়ে বললুম, তার মানে?
বর্মনদা একটু চুপ করে থাকার পর আস্তে বললেন, এখানে আসার আগে একটা গুজব শুনে এসেছি।
আগ্রহ দেখিয়ে বললুম, কী গুজব, বলতে আপত্তি আছে?
সুভদ্র বর্মন এতক্ষণে একটু গম্ভীর হয়ে গেলেন। আগের মতো চাপা স্বরে বললেন, কোনো এক মহিলা সমুদ্রবিজ্ঞানী নাকি জীববিজ্ঞানেও একটা বিস্ময়কর তথ্য আবিষ্কার করে ফেলেছেন। তিনি সেই বিষয়ে এই সম্মেলনে পেপার পড়বেন। বিষয়টা নাকি এমন গুরুত্বপূর্ণ যে তা সারা বিশ্বে হইচই ফেলে দেবে। তবে থাক, এ নিয়ে আর মুখ না খোলাই ভালো দেওয়ালেরও কান আছে। চলো, কেটে পড়া যাক।
হোটেলে ফেরার পথে বর্মনদা আমাকে সাবধান করে দিয়েছিলেন ব্যাপারটা নিয়ে যেন আমি ঘুণাক্ষরেও কারো কাছে না বলি।
এরপর দ্য শার্ক-এ আমার ব্যালকনিতে বসে ডানদিকে পোড়ো লাইট হাউসের পাশ দিয়ে সূর্যাস্ত দেখছিলুম। সুভদ্র বর্মনের গুপ্ত কথা বা গুজব যা-ই হোক আমাকে কেন যেন জ্বালাতন করছিল। সত্যিই যদি এমন কোনো আবিষ্কারের কথা জানা যায় তাহলে কী ঘটতে পারে তা আঁচ করা যায়। সেই মহিলা বিজ্ঞানীর নিরাপত্তার প্রশ্ন এসে যেতে বাধ্য। কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি এমন সব ক্ষেত্রে বিদেশি চরচক্র সরকারের চোখে ধুলো দিয়ে বিজ্ঞানীদের দলে মিশে যেতে পারে।
প্রতিটি সুইটের সামনে আলাদা এক টুকরো করে ব্যালকনি। একটু পরে দেখলুম আমার বাঁ পাশের ব্যালকনিতে গাঁট্টাগোট্টা চেহারার একজন তামিল সাংবাদিক একটা বই পড়তে পড়তে মাঝে মাঝে পোডড়া লাইট হাউসের খাঁড়ির দিকে তাকাচ্ছিল।অনলাইনে বেস্টসেলিং বই কিনুন
তারপর দেখলুম হঠাৎ সে বই বুজিয়ে রেখে ঘরে ঢুকে গেল। আমি যা অনুমান করেছিলুম তা ঠিক। খাড়ির দিকে বড়ো বড়ো পাথর আর ঝোঁপঝাড়ের মধ্য দিয়ে সে হন্তদন্ত হেঁটে যাচ্ছে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। কিন্তু সমুদ্রের ওপর থেকে রক্তিম ছটা মুছে যায়নি। আমি তীক্ষ্ণদৃষ্টে তামিল সাংবাদিককে খুঁজছিলুম। কিন্তু তাকে আর দেখতেই পেলুম না। তখনই ঘরে ঢুকে টেবিলবাতিটা জ্বেলে দিলুম। তারপর সম্মেলনে আমাদের যেসব কাগজপত্র দেওয়া হয়েছিল সেগুলো খুঁজে প্রথমে সাংবাদিকদের লিস্টটা বের করলুম। কিন্তু তামিল সাংবাদিক দুজন। একজন মি, রাঘবন, অন্যজন মি. চন্দ্রশেখর কুট্টি। দুজনেই প্রায় সমবয়সি। আমি কাগজগুলো রেখে আবার ব্যালকনিতে গিয়ে বসলুম। ততক্ষণে সমুদ্রের ধারে সারবদ্ধ আলো জ্বলে উঠছে।অনলাইনে বেস্টসেলিং বই কিনুন
কিছুক্ষণ পরে নিজের গোয়েন্দাগিরির প্রতি ক্ষুব্ধ হয়ে নীচের তলার ক্যান্টিনে গেলুম। ক্যান্টিনের একপাশে বার। সেখানে কয়েকজন উঁচু টুলে বসে মহাসুখে ড্রিঙ্ক করছে। আমি বারে গিয়ে এক জগ বিয়ার নিয়ে জানলার পাশে চেয়ারে বসলুম। তারপরই দেখলুম সেই তামিল সাংবাদিক ক্যান্টিনে ঢুকে উলটোদিকের একটা চেয়ারে বসল। এখন তার একজন সঙ্গী ছিল। সঙ্গীটিকে তামিল মনে হচ্ছিল না। গায়ের রং বেশ ফরসা। রোগা চেহারা। মাথায় একরাশ চুল। মুখে ফ্রেঞ্চকাট দাড়ি। ক্যান্টিন-বয়কে ডেকে তারা চা আর পকোড়ার অর্ডার দিল।অনলাইনে বেস্টসেলিং বই কিনুন
একটু পরে দেখলুম বর্মনদা ক্যান্টিনে ঢুকছেন। আমাকে দেখতে পেয়েই হাসিমুখে তিনি এগিয়ে এলেন এবং আমার মুখোমুখি বসলেন। বললুম, দাদা, ছোটো ভাইকে বিয়ার খেতে দেখে যেন খাপ্পা হবেন না।
সুভদ্র বর্মন হাত বাড়িয়ে আমার কাঁধে একটু চাপ দিয়ে সহাস্যে বললেন, তুমি যদি বিয়ার খাও তাহলে দাদা হিসেবে আমার কী খাওয়া উচিত?
