Home
শেষ হাসি

শেষ হাসি

সমরেশ বসু

শেষ হাসি

সমরেশ বসু
short story

Posted byশেষ নগরী17-May-2025

Change color

অল্প দু-চারখানি নৌকোর যাতায়াত শুরু হয়েছে সবে। কালীনগরগঞ্জের এটা মরসুম নয়। নতুন ধান ওঠেনি এখনও। আসল কারবার ধানের, তারপরে গোরুভেড়া ছাগল। এই বর্ষার সময়ে সেটাও কম। ভেড়ি বাঁধের গায়ে সারি সারি, রাশি রাশি নৌকো যেন চিত হয়ে পড়ে ঝিমোয় এ সময়ে। হাসনাবাদ থেকে গোসাবা যাতায়াতের পথে যখন কোম্পানির লঞ্চ ঢেউ তুলে দিয়ে যায়, তখন বেকার নৌকোগুলি যেন বড় বিরক্ত হয়ে খানিক দোলে। তারপর জল শান্ত হয়ে যায়, নৌকোগুলি ঝিমোয় আবার। গঞ্জের মানুষগুলিও। কারবার তেজী না থাকলে তাদের দেহ-মনেও মন্দা লাগে। তবুও আজ হাটের দিন। আনাজ তরিতরকারি উঠবে কিছু। আশেপাশে মানুষেরা নিজের বেচা-কেনা করবে।


গঞ্জ থেকে খানিকটা নিরালা দক্ষিণে, নদীতে বিনজাল পাতে ঈশান। কালীনগরের উত্তরে, পশ্চিমপারে আখড়াতলায় মানুষ সে। কিন্তু চিরকালই এগিয়ে এসে জাল পাতে, মাছ ধরে।


ভাদ্র মাসের মাঝামাঝি। বর্ষার একটু ধরন হয়েছে কয়েকদিন। বৈশাখ জ্যৈষ্ঠের পোড়া আকাশ এখন চকচকে নীল। অনেক বৃষ্টি গেছে, গোটা আকাশখানি জলে ধুয়ে ফিরে পেয়েছে আসল রং। সূর্যের আলো পড়লে চোখ রাখা যায় না নীলের এত ঝকমকানি। আকাশের এদিকে ওদিকে আছে। সাদা মেঘের টুকরো। এ মেঘ ভিনদেশি-আসে দূর থেকে, যায় দূরে উধাও হয়ে। যেখান দিয়ে যায়, সেখানকার মনগুলিও যেন কেড়ে নিয়ে যায়। কোথায় যেন ডাক দিয়ে যায়।



বাতাসের গতিক বোঝা যায় না। কখন বাঁধের দুপাড় ধরে গেমোগাছের বনে বাতাস শনশনিয়ে যায়। কখনও যায় থমকে। কে যেন তাকে ধরে রাখে অদূর সমুদ্রের কোলে।


আশেপাশে গ্রামের চিহ্ন কম। অধিকাংশই আবাদ অঞ্চল। যতদূর চোখ যায়, শুধু সবুজের বিস্তার। আর ভেড়িবাঁধের সুদূর প্রহরা। নোনা জলে বুক চেপে আছে দাঁড়িয়ে।


নদীর নাম বেতনি। ইছামতীরই ফালি ফ্যাকড়া। এখানকার লোকেরা বলে পেতনি, পেতনি নদী। রূপে সে ভয়ঙ্করী নয়, কিন্তু অশরীরী মায়াবিনী নানান বেশে, ফিরছে তার ক্ষুধার্ত অদৃশ্য হাত বাড়িয়ে। রাজত্বটি যেন তার। তার রীতিবিরুদ্ধ অনাচার যে করে, তাকে সে মারে। কখনও আষ্টেপৃষ্ঠে বেঁধে মারে গোটা আবাদের মানুষকে। কখনও একলা পেলে খায় ঘাড় মটকে। তাই গোটা নদীর পাড় জুড়ে বাঁধ। তার নোনা জল একটু চুইয়েও যাতে ঢুকতে না পারে মানুষের আস্তানায়। সে ফসল খায়, আর নিদেন তিন বছরের মতো মাটিকে দিয়ে যায় বন্ধ্যা করে।


