
মহম্মদ নাজিম হাজারিবাগী
বুদ্ধদেব গুহ
গোপালের সঙ্গে প্রথমবারে হাজারিবাগে গেছি ইন্টারমিডিয়েট চার্টার্ড অ্যাকাউন্টান্সির পরীক্ষা দিয়ে। বর্ষাকাল। সারারাত থার্ড ক্লাসে জেগে এসেছি, তারপর শেষ রাতে হাজারিবাগ রোড স্টেশনে নেমে বাসে উঠে পড়েই ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেছে টাটিঝারিয়াতে বাস এসে দাঁড়ালে। হাজারিবাগ রোড স্টেশন বা সারিয়া থেকে বগোদর হয়ে বিষুনগড় হয়ে বাস পৌঁছবে হাজারিবাগ শহরে, কোররার মোড় পেরিয়ে।
টাটিঝারিয়ার পণ্ডিতের দোকানের চা, কালাজামুন আর নিমকি খেয়ে ততক্ষণ রোদ উঠে—যাওয়া পথ বেয়ে হাজারিবাগে পৌঁছে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। সন্ধের মুখে মুখে একটি সাইকেল রিকশা নিয়ে সার্কিট হাউসের সামনের পথ দিয়ে কাছারির মধ্যে দিয়ে শর্টকাট করে বড়া মসজিদের সামনের অপ্রশস্ত গলিতে এক মুসলমানের জুতো আর মুঙ্গেরি বন্দুকের দোকানের সামনে রিকশা থেকে নামলাম।
গোপাল আলাপ করিয়ে দিল, নাজিম সাহেব। মহম্মদ নাজিম। চেয়ে দেখলাম, একজন রোগাসোগা খুবই লম্বা অত্যন্ত কুদর্শন মানুষ। মাথার আকৃতিটাও আশ্চর্য। বড় বড় দাঁত, সর্বক্ষণ কালি—পিলি জর্দা দেওয়া পান আর সিগারেট খেয়ে খেয়ে মুখের অদ্ভুত ছিরি হয়েছে। মানুষটির চোখ দুটি অতুলনীয়। পৃথিবীতে আর কারও অমন চোখ ছিল কি না, জানি না। কথা শোনা বা বলার সময়ে চোখ দুটি ক্রমাগত গাড়ির হেডলাইটের মতো ডিপার—ডিমার হতো। উত্তেজিত হলে বা বিস্মিত হলে ডিপার আর এমনি অবস্থাতে ডিমার।
স্বল্পক্ষণ আমার হিন্দি শুনেই বললেন, খাতা মে নাম উঠ গ্যয়া। যব তক ঠিকঠাক হিন্দি বোলি নেহি বোলনে পাইয়েগা তবতক নাম নেহি কাট্টা যায়েগা। নাজিম সাহেবের মৃত্যু অবধিও কাটা যায়নি নাম।
ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি এল আর সেই বৃষ্টি মাথায় করে এক দেহাতি যুবক দোকানে এসে ঢুকল কাকভেজা হয়ে। বলল, হাওয়াইয়ান চপ্পল দেখান।
তখন সবে ওই চপ্পলগুলো এসেছে কলকাতা এবং অন্যত্রর বাজারে।
নাজিম সাহেব তাকে আদর করে বসিয়ে চা পান খাইয়ে মিনিট দশেক পুটুর পুটুর করে কথা বলার পরে তাকে একজোড়া মোষের চামড়ার নাগরা, লোহার নাল লাগানো, বিক্রি করলেন। ছেলেটি চলে গেলে টাকা ক্যাশবাক্সে তুলে রেখে বললেন, অব বেলিয়ে।
আমি বললাম, গ্রাহক চাইল হাওয়াইয়ান চপ্পল আর আপনি তাকে বেচলেন মোষের চামড়ার নাগরা! মুনাফা বেশি ছিল বুঝি?
