
প্রাণ পিপাসা
সমরেশ বসু
এক কৃষ্ণপক্ষের দুর্যোয়ময়ী রাতের কথা বলছি।
দুর্যোগটা হঠাৎ মেঘ করে হাঁক ডাক দিয়ে বিদ্যুৎ চমকে মুষলধারে দুএক পশলা হয়ে যাওয়ার মতো নয়। একঘেয়ে রুগ্ন গলার কান্নার মতো কয়েকদিন ধরে অবিরাম ঝরছেই বৃষ্টি, তার সঙ্গে পুব হাওয়ার একটানা ঝড়। শহরতলীর বড় সড়কটি ছাড়া আর সব কাঁচা গলিপথগুলো
সুদীর্ঘ পাঁক ভরা নর্দমা হয়ে উঠেছে। দুর্গন্ধ আর আবর্জনায় ছাওয়া। অসংখ্য বাড়ির ভিড়, ঠাসা চাপাচাপি।
পথ চলছিলাম রেল লাইনের ধারে মাঠের পথ দিয়ে। কিন্তু ভিজে ভিজে শরীরের উত্তাপটুকু আর বাঁচে না। হাওয়াটা মাঠের উপর দিয়ে সরাসরি এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল শরীরটা। রীতিমতো দাঁতে দাঁতে ঠোকাঠুকি হচ্ছে। বেগতিক দেখে বাঁয়ে মোড় নিয়ে শহরের মধ্যে ঢুকে
পড়লাম। অন্তত হওয়ার ঝাপটাটা কম লাগবে তো!
একটা নিস্তব্ধ ঝিমিয়ে পড়া ভাব চটকল শহরটার। যেন কাজ এবং চাঞ্চল্য সবটুকু এই অবিরাম বৃষ্টি ভিজিয়ে ন্যাতা করে দিয়েছে। কুকুরগুলো অন্যদিন হলে বোধ হয় তেড়ে এসে ঘেউ ঘেউ করত। আজ দায়সারা গোছের এক-আধবার গরগর করে গায়ের থেকে জল ঝাড়তে লাগল। গেরস্থদের তো কোনও পাত্তাই নেই। কোনও জানলা দরজায় একটি আলোও চোখে পড়ে না। রাস্তার আলোগুলো যেন কানা জানোয়ারের মতো স্তিমিত এক চোখ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু অন্ধকার তাতে কমেনি একটুও।
রাস্তাটা ঠিক ঠাওর করতে পারছি না, তবে উত্তর দিকেই চলেছি তা বুঝতে পারছি। একটা ধার ঘেঁষে চলেছি রাস্তার। নিচু রাস্তা, জল জমেছে। কোনও বারান্দায় যে উঠে রাতটা কাটিয়ে দেব তার কোনও উপায়ই নেই। কারণ বারান্দা বলতে যা বোঝায়, এখানে সে রকম কিছু ঠিক
চোখেও পড়ছে আর বস্তিগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে, ভেতরে ঘরগুলোও বোধ হয় শুকনো নেই। তা ছাড়া, অবস্থাটা তো নতুন নয়। জানা আছে, যেখানে সেখানে শুয়ে পড়লে তোকজনেও নানানখানা বলতে পারে। পুলিশের বেয়াদপি তো আছেই তার উপর।
যেতে হবে নৈহাটি রেল কলোনির এক বন্ধুর কাছে। অন্তত কয়েকটা দিনের খোরাক, শুকনো কাপড় একখানি আর এমন বিদঘুটে প্যাচপেচে ঠাণ্ডা রাতটার জন্য একটু আশ্রয় লো পাওয়া যাবে। কিন্তু এখন দেখছি আজ্ঞা ছেড়ে না বেরুনোই ভাল ছিল। তবে উপায় ছিল না। বিশেষ করে, কয়েকদিন আগে আমাদের আড্ডার হা-ভাতে বন্ধুদের মধ্যে একজন যখন মরে গেল, তখন থেকেই একটু নিশ্বাস নেওয়ার জন্য বেরিয়ে পড়ব ভাবছিলাম। বন্ধুটির মরা হয় তো ভালই হয়েছে। তা ছাড়া আর কী হতে পারত আমি কিছুতেই বুঝতে পারি না। বাঁচার জন্য যা দরকার তার কিছুই তো ছিল না, তবু বুকটার মধ্যে…যাক। ওটা কোনও কথা নয়। কিন্তু সে আমাকে একটা জিনিস দিয়ে গেছে, ছোট্ট জিনিস অথচ মনে হয় পর্বতপ্রমাণ, তার ভার আরও কষ্টকর। বোঝাটা হল…
আরে বাপ রে, হাওয়াটা যেন শিরদাঁড়াটার ভিত ধরে নাড়া দিয়ে গেল। জলটাও বেড়ে গেল হঠাৎ। এতক্ষণ পরে মেঘের গড়গড়ানিও যাচ্ছে শোনা। এবার আর দাঁত নয়, রীতিমতো হাড়ে ঠোকাঠুকি লাগছে। গাছের মরা ডালের মতো ভিজে একেবারে ঢোল হয়ে গেছি। এসে পড়লাম একটা চৌরাস্তার মোড়ে, চটকলের মাল চালানের রেল সাইডিং-এর পাশে। জায়গাটা একটু ফাঁকা। কাছাকাছি একটা মোষের খাটাল দেখে ঢুকব কি না ভাবতে ভাবতে আর একটু এগুতেই হঠাৎ একটা ডাক শুনতে পেলাম, এই যে, এ-দিকে।
না, অশরীরী কিছু বিশ্বাস না করলেও ভয়ানক চমকে উঠলাম। আমাকে নাকি? জলের ধারা ভেদ করে গলার স্বরের মালিককে খুঁজতে লাগলাম। ডানদিকে একটা মিটমিটে আলোর রেশ চোখে পড়ল আর আধ ভেজানো দরজায় একটা মূর্তি। হ্যাঁ, মেয়েমানুষ। তা হলে আমাকে নয়। এগুচ্ছি। আবার, কই গো, এসোই না।
দাঁড়িয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, আমাকে?
