Home
পাখিরা জানে না

পাখিরা জানে না

বুদ্ধদেব গুহ

পাখিরা জানে না

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

বুঝলাম তো ইংরেজিতে বলে salt-lick। বাংলায় কী বলে?

রুনা কোমরে হাত দিয়ে অর্জুন গাছের ছায়ায় দাঁড়িয়ে সুজনকে শুধোল।

সুজন বলল, বলছি। বলে, একটা সিগারেট ধরাল, তারপর গাছের নীচের একটা পাথরে বসে বলল, বাংলায় বলে নোনামাটি। বনের জানোয়ারদের আফিঙের মতো নেশা লাগে। রোজ একবার করে এই পাহাড়ি মাটিতে নুন চাটতে না এলে হরিণ সম্বরদের ঘুম হয় না।

আমি তো হরিণও নই, সম্বরও নই। আমাকে এখানে নিয়ে এলে কেন?


—বলব, বলব। সব বলব। সুজন বলল।


রুনা ওর চশমাপরা কাটা বুদ্ধিদীপ্ত মুখটি তুলে সুজনের চোখে তাকিয়ে রইল। তারপর আবার বলল, অ্যাই বলো-না কেন এনেছ?



সুজন হাত ঘুরিয়ে চারদিকে দেখাল, বলল, কেন? জায়গাটা তোমার ভালো লাগছে না? একপাশে পাহাড়-গাছগাছালি, কত পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে, কাচপোকা গুনগুন করছে, শীতের দুপুরের লজ্জাবতী রোদ তোমার গায়ে এসে পড়েছে। বাতাসে জিরহুল আর ফুলদাওয়াইয়ের গন্ধ ভেসে আসছে। তোমার ভালো লাগছে না?


রুনা বলল, আমি কি বলেছি ভালো লাগছে না?


—তাহলে শোনো, বলছি। এই হল আমার Confessional আর তোমাকেই আমার সাক্ষী করব। আমি ক্রিশ্চান নই, আমি কোনো গির্জায় যাইনি কখনো। আমি শুধু এই নির্জন নদী, পাহাড়, বনকে চিনি আর তোমাকে চিনি। কোনো অচেনা স্যাঁতসেঁতে গির্জার উঁচু সিলিংঅলা ঠাণ্ডাঘরে কোনো গম্ভীর পাদরির সামনে নতজানু হয়ে ভয়ে ভয়ে আমার দোষ স্বীকার করার চেয়ে আদিগন্ত আকাশের নীচে এই সবুজ আস্তরণের আড়ালে নোনামাটির পাশে, তোমার কাছে হাঁটু-গেড়ে বসে তোমার চোখের দিকে তাকিয়ে আমার অপরাধ স্বীকার করা অনেক সহজ বলেই তোমাকে আজ ডেকে এনেছি এখানে।


রুনা প্রথমে কেমন অস্বস্তিভরা চোখে চারদিকে চাইল, তারপর বলল, কী যে পাগলামি করো জানি না। দাদা-বউদি ঘুম থেকে উঠলে হয়তো খোঁজাখুঁজি করবেন। সমস্ত বাংলো তোলপাড় করবেন।



—করবে না, করবে না। তুমি কি এখনও ফার্স্ট ইয়ারের ছাত্রী আছ নাকি? তা ছাড়া তারা নিজেরা এখন এমন সুব্যস্ত আছে যে, তোমার খোঁজ করবার সময় নেই তাদের।


—ভারি খারাপ তো তুমি। ফিরে চলো-না। বলে দেব।


—তা দিয়ো। আমি ভয় করি না। সত্যি কথা বলতে কী, আমি এখন আর কিছুকেই কাউকেই ভয় করি না।


—তুমি তো বীরপুরুষ।


—বীরপুরুষ নই। বরঞ্চ দায়িত্বজ্ঞানহীন বলতে পারো। এখন কীরকম যেন হয়ে গেছি।


—ওরকম ছটফট করছ কেন? চুপ করে একটুক্ষণও কি বসে থাকতে পারো না? রুনা ধমকে বলল।


সুজন পাঞ্জাবি-পায়জামা গুটিয়ে শালটা গায়ে জড়িয়ে নিয়ে আসনপিঁড়ি হয়ে বসে পড়ল পাথরটায়। বলল, এই বসলাম।


তারপর অনেকক্ষণ ওরা দু-জনে চুপচাপ নোনামাটির দিকে চেয়ে বসে রইল।



মন্থর হাওয়াটা লালমাটিতে আর পাথরে শুকনো শালপাতাগুলোকে নাড়িয়ে-চাড়িয়ে মচমচানি তুলে বনে বনে আলতো পায়ে ঘুরে বেড়াচ্ছে। একঝাঁক টিয়া কাছের একটা শাল গাছের সমস্ত পাতা যেন ছেয়ে বসেছে। ট্যাঁ-ট্যাঁ-ট্যাঁ করে নিজেদের মনে কত কী বলছে।


রুনা বলল, শীতের দুপুরের রোদটা দারুণ লাগে, না?


