
শিশিরের জল
সমরেশ মজুমদার
দমদম এয়ারপোর্ট থেকে বেরোবার আগে তার পাসপোর্ট দেখে বাঙালি ইমিগ্রেশন অফিসার হেসে বললেন, ‘আপনি অষ্ট্রেলিয়ান?’
‘হ্যাঁ। পাসপোর্টই বলছে আমি অষ্ট্রেলিয়ার নাগরিক।’
‘বহু দিন পরে এলেন! ভাল থাকুন।’ পাসপোর্টে স্ট্যাম্প মেরে ভদ্রলোক সেটা ফেরত দিলেন। কাস্টমসেও কোনও অসুবিধে হল না। স্যুটকেস নিয়ে প্রি-পেড ট্যাক্সির টিকিট কেটে সে যখন বাইরে এল, তখন রাতের অন্ধকার গাঢ় হয়েছে। ড্রাইভার কাগজ দেখে জিজ্ঞাসা করল, ‘পার্ক ষ্ট্রিটের কোথায় যাবেন স্যর? পার্ক হোটেলে?’
নামটা প্রথম শুনল সে। সিডনিতে বসে ল্যাপটপে কলকাতার ছবি দেখেছিল, বিবরণ পড়েছিল। তাতে জেনেছিল পার্ক ষ্ট্রিট কলকাতার খুব জমজমাট এলাকা, আধুনিক রেস্টুরেন্ট প্রচুর রয়েছে ওখানে। রাতের কলকাতা দেখতে মন্দ লাগছিল না। চোদ্দো বছর বয়সে সে পশ্চিমবাংলা ছেড়ে জব্বলপুরে চলে গিয়েছিল বাবা-মায়ের সঙ্গে। সেখানেই পড়াশোনা, হায়দরাবাদে চাকরি, অষ্ট্রেলিয়ায় চলে যাওয়া। কলকাতায় আসার প্রয়োজন বা সুযোগই হয়নি। কিন্তু বাবা-মায়ের চাপে বাংলা বলতে বা পড়তে অসুবিধে হয় না। ওঁদের অষ্ট্রেলিয়াতে নিজের কাছে নিয়ে গিয়েছিল সে। ভালই ছিলেন। কিন্তু দু’বছর আগে বাবা, ছ’মাস পরে মা চলে গেলেন। মায়ের দুটো আক্ষেপ ছিল। প্রথমত, তিনি ছেলের বউকে দেখতে চাইতেন। এ নিয়ে কম তর্কবিতর্ক হয়নি। কিন্তু সে বিয়ে করতে রাজি হয়নি। কেবলই মনে হত একটি পূর্ণবয়স্কা মহিলা এই সংসারে এলে তাঁর ভাবনার সঙ্গে সঙ্ঘাত ঘটবেই। মা গ্রহণের দিনে ফ্রিজ পরিষ্কার করে ফেলতেন, বৃহস্পতিবার শাঁখ বাজাতেন। বাবা বলতেন, ‘তোমার শাঁখের শব্দ শুনে পুলিশ এল বলে।’ ‘চাঁদে মানুষ হাঁটছে আর তুমি সেকেলে মতে চন্দ্রগ্রহণ মানছ?’ মা হেসেবলত, ‘এই চাঁদ ওই চাঁদ না। এই চাঁদ চন্দ্রদেব।’ এ সব সত্ত্বেও সংসারে শান্তি ছিল।
মায়ের দ্বিতীয় ইচ্ছেটা সুড়সুড়ি দিত তাকেও। রানাঘাট থেকে বিয়ের পর মাকে যখন বাবার কর্মস্থলে যেতে হয়েছিল, তখন তাঁর বয়স ছিল সতেরো। উত্তরবঙ্গের পাহাড় ঘেরা ছোট্ট শহরটিকে তিনি খুব ভালবেসে ফেলেছিলেন। সে সময় বড় জোর হাজার তিনেক লোক বাস করত সেই শহরে। বেশির ভাগই পরস্পরকে চিনতেন। চোদ্দো বছর বয়স পর্যন্ত সেও ছিল ওই ছোট্ট শহরে। পড়ত একমাত্র হাইস্কুলে। ওরা যে বাড়িতে ভাড়া থাকত, সেখানে মা অনেক গাছ লাগিয়েছিলেন। আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, সুপারি। ওদের ছেড়ে চলে যাওয়ার দিনে মা অনেকক্ষণ কেঁদেছিলেন। জব্বলপুরে গিয়েও ওদের কথা ভাবতেন। বাবা বলতেন, ‘কাউকে ভোলার সবচেয়ে ভাল উপায় হল তাকে মনে না রাখা। খোঁজখবর নিয়ো না, চিঠি লিখো না, সব ভুলে যাবে।’ বাবার কথাই ঠিক বলে মনে হয়েছিল এক সময়। তাদের তিন জনের কেউ আর ওখানকার গাছগাছালি, মানুষের কথা নিয়ে আলোচনা করত না।
বাবা চলে যাওয়ার পরে এক ছুটির দুপুরে মায়ের পাশে শুয়েছিল সে। হঠাৎ বড় শ্বাস ফেলল মা। সে ফিরে তাকাতে মা বলল, ‘অ্যাদ্দিনে ওই গাছগুলো প্রতি বছর ফল দিচ্ছে কি না কে জানে!’
