
সারগুনা পাখি ও ঝিঞ্চিটি মাতাজী
বুদ্ধদেব গুহ
ছোটোনাগপুরের যে অখ্যাত শহরে লেখার জন্যে কয়েকদিন হল এসেছি, সে শহরের নাম নাই ই-বা বললাম। নাম বললেও কম লোকই চিনবেন। নামটি অবান্তরও বটে।
শহরের চার পাশে ঘন জঙ্গল। এখনও জঙ্গল আছে, যদিও পাতলা হয়ে গেছে আগের থেকে।
উঠেছি বন-বাংলোতেই। একটি আদিবাসি ছেলে রান্নাবান্না করে দেয়। শীত এখনও তেমন জাঁকিয়ে বসেনি, তবে সকাল ও সন্ধ্যের পরে ভালোই ঠান্ডা থাকে।
সকালে উঠে জঙ্গলে বেড়িয়ে আসি একা একা। পুজো সবে শেষ হয়েছে। কালীপুজো সামনে। কুয়াশায় ঘেরা থাকে সকালের শাল জঙ্গল, পথের পাশের লিটপিটিয়া, রাহেলাওলা আর পুটুসের ঝোপ। স্কার্লেট মিনিভেট আর ওরিওলের দেখা পাওয়া যায় তখন। শীতের কুয়াশার একটা আলাদা গন্ধও আছে। বাজরা খেতে বাজরা ভরে উঠেছে। একজন চাষি কোদাল দিয়ে মাটি তুলছিল পাশের নালা থেকে। মাটির সঙ্গে কুয়াশাও তুলছিল যেন কোদাল কোদাল। কুয়াশা যখন জঙ্গলের গায়ে বালাপোষের মতো জড়িয়ে থাকে, অথবা দিগন্তে বাঁধা জালের মতোঞ্জ, তখন দিনে ও রাতে তার রং বিভিন্নতায় প্রতিভাত হয়ে থাকে। কিন্তু কোদালে করে কুয়াশা চেঁচে নেওয়ার সময় রং সাদা দেখায়।
বিকেলেও হাঁটতে যেতাম জঙ্গলেরই পথে। আদিবাসী ছেলে-মেয়েরা গাঁইতি-কোদাল হাতে ফিরে আসত জঙ্গলের গভীর থেকে। বনবিভাগ সহেলি নদীতে বাঁধ বাঁধছে একটা। সেখানেই কাজ করে ফেরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ওরা। ঠিকাদারের ক্যাম্পও পড়েছে। আমার বাংলো থেকে জায়গাটা মাইলখানেক হবে। রাতের বেলা মাদল বাজিয়ে যখন ওরা গান গায় আর নাচে, তখন ওদের ঘুমপাড়ানি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি।
লোকজন বলতে বিশেষ কেউ নেই। ছোট্ট ঘুমন্ত স্টেশনে দিনান্তে দুটি গাড়ি আসে, দু-টি যায়ঞ্জ, তাদের খেয়ালখুশিমতো। এবং এমন গতিতে যায় যে, একটু জোরে দৌড়ে গেলে ট্রেন ফেল। করলেও পিছন থেকে তাড়া করে গিয়ে তাতে চড়া যায়।
স্টেশনমাস্টার আছেন একজন। সমস্তক্ষণ টক্কাটরে টরে-টক্কা করেন তিনি। সন্ধ্যের পর মালগুদামের মাল এবং মহুয়ার মালের বোতলের সঙ্গে এমনই একাত্ম হয়ে যান যে, তখন তাঁর আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না।
দুপুরে ও সন্ধ্যের পর আমি লেখা নিয়ে বসি। ধারাবাহিক উপন্যাস ছাপা হচ্ছে এখন একটি মাসিক পত্রিকায়। একেবারে উপন্যাসের পুরো কপি দিয়ে দেব সম্পাদককে এমন মনে
করেই এসেছি। দেখি, কী হয়। তার মধ্যেই কুঁদ হয়ে থাকি। লেখার নেশার মতো ভালো নেশা। আর কিছু নেই। আমার উপন্যাসের নায়ক, নায়িকা, পটভূমি, সমস্তই আমাকে, আমার জাগতিক সমস্ত সুখ ও দুঃখ, আরাম ও কষ্ট, আনন্দ ও অভিমানকে ছাপিয়ে উঠে আমাকে এক তাৎক্ষণিক নান্দনিক জগতে পৌঁছে দেয়। সেখানে আমি আর আমি থাকি না। আমাকে তখন আমার নিকটতম আত্মীয়-পরিজনের প্রেম ভালোবাসাও ছুঁতে পারে না। শত্রু-কন্টকিত ও ঈর্ষাজর্জরিত পৃথিবীর কোনোই সাধ্য থাকে না তখন আমার কাছে আসে। বড়োই আনন্দের মধ্যে সময় কাটে। সেই সময় আমি, একজন সাধারণ ক্ষিদে-তৃষ্ণার কামনা-বাসনার মানুষ হয়েও পরম অবলীলায় ও অবহেলায় অবচেতনে অতিক্রম করে যাই। আমি তখন সন্ধ্যেবেলার সুগন্ধি কুয়াশারই মতো মগ্নচৈতন্যর মধ্যে স্তব্ধ, লুপ্তপ্রাণ হয়ে বেঁচে থাকিঞ্জ, ভবিষ্যতে জেগে উঠব বলে।
এমনিভাবেই কেটে গেল চার পাঁচটা দিন।
একদিন সকালে যখন গিগু হেমব্রম চা আর লেড়ো বিস্কুট নিয়ে এসে জানালা দিয়ে ডেকে আমার ঘুম ভাঙাল তখন তার চোখ মুখ দেখে বোঝা গেল সে আমাকে কিছু বলতে চায়। ছেলেটি ভারি প্রাণবন্ত। একেবারে পাগল। বয়স হবে আঠারো-উনিশ।
বাজার করার পয়সা চাই?
