
জন্মের ঋণ – প্রবোধকুমার সান্যাল
রঞ্জিত চট্টোপাধ্যায়
জন্মের ঋণ – প্রবোধকুমার সান্যাল
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| thriller |
Posted byহিয়া মজুমদার05-Aug-2025
Change color
সেন্ট্রাল জেল-এর ভিতরের মস্ত লোহার ফটকটি একটু ফাঁক করে দুইজন কনস্টেবল একটি তরুণ যুবককে বাইরের দিকে এনে মিঃ গুপ্তর আপিসে তুলে দিল। সকাল তখন প্রায় দশটা।
কারাগারের কড়া নিয়মগুলি একেবারে নিখুঁত। এদিক ওদিক একটু পর্যবেক্ষণ করলে গা ছমছম করে।
জেলের প্রধান অভিভাবক বয়সে তেমন প্রবীণ নন। চোখে বেশ মোটা চশমা, গায়ের রঙটি ধবধবে ফর্সা, মাথায় অনেকটা টাকপড়া। সম্প্রতি তিনি বিলাত জার্মানী প্রভৃতি দেশে গিয়ে সেখানকার কারাগারগুলি পরিদর্শন করে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন।
তরুণ যুবকটির সঙ্গে একজন কনস্টেবল পাহারায় দাঁড়িয়েছিল। মিঃ গুপ্ত তাকে বাইরে যেতে বললেন। তারপর যুবকটির দিকে চেয়ে হাসি মুখে বললেন, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, বিমল। জান তো, আজ থেকে তোমার ছুটি?
আজ্ঞে হ্যাঁ—
চান করে খেয়েদেয়ে নিয়েছ? রুইমাছ ভাজা, ডিম সিদ্ধ, মাংস—পেট ভরে খেয়েছ তো?
আজ্ঞে হ্যাঁ—
বেশ।—বলে মিঃ গুপ্ত একটি ফাইল ওলটপালট করে পরীক্ষা করলেন। পরে বললেন, তোমার রিপোর্ট খুব ভাল। মন দিয়ে কাজ করেছ, সকলের বাধ্য ছিলে, ঠিক সময়ে হাজিরা দিয়েছ, সকলের সঙ্গে মিষ্ট ব্যবহার করেছ। তুমি ভালই রেমিশন পেয়েছ হে, আর কি চাই? কয়েকটা টাকা তুমি বেশি খেটে রোজগারও করেছ দেখছি!—এই নাও ভাই, এখানে একটা সই করে দাও।
একখানা কাগজ মিঃ গুপ্ত বিমলের দিকে এগিয়ে দিলেন। পরে হেসে বললেন, ওপরে ওই ফিগারটা দেখে নিতে পার, তোমার ওজন প্রায় দশ পাউন্ড বেড়েছে এই ক’মাসে। দুঃখ হয় তোমার মতন ছেলে যখন জেল খাটতে আসে। তুমি আদর্শ কয়েদী ছিলে, বিমল।
একখানা কাগজের উপর বিমল নাম সই করে দিল, এবং মিঃ গুপ্ত ডেস্কের ভিতর থেকে কয়েকটি টাকা বার করে তার হাতে দিয়ে বললেন, গুণে নাও ভাই, ছত্রিশ টাকা সাত আনা—
বিমল তার টাকাটা গুণে নিল। অঙ্কটা ঠিকই আছে।
জেল সুপার একটু থেমে পুনরায় বললেন, তোমাকে আমি উপদেশ দিচ্ছিনে বিমল, তেইশ বছর তোমার বয়স হয়েছে, সংসার কেমন এ তুমি দেখতে শিখেছ। কিন্তু তোমার কনভিকশন কি কারণে হয়েছিল একটু ভেবে দেখ, ভাই। চুরি ডাকাতি খুন রাহাজানি—এসব তুমি করনি। কোনও ব্যক্তিকে তুমি ঠকাওনি, গালাগালি দাওনি, বিশ্বাসঘাতকতা করনি, মারপিট করবারও চেষ্টা পাওনি, কোনও হুজুগে পড়ে আইনভঙ্গ করনি—না, এসব কোনও নালিশ তোমার বিরুদ্ধে নেই। কিন্তু সামান্য একটুখানি অসামাজিক কাজ করে ফেলেছিলে! তোমার এই বয়সে সাধারণত যে-চেতনা মনে আসে, তুমি তারই রাশ একটু আলগা করেছিলে মাত্র।একটু সংযম, একটু বিবেচনা, একটু সামাজিক শিক্ষা, একটুখানি সম্মানবোধ-এর পরিচয় তুমি যদি দিতে বিমল—তাহলে আর এই জেল তোমাকে খাটতে হত না, ভাই—
