Home
মাত্র আধখানা শতাব্দী

মাত্র আধখানা শতাব্দী

সুনীল গঙ্গোপাধ্যায়

মাত্র আধখানা শতাব্দী

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color

১.

মাদুর পেতে বসে আছে তিন অকাল-বুড়ি।


পা ছড়িয়ে, সামনে পানের বাটা। একজনের মাথার চুল কদমছাঁট। এক ভাসুর-ঝি নিয়মিত এর চুল ঘেঁটে দেয়। বিধবাদের চুল রাখতে নেই। এই প্রথা বন্ধ হওয়ার ঠিক পরের দশকটা ইনি দেখে যেতে পারেননি।


এই রমণীর চুল ছিল মেঘের মতন, নিতম্ব ছোঁয়া। স্বামীর মরদেহযখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এক দাই বড় কাঁচি দিয়ে কচ-কচ করে কেটে ফেলে দিল সেই চুলের রাশ।


ইনি বললেন, আমাগো টিয়াঠুটি গাছটার মতন অমন বড় আমগাছ আর দ্যাখলাম না এ-দেশে! অন্য একজন বললেন, চটাস-চটাস কইরা কত পুঁটিমাছ ধরতাম, মনে আছে? পাছ পুকুর। আছিল লক্ষ্মী। দুইখান গজাল মাছ, চেঁকির মতন বড়, একসাথে ভাইস্যা ওঠত।


আর একজন বললেন, এ দ্যাশের মাছে সোয়াদ নাই।


চুল-ছাঁটা মহিলাটি মাছ খাননি বহুদিন। এখন আর সেজন্য আপসোস করতেও ভুলে যান। মাছের চেয়ে গাছের গল্প তাঁর বেশি ভালো লাগে।



তিনি বললেন, টিয়াঠুটি গাছটারে কি কাইট্যা ফ্যালাইসে। কিছু শোনছেন? পুঁটি মাছের স্মৃতিকাতর মহিলাটি বললেন, আ লো বড়পিসি! দ্যাশটারেই কাইট্যা ফ্যালাইসে! আর তুমি কও গাছের কথা!


২.


একটিমাত্র গোলাপ ফুল আঁকা ছোট টিনের সুটকেশ নিয়ে যুবকটি ছেড়ে যাচ্ছে নিজের বাড়ি।


জায়গাটার নাম বাদু। শহর থেকে বেশিদূর নয়, তবে শহরের লকলকে জিভ এখনও এ-পর্যন্ত পৌঁছায়নি। তাদের একান্নবর্তী পরিবার, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নিয়ে প্রায় আঠাশ জন। প্রায়। কেন? মানুষ কি প্রায় হয়? একজন দুজন করে বাড়ে, দুজন-তিন জন কমে। অর্ধচন্দ্রাকারে সাত খানা ঘর, কয়েকটি পাকা, কয়েকটা কাঁচা। এদের বাজারে দু-খানা দোকান আছে। সংসারে অভাব নেই। দুবেলাই ভাত হয়, ফেনা ভাতে ঘি জোটে।


তবু সাদেক চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে।


এই বয়েসের সে-ই প্রথম বি.এ. পাশ। গ্র্যাজুয়েট ছেলে কি বাজারের দোকানে মশলা বিক্রি করতে বসবে? না তেলের ঘানি চালাবে। তা হলে আর এতটা লেখাপড়া শেখার দরকার কী ছিল?



সে ভদ্রলোকের মতন চাকরি করবে।


যুদ্ধের পর শুরু হয়েছিল ছাঁটাই। স্বাধীনতা মানে ছাঁটাই, চতুর্দিকে বেকারদের কলরব। সাদেক কি সেই কারণেই চাকরি পাচ্ছে না? নাকি সে প্রত্যাখ্যাত হচ্ছে বারবার শুধু মুসলমান বলে?


সরকারি কাজে সন্দেহের অবকাশ থাকলেও, টিউশনি। অনেক বেকার ছেলেই টিউশনি করে, যেমন তার কলেজের কয়েকজন বন্ধু। কিন্তু সাদেককে কেউ রাখে না। এদিকের মুসলমানদের। মধ্যে লেখাপড়ার তেমন চল নেই, বাড়িতে মাস্টার রাখবে? সাদেক মধ্যমগ্রাম, বারাসতে গিয়েও টিউশনি করতে রাজি আছে। কিন্তু হিন্দু বাড়িতে তার নাম শুনলেই নানান ছল-ছুতো দেখায়। কেউ বলে, আমরা মেয়ে-মাস্টার রাখব ভেবেছি। কেউ বলে, একজন এম.এ. পাশ এইটাকায় রাজি হয়ে গেছে।


দাঙ্গার আগুন লাগেনি এ-পল্লীতে, বাড়িতে অন্নবস্ত্রের অভাব নেই, তবু সাদেক মায়ের কান্না, বাবা-দাদার নিষেধ অগ্রাহ্য করে চলে যাচ্ছে দেশ ছেড়ে। মানুষ কি ভাগ্য পরীক্ষার জন্য দেশান্তরে যায় না? কিন্তু সাদেকের বুক-ভরা অভিমান, আর মুখে অপমানের ময়লা ছাপ।



৩.