এ জল স্পর্শেও ভয়। তাই কেউ পায়ের পাতা ডুবিয়েও দাঁড়ায় না এক দণ্ড। সে তার লকলকে জিভ দিয়ে যেমন খোঁজে বাঁধের ফুটো ফাটল, তেমনি খোঁজে মানুষ। সংসারের সেরা জীব, বড় মিষ্টি যার মাংস। পেলে গরাস ভরে যতটা পাবে, ততটাই নিয়ে যায়। বাকিটুকুতে প্রাণ যদি থাকে, সেটুকু থাকে শুধু বিভীষিকার ঘোরে খাবি খাওয়া।



বাঁকা স্রোতের পাকে পাকে ছোট ছোট ঢেউ চলকানির কোনখানে সেই হিংস্র ভয়াল কামট ওত পেতে আছে কেউ জানে না। সেদিক দিয়ে কুমির রাজকীয়। অন্তত কাছাকাছি এসে সে জানান দেয় একবার। কামট যখন ধরে তখনও টের পাওয়া যায় না, দেখা তো দূরের কথা। তাই সে থাকে মানুষের কাছে কাছে, তার তীক্ষ্ণ করাতের মতো দাঁতে দাঁত চেপে, ধূর্ত চোখের সতর্ক সন্ধানে, চতুর চলাফেরায়।


জোয়ারের জলে ঈশান বিনজাল পাতে আর এদিকে ওদিকে তাকায়। উত্তর-দক্ষিণে নদী, পুবে পশ্চিমে আড় নৌকো। জাল পাতে ছড়িয়ে ছড়িয়ে, আর তাকায় দূরে অদূরে, যেখানেই জল একটু বেশি চলকায় ঢেউয়ের মাথায়, যেখানেই একটু বেশি শিউরে ওঠে বাতাসে। তীক্ষ্ণ শিকারির চোখে উৎকর্ণ হয়ে কী যেন খোঁজে সারা পেতনির জলের জোয়ারের কলকলানিতে, আর দাঁতে দাঁত চাপে। যেন কামটেরই মতো। কেন? মাছ আসবে জালে, এমন করে তাকাবার কী আছে?


কালো চকচকে শরীর ঈশানের। তলপেটের গভীর খাদ থেকে, চওড়া বুকটা যেন হঠাৎ পাথরের চাংড়ার মতো উঠেছে ঠেলে। শক্ত ঘাড়ের ওপর, চড়ানে এবড়োখেবড়ো পাথুরে মুখ। শ্যাওলা-কালো কামটের মতো ছোট ছোট চোখ দুটির চাউনিতে টের পাওয়া যায় না–কোনদিকে তাকিয়ে আছে। মাথায় ভেড়ার লোমের মতো কোঁচকানো চুল।



জলের এদিকে ওদিকে দ্যাখে, তারপরে হঠাৎ ব্যাকুল অবাক চোখে ফিরে তাকায় আকাশের দিকে, ভেড়ি বাঁধের সীমানায়। আবার জাল পাতে। বিনজাল, গহিন তলে গিয়ে পথ আটকে দাঁড়ায় নিঃশব্দে। ওপরে ভাসে ছোল, জালের সীমানা চিহ্ন।


গেমো গাছ মাথা কাটে বাতাসে। রাই-মঙ্গলের বুক ভাসিয়ে পেতনিও ফেঁপে ফুলে ওঠে। অস্পষ্ট ভেসে আসে পশ্চিম-পাড় গয়ারমারির মোটরের ভেঁপু। ঈশান থেকে থেকে চমকায়। কী যেন নড়ে উঠল পুবের ওই বাঁকা স্রোতের জলে। আবার ফিরে তাকায় পশ্চিমে। কীসের যেন শব্দ হল ওখানে, পাড় ঘেঁষে। না, কিছু নয়। জোয়ার এসেছে। মাঝে মাঝে বাতাস একটু দুরন্ত হয়ে নাড়া দিয়ে যায়।


