Home
ফটিচার

ফটিচার

সমরেশ বসু

ফটিচার

সমরেশ বসু
short story

Posted byশেষ নগরী19-May-2025

Change color


অনেক রাত হয়েছে। রাত এগারোটা হবে। শহরতলির বড় রাস্তা ফাঁকা হয়ে এসেছে। বন্ধ হয়ে গেছে অধিকাংশ দোকানপাট। শীতটা এখনও যায়নি। যাই যাই করছে। তবু এখনও সন্ধের পরই সবাই ঢাকা-ঢুকি দিতে আরম্ভ করে। রাতটা জড়োসড়ো হয়ে পড়েছে। জবুথবু হয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে। আস্তানা খুঁজছে রাস্তার কুকুরগুলি। মৌরসী আস্তানা নিয়ে একটু দাঁত খিচুনি কিংবা সামান্য আঁচড়াআঁচড়িও চলছে। হোটেলখানাগুলি বন্ধ হয়নি একেবারে। গোছগাছ, ধোয়া-মোছা চলেছে। রুটি স্যাঁকার তন্দুরগুলি হাঁপাচ্ছে। কেউ কেউ হাঁপাচ্ছে তন্দুরের উপরের জায়গাটা দখলের জন্য। শীতে ওম হবে অনায়াসে।


রাস্তাটা এঁকেবেঁকে হারিয়ে গেছে অন্ধকারে। আকাশের তারাগুলি শীতে কুঁকড়ে আড়াল হয়ে যাচ্ছে কোথায়। রাস্তার বাতিগুলি শীতে স্থবির।


সুরটা বেজে উঠল এ সময়ে। প্রায়ই বাজে। অল্প উত্তরে হাওয়া। শব্দটা ধিকিয়ে ধিকিয়ে বাইরে আসে। গলি থেকে আসে শব্দটা। পুরনো রেকর্ডের বাজনার মতো। একটু ধরা ধরা গলা। কিন্তু মিষ্টি কাঁচা গলা। গলার সঙ্গে সঙ্গে যন্ত্রসঙ্গীতও কম নয়। পিয়ানো জাতীয় একটা কিছু আছে সঙ্গে। গিটারের কাঁপা কাঁপা গোঙানি। আর ড়ুগি-তবলা। ড়ুগিটা একটু বেশি বুং বুং করে।



গান বাজছে তেরো নম্বর গলিতে। দি নমিতা সাইকেল ওয়ার্কস-এ। টিনের চালাঘর। একটা পাকা ঘরের দেয়াল থেকে চালাটা নেমে এসেছে রাস্তার ধারে। ছিটে বেড়ার ঝাঁপ খোলা। ভেতরে -একটা হ্যারিকেন জ্বলছে। বাইরে একটা কালো রঙের টিনে লেখা আছে, দি নমিতা সাইকেল ওয়ার্কস। নীচে, ‘সাইকেল, রিকশা, ও লাইট গ্রামোফোন সুলভে মেরামত করা হয়। প্রোঃ শ্রীরতনলাল পাঠক’। কথাগুলি প্রায় ছবি হয়ে গেছে। নমিতার ‘ন’ যদি ‘ছ’ ইঞ্চি হয়ে থাকে, তা হলে ‘মি’ তিন ইঞ্চির বেশি নয়। লেখক স্বয়ং প্রোঃ শ্ৰীরতনলাল পাঠক। ন্যাকড়ার তুলি দিয়ে গভীর অধ্যবসায়ের ফল ওটা। মরচে-পড়া টিনের চালার সঙ্গে মেশামেশি করে আছে। বিশেষ কারও নজরে পড়ে না। চেনা বামুনের পৈতে অপ্রয়োজনীয়। সাইনবোর্ডটা সেই রকম।