নাজিম সাহেব বললেন, বিলকুল নেহি। হাওয়াই চপ্পলমে তিন রুপিয়া জাদা মুনাফা থা।
তব? আমি বললাম।
নাজিম সাহেব আমাকে দাবড়ে বললেন, তব কা? গাহক আকর মাঙ্গেকা আম ঔর উসকো বিকেগা ইমলি, তবহি না ম্যায় দুকানদার হুঁ।
আমি আরও অবাক হয়ে বললাম, মতলব?
নাজিম সাহেব বললেন, গাহক কো ক্যা পাতা হ্যায় কওন চিজ উনকো চাহিয়ে। তারপর বললেন, ওকে হাওয়াইয়ান চপ্পল বিক্রি করলে ও যখন সেই চপ্পল পরে বাস থেকে নেমে কাদা ভরা তিন মাইল কাঁচা পথ জঙ্গলে হেঁটে তার গ্রামের বাড়িতে যাবে তখন তার চপ্পল কাদায় গেঁথে পথেই রয়ে যাবে, হয়তো স্ট্র্যাপও ছিঁড়ে যাবে, তারপর খালি পায়ে, বাড়ি পৌঁছে গাল পাড়বে নাজিম মিঞাকে। কিন্তু যে জুতো ওকে আমি দিলাম সে জুতো কমসে কম দু—বছর পাহাড়ে—জঙ্গলে পরে ছিঁড়ে ফেলার পরে আবার নাজিম মিঞার দোকানেই জুতো কিনতে আসবে।
আমি ভাবলাম, এই মানুষকে হায়দরাবাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ‘বেলা—ভিস্তাতে’ মার্কেটিং স্ট্র্যাটেজির ওপরে বক্তৃতা করতে নিয়ে যাওয়া উচিত। অনেক বড় বড় মার্কেটিংয়ের গুরুও এই সহজ দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারেন।
ওঁর দোকানের সামনে দিয়ে কোনও মোটর গাড়ি গেলেই (পঞ্চাশের দশকের মাঝামাঝি হাজারিবাগ শহরে গণ্ডা গণ্ডা মোটর গাড়ি ছিল না, কলকাতায়ই ছিল না।) উনি হাত তুলে সেলাম করছেন দেখলাম।
কওন থা?
আমি শুধোলাম।
কওন জানে!
তব?
তব ক্যা? গাড়িমে যব যা রহা হ্যায় জরুর কোঈ না কোঈ ভারী আদমি হোগা। কোঈ ভারী অফসর নেহি ত কোঈ পয়সাওয়ালা আদমি। আমি রোজই তাঁর গাড়ি দেখে তাঁকে না চিনেই সেলাম ঠুকব তো, উনি ভাববেন আমি নিশ্চয়ই তাঁকে চিনি। আর তিনি যদি নেহাত কামিনা না হন তবে নিজের বা পরিবারের জুতো কিনতে আমার দোকানে অবশ্যই আসবেন।
নাজিম সাহেব ইংরেজি জানতেন না তবে উর্দু জানতেন ভালই। তাঁর মুখে শায়েরির ফোয়ারা ফিট করা ছিল। তবে ইংরেজি না জানলেও আমাকে ইংরেজিতেই চিঠি লিখতেন একটা ঘটনা পর্যন্ত। একবার চিঠি লিখলেন মাই ‘ওল্ডেস্ট’ সান হ্যাজ ডায়েড। ওঁর এল্ডেস্ট সান—এর নাম ছিল আজ্জু মহম্মদ। হাসি—খুশি সতেরো—আঠারো বছরের ছেলে, হিন্দি সিনেমার হিরোর মতো হাবভাব। আমাদের সঙ্গে বহুবার শিকারে গেছে। সে মরে গেছে শুনে নাজিম সাহেবকে টেলিগ্রামে সান্ত্বনা জানালাম—’মে হিজ সউল রেস্ট ইন পিস’ ইত্যাদি লিখে। তারপর পাঁচদিন পরই গোপালের সঙ্গে ফোনে কথা হল। গোপাল বলল, শুনেছ লালসাহেব, নাজিম মিঞার এগারো নাম্বার ছেলেটা মারা গেছে।
আমি আকাশ থেকে পড়লাম। বললাম, বলো কী?