-হুঁইস্কি। বলে ওয়েটারকে ইশারা করলুম।
বর্মনদা বললেন, সত্যি ভাই জয়ন্ত, এবার আমি এখানে এসে মনে শান্তি পাচ্ছি না।
–আপনার অশান্তির কারণ কি সেই গুজব?
বর্মনদা চোখ টিপে সতর্ক করে দিয়ে আস্তে বললেন, না। একটা অদ্ভুত রকমের ঘটনা লক্ষ করছি। তখন কফি খেয়ে ফিরে আসার পর একটা টেলিফোন পেলুম। সেই মহিলা সমুদ্রবিজ্ঞানী সুভদ্রা ফাটনবিশ আমাকে ডিনারের আমন্ত্রণ করেছেন। তোমাকে আজ রাতের এই গোপন ডিনার খাওয়ার কথা বলে রাখছি, এর একটা কারণ আছে। ঝামেলার গন্ধ পাচ্ছি। তুমি ঠিক রাত দশটায় আমার সুইটে খোঁজ নিয়ে যদি দ্যাখো আমি তখনও ফিরিনি তাহলে তুমি তখনই আমাদের সম্মেলনের নিরাপত্তা দপ্তরের কর্তা আজিজ খানকে খবর দেবে। শুধু বলবে আমি কোথায় গিয়েছিলুম এবং এখনও ফিরছি না দেখে তোমার উদ্বেগ হয়েছে। তিনি যেন একটু খোঁজখবর নেন।
এইসব কথা শোনার পর স্বভাবত আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলুম। ততক্ষণে আমার বিয়ার খাওয়া শেষ হয়েছে। বর্মনদাকে জিজ্ঞেস করলুম, আর এক পেগ সেবন করবেন কি না! তিনি শেষ চুমুক দিয়ে বললেন, নাঃ!
ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে এবং টিপস দিয়ে দুজনে ওপরে গেলাম। সুভদ্র বর্মন বললেন, একা নিজের ঘরে চুপচাপ বসে থাকবে, তার চেয়ে আমার ঘরে চলো।
তাঁর সুইটে গিয়ে বললুম, আচ্ছা ওই গাঁট্টাগোট্টা চেহারার তামিল সাংবাদিককে আপনি নিশ্চয়ই চেনেন। ক্যান্টিনে সে একজন রোগা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল, নিশ্চয়ই লক্ষ করেছিলেন।
বর্মনদা হেসে উঠলেন, তুমি রাঘবনের কথা বলছ? আরে ও কি সাংবাদিক হওয়ার যোগ্য? শ্বশুরের কাগজে ঢু মেরে ঢুকেছে। আমার সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয়েছিল। সব সময় তিলকে তাল বানিয়ে তোলা ওর অভ্যেস। ওদের কাগজের সব রিপোর্টার আড়ালে ওকে নিয়ে ঠাট্টাতামাশা করে। কিন্তু হঠাৎ ওর কথা কেন?
এবার আমি সূর্যাস্তের পর যা দেখেছিলুম সবিস্তারে তা ওঁকে শোনালুম। শোনার পর বর্মনদা ভ্রু কুঁচকে কী যেন ভাবলেন। তারপর বললেন, রাঘবনের একটা ব্যাপারে খুব বদনাম আছে। লোকটা লম্পট। তুমি তো চন্দনপুর-অন-সি-তে কয়েকবার এসেছিলে বলছিলে। তুমি নিশ্চয় জানো এখানে সন্ধ্যায় আগে থেকেই বারবনিতারা সেজেগুজে খদ্দেরের খোঁজ বেরিয়ে পড়ে। কাজেই তুমি যা দেখেছ তা তেমন কিছু গোপন নয়। বিশেষ করে খাঁড়ির ধারে পোড়ো লাইট হাউস এলাকা ভূতুড়ে বলে খুব বদনাম আছে।
বললুম, হ্যাঁ। তা শুনেছি।
নিশ্চয়ই কর্নেলসাহেবের কাছে?