চারটে সাইকেল রিকশা চালাঘরটা জুড়ে রয়েছে। এক পাশে নড়বড়ে টেবিল, তার উপরে ময়লা খাতা, পেন্সিল, হ্যারিকেন। সামনে একটা টুল। পেছনে পাকা ঘরের দেয়াল। দুটো সিঁড়ি উঠলে বন্ধ দরজা। দরজার নীচে খানিকটা জায়গা মেরামতের জন্য ফাঁকা।


ফাঁকা জায়গাটাতে বসে গান হচ্ছে। হ্যারিকেনের আলোতেও বোঝা যাচ্ছে না কটি লোক বসে আছে। যেখানে একজোড়া ঠ্যাং ঠিক তার নীচেই একটি মাথা। মাথার পাশেই আবার একটা পিঠ কিংবা বুক! এই মানুষের পিণ্ডটা প্রদক্ষিণ করলে টের পাওয়া যায়, জনা চারেক জড়াজড়ি করে আছে। তিনজন মুখে হাত দিয়ে সঙ্গত করছে বিচিত্র স্বরে। ঠোঁট আর জিভেই তাদের যন্ত্রসঙ্গীত। বাকি একজন গান করছে। হঠাৎ শুনলে মনে হয় পুরনো রেকর্ড বাজছে।



গানটা যখন জমে উঠেছে, তখন পাকা ঘরের দরজাটা খুলে গেল। বেরিয়ে এল রতনলাল। আর একটি মুখ উঁকি মারল দরজার আড়াল থেকে। মেয়ে-মুখ। একমাথা রুক্ষ চুল, খসা ঘোমটা আর ছোট ছোট চোখ। এক মুহূর্ত। তাকাতেই দরজাটা বন্ধ হয়ে গেল।


গান বন্ধ হল না। সুরটা স্তিমিত হল একটু। জট-পাকানো মানুষের পিণ্ডটা একটু নড়ল। আটটি চোখ রতনলালকে দেখল একবার। আবার গান হতে লাগল পুরো দমে। রীতিমতো ভাব দিয়ে দিয়ে,


সাথী ছোড় গয়ী

অব কহাঁ বাসরা আপনা–


রতনলাল ঘাড় কাত করল। চোখ বুজে মাথা নাড়ল বার কয়েক। কেঁপে কেঁপে উঠল লোমহীন ভ্রূ জোড়া। মনে হল গানের সমঝদার সে। খুঁটে খুঁটে বিচার করছে যেন। মোটা শরীরটা দুলছে। শীতে বিশেষ কাবু নয় সে, বোঝা যাচ্ছে। গায়ে একটি মাত্র শার্ট। তাও বুক খোলা। চুলগুলি উলটে পড়তে গিয়ে থমকে আছে যেন। কাপড় পরেছে মালকোঁচা দিয়ে।



গানে বাধা না দিয়ে সে এসে বসল তার টুলে। গান শেষ হল। গাইয়ে-বাজিয়ের দল বসল সারি সারি।


রতনলাল চোখ বুজেই বলল, বা, চমৎকার, পয়সা দিলে শোনা যায় না এরকম।


গলাটা চাপা আর সরু রতনের। স্বরটা চেহারার মতো নয়। কিন্তু গলার স্বরটা গম্ভীর আর মোটা করার জন্য সবসময় যে থুতনিটা প্রায় বুকে ঠেকিয়ে কথা বলে। তাতে মোটা না হোক, বিকৃত শোনায়। সে যেন কীসের ঘোরে সব সময় আচ্ছন্ন। নাক কুঁচকে, চোখ পাকিয়ে আবেগ ও উত্তেজনাপূর্ণ তার চলা-ফেরা।


হঠাৎ দাঁড়াল উঠে। তর্জনী নেড়ে বলল, পিল্লু, হ্যাঁ পিল্লু এরকম গাইত। গলার মধ্যে তার একটা মায়া ছিল। জেল ওয়ার্ডারদের পর্যন্ত ভুলিয়ে দিত গান গেয়ে। তার মানে? বলেই একবার মাথা ঝাঁকানি দিল রতন। তার মানে, বনের বাঘ পোষ মেনে যেন সেই সুরে। খেলা নয়, জেল-পাহারাদার ভুলে যেত।


সেই চারজনেই ভূতের মতো ছায়া হয়ে গেছে রতনের ছায়ার আড়ালে। একজন বলে উঠল, আচ্ছা?