সে তো চাই-ই। তার জন্যে নয়। বলছিলাম, তুমি যাবে না?
কোথায় রে? ধোঁয়া-ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি জিজ্ঞেস করি ওকে।
মাতাজি এসেছেন। যাবে না?
মাতাজি? কে মাতাজি?
বাঃ মাতাজির নাম শোনোনি? যে বছর সারগুনা পাখিরা আসে এ জঙ্গলে, সে বছরে মাতাজিও তো আসেন। তাঁর আসাটা লোকে জানতে পায়, কিন্তু চলে যাওয়াটা কখনোই নয়। সারগুনা পাখিরাও জানতে পায় না। মাতাজি চলে গেলে ওরাও চলে যায়।
সকালের প্রথম কাপ চায়ে শরীরের রক্ত, সবে সঞ্চালিত হতে শুরু হয়েছিল। জড়তা কেটে উঠছিল। ইতিমধ্যে মাতাজির উত্তেজনাকর আগমনের খবরে খুব তাড়াতাড়িই শীতের ভোরের আড়ষ্টতা কাটিয়ে উঠলাম। মাতাজির বয়স কত? কোথায় থাকেন? কোথা থেকে আসেন, জানিস গিগু? মাতাজির বয়স?
আজীব আদমী আপনি? সাধু-সন্তদের বয়স থাকে না কি আবার? এক-শদু-শোও হতে পারে, আবার বিশ-পঁচিশও হতে পারে। আর যখনই আসেন, থাকেন সহেলী নদীর সঙ্গে দূরছাঁইয়া নদীর যেখানে মিল হয়েছেঞ্জ, তার সঙ্গমে কালাকাট্টি পাহাড়ের গুহায়।
হুঁ। চা খাওয়া আরেক কাপ।
গিগুকে বললাম।
মাতাজি সম্বন্ধে আমার যতখানি উত্তেজনা গিগু আশা করেছিল ততখানি দেখতে না পেয়ে,
মনে হল ও বেশ মনঃক্ষুণ্ণ হল। চা বানাতে চলে গেল ও।
চা বানিয়ে এসে মাতাজি প্রসঙ্গ আর আদৌ না তুলে নৈর্ব্যক্তিক গলায় বলল, আজ কী খাবে বলো? এক্ষুনি চান করে বানিয়ে দিয়ে যাচ্ছি। নিজেই গরম করে নিয়ে খেয়ে নিও। কারণ দুপুরে সহেলী আর দূরছাঁইয়া নদীর সঙ্গমের চরে আজ মস্ত মেলা বসবে। আমি সেই মেলায় যাব। মাতাজিকে দর্শন করতে। সময় নেই, সময় নষ্ট করবার। কী খাবে? বলে ফেলো তাড়াতাড়ি। নাস্তা কী করবে, তাও।
দুটো ডিম ভেজে দে মুড়ির মধ্যে ফেলে। আর দুপুরের জন্যে তোর ঝামেলা করতে হবে না। হোটেলেই খেয়ে নেব আজ।
হোটেল? বিদ্রুপাত্মক গলায় বলল গিগু। হোটেল-ফোটেল সবই বন্ধ আজকে। সারা বাজারই যাবে মেলায়। শহরে কেউই থাকবে না। সকলেই যাবে।
ওর মুখ দেখে মনে হল, বলতে চাইছে. তোমার মতো অবিশ্বাসী ইডিয়ট তো আর নয় সকলে।
-গেলে আঙুল কামড়াবে তুমিই।
ওঃ। হোটেলও বন্ধ থাকবে? তাহলে খিচুড়ি করে রেখে দিয়ে যা। গরম করে খেয়ে নেব।
ঠিক আছে।
গিগু নাস্তার বন্দোবস্ত করতে চলে যাচ্ছিল।
আমি বললাম, দাঁড়া দাঁড়া, হেঁটে আসি একটু চান করি। নাস্তা পরে তৈরি করিস। আগে বরং খিচুড়ির বন্দোবস্তটা করে ফেল, তাহলে নাস্তা দিয়েই ছুটি পেয়ে যাবি।
বাথরুমে যেতে যেতে ওকে বললাম, আচ্ছা! সারগুনা পাখি কীরকম দেখতে রে? তুই নিজে কখনো দেখেছিস? কত বড়ো পাখি?