তখুনি আবার টেলিগ্রাম করে কনডোলেন্স রিভার্স করলাম।
এই ঘটনার পর থেকে নাজিম সাহেব ইংরেজি হরফে কিন্তু উর্দুমিশ্রিত হিন্দিতে চিঠি লিখতেন। প্রতি চিঠির শেষে লেখা থাকত ‘ফাদার মাদারকো দোয়া’।
নাজিম সাহেবের কাছ থেকে অনেকই শিখেছি। বনজঙ্গল সম্বন্ধে, শিকারের ঔচিত্য—অনৌচিত্য সম্বন্ধে, জীবনবোধ সম্বন্ধে।
আমার সঙ্গে যখন আলাপ হয় তখন এবং তার অনেকদিন পর পর্যন্ত উনি সাইকেল আরোহীই ছিলেন। সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে টিফিন ক্যারিয়ারে করে বিরিয়ানি, পায়া, চাঁব এবং নানারকম কাবাব নিয়ে আসতেন ‘পূর্বাচল’—এ। তখন তাঁর বাড়ি আমাদের নেমন্তন্ন করার যোগ্য ছিল না নাকি। পরে যখন নাজিম সাহেব বড়লোক হলেন, একাধিক গাড়ি ছিল, আজ্জু মহম্মদ হাজারিবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিল, যখনই আমরা একসঙ্গে জিপ বা গাড়িতে যেতাম তখনই রাতের বেলা উল্টোদিক থেকে আসা সাইক্লিস্টকে দেখেই আমাদের বলতেন, হেড লাইট ডিমার কিজিয়ে উও বিচারি নাল্লিমে গিড় পড়েগা।
আমার অভিজ্ঞতা বলে যে, গরিব থেকে বড়লোক হওয়ার পরে অধিকাংশ বড়লোকদের মধ্যেই তার গরিবীর স্মৃতি থাকে না—হয়তো তাঁরা তা ইচ্ছে করেই মুছে দেন। কিন্তু যাঁরা ভাগ্যবান নন তাঁদের প্রতি এই সহমর্মিতা ও শ্রদ্ধামিশ্রিত মনোভাব বহু বহু উচ্চচশিক্ষিত মানুষের মধ্যেও দেখিনি। অর্থ, অধিকাংশ ক্ষেত্রেই মানুষকে অমানুষ করে।
একবার কুসুমভা গ্রামের কাছে হাঁকোয়া হচ্ছে। কাড়ুয়ার খবর ছিল যে একটি বাঘ এসে ঢুকেছে ওই জঙ্গলে পানুয়ান্না টাঁড় থেকে। তাই মস্ত বড় হাঁকোয়ার বন্দোবস্ত হয়েছিল। প্রায় শ’দেড়েক মানুষ, টাঙ্গি আর তিরধনুক, নানা বাদ্যযন্ত্র নিয়ে টানা পাঁচঘণ্টা ধরে হাঁকোয়া করল। আমি, গোপাল, নাজিম সাহেব, আমাদের বন্ধু সুব্রত চ্যাটার্জি, হাজারিবাগের পূর্বতন এস পি সাহেবের বড় ছেলে, তার ভাই মুকুল, শামিম মিঞা, টুটিলাওয়ার জমিদার আমাদের বিশেষ পরিচিত ইজাহারুল হক প্রমুখ অনেকেই ছিলেন। অত লোকের শ্রম বৃথা গেল, ধৈর্য ব্যর্থ হল। আমার খুব মন খারাপ হয়েছিল। বাঘ তো দূরস্থান, আশ্চর্যের কথা, একটি ঘুঘু পর্যন্ত বেরুল না হাঁকাতে। অথচ কুসুমভার পেছনের জঙ্গল পাখি আর জানোয়ারে বোঝাই ছিল।
নাজিম সাহেব হাসছিলেন। বললেন, এও এক শিক্ষা লালাবাবু। কখনও কখনও গভর্নরের শিকারেও এমনই হয়। একটি পাণ্ডুক পর্যন্ত বের হয় না। পাণ্ডুক মানে ঘুঘু। আমি আজ ফজিরের নামাজ না পড়ে এসেছি। আপনাদেরও হয়তো কোনও না কোনও ত্রুটি—বিচ্যুতি হয়েছে। উপরওয়ালা খুশি নন।
