যুগ-জমাট দাড়ির জঙ্গলের মত মেটাল রোডের দু’পাশে বুকে হেঁটে এগিয়ে আসা ঝুপড়ি-মুপরি, খোলার চাল আর চাকাবিহীন রথের মত গুমটিগুলো দেখতে দেখতে নিকেশ হয়ে গেল। বড় বড় গাছপালার দশাসই লাশ পটাপট শব্দ করে উলটে পড়েছে। পথ-চলতি প্রণামীতে ফেঁপে ওঠা মন্দির আর গাছতলার দেখভালের ঠাকুর-ঠাকরুনরাও বুলডোজারের গুঁতো থেকে রেহাই পায়নি। সব গেছে।