Home
স্বর

স্বর

বুদ্ধদেব গুহ

স্বর

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। যুবক সকালের চোখ ঝলসানো রোদে নীল জলরাশি সাদা ফেনার ভেঙেপড়া গুঁড়ো সমেত প্রচণ্ড শব্দে আছড়ে পড়ছে বেদুইন মেয়ের বুকের রঙের মতো বাদামি বেলাভূমিতে।

সাইকেল রিকশাটা কাঁচোর-ক্যাঁচোর করে চলছিল। এখানে ট্যাক্সি পাওয়া যায় না বললেই হয়। অরু, তার দশ বছরের ছেলে দীপের পাশে বসে রিকশা করে হোটেলের দিকে চলছিল।

দীপের স্কুল খুলে যাবে ক-দিন পর। রেল স্ট্রাইকের জন্যে এর আগে বেরোনো সম্ভব হয়নি। কারোরই নয়। ট্রেনে জায়গাই পাওয়া যায় না। তবুও আসতে হয়েছে অরুর। কারণ দীপকে ও কথা দিয়েছিল যে, পরীক্ষায় ফার্স্ট হতে পারলে তোমাকে পুরীতে নিয়ে যাব। সোনালি আসতে পারেনি, ওর সেজদির বড়ো মেয়ের বিয়ে পড়ে গেছে। অতএব একাই আসতে হয়েছে অরুর সঙ্গে ছেলেকে নিয়ে।


ছেলের সঙ্গে এর আগে অরু কখনো বেরোয়নি একা একা। বেরিয়ে বেশ ভালো লাগছে। ওর দশ বছরের ছেলের মধ্যে ও রীতিমতো একজন প্রাপ্তবয়স্ক ও বিজ্ঞ লোকের ছবি দেখতে পাচ্ছে। ওর সাধারণ জ্ঞান, ওর সমস্ত বিষয়ে ঔৎসুক্য অরুকে রীতিমতো চমকৃত করেছে। সোনালি আসতে পারেনি বলে ওর এখন একটুও খারাপ লাগছে না।



হোটেলটি বেশ ভালো। খাওয়ার হলের পাশেই একটি ঘর পেয়েছে অরু। কলকাতা থেকে চিঠি লিখে, টাকা পাঠিয়ে এসেছিল। ঘরটিও ভালো। ডাবলবেড খাট, পুরোনো দিনের অদ্ভুত আকৃতির পাখা একটি, ঘরের কোণায় লেখার টেবিল, ড্রেসিং টেবিল, লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। সবচেয়ে যা ভালো লেগেছে অরুর, তা সমুদ্রমুখী এক ফালি ছোট্ট বারান্দা। সারা দিন রাত তাতে বসেই বই পড়ে, চা খেয়ে, আলসেমি করে কাটিয়ে দেবে ঠিক করল ও।


দীপ বলল, বাবা, তুমি আমার সঙ্গে সমুদ্রে চান করবে না?


অরু বলল, না বাবা।


কেন? চলো না। চান করব দুজনে।


অরু বলল, আমি তোমার সঙ্গে যাব, তুমি নুলিয়ার সঙ্গে চান কোরো, আমি বসে থাকব। অরু মনে মনে বলল, ও টিপিক্যাল বাঙালি–এসব দৌড়ঝাঁপ, সুখী শরীরকে অকারণ এত কষ্ট দেওয়ার পক্ষপাতী নয় ও। তা ছাড়া পায়জামা বা আন্ডারওয়্যার পরিহিত অনেক বঙ্গ-পুরুষকে ও নিতান্ত নিষ্প্রয়োজনে বড়ো বড়ো ঢেউয়ের থাবড়া খেয়ে বালির মধ্যে পড়ে কালো কুমড়োর মতো অথবা ফ্যাকাশে চিচিঙ্গের মতো গড়াগড়ি যেতে দেখেছে। তা ছাড়া ওই নুলিয়াদের হাতে হাত রেখে এক হাঁটু জলে দাঁড়িয়ে এই কুমির তোর জলে নেমেছি খেলার দিন তার চলে গেছে বলেই অরু বিশ্বাস করে। এই অহেতুক ও উপায়হীন পরহস্তনির্ভরতা তার মোটেই বরদাস্ত হয় না।



