Home
দেবদূত অথবা বারোহাটের কানাকড়ি

দেবদূত অথবা বারোহাটের কানাকড়ি

সুনীল গঙ্গোপাধ্যায়

দেবদূত অথবা বারোহাটের কানাকড়ি

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Posted byকমলা কান্ত11-Sep-2025

Change color

লাল মিঞা

কত বড় জবরদস্ত মানুষ যে লাল মিঞা, তার প্রমাণ একবার তিনি হাসেমকে এমন একখানা কান-চাপাটি ঝাঁপড় মেরেছিলেন যে সেই থেকে হাসেম আর বাঁ কানে শুনতেই পায় না। তখন থেকে তার নাম এককেনো হাসেম। তার সেই নামের মধ্যে লাল মিঞার কীর্তি স্থায়ী হয়ে রইলো। এককেনো হাসেম এখন লাইনের চায়ের দোকানে কাজ করে। ছোঁড়াটা এমন মজার যে যদি সে বাঁ দিক ফিরে দাঁড়িয়ে থাকে, তখন যতই তাকে ডাকো, সে শুনতে পাবে না। তখন তাকে ধরে ঘুরিয়ে দিতে হয় ডান দিকে।


লাল মিঞার আর একখানা কীর্তির কথা লোকের মুখে মুখে ঘোরে। এই গ্রামে প্রথম নাইলন সুতোর ছিপ এনেছিলেন লাল মিঞা। সেই ছিপ পেতে বসেছিলেন বারো শরিকের পুকুরে। এই পুকুরে যার খুশি ছিপ ফেলে মাছ ধরুক, কিন্তু কেউ চুপচাপে জাল ফেললেই কাজিয়া লেগে যাবে। বারো শরিকের কারুর বাড়ি বিয়ে-সাদি হলে তখনই দেওয়া হবে জাল ফেলার অধিকার।


বিরাট পুকুর, মাছ আর পদ্মপাতায় ভরা। দুপুরবেলা লাল মিঞার ছিপের নীল রঙের সুতোয় টান পড়লো। অমনি বোঁ বোঁ করে ঘুরতে লাগলো হুইল। মাছটা সারা দিঘি দাপিয়ে বেড়াচ্ছে। টান দিতে গিয়ে লাল মিঞা ভাবলেন, ওরে বাপস, এটা মাছ না জলদানব? লাল মিঞা নিজে সা-জোয়ান। গাজীর নাম নিয়ে জোরে হ্যাঁচকা টান দিতেই টাল সামলাতে পারলেন না, পড়ে গেলেন জলে। লাল মিঞা জীবনে কখনো হারেন নি। জলের মধ্যে লেগে গেল লড়াই। সে এক হুলুস্থুল কাণ্ড। লাল মিঞার সারা গায়ে জড়িয়ে গেছে নাইলনের সুতো, সে আর কিছুতেই ছেঁড়ে না, তিনিও উঠে আসতে পারেন না, অন্যদিক থেকে জলদানব তাঁকে টানছে।


শেষ পর্যন্ত লাল মিঞারই জয় হলো। তিনি দু’হাতে বুকের মধ্যে তাঁর শত্তুরকে সাপটে ধরে এক সময় উঠে এলেন। এই অ্যাও বড় কালো হাঁড়ির মতন মাথা, ড্যাব ড্যাবা চোখ, একটা বিরাট কাতলামাছ। পরে ওজন নিয়ে দেখা হয়েছে, ঠিক আট কেজি। অত বড় একটা মাছের সঙ্গে জলের মধ্যে কুস্তি করে কেউ ধরে আনতে পেরেছে, এমন কথা ভূ-ভারতে কখনো শোনা যায় নি। আশেপাশের দশখানা গাঁয়ের মধ্যে এখনো কেউ বড় মাছ ধরলেই লোকে বলে, আরে যা যা, রেকট করেছিল বটে লাল মিঞা, এখনো তাঁকে ছাড়িয়ে যাবার হেম্মৎ কেউ দেখাতে পারে নি।


তবে, এসব লাল মিঞার যৌবনের কথা। এখন তাঁর আসল জোর মামলায়। জমি-জিরেত নিয়ে লাল মিঞার সঙ্গে একবার যে মামলায় জড়াবে, তার গুষ্টির তুষ্টি নাশ হয়ে যাবে।