ঈশানের সর্পচক্ষু কেমন যেন ধকধক জ্বলে। বাঁশের ফালি পাটাতনের ফাঁক দিয়ে বার করা, ধারালো বর্শার একহাত ফলাটার দিকে তাকায়। ঝকমকে সূতীক্ষ মস্ত বর্শা, ভাদুরে রোদও যেন কেটে খান খান হয়ে যায় তার ধারে। আবার জাল পাতে ঈশান।


পশ্চিম পাড় থেকে আসা একটি নৌকো যায় কাছে ঘেঁষে। গঞ্জে যায়, মোচা, কাঁচকলা আর কেওড়া ভরতি চুপড়ি নিয়ে। কেওড়া এক রকমের টক ফল, অম্বল রান্না হয়। নৌকোটির হালে যে বুড়ো বসেছিল, সে ডেকে বলে, ঈশান নিকি গো?



মুখ না তুলে জবাব দেয় ঈশান, হাঁ।


বুড়ো আবার বলে, গোন তালি তিন দণ্ড আগেই এইসেছে, অ্যাঁ?


ঈশান জাল পাতে আর শুধু শব্দ করে, হুঁ।


গোন বলতে জোয়ার বোঝায়।


এবার একটি মিষ্টি মেয়ে-গলায় ডাক শোনা গেল, অ ঈশানদাদা, ছোট মাছ পেলি আমারে একখানা দেবা?


ঈশান ফিরে তাকায়। সেই অন্ধ মেয়েটা। লোকে বলে কানী। নাম বিমলা থেকে বিমলী। থাকে পশ্চিম-পাড়ে। ভিক্ষে করতে আসে রোজ গঞ্জে। পাড়ে এসে বসে থাকে। যাকে পায়, তাকেই পার করে দিতে বলে। এপারে ওপারে দু পারেই।


চোখের সামনে ছোট থেকে বড় হল মেয়েটা। ছ থেকে আঠারোয় উঠেছে। ছেউটি পেতনির টান ভাটার জলে এসেছে জোয়ার। একটা হাত সরু আর ছোট, কানী বিমলী কেমন যেন মায়াবিনীর মায়া মেখেছে সর্বাঙ্গে। তবে ভিক্ষে করতে বসেও রেহাই নেই। সব সময়েই চেঁচাচ্ছে, আমলো বিষ্টাখেগোর ব্যাটা, গায়ে হাত দ্যায় কোন ঢ্যামনা। তোর মার গায়ে দিতি পারিস না? তারপর ঠ্যাং ছড়িয়ে বসে কাঁদে। হাটের দিনে একটু দেরি হয়। তখন সন্ধ্যার অন্ধকারের ঝোঁকে, বাঁধের আড়ালে কিংবা গেমো গাছের জঙ্গলে টেনে নিয়ে গেছে কয়েকবার। যেমন ছাড়া হাঁস-মুরগি ছোঁ মেরে নিয়ে যায় শেয়ালে। বিমলী চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে অগো মাগো দ্যাখ আমার কী কইরেছে। হেই। ভগমান, ওরে কামটে খায় না গো, হেই ভগমান, আমার কী দিলে গো-গতরে, আমারে শকুনে খায়।



কাঁদে, দাপায়, চুল ছেড়ে, আবার শান্ত হয়। হেসে কথা বলে বেশ লোকের সঙ্গে, ও করালী খুড়ো, যদি দুটো পয়সা দিলা, ত আমারে এটটু উত্তোর বেলে বসাইয়ে দে যাও। খুড়ি ভাল আছে তো? মাল বিকোলে কেমনু? আশেপাশে সব লোকের সঙ্গেই তার ভাব।


ঈশান মুখ ফেরাতে গিয়ে আবার ফিরে তাকায়। যেন চমকে ফিরে তাকায় তার ছোট ছোট সাপ-খপিস চোখে। কী যেন ভাবে কানী বিমলীর দিকে চেয়ে। তারপর বলে গোঙানির সুরে, তা পেলি পরে দেখা যাবেনে।