এক সময় ব্রেকফাস্ট খাওয়ার পর দীপের সঙ্গে সমুদ্রের ধারে তাকে যেতেই হল। দীপ একটা কালো সুইমিং-ট্রাঙ্ক পরেছে। সোনালি কিনে দিয়েছে ওকে। ওর সুগঠিত ছোট্ট শিশু শরীরে সুন্দর মানিয়েছে পোশাকটা। দেখলেও ভালো লাগে। নিজেদের জীবনে যা পাওয়া হয়নি, ছেলে মেয়েদের তা দিতে পেরে, সেই সব ছোট্ট ছোট্ট আপাতমূল্যহীন অথচ দারুণ দামি পাওয়া রথের মেলায় পাঁপর ভাজার মতো, বিশ্বকর্মা পুজোর দিনে একখানা ময়ূরকণ্ঠী ঘুড়ির মতো, গরমের। ছুটিতে পুরী বেড়ানোর মতো-এসব টুকরো টুকরো সুখ তার একমাত্র ছেলেকে দিতে পেরে অরু খুশি। দীপের আজ সকালের অনাবিল আনন্দের হাসিমুখের সুখ অরু তার জীবনের অনেক বড়ো বড়ো সুখের সঙ্গে সহজে বিনিময় করতে পারে।


ওরা প্রায় সমুদ্রের কাছে পৌঁছে গেছে। দূর থেকে মাদুরে-ছাওয়া ঘরগুলো দেখা যাচ্ছে। কারা যেন হলুদ আর লাল ডোরা টানা টেরিলিনের তাঁবু খাঁটিয়েছে বালিতে। হু-হু করে বালি উড়ছে, জলের কণা উড়ছে, ভেজা তটভূমিতে দাঁড়িয়েথাকা স্নানরতা মেয়েদের ভিজে চুল উড়ছে। চিৎকার-চেঁচামেচি, উলটে-পড়া ভেসে যাওয়া সব মিলে সমদ্রের ধারে একটা মেলা-মেলা


আবহাওয়ার সৃষ্টি হয়েছে।


আনন্দ ও খুশি বড়ো ছোঁয়াচে। অরু ভাবল। এই মুহূর্তে ওরও ইচ্ছে করছেদীপের সঙ্গে হাত ধরে ও-ও নেমে পড়ে জলে, আছাড় খায়, উলটে যায়, নিজের অপদস্থ অবস্থায় নিজেই হো-হো করে হেসে ওঠে। নিজেকে স্বেচ্ছায় অপদস্থ করে নিজে যা অনাবিল আনন্দ পাওয়া যায় তার তুলনা নেই।



হঠাৎ দীপ বলল, বাবা, রাজীব।


অরু শুধাল, রাজীব কে?


বাঃ, আমাদের সঙ্গে পড়ে যে! আমার ক্লাসে। খুব ভালো সাঁতার কাটে।


অরু ওইদিকে তাকাল। দেখল, সেই লাল-হলুদ ডোরা কাটা তাঁবুর সামনে একজন দারুণ। ফিগারের দীর্ঘাঙ্গী শ্যামলা রঙের ভদ্রমহিলা হালকা গোলাপি সাঁতার কাটার পোশাকে দাঁড়িয়ে আছেন দীপের সমবয়সি একটি ছেলের হাত ধরে। তাঁবুর পাশেই অ্যালুমিনিয়ামের ফোল্ডিং চেয়ারে বসে একজন অত্যন্ত স্কুল ভদ্রলোক পা-ছড়িয়ে বীয়ার খাচ্ছেন।


অরুর বুকের মধ্যে সী-গালের আর্ত স্বরের মতো কি এক ব্যথাতুর স্বর হঠাৎ বেজে উঠল।


রাজীব দীপকে দেখে দৌড়ে এল। তারপর ওর হাত ধরে টেনে নিয়ে গেল। অরু বুঝতে পারল যে ভদ্রমহিলা ও ভদ্রলোক রাজীবের মা ও বাবা।



সমুদ্রের গর্জনে কথাগুলো শোনা যাচ্ছিল না। কথাগুলো হাওয়ায় উড়ন্ত জলবিন্দুর সঙ্গে উড়ে যাচ্ছিল। তবু অরু অনুমানে বুঝতে পারল, ভদ্রমহিলা বলছেন, ও তুমিই দীপ, ফার্স্ট বয়? তারপর বললেন, কার সঙ্গে এসেছ? বাবা? মা আসেননি? ও…!


তারপর রাজীব দীপকে নিয়ে তার বাবার কাছে গেল। রাজীবের বাঙালি বাবা বাংলা বলেন না। ইংরেজীতে দীপকে বললেন, আই সি! য়ু আর দা ফার্স্ট বয়, আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট।


যদিও রাজীবের বাবা-মা প্রায় সাহেব-মেম, তবুও কথাগুলো শুনে অরুর ভালো লাগল। ছেলে ভালো হলে বাবার যে কতখানি ভালো লাগতে পারে সেকথা জীবনে এই প্রথমবার জানল অরু। পরমুহূর্তেই আবার খুব অপদস্থ লাগল নিজেকে। কারণ সেই মুহূর্ত থেকে সে শুধুদীপের বাবা। হয়েই রইল। তার নিজের আর কোনো পরিচয়ই রইল না। দীপ তার বন্ধুর বাবা-মার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিল না, তাই অরু বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল।