রাত্তিরবেলা বাড়ি ফিরছেন লাল মিঞা। পরনে সিল্কের লুঙ্গি আর সাদা মলমলের পাঞ্জাবি। পায়ে রবারের পাম্প শু, হাতে তিন ব্যাটারির টর্চ। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় হড়হড়ে কাদা। তার মধ্য দিয়ে গভীর আত্মবিশ্বাস নিয়ে হাঁটছেন তিনি। অন্য যে-কেউ আছাড় খেয়ে পড়তে পারে, কিন্তু লাল মিঞা? সে তো একটা বাঘ।


গ্রামে এখন নিশুতি রাত। এর মধ্যে লাল মিঞার টর্চের আলো এদিক-ওদিক ঝিলিক দিচ্ছে। পেয়ারাতলির পাশে একটি একটেরে ঘর, সেখান থেকে হঠাৎ শোনা গেল একটি কচি শিশুগলার কান্না।


ঘৃণায় লাল মিঞা মুখ বাঁকালেন।


সব জায়গায় হাসিনা


রহমান সাহেবের বাড়িতে অতিথি এসেছেন চারজন। রহমান সাহেব কলকাতায় সেটলমেন্ট অফিসে চাকরি করেন। সপ্তাহে একবার বাড়ি ফেরেন, প্রায়ই তাঁর সঙ্গে মেহমান থাকে। আসার পথে আড়বেলের হাট থেকে গোস্ত কিংবা বড় মাছ কিনে আনেন। অনেক রাত পর্যন্ত তাঁর বাড়িতে গান-বাজনা হয়। রহমান সাহেবের বাবা মাত্র ছ’ মাস আগে এন্তেকাল করেছেন। তিনি ছিলেন ভারি কড়া লোক। তিনি পাঁচ ওক্ত নামাজ পড়তেন এবং দানধ্যান করতেন নিয়মিত। তাঁর আমলে পঁয়তিরিশ বছর বয়স্ক রহমান সাহেবও বাড়িতে থাকতেন মুখ বুজে। এখন তিনি যেভাবে চলছেন, তাতে লোকে বলে, বাপের বিষয়সম্পত্তি তিনি দু’দিনেই উড়িয়ে দেবেন।


রহমান সাহেবের স্ত্রী নাজমা পোয়াতী। আম্মার যথেষ্ট বয়েস হয়েছে। এত লোকের রান্নাবান্না করবে কে? বাড়িতে যে ছোট মেয়েটি বাসন মাজতে আসে, তাকে নাজমা বললো, যা তো, হাসিনাকে ডেকে নিয়ে আয়!


পাঁচ মিনিটের রাস্তা। ডাক পেয়েই হাসিনা ছুটতে ছুটতে চলে এলো।


হাসিনা আল্লার এক অপূর্ব সৃষ্টি। সকলেই জানে, তার বয়েস ত্রিশ-একত্রিশের কম নয়। কিন্তু দেখায় ঠিক ষোলো-সতেরো। খুব বেশি মনে হয় তো কুড়ি। রঙটি কালো, কিন্তু সেই কালোর ওপরেই যেন চাঁদের আলো ঠিকরে পড়ে। শরীরের গড়ন-পেটনও খুব মজবুত। সে কখনো হাঁটে না, সব সময় দৌড়ে দৌড়ে চলে। আর এ মেয়ের কত গুণ! হাতখানা যেন মধু। যা রাঁধবে তাতেই এমন সোয়াদ আসবে যে সবাই চেয়ে চেয়ে খাবে। হাসিনাকে পানি এনে দিতে বলো, পুকুর থেকে দশ ঘড়া পানি তুলে দেবে, তারপরও মুখখানা তার হাসি-হাসি থাকে। সারা বাড়ি মুছে ঝকঝকে তকতকে করে দেবে সে, একবার বলতেও হবে না।


হাসিনা বড়মানুষের দুঃখী মেয়ে। পাড়ায় কারুর বাড়িতে বড় কাজকর্ম থাকলে হাসিনার ডাক পড়ে। সে দু হাতে সতেরো হাতের কাজ করে দেয়। দোতলায় পুকুরের ধারের ঘরটিতে রহমান সাহেব তাঁর মেহমানদের নিয়ে বসেছেন, কখনো হেঁকে পানি চাইছেন, কখনো কাবাব, কখনো একটা দেশলাই, হাসিনা ছুটে ছুটে গিয়ে দিয়ে আসছে সব কিছু। একতলার রান্নাঘরে বসে থাকলেও সে দোতলার হাঁক একবারেই ঠিক শুনতে পায়। কখনো সে দোতলায়, কখনো সে পুকুরঘাটে, কখনো রান্নাঘরে, কখনো বা সে রহমান সাহেবের মাকে পান ঘেঁচে দিচ্ছে। মুখের হাসিটি লেগে আছে ঠিক।