বিমল এবার একটু গাঢ় আবেদন বিজড়িত কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, সমস্ত দোষটা আমার নয়। মেয়েটা আমাকে আশকারা দিয়েছিল। ওর চাল চলন, কাপড় জামা পরার ধরন—তারপর চোখ বেঁকিয়ে আমাকে ইশারা—আপনি বিশ্বাস করুন মিস্টার গুপ্ত, আমি বুঝতে পারিনি যে, আমার জন্যে সে ফাঁদ পেতেছিল!
হাসি মুখে মিঃ গুপ্ত বললেন, ঠিক বলেছ বিমল, আমি জানি এই অন্যায়ের মূল সূত্র কোথায়! পুরুষ মানুষ একটু স্বভাব-সরল কিনা, তাই লোভের খোঁচা একটু পেলেই তেতে ওঠে। কিন্তু অসামাজিক কোথায় জান, ভাই ? রাত্রের দিকে, গলি-ঘুঁজিতে, একলা মেয়ে যাচ্ছে, আর তুমি তাকে জড়িয়ে একটু ভালবাসতে গিয়েছিলে—এইটুকু মাত্র, এর বেশি কিছু নয়। মেয়েটা যে চেঁচিয়ে উঠে তোমাকে ধরিয়ে দিল, সেটা হল তার সামাজিক সম্ভ্রম রক্ষার দায়ে—কেননা, পাড়ার একটি লোক এই ঘটনাটি চোখে দেখেছে। একই ঘটনা! কিন্তু ঘরের মধ্যে ঘটলে ওটাকে বলে ভালবাসা ; বাইরে ঘটলে বলে শ্লীলতাহানির অপরাধ !—যাকগে, আমি আশা করব বিমল, এই শিক্ষা তোমার জীবনকে উন্নত করেছে! তুমি তোমার কল্যাণের পথ বেছে নিয়েছ!—সুরত সিং?
কনস্টেবলটি ঘরের মধ্যে উঠে এল। মিঃ গুপ্ত বললেন, লে যাও, রিলিজ হো গিয়া। —আচ্ছা, এস ভাই।
বিমল নমস্কার জানিয়ে বেরিয়ে গেল।
বিমল আমারই সহপাঠী ছিল এবং আমি তার প্রতি একটু অনুরক্তই ছিলুম। কিন্তু ইস্কুলের সহপাঠীদের মধ্যে কোন ছেলেটি কেমন এবং ঠিক কোন শ্রেণীর, অথবা তার বংশপরিচয়, কিংবা সামাজিক পদমর্যাদা—এসব বিচার করে কেউ সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব করে না।
বিমল কোথায় থাকত এবং তার বাপ কি করত—এ ধরনের কোনও খবর আমি কোনদিন নিইনি, এবং তার দরকার হয়নি। মিশনারী ইস্কুলে সকল শ্রেণী ও সকল জাতির ছেলে পাশাপাশি বসে পড়ে গেছে এবং খেলাধুলা করেছে। আমরা সবাই সহপাঠী এবং বন্ধু—এই ছিল আমাদের প্রধান পরিচয়।
বিমল বোধ হয় ম্যাট্রিক পর্যন্ত উঠেছিল। কিন্তু নতুন বই কিনে নতুন ক্লাসে যখন সবাই একত্র হয়ে আবার বসলুম, সেদিন থেকে বিমলকে আর দেখতে পাওয়া গেল না।
কেউ বলল, ছেলেটা খালাসী হয়ে কোন্ জাহাজে চড়ে কোথায় যেন চলে গেছে। কেউ বলল, না রে, ওর বাপ মোটর কারখানায় কাজ করে, ও সেই কাজ শিখছে। কেউ বলল, বিমল যে সিগারেট খায়, জানিস ? আরেকজন কে যেন বলল, ছেলেটা কিন্তু খুব শান্ত, না রে? কেউ বা বললে, তোরা জানিস ছাই। বাপের বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছে! দেখগে যা বিলেতে কিংবা আমেরিকায়!