—দারুণ। ঠিক তোমার মতো। রোদে বসে ঘরে গেলে যেমন শীত অনেক বেশি লাগে, তুমি কিছুক্ষণ কাছে কাছে থেকে তারপর চলে গেলে আমার মনের ঘরের বরাবরের শীতটা হঠাৎ একেবারে অসহ্য লাগে। দু-এক দিনের জন্যে কেন যে তুমি আমার কাছে আসো তা তুমিই জানো।


রুনা কথাটা চাপা দিয়ে বলে উঠল, এবার দেখছি তোমারও কপালের পাশে দু-একটা রুপোলি রেখা ঝিলিক মারছে। জানো, আমিও যখন সমস্ত দিন ক্লাস নেওয়ার পর বাড়ি এসে চশমা খুলে আয়নার সামনে দাঁড়াই তখন চোখের নীচের গভীর কালো রেখাগুলি আমাকে কেবলই মনে পড়িয়ে দেয়—বেলা পড়ে আসছে—বেলা পড়ে আসছে—বেলা পড়ে আসছে। জানো, একথা ভাবতে ভালো লাগে না। আমার দু-এক জন ছাত্রীর পর পর বিয়ে হয়ে গেল। বুঝলে মশাই? কথাটা মনোযোগ দিয়ে শোনো—আমার ছাত্রীদেরও বিয়ে হয়ে যাচ্ছে। আমাকে কি তুমি এখনও ছেলেমানুষ ভাববে?



—তোমাকে ছেলেমানুষ কোনোদিনও ভাবিনি।


—তবে কি ছোটোবেলা থেকেই আমি বুড়ি ছিলাম?


রুনা দুষ্টমিমাখা চোখে হেসে বলল।


সুজন হাসল, বলল, জানি না। হয়তো তাই ছিলে। তারপর একটু গম্ভীর হয়ে থেকে বলল, তোমার যখন তোমার ছাত্রীদের মতো বয়স ছিল, ইচ্ছে করলে তুমি তো তখনই স্বয়ংবরা হতে পারতে। রুনা রায়ের তো অ্যাডমায়ারারের অভাব ছিল না।


—হয়তো পারতাম। কিন্তু সকলের বোধ হয় সব কিছু হয় না। আমি হয়তো সবাই যে-সময়ে যা চায় তা চাইনি। ঠিক করেছি কী ভুল করেছি জানি না। সত্যি। এখন মাঝে মাঝে ভাবি, তোমাকেই-বা এমন কষ্ট দিলাম কেন এতদিন, এবং নিজেই-বা অন্য এক-জনের জন্যে এত বছর এত কষ্ট পেলাম কেন? জানো সুজন, আমার মনে হয় সব কিছুরই শেষ আছে। দেখিই-না শেষ কী আছে।


এই অবধি বলে রুনা থেমে গেল। বলল, কই, তুমি যা বলবে বলে এতদূরে হাঁটিয়ে আনলে তা তো এখনও বললে না?



সুজন একটু চমকে উঠল মনে হল। তারপর বলল, রুনা আমি সত্যিই এমন কিছু বলব তোমাকে, যা শুনলে তুমি হয়তো আমাকে খুব ঘেন্না করবে, তুমি হয়তো ভাববে এতদিন তুমি একজন নোংরা লোকের ভালোবাসা পেয়েছ।


রুনা অধৈর্য গলায় বলল, আঃ বলোই-না। কী যে গৌরচন্দ্রিকা করছ তখন থেকে।


সুজন একবার কাশল, বলল, বলছি। আমি একবার বলা আরম্ভ করলে তুমি কিন্তু আমাকে থামিয়ে দেবে না। থামিয়ে দিলে আমি সত্যি সত্যি একেবারে থেমে যাব, আমি আর কিছুতেই শুরু করতে পারব না।


—কালকে, মানে কাল রাতের কথা বলছি রুনা। তুমি মনোযোগ দিয়ে শোনো আমি যা বলছি।


আগে-না, আমার ঘুমও খুব গাঢ় ছিল। কিন্তু গত কয়েক মাস আমি ভালো ঘুমোতে পারিনি। সারাদিন কাজেকর্মে থাকি। বিকেলের পর থেকে এত ক্লান্তি লাগে যে, মনে হয় রাতে বিছানায় শোব আর ঘুমোব। কিন্তু যেই বিছানায় শুই তোমার মুখ, তোমার চোখ, তোমার হাসি, তোমার কথা বলা, তোমার সবকিছু মাথার মধ্যে ভিড় করে আসে। রোজ, রোজ রাতে। আমি চোখ বুজে থাকি। পাছে চোখ খুলে অন্ধকারকে দেখতে হয়, সেই ভয়ে! বারে বারে পাশ ফিরে শুই—ঘুমোবার চেষ্টা করি, কিন্তু পারি না।