দরজার আড়াল থেকে হাত বাড়িয়ে সে বললো, এই নিন রহমানভাই, আপনি দেশলাই চেয়েছিলেন।


রহমান সাহেব বললেন, ভেতরে আয় না, এত লজ্জা কী?


উঠে গিয়ে তিনি হাত ধরে হাসিনাকে টেনে নিয়ে এলেন ভেতরে। তাঁর চারজন দোস্তের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এ আমার এক দূরসম্পর্কের বোন হয়। আসলে এ আমার এক শত্রুর মেয়ে। ওর বাবার সঙ্গে আমার মামলা চলছে। ওর বাবা অতি ঘোড়েল লোক, কিন্তু এ মেয়েটা খুব ভালো। আচ্ছা, বলুন তো, এর বয়েস কত?


হাসিনাকে নিয়ে এই খেলাটা সবাই খেলে। বয়েস হলে মানুষের মুখে তার একটা ছাপ পড়বেই। শুধু হাসিনা ব্যতিক্রম।


অতিথিদের মধ্যে কেউ বললো আঠারো, কেউ বললো কুড়ি। এদের মধ্যে যার নিজেরই বয়েস অনেক কম, সেই মীজানুর বললো, কত আর হবে, পনেরো, ষোলো।


রহমান সাহেব হো-হো করে হেসে উঠলেন।


কালো রঙের মেয়ে, তার ওপর পরে আছে একটি কালো শাড়ি। হাসিনা যেন রাত্তিরের সঙ্গে মিশে আছে।


রহমান সাহেব মীজানুরকে বললেন, এর বড় ছেলেটারই বয়েস বোধ হয় চোদ্দ-পনেরো। না রে হাসিনা? এর ছেলেমেয়ে কটি জানেন? তিনটে না চারটে রে?


হাসিনা আঙুলে নখ খুঁটতে খুঁটতে বললো, তিন।


সবাই খুব বিস্ময় প্রকাশ করলো।


রহমান সাহেব বললেন, মীজানুর, তুমি তো বিয়েশাদি করোনি এখনও? একে বিয়ে করবে? কি রে হাসিনা, তোর পছন্দ হয় আমার এই বন্ধুকে? মুখ তুলে দ্যাখ ভালো করে, একে নিকে করবি?


হাসিনা ঘাড় কাত করে বললো, হুঁ!


রহমান সাহেব বললেন, দেখছেন তো, স্বভাবটা ওর একদম বাচ্চার মতন? এরকম বিয়ে-পাগলী মেয়ে আর আমি দেখিনি! একেও অনেকেই বিয়ে করতে চায়। তবে একটা বড় কঠিন শর্ত আছে! সেটা শুনলেই পিছিয়ে যায় সবাই!


লাইনে সন্ধ্যা


কলকাতা শহর থেকে মাত্র সত্তর মাইল দূর হলেও এদিকে ট্রেন চলে না, এদিকে বিদ্যুৎ পৌঁছোয় নি। তবে, দেড় মাইল হাঁটা-পথের পর বড় রাস্তা, সেখান দিয়ে অনেক বাস চলে। এখানে বাস রাস্তাকেই বলে লাইন। যেখানে বাস থামে, তার নাম স্টেশন।


বিকেলের পর গাঁয়ের অনেকেই একবার লাইনের দিকে ঘুরে আসতে যায়। এখানে কিছু দোকানপাট আছে। এখানে এসে কিছুক্ষণ বসলে পাঁচরকম কথা শোনা যায়। কেউ কেউ শখ করে এখানে চা খেতে আসে। বসিরহাট কিংবা এদিকের আড়বেলের বাজারে মাছের দাম, পাটের দাম, আলুর দাম কত, তাও জানাজানি হয়ে যায় এখানে।