আসল কথা এই, বিমলের খোঁজখবর কেউ জানে না, এবং তাকে মনে রাখার মতও কারও কোনও গরজ নেই। ছেলেটা হারিয়ে গেল!
বছর তিনেক পরে বিমলকে হঠাৎ একদিন দেখতে পেয়েছিলুম রাস্তার অপর ফুটপাথে। থমকে একবারটি দাঁড়িয়েছিলুম। বিমল একটি সাইকেল মেরামতের দোকানে একখানা সাইকেল হাতে নিয়ে কি যেন কথাবার্তা বলছিল। তার গোঁফ বেরিয়েছে, দাড়ির ছায়া দেখা দিয়েছে। পরনে আলগা একটা পায়জামা, উপর দিকে পাঞ্জাবি এবং তার উপরে জ্যাকেট। ওটার নাম নাকি নেহরু জ্যাকেট। কিন্তু আগের যুগে বাঙালী নাপিতরা ঠিক ওই জামা পরত।
বিমল আমাকে দেখতে পায়নি, এবং আমিও আর দাঁড়িয়ে রইলুম না।
এর পর বিমলকে দেখলুম বছর সাতেক পরে। সরকারী কাজে আমাকে যেতে হয়েছিল বরিশালে। ফিরবার পথে খুলনায় এসে যখন নামলুম, তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ। খুলনা থেকে শিয়ালদার ট্রেন ছাড়ে বোধ হয় রাত দশটায়। ওরই মধ্যে একসময় এক ছোট খাবারের দোকানে ঢুকে কিছু খেয়ে নেব, দেখি দোকানের সামনে বিমল দাঁড়িয়ে। তাকে চেনা কঠিন। কিন্তু আমাকেই সে আগে চিনল। বলল, কি সাহেব, কলকাতা যাচ্ছ নাকি? আছ কেমন? চিনতে পার?
পারি বৈকি।—আমি হাসলুম,—এই কলকাতায় ফিরছি ভাই।
বেশ, চল, একসঙ্গেই যাওয়া যাক। কিন্তু তোমার নিশ্চয় ফার্স্ট ক্লাস?—বিমল বলল, তা হলে চলবে না। আমি ভাই দেউলেফকির লোক। রেলগাড়িতে যে সব সময় ভাড়া দিয়ে যাতায়াত করি, একথাও সত্যি নয়। এর ওপর যদি আবার ফার্স্ট-সেকেন্ড ক্লাসে যেতে বল, তাহলে তো তোমার কাছেই ভিক্ষে করতে হবে!
হাসি মুখে বললুম, বেশ তো —তোমার ভাড়াটা না হয় আমিই দিয়ে দেব। চল, একসঙ্গেই যাওয়া যাক। কতদিন পরে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, কত পুরোন দিনের কথা মনে পড়ছে! কিন্তু তুমি হঠাৎ এখানে যে?