বিমলী হাসে। গর্তে বসা চোখ দুটির অন্ধকারে পেতনির জলের ঘোলা-নীল আভা যেন চিকমিক করে। পরনে একখানি আট-হাত পুরনো ডুরে শাড়ি। বাতাসে সেটি উড় উড় করে। হাত দিয়ে কাপড় সামলে বলে, দেবা ঈশেনদাদা? তালি আজ নিচ্ছয় কইরে মাছ পাবো।


ঈশান জবাব দেয় না। কিন্তু জাল পাততে পাততে, আড়চোখে তাকায় বিমলীর দিকে। পাথুরে কপাল বেয়ে গাছের শিকড়ের মতো কয়েকটা শির ফুলে ওঠে। তারপর দাঁতে দাঁতে চেপে ফিরে তাকায় জলের দিকে। বিনজাল পাতে পুবে পশ্চিমে ছড়িয়ে। হাল রাখে কোলে, অর্থাৎ পায়ে।



পেতনি নদী হাসে জোয়ারের গরবে।


যে নৌকোটি হাটে গেল, তার হালেবসা বুড়ো একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, সনসার বড় তাজ্জব জায়গা। এ ঈশেন কী মানুষ ছেল, আর কী মানুষ হল। হেইসে, গেইয়ে, নেইচে, কুঁদে ঈশেন মাতাইয়ে রাখত সবারে। সকলের সঙ্গে ভাব-ভালবাসা, হাটের দিনে কত নকশা কইরেছে, হেইসে মইরেছে সবাই। জলে জালখানি পেইতে এখনও গঞ্জে এইসে বসে, ত্যাখনো বইসত। এখন মুখে রা কাড়ে না, ত্যাখন কত গল্প-ঝল্প, গাল-গপ্পো। গোন গিয়ে ভাটা পইড়ত, তবু জাল তুইলবার কথা মনে থাকত না।


কানী বিমলীর নিশ্বাস পড়ে। দক্ষিণা বাতাস তার রুক্ষ চুলের গোছা উড়িয়ে দিয়ে যায়। ছোট আর বড় দুটি হাত দিয়ে চুল সামলাতে গেলে, আট হাত কাপড়খানি অকুলান হয়ে পড়ে। বলে, হ্যাঁ, সেই ব্যাপারখানার পরে, না ঠাকুদা?


–হুঁ।


ভেড়ি বাঁধের গায়ে ধাক্কা খেয়ে বাতাস আসে। পেতনির জল ফোলে। শুধু দু জনের কেউই দেখতে পায় না, ঈশান দূর থেকে একনজরে তাকিয়ে আছে বিমলীর দিকে।