এইখানে গোবিন্দ গাঙ্গুলির স্বপ্ন লেগে ছিল। এইখানে এখনও ভেসে বেড়ায় গোবিন্দ গাঙ্গুলির দীর্ঘশ্বাস।


এইখানে পুকুরের জল ছিল কাকচক্ষু, স্নিগ্ধ। এখন পানায় ভরতি, জল দেখাই যায় না। এইখানে মন্দিরে ঘণ্টা বাজত সকাল ও সন্ধ্যায়, এখন একটা অশ্বত্থ গাছ দৃঢ় আলিঙ্গনে গুঁড়িয়ে দিয়েছে মন্দিরের চূড়ো।


এ-দেউলে আর দেবতার মূর্তি নেই, ঘুরে বেড়ায় দুটো সাপ।


৪.


বেলেঘাটার সেই বস্তি এখন চেনাই যায় না।


এখানে প্রধানত থাকত ধুনুরিরা আর দরজির দল। সবই খাপরার চালের ঘর, সরু-সরু গলি। এ বস্তির মালিক ছিল মল্লিকবাবুরা, আর অধিবাসীরা মুসলমান। এখন সেখানে একটা দোতলা বাজার আর পাশে একটা পাঁচতলা ফ্ল্যাটবাড়ি। পাড়ার ছেলেদের খেলার মাঠ।



সেই সে-বারে রাজাবাজার ও মানিকতলার প্রতিযোগিতা! খেলার নয়, খুনোখুনির। এদিকে নাড়ায়ে তকদির, আল্লা হো আকবর। ওদিকে বন্দেমাতরম! ভারতমাতা কি জয়! মাঝখানে। রক্তের স্রোত। রাস্তায় পড়ে থাকা লাশের পচা গন্ধ। সে প্রতিযোগিতা গড়িয়ে এল বেলেঘাটার। বস্তি পর্যন্ত। ছলাৎছলাৎ করে কেরোসিন ছেটাবার শব্দ। কয়েক ঘণ্টার মধ্যে সব কিছু পুড়ে ছাই।


নারায়ণগঞ্জ থেকে কলকাতায় এসেছেন হেদায়েত হোসেন। বয়েস হয়েছে অনেক। কিন্তু। কর্মদক্ষতা এখনও যথেষ্ট। হেদায়েত বেড়াতে আসেননি, এসেছেন ব্যাবসার কাজে। গেঞ্জির ব্যবসায় বেশ ফুলে-ফেঁপে উঠেছেন চেহারায় ও জামানো টাকায়। আগে ওদিকে গেঞ্জির ব্যবসায় হিন্দুদের ছিল আধিপত্য, তারা অনেকেই পালিয়ে এসেছে এদিকে, সেই শূন্যস্থান পূর্ণ করতে হেদায়েতের দেরি হয়নি।


কলকাতা থেকে কিছু মেশিনপত্র নিয়ে যাওয়া দরকার। সরাসরি বর্ডার দিয়ে পার হওয়া যায় না, তবে রাত্রির অন্ধকারের আড়ালে নদীপথে পৌঁছান যায় সাতক্ষীরায়। সে ব্যবস্থা হয়ে গেছে। তারপর হেদায়েত একটু বেড়াতে এসেছেন বেলেঘাটায়। এখানেই কেটেছে তাঁর বাল্য ও কৈশোর।


বাজারের পাশ দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালেন পাঁচতলা বাড়ির সামনে। দুটো ফুটফুটে বাচ্চা লোহার গেট দিয়ে উঠছে আর নামছে। হেদায়েতের স্পষ্ট মনে আছে, স্মৃতিতে দেখতে পাচ্ছেন ছবি। ওই পাঁচ তলা বাড়িটার জায়গাতেই ছিল তাঁর আব্বাজানের দরজির দোকান। সর্বস্বান্ত হয়ে সপরিবারে পালিয়েছিলেন ওপারে, শুধু ছোটছেলেটাকে নিয়ে যেতে পারেননি। হেদায়েতের কোলের ভাইটি ওই আগুনের বেড়াজাল থেকে বেরোতে পারেনি।



হেদায়েতের চোখ পানিতে ভিজে গেল। বুকে জ্বলছে আগুন। এই পাঁচতলা বাড়িটা কোনওক্রমে গুড়িয়ে দেওয়া যায় না?