নাজিম সাহেবের কথা শুনে আমার বাবার কথা মনে হয়েছিল। বাবা সব সময় বলতেন failures are the pillers of success। কখনও ভগ্নহৃদয় হবে না। জীবনে কখনও পেছন ফিরে তাকাবে না। সাহিত্যিক আর্নেস্ট হেমিংয়েও বলতেন, Never regret a thing you have done।
হাজারিবাগের অনতিদূরে বানাদাগ বস্তি থেকে হাঁটাপথে মাইল তিনেক গিয়ে কুসুমভা নামের একটি বস্তি ছিল। সাহিত্যিক সুবোধ ঘোষ ওই পথেই হাজারিবাগ—চাতরার রুটে বাসের কন্ডাক্টর ছিলেন এক সময়ে। এক রাতে গভীর জঙ্গলের মধ্যে একটি বাঘের বাচ্চচা কুড়িয়ে পেয়ে তিনি পুষেছিলেন। নাম দিয়েছিলেন বিলি। বিলি বড় হওয়ার পর তাকে বাড়িতে রাখার নানা অসুবিধে হওয়ায় উনি আর ওঁর এক বন্ধু বিলিকে এই কুসুমভা গ্রামেই ছেড়ে দিয়ে যান। এই গ্রামে নাজিম সাহেব ক্ষেতি—বাড়ি করতেন। একটি জানালাহীন স—বারান্দা মাটির ঘর ছিল তাঁর সেখানে। আমরা সেখানে গিয়েই উঠতাম। ক্ষেতি—বাড়ি আসলে বাহানা। তাঁর বিবিদের বোকা বানাবার জন্যে। আসলে নানা জানোয়ার শুয়োর, শম্বর, শজারু, খরগোশ, চিতল হরিণ যে সব ফসল খেতে ভালবাসে, সেই সবের ক্ষেত করতেন সেখানে আর বিবিদের হাজারিবাগ বাজারের মুদির দোকান থেকে উৎকৃষ্ট চাল, ডাল ইত্যাদি কিনে নিয়ে গিয়ে বলতেন কুসুমভার ক্ষেতে হয়েছে।
আগেই বলেছি নাজিম সাহেবের ইংরেজি জ্ঞানের কথা—আরেকটি উদাহরণ দিই। একবার আমি, গোপাল আর নাজিম সাহেব কাটকামচারির জঙ্গলে গেছি, উঠেছি এক মুসলমান বিড়িপাতার ছোট কারবারির বাড়িতে। সেখানের গভীর এবং চমৎকার জঙ্গলে পৌঁছে দিল খুস হয়ে গেল আমাদের। যেদিন পৌঁছলাম সেদিনই যাঁর অতিথি হয়েছিলাম আমরা, বললেন, এক মেমসাহেব এসেছিলেন এখানে হাজারিবাগ থেকে তাঁর সাহেবের সঙ্গে। জার্মান মেমসাহেব। সাহেবের নাম উইলি। কী হাত কী হাত! ইক ধারসে গোলি অন্দর তো সাথ্বেসাথ উস ধারসে জান বাহার।
নাজিম সাহেব বললেন, ওঁদের তো আমি চিনি। বোকারো না কোথায় উইলি সাহেব কাজে এসেছেন জার্মানি থেকে।
তারপর বললেন, হ্যাঁ উইলি সাহেবের হাত খুবই ভাল ছিল—গোলি ব্রেইনসে ঘুসকর ভেইন সে যা কর ঠোসে নিকাল যাতা থা। ‘ঠো’ অর্থাৎ ‘টো’। তারপরে বললেন, তব হাঁ। এক বাত। মেমসাব বড়ি ফ্রাঙ্ক মেমসাব থি।
আমি অবাক হলাম। যে মানুষ তেরো নাম্বার ছেলে বোঝাতে ওল্ডেস্ট সান বলেন, তাঁর সঙ্গে জার্মান মেমসাহেব ইংরেজিতে কী এমন কথোপকথন করলেন যে নাজিম সাহেবের ফ্র্যাঙ্ক মনে হল তাঁকে।
আমি বললাম, কেইসি ফ্র্যাঙ্ক থি?