বিমল বলল, হঠাৎ নয় হে, কাজ কারবারের জন্যে যেতে আসতে হয়। স্টিমার কোম্পানীতে মাল সাপ্লাই করি। ওরাই তদ্বির তদারকের জন্য মধ্যে মাঝে এখানে পাঠায়। বড় দায়িত্বপূর্ণ কাজ হে।
ওটা শীতকাল ছিল। আমার সুটকেশটি একপাশে রেখে দুজনেই আমরা একটি ছোট বেঞ্চি দখল করে খেতে বসে গেলুম। অনেক পুরোন গল্পই করা গেল। আহারাদির শেষে আমিই প্রথম কোটের পকেট থেকে মনিব্যাগ বার করে হোটেলের দাম চুকিয়ে দিলুম। আমাদের উভয়ের পোশাক-পরিচ্ছদের মধ্যে এতই স্পষ্ট পার্থক্য যে, দোকানদার আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। আমি সোৎসাহে বিমলের সঙ্গে বেরিয়ে এলুম।
টিকিট ঘরের দিকে এগোবার আগে আমি একবারটি থমকে পিছন ফিরে পানের দোকানে এসে সিগারেট চাইলুম। পানওয়ালা বলল, বাবু, দেখলুম তখন থেকে, লোকটা বেশ গায়ে পড়ে আপনার সঙ্গে ভাব জমিয়ে নিল। ওরা স্টিমারঘাটার লোক বাবু, সাবধানে থাকবেন।
আমি হাসলুম। বললুম, তুমি বুঝতে পারনি ভাই। যার কথা বলছ সে আমার ছোটবেলাকার বন্ধু, একসঙ্গে পড়েছি, একসঙ্গে খেলা করেছি। ওকে বাল্যকাল থেকে আমি চিনি।
পয়সা চুকিয়ে দিয়ে আমি চলে গেলুম বিমলের সঙ্গে। পিছন থেকে পানওয়ালা একটু ক্ষুণ্ণচক্ষে আমাদের দিকে চেয়ে রইল।
বরিশাল থেকে খুলনা পর্যন্ত সমস্ত নদীপথটি একা আমাকে আসতে হয়েছিল, একটি কথা বলারও মানুষ খুঁজে পাইনি। সেই জন্য বিমলকে যখন পেলুম, তখন তাকে একপ্রকার লুফে নিয়েছিলুম। কিছুক্ষণের জন্য আমরা যেন ফিরে গিয়েছিলুম আমাদের সেই বালককালে, এবং সেখানে সেদিন যারা আমাদের সঙ্গে ছিল—তাদেরই গল্প নিয়ে আমরা মশগুল হয়ে রইলুম। বাল্যবন্ধু চিরকালই বড় আপন।
খুলনা থেকে কলকাতার ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট সহজেই পাওয়া যায়, এবং যে কারণেই হোক, ট্রেনে প্রায়ই ভিড় কম। আমিই সোৎসাহে দুখানা লোয়ার বার্থ রিজার্ভ করে বিমলকে নিয়ে গাড়িতে উঠলুম, এবং ছোট বেডিংটি খুলে তার ভিতর থেকে একখানা কম্বল এবং রবারের ফোলান একটি বালিশ বার করে বিমলকে বললুম, তোমার সঙ্গে তো বিছানাপত্র নেই দেখছি। এই কম্বলখানা পেতে নাও, ভাই। না, না, ব্যস্ত হয়ো না, আমার নিজের মতন ঠিক আছে। রাত হয়েছে—এস এবার একটু গুছিয়ে বসা যাক। তোমাকে দেখে আমার তরুণ বয়সটি ফিরে এল।
পকেট থেকে সিগারেট-দেশলাই বার করে জানলার ধারের টেবিলটির ওপর রাখলুম। আমার সুটকেশ থেকে বেরোল গরম গরম কফির একটা ফ্লাস্ক এবং কিছু বাদাম।
বিমল খুশি হয়ে একটি সিগারেট ধরিয়ে হাসতে হাসতে বলল, মনে পড়ে, লুকিয়ে লুকিয়ে যেদিন সিগারেট খেতে শিখলুম?