৫.


এটা কয়েকজন অফিসারের একটা নিজস্ব ক্লাব। প্রকাশ্যস্থানে নয়, একটা ফাঁকা ফ্ল্যাট, ধানমণ্ডিতে। করিমসাহেব থাকেন সরকারি কোয়ার্টারে। এই ফ্ল্যাটটা কিনে রেখে দিয়েছেন, এখন কোনও কাজে লাগছে না, পরে তো লাগবে। তাঁর আর-একটা বাড়ি আছে সাভারে।


ক্লাবের সদস্য ঠিক ন-জন, বাইরের লোকের আসার অধিকার নেই। মহিলাবর্জিত। এখানে দরজা বন্ধ করে মদ্যপান হয়, তাস খেলা চলে, অফিস পলিটিকসের প্রসঙ্গ তো আসবেই। উচ্চশিক্ষিত অফিসাররা পানাহার ও গল্পগুজবের মাঝে-মাঝে হঠাৎ মুখস্থ বলেন শেকসপিয়ারের দু-চার লাইন। কেউ গান ধরেন। মীর তাকি মীরের রচনা। এখন দেশে খুব বাংলা-বাংলা হুজুগ চলছে, এরা নিজেদের উর্দু জ্ঞানের প্রতিযোগিতায় মেতে ওঠেন এক-একসময়।


করিমসাহেব এ-ফ্ল্যাটে কাজের লোকও রাখেননি। সপ্তাহেদু-দিনই শুধু আসর বসে। তিনি কোনও সাক্ষী রাখতে চান না। কে কখন খবরের কাগজওয়ালাদের কাছে লাগিয়ে দেবে, তার কি ঠিক আছে?



এমনকি ড্রাইভারদেরও বিশ্বাস করা যায় না।


কিন্তু সোডা-পানি, চানাচুর-বাদাম-কাবাব এসবও তো লাগে। আগে থেকে কিছু আনলেও ফুরিয়ে যায়।


একমাত্র ফিনান্স সেক্রেটারি হায়দার আলি তাঁর ড্রাইভারকে এসব কাজে লাগান। তিনি অত কিছু। পরোয়া করেননি। তা ছাড়া তাঁর ড্রাইভার কখনও মুখ খোলার সাহস করবে না। সে লোকটি অতি বিনয়ী। সাত চড়ে রা কাড়ে না।


ড্রাইভার সোডার বোতল নিয়ে এসেছে। হায়দার আলি বললেন, রাখেন, টেবিলের নীচে রাখেন। একটার ছিপি খুলে দ্যান।


প্রথম দিনই তাঁর সহকর্মী রফিকুল জিগ্যেস করেছিলেন, তুমি তোমার ড্রাইভারকে আপনি আজ্ঞে করো নাকি? দ্যাটস গুড হ্যাবিট।


হায়দার আলি বললেন, গুড না ব্যাড জানি না। হ্যাবিট ঠিকই। এ লোকটির বয়েস হয়েছে, আমাদের গ্রামেরই লোক, ওর নাম হরেন ভটচাইজ।



করিমসাহেব বললেন, ভটচাইজ মানে ভট্টচার্য? হিন্দু ভট্টচার্যরা ব্রাহ্মণ হয় না?


হায়দার আলি বললেন, রাইট। আপনি জানেন দেখছি। আমাদের গ্রামে তো বেশকিছু ঘর হিন্দু ছিল, এই ভটচাইজরা ছিল পূজারী বামুনের ফ্যামিলি। ছোটবেলা থেকে দেখছি তো, আমরা।


ওদের সম্মান করতাম। তারপর ফিফটির রায়টে পুরো হিন্দু এলাকাটা সাফ হয়ে গেল। ভেরি। আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। লোকগুলো ভালো ছিল। আমি ছোটবেলায় একে হরেনদা বলে ডাকতাম।


রফিকুল বললেন, এ লোকটা বেঁচে গেছে, তা ওপারে পালায়নি?


হায়দার আলি বললেন, কেন যায়নি কে জানে। মাটির মায়ায় বোধহয়। এখন তো আর এখানে পুরুতগিরিরও স্কোপ নেই। টাকাপয়সার টানাটানি।


করিমসাহেব বললেন, তুমি তা হলে পুজুরি বামুনকে ড্রাইভার রেখেছ? বেশ তো!