হাঁ, হাঁ। রতন আরও উদ্দীপ্ত হল। বক্তৃতার ভঙ্গিতে বলল, তা বলে ওই সব গান?



সাথী ছোড় গয়ী? আরে ছোঃ। শালা, জনানার কামা! ও-সব সাথী তো শালা বেইমান। সিনেমাতে ওরা খুব ভাল। আমরা রাজবন্দিরা পিল্লুকে নতুন গান শিখিয়ে দিলাম, বলে বুক টান করে দাঁড়াল রতন। রাজবন্দি, মানে? বিপ্লবী। এই আমি, খোদ শিখিয়ে দিলাম, বললাম, পিল্লু, তুই চোর, কিন্তু তোর জিন্দেগী বদলে যাবে, এমন গান শেখাব। গা আমার সঙ্গে।


রতন ঘাড় নামিয়ে, চোয়াল ফুলিয়ে নিজেই গান ধরে দিল,


আশমান মে ঝান্ডা উড়াকে

চল মজদুর পুকারকে।–


ঘটাং করে পাকা ঘরের দরজাটা খুলে গেল। সেই মেয়েমুখ। শোনা গেল, কী হচ্ছে কী? ছেলেপুলেরা ঘুমোবে না? রাতদুপুরে আদিখ্যেতা।


আবার দড়াম করে শব্দ। বাধাপ্রাপ্ত রতনলাল ক্রুদ্ধ কটাক্ষে একবার খালি দেখল। তার পর চুপ। হাত পা শক্ত। মুখ বিকৃত, যন্ত্রণাকাতর। যেন কী, একটা লণ্ডভণ্ড ঘটে গেল ঘরটার মধ্যে। ছায়া চারটিও কেমন কাত হয়ে রইল।



রতনলালের যন্ত্রণাটা তাদের মুখেও ছড়িয়ে পড়ল যেন।


রতনলাল ফিসফিস করে বলল, ইস্ক্রুপ ঢিলা হয়ে গেল। যত আঁটো, এরা খালি শালা ঢিলা করে দেবে। এরা বুঝবে না, সে কী জিনিস! সেই গানে জেলের দরজা কাঁপত থরথর করে। বুকের মধ্যে আগুন জ্বলে উঠত, মাইরি! মনে হত, মজদুররাজ কায়েম হতে যাচ্ছে। হাঁ, সেই গান গাইতে হবে। বিপ্লবের গান।


চারটে ছায়া গায়ে গায়ে মিশে হাঁ করে তাকিয়ে রইল। ধ্বক ধ্বক জ্বলতে লাগল রতনের চোখ। বলল, দুবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মিস্তিরি ছিলাম, আমি মজদুর। আমি জানি, মজদুর কী চায়। দ্যাখ আমি সেইজন্য জেল খেটে এলাম। নয় কি?


ছায়া চারটে প্রায় একসঙ্গে কলের পুতুলের মতো বলে উঠল, হাঁ।


রতন গলাটা যথাসম্ভব মোটা করে বলল, আমি বামুনের ছেলে। আমার বাপ কেরানি ছিল। আমি মজদুর হয়েছি। মানুষ এইরকম ধাপে ধাপে আজ নেমে যাচ্ছে। বউয়ের গয়না বেচে, ধার করে আমি একটা একটা করে রিকশা কিনেছি। কেন? না, পেট চালাতে হবে। কিন্তু এসব কিছুই থাকবে না। আমি তো জান দিয়ে দেব।



হকচকিয়ে গেল চারটে মানুষ। ধুলো মাখা উসকো-খুসকো চারটে শীতার্ত জবুথবু ভূতের মতো। রতনের ছায়ার আড়ালে চোখগুলি গোল হয়ে উঠল তাদের। মুখগুলি হাঁ হয়ে গেল।


রতনের মনে হল, সে হা হা করে হেসে উঠবে। কিন্তু উঠল না। বলল, একদিন তো দিতেই হবে জান। একলা নয়, তোরাও সেদিন যাবি আমার সঙ্গে, দুনিয়ার মানুষ যাবে। যাবিনে?