নাজিম সাহেব বললেন, আরে ক্যা বোলে, ঠান্ডাকি রাত থি, হামলোগ সব আগকা সামনামে বৈঠকর কুসুমভামে গপসপ করা রহা থা, বিরিয়ানি বন রহা থা, ঔর মেমসাহেব হুঁয়াহি বৈঠকর হিসি কর রহি থি। বড়ি ফ্রাঙ্ক থি।
ওই ফ্র্যাঙ্কনেসের অভব্য গল্প আমি ‘কোয়েলের কাছে’তে যশোয়ন্তের মুখ দিয়ে বলিয়েছি, আপনারা যাঁরা ‘কোয়েলের কাছে’ পড়েছেন তাঁরা পড়ে থাকবেন।
বিরিয়ানির কথাই যখন উঠল তখন বলতেই হয় নাজিম সাহেবের মতো উমদা বিরিয়ানি খুব কম মানুষকেই বানাতে দেখেছি। আপনারা যদি আজও কেউ হাজারিবাগে যান তবে হাজারিবাগ ক্লাবের কাছে আগের পুলিশ ট্রেনিং ক্যাম্পের উল্টোদিকে একটি ছোট্টো দোকান দেখতে পাবেন। হান্নান মিঞার দোকান। হান্নান মিঞা আজ আর নেই কিন্তু তাঁর ছেলে আছে। ওদের দোকানের বিরিয়ানি, চৌরি, চাঁব, পায়া অথবা কাবাব আগে অর্ডার দিয়ে গেলে নাজিম সাহেবের বিরিয়ানির স্বাদের সামান্য আন্দাজ পাবেন।
একবার নাজিম সাহেবের সঙ্গে চাতরায় গেছিলাম শিকারে। ডাকবাংলোয় উঠেছিলাম। কলকাতা থেকে বিরাট দল এসেছিল গোপালের বন্ধুবান্ধবের, তাদের মধ্যে শিকারি কম, উৎসাহীই বেশি। সূর্য উঠতে না উঠতে শিঙাড়া আর জিলিপি খেয়ে সারাটা দিন আমরা নির্জলা উপোস দিয়ে পাহাড়ে পাহাড়ে চার—পাঁচটি বড় হাঁকোয়া করেছিলাম। শিকার হয়েছিল শুধু একটি শজারু—সুব্রতর ভাই মুকুল মেরেছিল। দিনশেষে বেশ কয়েকমাইল পাহাড়ে উপত্যকাতে হেঁটে যখন ডাকবাংলোতে সন্ধের মুখে ফিরি তখন দূর থেকে বিরিয়ানি রান্নার গন্ধ ক্ষুধার্ত আমাদের নাকে ভেসে আসছিল। আহা! সে কী খুশবু! আজ প্রায় পঞ্চাশ বছর হতে চলল, সে গন্ধ আজও নাকে লেগে আছে। নফর আলির দাদা সফর আলির তদারকিতে সে বিরিয়ানি রান্না হয়েছিল। সে বিরিয়ানির কথা জীবনে ভোলার ন