‘কোন গাছগুলো?’ জিজ্ঞাসা করেই মনে পড়ে গেল, বলল, ‘নিশ্চয় দিচ্ছে।’
‘না রে। অনেক গাছে ফল হয় না। পোকা হয় খুব। আমার আজকাল খুব ইচ্ছে হয়, যদি এক বার ঘুরে আসতে পারতাম!’
সে উঠে বসে হাসল, ‘কোথায় থাকবে গিয়ে? ওটা তো সরকারি বাড়ি ছিল!’
‘কেন? অনেকেই তো আছে। শেফালিদির বাড়ি গিয়ে থাকব।’
‘ঠিক আছে। যাওয়া যাবে।’
শোনামাত্র মায়ের মুখে অপূর্বসুন্দর হাসি ফুটেছিল। মাকে বলে দুঃখ দিয়ে কী লাভ! বেঁচে থাকলে শেফালি মাসির নব্বইয়ের কাছে বয়স হওয়া উচিত! না থাকাই স্বাভাবিক। কিন্তু সে কথা মনে করিয়ে দিতে ইচ্ছে হয়নি তার।
তার পর মা চলে গেলেন। ক্রমশ শীতল নিঃসঙ্গতা ঘিরে ধরছিল তাকে। তখন বন্ধুরা চেয়েছিল দেশ থেকে কোনও সুন্দরীকে নির্বাচন করে ওর সঙ্গে জুড়ে দিতে। সিডনির বাঙালি মেয়েরা কুড়ি-বাইশেই বন্ধু পেয়ে যায়। তিরিশের ওপর যাঁরা একা থাকেন তাঁদের বেশির ভাগই বিবাহবিচ্ছিন্না। চট করে নতুন কারও সঙ্গে সম্পর্ক তৈরি করতে নারাজ তাঁরা। এই ইচ্ছে ওরও হয়নি। কিন্তু মাসখানেক আগে ভোর রাতে মাকে দেখল সে। তার পাশে শুয়ে মা বললেন, ‘আমার আজকাল খুব ইচ্ছে হয় যদি এক বার ঘুরে আসতে পারতাম।’ ঘুম ভেঙে গেলে সে অনেকটা সময় চুপচাপ বসে থেকে স্থির করল, যাবে। গিয়ে মায়ের হাতে যে সব গাছ বড় হচ্ছিল, তাদের দেখে আসবে। দশ দিনের ছুটির জন্যে দরখাস্ত করে প্লেনের টিকিট কাটতে গিয়ে জেনেছিল পশ্চিমবাংলায় একমাত্র কলকাতা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর আছে।
পার্ক হোটেলের রিসেপশনিস্ট বাংলা বলেন না। যে লোকটি তার ব্যাগ ঘরে পৌঁছে দিল, সে-ও হিন্দি বলল। সে খুব অস্বস্তিতে পড়ল। পশ্চিমবাংলায় কি এখন কেউ বাংলা বলে না? দীর্ঘ যাত্রার ক্লান্তি ছিল, খাওয়ার ইচ্ছেও ছিল না। একঘুমে রাত কাটাল সে। পরদিন সকালে আবার এয়ারপোর্ট, প্লেন ধরা এবং বাগডোগরায় নামা। গন্তব্যের নাম শুনে ট্যাক্সি ড্রাইভার হিন্দিতে বলল, ‘স্যর, রাস্তা খুব খারাপ, ও দিকে গেলে গাড়ির ক্ষতি হবে।’ তিন চার জনের মুখে একই কথা শোনার পর এক জন ভরসা দিল, সে নিয়ে যেতে পারে কিন্তু শেষ দুই মাইল যাবে না, কারণ সেখানে রাস্তা বলে কিছু নেই, শুধু বড় বড় গর্ত। অবাক হয়ে সে জিজ্ঞাসা করেছিল, ‘এ রকম অবস্থা কেন? সরকার রাস্তা সারায় না?’