তারা ঘাড় নাড়ল। সংশয়ে, বিস্ময়ে, জানা-অজানার এক বিচিত্র দুর্বোধ্য ভাবে। ভাবখানা, তা হয় তো যেতে হবে।


হাঁ যাবি, যেতে হবে লড়ায়ের ময়দানে। তখন গাইতে হবে, ওই রকম হবে।


আরও হয়তো কিছু বলত রতন। বারোটার ঘণ্টা বেজে উঠল ঢং ঢং করে। সে তার টুলে বসল আবার। পেন্সিল নিয়ে সিসটা জিভে ঠেকাল বারকয়েক। যেন তা হলে লেখাটা ভাল হবে।


তার পর, ঝুঁকে পড়ে খাতায় বড় বড় করে লিখল, ‘আজীব দুনিয়া’, ‘এগিয়ে চল’ ‘কোন পথে’। এগুলি তার রিকশার নাম। সাইনবোর্ডটা সে নিজে লিখেছে। কিন্তু, এগুলি সে খরচা করে লিখিয়েছে রিকশার গায়ে। এ অঞ্চলে শুধু তার রিকশাতেই নাম আছে! আর কারওর নেই।



এখন তার অন্য কাজ। তবু ভাবভঙ্গি, কথার সুরে কোথাও পরিবর্তন নেই। ডাকল, আজীব দুনিয়া! রোজের এক টাকা, বকেয়া পাঁচ টাকা চার আনা।


অর্থাৎ আজীব দুনিয়ার চালকের কাছে সে পাবে রোজকার এক টাকা। আগের বাকি পাঁচ টাকা চার আনা।


আজীব দুনিয়া এগিয়ে এল মাথা চুলকোতে চুলকোতে। নড়বড়ে টেবিলটার উপর রাখল একটি টাকা।


রতন এক মুহূর্ত অপেক্ষা করে তার দিকে কটমট করে একবার তাকাল। তারপর, এগিয়ে চল! রোজের এক, বকেয়া বারো টাকা।


এগিয়ে চল এল এগিয়ে। প্রথমে দিল এক টাকা। তার পরে আনি, দুয়ানি, সিকি, মিলিয়ে দিয়ে বলল, বকেয়া সাড়ে তিন রুপেয়া।


রতনের লোমহীন কোঁচকানো ভ্রূ একটু সটান হচ্ছিল। তার আগেই এগিয়ে চল গায়ের ন্যাকড়া জাতীয় চাদরটি ভালো করে জড়িয়ে বলল, দুটো ইস্পোক টুটে গেছে।



অর্থাৎ দুটি স্পোক খরচাটা রতনের। ভাঙাচোরা মালিকের দায়। অবশ্য ভাঙাচোরা যদি আবার ন্যায্য হয়। ভ্রূর চামড়া তেমনি বেঁকেই রইল রতনের। নাকের চামড়া কুঁচকে, পাটা দুটো ফুলল আর একটু। ডাকল, কোন্ পথে, এক। বকেয়া দেড়। কোন্ পথের পা উঠছে না। উদয়ের পথে ধাক্কা দিতে প্রায় হুমড়ি খেয়ে এসে সামনে পড়ল। বয়সটা তার একটু বেশি! গোঁফজোড়া পাঁশুটে হয়ে গেছে। চোখ পিটপিট করে ট্যাঁক হাতড়াল খানিকক্ষণ। তার পর আট আনা বার করে টেবিলে রেখে মাথা নিচু করল।