হায়দার আলি বললেন, আমাদের বাড়িতে রেখেছি বলেই ও এখনও বেঁচে আছে। আমার চাচা ওকে ড্রাইভিং শিখিয়েছিল। খুব কাজের লোক। আমার যখন কুক থাকে না, তখন এ-ড্রাইভার আমার জন্য রান্নাও করে দেয়।


করিমসাহেব বললেন, বামুন যখন, রান্না ভালো জানবেই!


হায়দার আলি বললেন, বিফের কারি এত ভালো বানায়, যে-কোনও হোটেলের চেয়ে… করিম সাহেব আপন মনে হেসে উঠলেন।


৬.


দাদা, কতদিন পর এ দেশে আসলেন?


এই ধরুন, ফর্টি এইটে লাস্ট এসেছি, তারপর এটা সেভেন্টি টু, উফ কতগুলি বছর কেটে গেছে!


এর মধ্যে আসতে ইচ্ছা করে নাই?



ইচ্ছে তো ছিলই মনের মধ্যে সবসময়, স্বপ্নও দেখতাম, কিন্তু ইচ্ছে থাকলেই কি আসা যায়? মাঝখানে যে অদৃশ্য দেওয়াল ছিল এতদিন, অদৃশ্য হলেও বার্লিনের দেওয়ালের চেয়েও কঠিন।


আপনি তো আমাদের দ্যাশের মানুষ?


আমাদের বাড়ি ছিল রাজশাহী। কিন্তু এটা তো আর আমাদের দেশ নয়।


রাজশাহীর বাড়িতে এখন কেউ নাই?


এই সিক্সটি ফাইভ পর্যন্ত ছিলেন আমার ছোটমামা। তারপর তার বাড়িতে পুলিশ এসে ডাকাতি করল।


পুলিশ ডাকাতি করল? বলেন কী দাদা?


হ্যাঁ, এমনি ডাকাত হলে বলার কিছু ছিল না। ডাকাত তো সব দেশেই আছে। কিন্তু পুলিশ যদি রাত্তিরবেলা দল বেঁধে এসে জিনিসপত্র জোর করে কেড়ে নিয়ে যায়। মেয়েদের ধরে টানাটানি করে—তারপর কি আর থাকা যায়?



রক্ষকই ভক্ষক, হা-হা-হা।


তখন বেশ মজার ব্যাপার হত। রাজশাহী ছেড়ে যাওয়ার আগে আমার কাকা কলকাতায় একটা টেলিফোন করতে চেয়েছিলেন। আগেকার বাংলা তখন ছিল এপার বাংলা ওপার বাংলা। দুটো। আলাদা দেশ হলেও পাশাপাশি তো বটে। কিন্তু তখন কি ঢাকা থেকেও কলকাতায় টেলিফোন করা যেত?


জানি, জানি। সেই সময়টা কইলকাতায় ফোন করতে হইলে আগে কল করতে হইত লন্ডনে। লন্ডনে কোনও চেনা লোককে ধরতে পারলে, সে তখন কইলকাতায় কানেকশন কইরা খবরটা দিয়া দিত!


আমরা একে বলি, ঘুরিয়ে নাম দেখানো। ছেলেমানুষদের খেলা। বড়-বড় পলিটিশিয়ান, আর্মি জেনারেলরাও সেই খেলা খেলেছে।


দাদা, আপনে কিন্তু একদিন আমাগো বাসায় পায়ের ধুলো দেবেন।


আরে, কী যে বলেন! আমার পায়ে এখনও কলকাতার ধুলো। আমি এখানকার ধূলা মাথায় নিতে এসেছি। আমার দেশ না হোক, তবু তো জন্মভূমি!



৭.


প্রখ্যাত গায়ক সমর মিত্র সফরে এসেছেন সদ্য স্বাধীন বাংলাদেশে।


তিনি শুধু গায়ক নন। একাত্তর সালের নমাস পূর্ব-পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় তাঁর উদাত্ত দেশাত্মবোধক গানে মুসলমান-হিন্দু নির্বিশেষে সমস্ত বাঙালি শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর সমর মিত্র—এই দুজনের কণ্ঠে সংবাদ ও সঙ্গীত শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত সবাই।


সমর মিত্র এই প্রথম এসেছেন বাংলাদেশে। বহু জায়গায় দেওয়া হচ্ছে তাঁকে সংবর্ধনা, তাঁর গানের আসরে জনতা ভেঙে পড়ে। বিভিন্ন বাড়িতে তাঁকে দাওয়াত দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে

**********
No Review
Related Books
Loading books…