উল্লসিত কণ্ঠে বললুম, বাঃ, মনে নেই? বল কি? সেই যে হেদোর রেলিংয়ের কোণে ফুলগাছটার আড়ালে—সেই তুমি, আমি, বারিন, তপন ঘোষ, ননীপদ—!
বিমল বলল, বাঃ, তোমার সব মনে আছে দেখছি, দেবু।
বললুম, মনে না থেকে পারে? এই তো মাত্র কুড়ি-বাইশ বছর আগের কথা। কিন্তু মুশকিল কি জান, আমি যখন প্রেসিডেন্সিতে আই-এস-সি পড়তে গেলুম তখন থেকে সেই যে ছাড়াছাড়ি, আর কেউ কারও সঙ্গে মিশতে পারলুম না। তুমি কি করলে তারপর?
বিমল বলল, আমি ডাক্তারি লাইনে যাব মনে করেছিলুম। বাবা বললেন, তার আগে কিছু হাতের কাজ শিখে নে। আমি গিয়ে কাজ নিলুম বটকেষ্ট পালের দোকানে। বেশ কাজ শিখেছিলুম ভাই, কিন্তু হঠাৎ একদিন ওদের সঙ্গে বচসা বাধল! কাজ ছেড়ে দিয়ে চলে এলুম বাবার মোটরের কারখানায়—
দেখতে দেখতে আমাদের গল্প জমে উঠল। গাড়িখানা কখন ছেড়েছে বুঝতেও পারিনি। বাইরে বেশ ঠাণ্ডা পড়েছিল। ইতিমধ্যে দৌলতপুর পার হয়ে গিয়েছিল। আমি উঠে ফ্লাস্ক থেকে একটু কফি ঢেলে বিমলের দিকে বাড়িয়ে দিলুম। কফির সঙ্গে বাদাম চিবোতে চিবোতে আমাদের নিজেদের পূর্বজীবন তোলাপাড়া করতে লাগলুম। আমার নিজের জীবনের ভিতরে কোনও ঘটনার বৈচিত্র্য নেই। ইঞ্জিনিয়ারিং পাস করে পাঁচ বছর বিলেতে ছিলুম এবং সেখানে একের পর এক বাসা বদলের হিড়িকের মধ্যে শুধু এক বাড়িওয়ালীর একটি মেয়ের সঙ্গে আমার মাত্র কয়েকদিনের জন্য একটুআধটু হাসি তামাসার সম্পর্ক ঘটেছিল। ব্যস, এই পর্যন্তই। —দেশে ফিরে সরকারী চাকরি নিয়েছি এবং এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। আমার স্ত্রী ভারি লাজুক, এবং বিশেষ ভদ্রপ্রকৃতির মেয়ে। আমার কোনও সন্তানাদি নেই।
বিমলের আত্মকাহিনীর মধ্যে কৌতুক ও কৌতুহল ছিল। তার জীবন নানা বৈচিত্র্যে আলোড়িত। সেগুলি বিশেষ ঔৎসুক্যের সঙ্গে শোনবার লোভে আমি বেশ গুছিয়ে নিয়ে গা ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। স্টিমারে ভ্রমণ করেছি সারাদিন, সেজন্য যদিও আমার অপরিসীম ক্লান্তি ছিল, তবুও বিমলের কাহিনী শোনার জন্য আমার একান্ত আগ্রহ সজাগ হয়ে রইল।
বাইরে কালিঝুলিমাখা অন্ধকার। ঠাণ্ডার জন্য জানলার কাচগুলি তুলে দিলুম। ভিতরের আলোটা স্বাভাবিক ভাবেই কম। গাড়িখানা চলছিল মন্দগতিতে। তারই দোলায় আমরা দুলতে লাগলুম।
একটি সামান্য অসুবিধা শুধু