রতনের উত্তেজিত মুখে দুরন্ত ঘৃণা। বোধ হয় আধশোয়া চুলগুলিও খাড়া হয়ে উঠল। কিন্তু কিছু বলল না। আটআনা জমা করে সবে উদয়ের পথেকে ডাকবার উপক্রম করেছে, কোন্ পথে বলল, চেইন থোড়া টাইট হয়ে গেছে। তেল মেরে ঢিলে করতে হবে।


সেটা অবশ্য তেমন কিছু খরচ নয়। তবু রতনের গায়ে যেন ছুঁচ বিঁধল। তার কথার মাঝেই সে ডাকল, উদয়ের পথে, এক। বকেয়া চার আনা। একটা বেল খোয়া গেছে, তার দাম দেড় টাকা। উদয়ের পথে ছেলেমানুষ বলা যায়। বছর ষোলো বয়স। সবে লোম গজিয়েছে গালে। একটা বেল তার গাড়ি থেকে চুরি হয়েছে কিছুদিন আগে। এই শীতে তার গায়ে একটা গেঞ্জি শুধু। কণ্ঠার হাড়গুলি ঠেলে উঠেছে। একটা টাকা দিয়ে সে বলল, রোজ-টাকা, বকেয়া চার আনা কাল, বেলের দাম আপোস পরশু হবে।



জিভে বারকয়েক পেন্সিল ঠেকিয়ে সে যোগ করল। তার পর ফিরল। সাংঘাতিক মুখের অবস্থা। যে রকম মুখে সে এর আগে কথা বলেছে। কিন্তু কথা বলল চাপা গলায়, দুটো গাড়ির বডি খারাপ হয়েছে। চারটে গাড়ির সবসুদ্ধ তেরোটা ইস্পোক লাগাতে হবে, কুল্যে চারটে চাকা টাল, একটার গিয়ার ক্ষয়ে গেছে, দুটোর পাডিলের পাদানি চাই। সিট খারাপ হুড খারাপ..।


বলতে বলতে গলা ধরল রতনের। এর উপর নিজের হাতে সব মেরামত করি। একটা মিস্তিরি রাখলে শালা আমার মরা বাপ ফের বেঁচে উঠত। পরমুহূর্তেই একেবারে চিৎকার করে খেঁকিয়ে উঠল, সব শালা চার নম্বর গলির ভেড়া, মোটকা সা-কারখানার পোকা, থুক। থুক থুক থুক দিই আমি তোদের। নিকাল যাও শালা। যাও। চার নম্বর গলি আর মোটকা-সা ছাড়া তোদের কেউ জ্যান্ত খেতে পারবে না। তোরা সেখানে যা।…


কিন্তু কেউ গেল না। চার নম্বর বেশ্যাপল্লী। মোটকা-সায়ের কারখানা দেশি সরাপের দোকান। যাওয়া কারও অভ্যাস থাকলেও উপায় নেই। ট্যাঁক পকেট সবাই শুন্য। যেন চারটে বলবুদ্ধিহীন বলদ। রতন একটা খ্যাপা গাড়োয়ান। রতন বিস্ময়ে রাগে আবার বলে উঠল, আমাকে দুবে ইঞ্জিনিয়ারিং ঠকিয়েছে, গরমেন্ট জেল খাটিয়েছে, আর আমাকে তোরা ঠকাচ্ছিস্? নিকাল যা। কোন্ পথে একটু বয়স্ক মানুষ। গোঁফ জোড়া কেঁপে উঠল তার। কাঁচুমাচু করে বলল, সচ বলছি, ঠকাবার মতলব একদম নেই। আপ একঠো শরীফ আদমি..



রতন তেড়ে এল, চুপ, তুই বুড়ো সবচেয়ে খচ্চর। আড়াই টাকার জায়গায় আট আনা দিয়েছি। যেতে আসতে শিবমন্দিরে মাথা ঠুকিস, ডবল শয়তান তুই। জানিনে ভেবেছ

**********
No Review
Related Books
Loading books…