আমি কখনো দেখিনি। তবে অন্য অনেকে দেখেছে।
আমার চেনা এমন কেউ?
হ্যাঁ। মুগা দেখেছে, চেঙ্গা দেখেছে। যে কুলির মাথায় মাল চাপিয়ে তুমি স্টেশন থেকে এলে সেই খিটংঞ্জ, সেও দেখেছে।
কেমন দেখতে? নীলের ওপর সাদা-ডোরা। পায়রার মতো পাখি। ঝাঁকে ঝাঁকে আসে।
অবাক গলায় স্বগতোক্তি করলাম, এমন পাখি তো কোথায়ও দেখিনি। এর কথাও শুনিনি।
তোমার কথা ছাড়ো। তুমি একটি আজীব আদমী।
অনুকম্পার সঙ্গে বলল গিগু।
তারপর কাঠের আগুনের সামনে উবু হয়ে বসে ফুঁ দিতে লাগল।
২.
কোনো মাতাজি-পিতাজি সম্বন্ধেই আমার কোনো ঔৎসুক্য বা দুর্বলতা বা ভক্তি নেই। কখনো ছিল না। কিন্তু একথার মানে এই নয় যে, অন্য যাঁদের ঔৎসুক্য, দুর্বলতা বা ভক্তি আছেঞ্জ,। তাঁদের আমি ছোটো করে দেখি। কারণ, আমার আত্মীয়-পরিজন, চেনা-জানা অনেক মানুষকে
আমি জানি যাঁরা বিদ্যা-বুদ্ধিতে আমার চেয়ে অনেক বড়ো এবং শ্রদ্ধেয়। এবং তাঁদের কোনো কোনো মাতাজি-পিতাজির প্রতি বিশ্বাস আছে খুব গভীর। নিশ্চয়ই কিছু কিছু মাতাজি পিতাজি আছেন, যাঁরা অনেক শিক্ষিত বুদ্ধিমান ভক্তদের কাছেও যেন সাক্ষাৎ অবতার। অন্তত আমার চেয়েও সবদিক দিয়ে বড়ো এমন বহু লোকেই তা যখন বিশ্বাস করেন, তখন সব মাতাজি পিতাজিকে সকলকেই কখনোই একাসনে বসানো যায় না।
হেঁটে ফিরে এসে, তখনও খুঁয়ো ওঠা কুয়োর টাটকা জলে চান করে নাস্তা করে গিগুকে ছুটি করে দিয়ে আমি লিখতে বসলাম।
ঘন্টাখানেক লিখেছি। চোখটা ধরে এসেছে। জানালা দিয়ে দূরের লাল মাটির পথ আর তার পেছনের পাহাড়টির দিকে চেয়ে পাইপটা ধরালাম। নজরে পড়ল, দলে দলে লোক চলেছে। হরজাই আওয়াজের সঙ্গে সঙ্গে তাদের পায়ে পায়ে লাল ধুলো উড়িয়ে। শিশু, বৃদ্ধ, যুবা, নারী ও পুরুষ সকলেই নদীর দিকে।
নীরব বিস্ময়ে আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম ওদের। বেলা যত বাড়তে লাগল ততই মিছিল বড়ো হতে লাগল কলকাতার মনুমেন্টের তলায় জমা-হওয়া মিছিলেরই মতো। আমার গিগু একা নয়, পুরো শহরটাই সত্যিই চলেছে মাতাজি-সন্দর্শনে।
দুপুরে খিচুড়ি খেয়ে একটু জিরোবার চেষ্টা করলাম। কিন্তু আইঢাই করতে লাগল শরীর। শেষে, পায়জামা-পাঞ্জাবি চড়িয়ে, শালটা কাঁধে ফেলে স্টেশনের দিকেই এগোলাম।
দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেছিল। কিন্তু আজ দেশলাইয়ের দোকান পর্যন্ত বন্ধ। পথের উপর শালপাতার ঠোঙা, পোড়া বিড়ি, বাচ্চাদের খুলে পড়ে-যাওয়া ছোট্ট প্যান্টালুন, আরও নানা টুকিটাকি জিনিস। মাস্টারমশাইকেও পাব তো? ব্যাপার দেখে ভয়ই মনে হল। স্টেশনের কাছাকাছি গিয়েই বুঝলাম, আজ আপ-ডাউনের গাড়িতে অন্তত দশগুণ যাত্রী বেশি এসেছে। এখানে।