ও ভাবল ওঁরা নিজেরা আলাপ করলে করবেন। ওর কী গরজ? দীপও আলাপ করিয়ে দিল না, ওঁরাও আলাপ করলেন না নিজে থেকে। অনেকক্ষণ সময় কেটে গেল। এখন সেই প্রথম অস্বস্তিটা চলে গেছে।



অরুণাভ রায় কলকাতার বিখ্যাত অধ্যাপক, বালির মধ্যে পা ছড়িয়ে বসে শুধুমাত্র দশ বছরের দীপের বাবায় পর্যবসিত হয়ে বাট্রান্ড রাসেলের জীবনী পড়তে লাগল। তার চোখের সামনে, কানের সামনে একটা দারুণ শব্দ-বর্ণ-গন্ধর সমারোহ বয়ে যেতে থাকল, দুলতে থাকল, ভাসতে লাগল, উৎসারিত হতে লাগল, কিন্তু ও চোখ তুলে তা দেখল না।


কারণ ও ভয় পেয়েছিল।


তখন থেকেই বুকের মধ্যে সী-গালের আর্তস্বরের মতো এক করুণ স্বর শুনতে পাচ্ছিল ও। রাজীবের মাকে প্রথম দেখা দেখেই ওর ভালো লেগেছিল। তাই ও ভয় পেয়েছিল। অরুর বুকে। সেই মুহূর্তে যে স্বর বাজছিল তা সমস্ত বিবাহিত নারী ও পুরুষের বুকেই বাজে, বিশেষ করে–যখন তাঁরা একা থাকেন। খাঁচার মধ্যে বন্ধ পাখি যেমন দূরের বনের দিগন্তে উড়ে যাওয়া পাখিকে দেখে দুঃখে মরে তেমনই এক দুঃখে, অস্বস্তিতে অরুর বুক ভরে গেল।


কিছুক্ষণ পর নুলিয়ার হাত ধরে দীপ ফিরে এল। অরু উঠে দাঁড়াল।


দীপ খুশির গলায় বলল, এই বাবা! তুমি রাগ করেছ বেশিক্ষণ চান করলাম বলে?



অরু অন্যমনস্কভাবে বলল, না। তারপর উঠে পড়ে বলল, চলো ফিরি।


দু-দিন এমনিই কাটল। অরু চান করেনি একদিনও। দীপ করেছে রোজ দু-বেলা। হোটেলের লাউঞ্জে, সামনের লনে, খাবার ঘরে, বারবার অরুর দেখা হয়ে গেছে রাজীবের মায়ের সঙ্গে। মুখোমুখি হয়েছে, চোখাচোখি হয়েছে, কিন্তু কথা হয়নি কখনো।


দীপ আলাপ করিয়ে দেয়নি।


সেদিন দুপুরবেলা লাঞ্চের সময় ম্যাকারেল মাছের ফ্রাই খেতে গিয়ে দীপের গলায় কাঁটা লাগল। অরু ওকে বারবার বলেছিল হাত দিয়ে খেতে, পরে ফিঙ্গার বোলে হাত ধুয়ে নিলেই চলত। কিন্তু ওদের টেবিলের অনতিদূরে মা-বাবার সঙ্গে খেতে-বসারাজীব যেহেতু সবসময় কাঁটা-চামচ দিয়ে খাচ্ছে, অল্পবয়সি দীপও তাই সাহেব হবার লোভ সামলাতে পারেনি।


কাঁটাটা বেশ ভালোই বিধেছিল। স্টুয়ার্ড দৌড়ে এলেন। বেয়ারারা দাঁড়িয়ে রইল। শুকনো ভাত, কলা, পাঁউরুটি ইত্যাদি নানা কিছু খাইয়ে দীপের গলা থেকে কাঁটা নামানোর চেষ্টা


করা হতে লাগল, কিন্তু কাঁটা গেল না। অরু বোকার মতো বসে থাকল দর্শকের মতো। সময়। সময় মেয়েদের প্রয়োজন বড়ো বেশি অনুভূত হয়। বাবারা কত অসহায়, এমন এমন সময় তা বোঝা যায়।



অরু একদৃষ্টে নিরুপায়ভাবেদীপের যন্ত্রণাকাতর মুখের দিকে চেয়েছিল। কী করবে বুঝে উঠতে পারছিল না। শুকনো ভাত রুটি কলা খেয়ে খেয়ে বেচারার পেট ফুলে উঠল, কিন্তু কাঁটা নামল না।


এমন সময় ওঁদের টেবিল ছেড়ে রাজীবের মা উঠে এলেন এ টেবিলের কাছে।


এসে লাজুক হাসি হাসলেন অরুণাভর দিকে চেয়ে। অরুও লাজুক হাসি হাসল। বলল, কী ঝামেলা দেখুন তো!