‘সারায়। কিন্তু এক মাসের মধ্যে আগের মতো হয়ে যায়। সব শালা চুরি করে।’
দু’মাইল পথ আর কী এমন বেশি! স্যুটকেসটা সঙ্গে আছে বলে একটু সমস্যা হবে। প্রায় দ্বিগুণ ভাড়া নিয়ে ট্যাক্সি ড্রাইভার তাকে যেখানে নামিয়ে দিয়ে ফিরে গেল তার দু’পাশে ন্যাড়া মাঠ। এতক্ষণ ধরে ঝাঁকুনি খেয়ে খেয়ে সর্বাঙ্গে ব্যথা হয়ে গিয়েছিল তার। এ রকম কুৎসিত রাস্তা কোনও সভ্য দেশে থাকতে পারে বলে তার ধারণা ছিল না।
চার ধার শুনশান। দুপুর শেষ হতে যাচ্ছে! রাস্তার পাশে একটা লম্বা ইউক্যালিপটাস গাছ দেখে সে হেসে ফেলল। এত বছর পরেও গাছটা ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে। সাইকেল চালিয়ে ওরা এখানে আসত ওই গাছের পাতা হাতে ঘষে গন্ধ শোঁকার জন্যে। টুবলু বলত, ওই গন্ধে সর্দি সেরে যায়। গাছটা আছে, টুবলু এখন কোথায় কে জানে!
স্যুটকেসটা নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল। রাস্তা বলে কিছু নেই। বড় বড় গর্তে জল জমে আছে। সেগুলো বাঁচিয়ে ওজন নিয়ে হাঁটা খুব কষ্টকর। মিনিট পাঁচেক হাঁটার পরে সে রাস্তার পাশে একটা ভ্যানরিকশা দেখতে পেল। তার বালক-কিশোর বয়সে এই রকম ভ্যানরিকশা খুব চালু ছিল শহরে। সে রিকশার পাশে এসে চার পাশে তাকিয়েও রিকশাওয়ালাকে দেখতে পেল না। স্যুটকেসটাকে ভ্যানের ওপর রেখে তার হাসি পেল। সিডনি শহরে এই দৃশ্য কেউ কল্পনাও করতে পারবে না।
‘যাবেন কোথায়?’ যেন মাটি ফুঁড়ে উঠে এল লোকটা। বছর তিরিশেক বয়স, পরনে পাজামা আর হাতকাটা গেঞ্জি। লোকটাকে খুব চেনা বলে মনে হল তার। সে উত্তর দিতেই লোকটি বলল, ‘উঠে বসুন। মাঝখানে ধরে বসবেন। এ তো রাস্তা নয়, মরণফাঁদ।’
লোকটি রিকশা চালাল। নৌকোর মতো দুলতে দুলতে যাচ্ছে রিকশা। সে জিজ্ঞাসা করল, ‘এই রাস্তা মেরামত হয়নি কত দিন?’
‘মনে নেই। এই যাঃ।’ লোকটি নেমে পড়ল রিকশা থেকে। নেমে খুলে যাওয়া চেন ঠিকঠাক লাগাল। ওর মুখের দিকে ভাল করে তাকাতেই পবনদার কথা মনে পড়ল। প্রায় ওই রকম দেখতে এই লোকটা। পবনদাও সাইকেল রিকশা চালাত। কত বছর আগের কথা। এ পবনদার ছেলে নয় তো?
‘তুমি মানে ক’দিন রিকশা চালাচ্ছ?’
‘বহু দিন।’ লোকটি আবার সিটে উঠে বসল।
ভ্যানরিকশা চলতে শুরু করলে সে জিজ্ঞাসা করল, ‘কিছু মনে কোরো না, তোমার নামটা জানতে পারি? এক জনের সঙ্গে তোমার চেহারার খুব মিল আছে তাই।’
‘আমার নাম পবন।’
‘পবন?’ অবাক হয়ে গেল সে।
‘আজ্ঞে হ্যাঁ, শ্রী পবনকুমার দাস। পিতার নাম মদনকুমার দাস।’
বলে কী লোকটা? পঁচিশ বছর আগে যখন সে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, তখন পবনদার চেহারা তো এই রকমই ছিল। হ্যাঁ, মনে পড়ছে, পবনদার বাবার নাম ছিল মদন। রাজমিস্ত্রি ছিল। দোতলার ইট গাঁথতে গিয়ে পা পিছলে পড়ে মরে গিয়েছিল। মদন মিস্ত্রিকে দেখতে ছুটে গিয়েছিল তারা, কারণ তার আগে ওরা কেউ মৃতদেহ দ্যাখেনি। এই পঁচিশ বছরে লোকটির চেহারা একদম পাল্টাল না। দেখে তো তার চেয়ে অনেক কম বয়সী বলে মনে হচ্ছে। সে মাথা নাড়ল।
শেষ পর্যন্ত শহরে ঢুকল ভ্যানরিকশা। পবন জিজ্ঞাসা করল, ‘কোন পাড়ায় যাবেন?’
তখন চার পাশে তাকাচ্ছিল সে। পঁচিশ বছর আগে যে রকম দেখে গিয়েছিল এই শহরটাকে হুবহু সেই রকমই রয়েছে। ওই যে তরুণ সঙ্ঘ ক্লাবের মাঠ, তার পাশে নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার। একটুও বদলায়নি। পবন আবার প্রশ্নটা করলে সে বলল, ‘মন্দিরপাড়া।’
প্যাডেল ঘোর