বুড়ো আপন মনেই বলে, বড় সোহাগী বউ ছেল সে ঈশেনের। যশোরের মেইয়ে, বউটি বড় দামাল ছেল। সংসারে বাপ-মা নেই, ঈশেনের। বউ একলা ঘরে থাকতে পারে না। বলে, তুমি যাবা মাছ মারতি, আমি বইসে থাকব বাঁধের উপরে। তা তাই করত ঈশেন। বউকে বাঁধে বসাইয়ে রেইখে জাল পাতত। তাপরে বউ নে ঘুইরে বেড়াইত গাঙে গাঙে। সেই নেও কত কথা, হাসি, মস্করা। তাও দুটির কোনও পেত্যায় ছেল না।…তা একদিন দুটিতে কী যেন খুনসুটি ঝগড়া হল, সে পিরিতে খুনসুটি। রাতদিনই হচ্ছে। সেদিন জাল তুইলে লৌকো বাঁধে ভিড়াইয়ে বউকে ডাকল, আয়। বউ বাঁধের উপর দে হাঁটা দিল। বইললে, আজ আখড়াতলা তক হেঁইটে যাব, লৌকোয় ওটব না। ঈশান বইললে, আসবি তো আয়, না হলি সত্যি সত্যি লৌকো ছেইড়ে দেব। বউ ঠোঁট টিপে হেইসে বইললে, দ্যাওগে। ঈশেনও তো সেইরকম। দিলে লৌকো ছেড়ে। একজন বাঁধে, আর একজন জলে। বেলা ত্যাখন যাই যাই করে। পেতনিতে ভাটা পইড়েছে। ঈশেন লগি মারছে। দু জনাই দু জনরে দেখতি পাচ্ছে। তবু ঈশেন বারে বারেই ডাকে, আয় বলতেছি, না হলি আজ তোর কপালে দুঃখু আছে। তা কে শোনে। বউ মাঝে মাঝে গেমো গাছের আড়ালে পড়ে। আবার দেখা দেয় আর টিপে টিপে হাসে। ঈশেনকে খ্যাপায়। তাপরে ঈশেন লৌকো নে সইরে গেল মাঝনদীতে। বইললে, তবে তুই থাক, আমি ওপারে যাচ্ছি। ত্যাখন বউ লেইমে এইল গেমো গাছের আড়াল থেইকে। খিলখিল করে হেইসে ডাক দিল, এইস, নে যাও। দূর যশোরের মেইয়ে। খলবল কইরে নেইমে এইল পেতনির কোমর জলে। জানত কিন্তুক মনে ছেল না বউয়ের, পেতনির জলে পেতনির মায়া আছে। ঈশেনের অবস্থাটা ভাবো। চিৎকার দিলে, আলো সব্বোনাশী, শিগগির ডাঙায় ওঠ, শিগগির। আর উইঠতে হল না। ঈশেন দেখল, বউকে কে টেইনে নে যাচ্ছে জলের তলায়। তাপর আবার ভাইসলো। ত্যাতহ্মোনে হাল মেইরে এইয়েছে ঈশেন। টেইনে তোলো বউকে। দ্যাখে, তল পেটের কাছখান থেইকে একখান উরত-শুদ্ধ পা নেই। যে ছেল জলের তলায়, সে ছেল তককে তককে। নাবালের এই য্যাতত নদী, সবখানে সে হাঁ কইরে আছে। বাগে পেইলে ছাড়ান নেই।…তা কামটের কাটা, পচন ধরে সঙ্গে সঙ্গে। বউটা মইল। তা ঈশেনও হাসি ভুইলে গেল। এখন য্যান কেমন কেমন লাগে। গোনে পাতে বিনজাল, কচাড় জাল টানে পাতে। আর ওই চুপচাপ গাঙে বইসে থাকে, না হলি গঞ্জের বাঁধে। …



ভাদুরে রোদে বিমলীর চোখের গর্ত চিকচিক করে পেতনির ঘোলা-নীল জলের মতো। বড় উদাসিনী দেখায়। যেন চুপি চুপি বলে, হ্যাঁ, চক থাকতিও মানুষ এমন কইরে মরে ঠাকুর্দা। আমি বেইচে থাকি।


দু জনে শুধু দেখতে পায় না, জাল পাতা সাঙ্গ করে, ঈশান দূর থেকে অপলক চোখে তাকিয়ে থাকে কানী বিমলীর দিকে। আর সাপ-খপিস চোখ দুটি জ্বলে ধকধক করে। কী যেন আঁচে মনে মনে। তারপর চমকে ফিরে তাকায় জলের দিকে। কী যেন পাক খেয়ে যায় ওই দূর উত্তরের জলে? কীসে যেন ঝটকা দিল দক্ষিণের কোলে? তীক্ষ্ণ ফলা বশটিার দিকে চোখ পড়ে ঈশানের।


না, কিছু নয়। সমুদ্রের জোয়ার আসে পেতনির বুক ফাঁপিয়ে। বাতাসে মাথা কেটে গেমো বন।


ঈশান নৌকোর মুখ ফেরায় গঞ্জের দিকে। কিন্তু জলের এদিকে ওদিকে তাকায় বারে বারে। সেই খিলখিল অন্তিম হাসি শোনে নাকি বউ

**********
No Review
Related Books
Loading books…