হ্যাঁ। একবার কর্নেল নাকি একা এসে ভয়ঙ্কর একটা ঝড়ের পাল্লায় পড়েছিলেন। সেই ঝড়টার গড়ন নাকি সাপের মতো লম্বাটে। সমুদ্র থেকে উঠে এসে সেটা লাইট হাউসের মাথা ছুঁড়ে বেরিয়ে যায়।
বর্মনদা বললেন, শুনেছি ওই অদ্ভুত প্রাকৃতিক ঘটনার নাম স্থানীয় ভাষায় কান্ডিলম। অর্থাৎ হাওয়া-সাপ।
বললুম, কিন্তু বর্মনদা, আপনি আমার মাথার ভেতর ইতিমধ্যে একটা কান্ডিলম ঢুকিয়ে দিয়েছেন। ভীষণ অস্বস্তি হচ্ছে।
বর্মনদা একটু হেসে বললেন, সমুদ্রবিজ্ঞানী ড. ফাটনবিশেষ ডিনারের আমন্ত্রণে আমি না করে দিলেও পারতাম। কিন্তু জয়ন্ত, তুমি তো জানো আমাদের এই পেশা অর্থাৎ সাংবাদিকতা কোনো কোনো সময় মাথায় জেদ চড়িয়ে দেয়। এখন তুমি সব কথা বুঝতে পারছ না। নিরাপদে ফিরতে পারলে তখন বুঝিয়ে বলব আমি কী ধরনের রিস্ক নিয়েছিলুম।
বললুম, ড. ফাটনবিশ কোন হোটেলে কত নম্বর সুইটে আছেন?
সুভদ্র বর্মন টেবিল থেকে একটা ছোটো প্যাড টেনে নিয়ে লিখে দিলেন।
দেখলুম লেখা আছে : ড. সুভদ্রা ফাটনবিশ হোটেল পূর্বাচল সুইট নং-২৩ দোতলা
পড়ে দেখে বললুম, এই হোটেলটা আমার খুবই চেনা বর্মনদা। রাস্তার উত্তর-পশ্চিম দিকে একটা টিলার মাথায়। এই হোটেলে একবার কর্নেলের সঙ্গে এসে কয়েকদিন কাটিয়েছিলুম।
বর্মনদা হাসলেন–সেবার কর্নেলসাহেব নিশ্চয়ই কোনো অপরাধ রহস্যে নাক গলাতে এসেছিলেন?
বললুম, হ্যাঁ। একটা খুনোখুনির ঘটনা ঘটেছিল বটে। কর্নেল বলেন তার ভাগ্য বা দুর্ভাগ্য, যেখানেই যান সেখানেই নাকি কোনো এক অদৃশ্য আততায়ী তার সামনে একটা লাশ ছুঁড়ে ফেলে তাঁকে চ্যালেঞ্জ করে। এবার কর্নেল আমার সঙ্গে নেই। কাজেই বর্মনদা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, তেমন কিছু ঘটবে না। আমাকে নিরাপত্তা দপ্তরে টেলিফোনও করতে হবে না।
এরপর সমুদ্রবিজ্ঞান সম্মেলনে সেই ড. ফাটনবিশ তার আবিষ্কৃত তথ্যের পেপার পড়ে তাক লাগিয়ে দেবেন এই নিয়ে কিছুক্ষণ কথা হল। তিনি বাঙ্গালোরের সমুদ্র-সংক্রান্ত একটা গবেষণা-সংস্থায় অধ্যাপনা করেন। তার বয়স প্রায় পঁয়ত্রিশ। এখনও বিয়ে করেননি। কথায় কথায় জেনে নিলুম বর্মনদার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয় আছে। সেই সূত্রে এই ডিনারের আমন্ত্রণ। এটা অবশ্য স্বাভাবিক। সুভদ্র বর্মনের চেনাজানার পরিধি যে বিশাল তা আমি জানি। ওঁর ঘর থেকে বেরিয়ে আসার সময় সকৌতুকে বললুম, একটা আশ্চর্য ব্যাপার, আপনি সুভদ্র আর উনি সুভদ্রা। তফাত শুধু একটা আকারের।
বর্মনদা হাসতে হাসতে বললেন, শুধু আকারের নয় ভাই জয়ন্ত, প্রকারেরও পার্থক্য আছে। তিনি প্রখ্যাত বিজ্ঞানী এবং মোটামুটি সুন্দরী। আর আমি একজন আগুনে পো