কখনো-বা মাঝরাতে ঘুম ভেঙে যায়। বাংলোর হাতার ঝাঁকড়া মহুয়া গাছের ডালে অন্ধকারে কোনো নাম-না-জানা নিরাবয়ব পাখি নড়েচড়ে বসে। গেটের কাছে, মহুয়া মিলনের রাস্তায় জোনাকির ঝাঁক নি:শব্দে ওড়ে। জানলা দিয়ে তারাভরা আকাশ দেখা যায়। দূরের নদীর পাশে হিমেল হাওয়ায় হায়না ডেকে বেড়ায় হা:-হা: করে। বুকের মধ্যেটা কেমন কেমন করে।


রুনা উঠে দাঁড়িয়ে কী-একটা বলতে গেল। সুজন বাধা দিয়ে বলল, আমাকে শেষ করতে দাও, তুমি ইন্টারাপ্ট কোরো না।


রুনা আবার পাথরটায় বসে পড়ল, বসে দুটো হাত কোলের ওপর রেখে মাটির দিকে চেয়ে বসে রইল।


সুজন বলতে লাগল। এসব তো গেল রোজকার কথা। এতে কোনো নতুনত্ব নেই। কালকের কথা বলি।


তুমি শুয়ে পড়লে। বিধুদা-বউদি শুয়ে পড়ল। তারপর অনেক সময় কেটে গেল। ঘুমোতে পারলাম না। আমি জানতাম তুমি আমার ঘরের দিকের দরজা ভেজিয়ে শুয়েছ, বন্ধ করোনি। নতুন জায়গায়, জঙ্গলে তোমার ভয় করে, তুমি আমাকে বলেওছিলে।


মশারির ভেতর ভূতের মতো কম্বল মুড়ি দিয়ে বসে নিজেকে আমি কতক্ষণ কত বকলাম, কত বোঝালাম, বললাম, ‘ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। সুজন চ্যাটার্জি ঘুমিয়ে পড়ো।’ তবু ঘুম এল না। নিজেকে অন্ধকারে বার বার অনেক কিছু শুধোলাম, কোনো স্পষ্ট উত্তর পেলাম না।



তারপর, কী যেন হয়ে গেল রুনা। আমার শিক্ষার দম্ভ-রুচি-গর্ব সব যে আমার কোথায় ভেসে গেল। আস্তে আস্তে চোরের মতো তোমার ঘরে ঢুকলাম। তারপর….। সে যেন কত যুগ, মনে হল কত যুগ-যুগান্ত, পা টিপে টিপে হেঁটে তোমার ঘরের দৈর্ঘ্যটুকু পেরোলাম, মশারির পাশে গিয়ে দাঁড়ালাম।


বাইরের বারান্দায় হ্যাজাকটা তখন ফ্যাকাশে হলুদ মুখে জ্বলছিল। হঠাৎ হ্যাজাকটার দিকে চোখ পড়তে আমার মনে হল, ও যেন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি এমন চৌর্যবৃত্তি করতে পারি ওর যেন তা বিশ্বাস হচ্ছিল না। সুজন যে এমন দুর্জন হবে তা ভাবতেও পারছিল না।


রুনা, তুমি আমার মুখের দিকে তাকিয়ো না, প্লিজ, আমার মুখের দিকে তাকিয়ো না। আমি তাহলে গুছিয়ে বলতে পারব না।


তারপর শোনো, আমি তোমার মশারিটা আস্তে আস্তে তুললাম সাবধানে। মনে হল, তুমি খুব জোরে জোরে নিশ্বাস নিচ্ছ। তুমি তখন অঘোরে ঘুমোচ্ছিলে। তোমার বেণিটা বালিশের ওপর দিয়ে বিছানার একপাশে মাথার দিকে জড়ানো ছিল। তোমার হারের লকেটটা একদিকে ঝুলে ছিল। তোমার বুকে নিশ্বাস-প্রশ্বাসের সঙ্গে কম্বলের নীচে কাঁপছিল। হ্যাজাকের আলো জানলা দিয়ে তোমার মুখে এসে পড়েছিল। আমি অনেকক্ষণ তোমার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তোমার ঠোঁটের ঢেউ, তোমার চশমা ছাড়া ক্লান্ত চোখ, তোমার টিকালো নাক, তোমার শান্ত কপাল, সব—সব আমি অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, যেন তোমাকে কখনো আগে দেখিনি। তুমি নড়লে না, চড়লে না, তুমি ঘন-ঘুমে অঘোরে শুয়ে রইলে। তারপর…রুনা সেই শীতের রাতে তোমাকে একটা উষ্ণতার পাখি বলে মনে হল, তোমার সুন্দর তুমিকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমার ভীষণ জলপিপাসা পেল।



