দুটো সাইক্ল্-রিক্শ নাকি ছিল, এখন একটামাত্র চালু আছে। আরেকটা বিগড়ে গেছে কি না বলা যায় না, কিন্তু এই উচুঁনিচু পাহাড়-টিবির দেশে চড়াই-উৎরাই বেয়ে সে গাড়ি চালাবার মত জোয়ান পাওয়া যায় না। সাইক্ল্-রিক্শ চেপে তাড়াতাড়ি যাবার শখও বড় কারুর নেই। এখানে যেমন দিগন্ত-ছোঁয়া ঢেউ-খেলান মাটি তেমনি অঢেল সময়।
সেই সনাতন গরুর গাড়িতে ঢিকিয়ে ঢিকিয়ে যাওয়াই তাই এখানকার রেওয়াজ।