জবাব এল, তা ছাড়া কে আছে পথে?
কথার রকমটা শুনে চমকে উঠলাম। ও! এতক্ষণে ঠাওর হল পথটা খারাপ। ঠিক বেশ্যাপল্লী নয়, তবে এক রকম তাই, মজুর বস্তিও আছে আশেপাশে ধার ঘেঁষে।
আমি মনে মনে হাসলাম। খুব ভাল খদ্দরকে ডেকেছে মেয়েটা। তাই ভেবেছে নাকি ও? কিন্তু সত্যি, এ সময়টা একটু যদি দাঁড়ানোও যেত ওর দরজায়টায়। তবু আমাকে যেতে না দেখে মেয়েটা বলে উঠল, কীরে বাবা, লোকটা কানা নাকি? মনে মনে হেসে ভাবলাম, যাওয়াই
যাক না। ব্যাপার দেখে নিজেই সরে পড়তে বলবে। আর কোনওরকমে বৃষ্টির বেগটা কমে আসা পর্যন্ত যদি মাথার উপরে একটু ঢাকনা পাওয়া যায়, মন্দ কি। এমনিতেও নৈহাটি দূরের কথা, মোষের খাটালের বেশি কিছুতেই এগুনো চলবে না। আপনি বাঁচলে বাপের নাম প্রবাদে
যারা বিশ্বাস করে না তারা এ রকম অবস্থায় কখনও পড়েনি।
উঠে এলাম মেয়েটার দরজায়। একটা গতানুগতিক সংকোচ যে না ছিল তা নয়। বললাম, কেন ডাকছ?
কোন্ দেশি মিসে রে বাবা। হাসির সঙ্গে বিরক্তি মিশিয়ে বলল সে, ভেতরে এসো না।
আমি ভিতরে ঢুকতেই সে দরজাটা বন্ধ করে দিল। বৃষ্টির শব্দটা চাপা পড়ে গেল একটু। হাওয়াটা আসবার কোনও উপায় ছিল না। কিন্তু দেখলাম এ ঘরের মেঝেও টালির ফাঁক দিয়ে জল পড়ে ভিজে গেছে। তক্তপোশের বিছানাটা ভেজেনি। ঘরের মধ্যে আছে দু-চারটে সামান্য
জিনিস থালা গেলাস কলসি।
কোথায় মরতে যাওয়া হচ্ছে দুর্যোগ মাথায় করে? এমনভাবে বলল সে যেন আমি তার কতকালের কত পরিচিত।
বললাম, অনেক দূর, কিন্তু
বুঝেছি। মুখ টিপে হাসল সে। ঘরটা তুমি একেবারে কাদা করে দিলে। এগুলো ছেড়ে ফেলল জলদি।
ঠাণ্ডায় আর আচমকা ফ্যাসাদে রীতিমতো জমে যাওয়ার জোগাড় হল আমার। বললাম, কিন্তু এদিকে
সে বলে উঠল, কী যে ছাই পরতে দিই! ভেজা জামাটা খুলে ফেলো না।
ফেলতে পারলে তো ভালই হয়। কিন্তু…গলায় একটু জোর টেনে বলেই ফেললাম, মিছে ডেকেছ, এদিকে পকেট কানা।
এবার মেয়েটা থমকে গেল। যা ভেবেছি তাই। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল সে খানিকক্ষণ। যেন বিশ্বাস করতে পারছে না। জিজ্ঞেস করল, কিছু নেই?
তার সমস্ত আশা যেন ফুকারে নিভে গেছে এমন মুখের ভাবখানা।
বললাম, তা হলে আর দুর্যোগ মাথায় করে পথে পথে ফিরি?
মেয়েটা অসহায়ের মতো চুপ করে রইল। এ তো আমি আগেই জানতাম। কিন্তু মেয়েটা এখানে ব্যবসা করতে বসেছে, না, ভিক্ষে করতে বসেছে। আমি দরজাটা খুলতে গেলাম।
পেছন থেকে জিজ্ঞেস করল, কোথায় যাবে এখন?
বললাম, ওই মোষের খাটালটায়। দরজাটা খুলে ফেললাম। ইস! হাওয়াটা যেন আমাকে হাঁ। করে খেতে এল। পা বাড়িয়ে দিলাম বাইরে।
মেয়েটা হঠাৎ ডাকল পেছন থেকে, কই হে, শোনো। রাত্তিরটা থেকেই যাও, ডেকেছি যখন। একটা নিশ্বাস ফেলে বলল, কপালটাই খারাপ আমার।