ভদ্রমহিলা বললেন, ঠিক হয়ে যাবে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে বললেন, ছেলের মা সঙ্গে না থাকলে কত অসুবিধা দেখছেন তো! আপনারা তো এমনিতে বুঝতে পারেন না! তারপর অরুর কাছ। থেকে উত্তরের অপেক্ষা না করেই উনি দীপকে উঠিয়ে নিয়ে চলে গেলেন। অরুর ঘর খাওয়ার ঘরের লাগোয়া, সে ঘরেই দীপকে নিয়ে ঢুকলেন উনি।


অরু কী করবে বুঝতে পারছিল না। রাজীব আর তার সবসময় ইংরেজি বলা বাবা বসে বসে। আইসক্রিম খাচ্ছিলেন। এ সময় অরুর যাওয়া ভালো দেখাবে না। বিশেষ করে ভদ্রমহিলা যখন দায়িত্ব নিয়েইছেন। অরু চুপচাপ বসে আইসক্রিম খেল।


রাজীব আর তার বাবা উঠে চলে যাওয়ার পর অরু উঠল, উঠে আস্তে আস্তে ওর ঘরের দরজায় দাঁড়াল।



ভিতর থেকে রাজীবের মা বললেন, আসুন, বাইরে দাঁড়িয়ে রইলেন কেন?


অরু ভিতরে ঢুকে বলল, কেমন আছে দীপ?


উনি হাসলেন। বললেন, কাঁটা বেরিয়েছে, কিন্তু ন্যাচারালি, জায়গাটা খুবই টেন্ডার আছে। ঘুমিয়ে পড়েছে ও।


তারপর একটু থেমে বললেন, আপনি কী করবেন? ঘুমোবেন?


অরুর কলকাতায় ঘুমোবার অভ্যেস না থাকলেও ভালো-মন্দ খাওয়ার পর এখানে রোজই ঘুমোয়।


বলল, নাঃ! দুপুরে ঘুমিয়ে কী হবে?


উনি বললেন, তবে চলুন, লাউঞ্জে বসে গল্প করি। রাজীব আর রাজীবের বাবা নাক ডাকার কমপিটিশন লাগিয়েছে এতক্ষণ। আমি দুপুরে ঘুমোত পারি না? দীপের মা ঘুমোন?


দুপুরে? অরু বলল, না। ও তো চাকরি করে একটা। ঘুমোবে কী করে?



তাই বুঝি? বললেন রাজীবের মা?


তারপর বললেন, ছেলের জন্যে আপনার খুব গর্বদীপ তো ওদের স্কুলে রীতিমতো লেজেন্ড।


সকলে ওকে এক নামে চেনে। বাবার মতো বুদ্ধি পেয়েছে বুঝি?


অরু লজ্জিত হল। বলল, না না। আমি কখনো পড়াশোনায় ভালো ছিলাম না।


তবে কি মা ব্রিলিয়ান্ট?


অরু বলল, না। তেমন তো শুনিনি। তবে বুদ্ধিমতী।


এমন সময় অরু ও রাজীবের মার সামনে দিয়ে একটি জার্মান দম্পতি জড়াজড়ি করে খাওয়ার হলে গিয়ে ঢুকল। বালিতে ওদের গা-হাত-পা ছড়ে গেছে। নাক গাল লাল হয়ে গেছে রোদে পুড়ে। ওদের সামনে দিয়ে যাওয়ার সময় রাজীবের মাকে ওরা হাত তুলে উইশ করল। রাজীবের মা-ও হাত তুললেন।



ওরা চলে গেলে রাজীবের মা ওদের দিকে চেয়ে হাসলেন।


বললেন, বেশ আছে ওরা।


অরু বলল, ভারি লাইভলি কাপল। হানিমুনে এসেছে বোধহয়।


রাজীবের মা বললেন, ওদের বিয়েই হয়নি। একজন অস্ট্রিয়া থেকে আর অন্যজন স্টেটস থেকে এসেছে। দমদম এয়ারপোর্টে দু-জনের সঙ্গে দু-জনের আলাপ। দু-জনেই কোনারক দেখতে যাচ্ছে বলে ওরা ঠিক করল কোনারক দেখে এসে মন্দিরের ভাস্কর্যগুলো যাতে ভুলে না যায় তার জন্যে দু-জনে দিনকয় একঘরে থাকবে। অতএব থাকল।


অরু রীতিমতো আত্মবিস্মৃত হয়ে বলল, বাঃ বেশ মজা তো! বলেই, লজ্জা

**********
No Review
Related Books
Loading books…