মাস্টারবাবু টেবিলের উপর দু-পা তুলে বসে একটি ঢাউস উপন্যাস পড়ছিলেন।
আমাকে দেখে পা নামিয়ে নিয়ে বললেন, কী লেখে মশাই! আপনারাও ন্যাদেন আর তিনিও ন্যাদেন।
লক্ষ করে দেখলাম শংকরের বই।
শংকরের উপর বাঙালি লেখকমাত্রই ঈর্ষা আছে। কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে চিনি এবং একজন অতি অমায়িক ভদ্রলোক বলে জানি বলেই তাঁর সফলতাকে ঈর্ষা করি না আমি। বরং তাতে বিস্মিতই হই। বাংলা বই বিক্রি হয় না, এ অপবাদ অন্তত একজন বাঙালি লেখক তো খণ্ডন করেছেন!
মাস্টারমশাই এর ফ্রন্টাল-অ্যাটাক এড়িয়ে গেলাম ট্যাক্টফুলি।
বললাম, কার সঙ্গে কার তুলনা।
মাস্টারমশাই খুশি হলেন।
বললেন, মানছেন তাহলে।
ডাকলেন, গিরধারী।
ডেকেই বললেন, আজ কোনো শালাই কি আছে? সবাই হাওয়া। তারপর তাচ্ছিল্য ও ঠাট্টার গলায় বললেন, মাতাজি এসেছেন। যত্ত সব…। এদের কত মাতা-পিতাই যে আছে! কিন্তু। গিরধারী যায়নি।
মাস্টারমশাই বললেন, আরে এ গিধধড়, দু-কাপ চা লাও জলদি।
তারপর একসঙ্গে এতখানি হিন্দি বলে ক্লান্ত হয়ে গিয়েই বললেন, কাপ দুটো ভালো করে ধুয়ে নিস বাবা। রাইটার সাহেব বলে কতা।
গিরধারী দেখলাম একটুও রাগ করল না, তাকে গিধধড় বলাতে।
একটা সিগারেট ধরালেন মাস্টারমশাই। তারপর পোড়া কাঠিটা দিয়ে চোখ আধ-বোঁজা করে কান চুলকোতে লাগলেন। সেই ফাঁকে দেশলাইটা চেয়ে নিয়ে পাইপ ধরালাম আমি।
সিগারেটে মস্ত এক টান লাগিয়ে মাস্টারমশাই তীক্ষ্ণদৃষ্টিতে আমার মুখে তাকিয়ে রইলেন।
অনেকক্ষণ। তারপর ফৌজদারি আদালতের উকিলের মতো জেরা করার সুরে বললেন, আপনি যে বড়ো গেলেন না!
কোথায়?
মাতাজি সন্দর্শনে!
কথা ঘুরিয়ে বললাম, সন্দর্শনেই তো এলাম। আপনার সন্দর্শনে।
মাস্টারমশায়ের ভুরু কুঁচকে উঠল। ওই শীতের দুপুরেও কপাল ঘেমে উঠল। তীক্ষ্ণদৃষ্টিতে
আমার মুখে কী যেন খুঁজতে লাগলেন। অস্বস্তি হতে লাগল। পাইপের একরাশ ধোঁয়া ছেড়ে আমাদের মধ্যে ক্ষণিকের ব্যবধান সৃষ্টি করে দিলাম।
মাস্টারমশায়ের ব্যবহারে কীরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম। রহস্যটা যে মাতাজিকে ঘিরে এমনও মনে হল।
আপনিও তো যাননি দেখছি। সকলেই তো গেল!
আমার প্রশ্নে মাস্টারমশাই চমকে উঠলেন। বললেন, কোনোদিনই সকলে যা করে, আমি তা। করিনি। তা ছাড়া আমার হাতে এত বড়ো স্টেশনের ভার। স্টেশন ছেড়ে গে