জানো রুমা, আমার মনে হল, হঠাৎ আমার মনে হল, চাঁদের পিঠ থেকে দেখা ছোটো সুন্দর ঘূর্ণায়মান পৃথিবীটাকে যেন আমি মুঠি ভরে ধরে ফেলেছি, পৃথিবীতে আমার যা-যা চাইবার ছিল আমি সব ভুলে গেছি, সেই ক্ষণটুকুর প্রাপ্তিতে শুধু বুঁদ হয়ে আমি তোমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে বসে আছি।


জানো, সেইমুহূর্ত অবধি খুব ভালো লেগেছিল।


এমন সময় হঠাৎ, একেবারে হঠাৎই—আমার জ্ঞান ফিরে এলে—আমার আবাল্য বিবেক তার ফোলা ফোলা গলা নিয়ে যাত্রাদলের বিবেকের মতো ঢিলেঢালা পোশাক পরে মুখে সুবুদ্ধির রং মেখে হাত নেড়ে আমাকে মরালিটির গান শোনাতে লাগল।


তারপর তোমার বুকে মুখ রেখে অনেকক্ষণ আমি কাঁদলাম। বার বার প্রার্থনা করলাম, তুমি ঘুম ভেঙে উঠে আমাকে ওখানেই আবিষ্কার করো। আমাকে মারো, আমাকে অপমান করো, তোমার দাদা-বউদিকে ঘুম থেকে তুলে সব বলে দাও, আমাকে লাতেহারের কোতোয়ালির পুলিশে ধরিয়ে দাও, যা খুশি তুমি আমাকে তাই শাস্তি দাও।



কিন্তু তোমার এমনই ঘুম যে, তুমি ঘুমিয়েই রইলে। তুমি যদি তখনও ঘুম ভেঙে উঠতে, আমাকে হাতেনাতে ধরে অন্ধকারের লজ্জাহীনতায় শাস্তি দিতে, যদি দাঁতে দাঁতে চেপে আমাকে বলতে, জানোয়ার, বলতে অসভ্য, জংলি, দুশ্চরিত্র—তবুও বোধ হয় আমার এত লজ্জা, এত অপমান হত না রুনা।


এখন এক-আকাশ আলোর নীচে বসে, দিনের বেলায়, তোমার সামনে তোমার দিকে মুখ করে আমাকে দুঃস্বপ্নের মতো গত রাতের কথা বলতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা কোরো না রুনা। তুমি আমাকে মারো, তুমি আমার গায়ে থু থু দাও। কাল রাতের পর থেকে আমি এক ভীষণ অস্বস্তিতে আছি রুনা, তোমার কাছে ভীষণ ছোটো, বরাবরের মতো ছোটো হয়ে গেছি।


রুনা পাথরে বসে, মাটির দিকে চেয়ে পায়ের নখ দিয়ে মাটিতে দাগ কাটছিল। শালবনের পাতায় পাতায় ঝাঁপ দিয়ে দিয়ে একফালি রোদ পিছলে এসে রুনার মুখে পড়েছিল। রুনা একটা খয়েরি জংলা কাজের বাটিকের শাড়ি পরে ছিল। গায়ে সাদা শাল।


রুনা কোনো কথা বলল না। মুখ নীচু করে পায়ের নখ দিয়ে মাটিতে দাগই কেটে চলল।



সুজন কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে হঠাৎ যেন অধৈর্যে ফেটে পড়ল, দু-হাত দু-দিকে ছুড়ে বলল, কী? তুমি ভেবেছ কী? চুপ করে থেকে আমাকে ক্ষমা দেখিয়ে তুমি মহৎ হবে? প্রতিমুহূর্ত তুমি আমাকে অনেক শাস্তি দাও রুনা, সেসব শাস্তির কথা তুমি জানো না। তোমার কাছ থেকে কোনোরকম দয়া চাই না আমি। না, দোহাই তোমার, আমাকে কঠিন কিছু বলো—কঠিন কিছু।


বলতে বলতে, সুজন দু-হাতে মুখ ঢেকে রুনার কাছ থেকে দূরে চলে যেতে লাগল।

**********
No Review
Related Books
Loading books…