সবচেয়ে ঝলমলে দোকানটি বীরেন সাহার। সুঁচ সুতো থেকে শুরু করে ফুটবল পর্যন্ত পাওয়া যায়। সামনে সাজানো সারি সারি কাচের বয়ামে নানারকম লজেন্স ও বিস্কুট। এক-একবার বাস এসে থামে আর বীরেন সাহা চোখ তুলে দেখে। শহরে কে কে গিয়েছিল, কে কোনরকম জিনিসপত্র নিয়ে এলো সঙ্গে করে।


দোকানের সামনে সাত থেকে তেরো বছর বয়েসের তিনটি ছেলেমেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে হাঁ করে। দুটি ছেলে, একটি মেয়ে, মেয়েটিই ছোট। তিনজনই পরে আছে ছোট ইজের, খালি-গা ওরা। চোখ দিয়ে লজেন্স বিস্কুটগুলো চাটছে।


বীরেন সাহা মাঝে মাঝে ধমক দিয়ে ওঠে, এই, যা যা! কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছিস?


ওরা নড়ে না। মেয়েটার নাক দিয়ে সিকনি গড়াচ্ছে, মেজ ছেলেটা ঘ্যাসর ঘ্যাসর করে চুলকোচ্ছে উরু, সেখানে পাঁচড়া হয়েছে। বড় ছেলেটা ছটফটে ভাবে এদিক-ওদিক তাকায় সর্বক্ষণ। তার রোগা ক্যাংলা চেহারা, কিন্তু মুখচোখ দেখলেই বোঝা যায় বেশ বুদ্ধি আছে। তার নাম জাভেদ।


বীরেন সাহা আবার তাড়া দিয়ে উঠলো, এই, যা যা সর দোকানের সামনে থেকে।


ওরা তবু নড়লো না। ওরা দাঁড়িয়ে আছে রাস্তার ওপর। রাস্তাটা কারুর কেনা নয়!


দোকানে খদ্দের আসছে যাচ্ছে। একটু ফাঁকা হলেই বীরেন সাহার চোখ পড়ে ঐ দিকে। সর্বক্ষণ হ্যাংলার মতন চেয়ে থাকা ঐ তিনটে বাচ্চাকে দেখতে কারুর ভালো লাগে? একটা নুলো ভিখিরি এসে ভিক্ষে চেয়ে পাঁচ নয়া নিয়ে গেল। ওরা ভিক্ষেও নেবে না।


শেষ পর্যন্ত বীরেন সাহা কাচের বয়াম খুলে তিনটে শস্তা লজেন্স বার করে বললো, এই নে, এদিকে আয়, নে তারপর যা!


ছেলেমেয়ে তিনটে তবু এগোলো না। পরস্পরের মুখের দিকে চাইলো একবার, কিন্তু নড়লো না কেউ।


—এ যে দেখছি মহাজ্বালা!


একটু পরেই মোক্ষম অস্ত্র পেয়ে গেল বীরেন সাহা। বসিরহাটের দিক থেকে একটা বাস এসে থামলো, তার থেকে নামতে দেখা গেল লাল মিঞাকে।


বীরেন সাহা বললো, ঐ লাল মিঞা আসছে!


জাভেদ পেছন ফিরে তাকিয়ে সত্যিই রাস্তার ওপারে লাল মিঞাকে দেখতে পেয়ে কেঁপে উঠলো। তাড়া খাওয়া জন্তুর মতন অমনি গ্রামের দিকে ছুটলো পাঁই পাঁই করে। তার ভাই-বোনও তার পেছনে পেছনে ছুট মিলিয়ে গেল অন্ধকারে।


গণি চৌধুরীর মনোবেদনা


যারা শুধু চাষবাস নিয়ে আছে, তাদের ভাগ্যের বিশেষ উত্থানপতন নেই। কোনো কোনো বছর খুব খারাপ যায়, কোনো কোনো বছর খারাপ দিনগুলোও সয়ে যায়। হঠাৎ কোনো বছর যদি পাটের দাম একটু চড়ে, বাজারে আগেভাগে পাট পৌছোনো যায়, তা হলে হাতে কিছু উটকো টাকা আসে। সেই টাকায় ঘরের ছাউনি বদলানোটা হয় সেবার।


গণি খান চৌধুরী তাঁর ভাই রহিমের মতনই আলাদা আলাদা জমি চাষ করে আসছিলেন। এক বছর তিনি খেয়ালের বশে পাটবেচা টাকায় জলকর ডেকে নিলেন। সেবার থেকেই তাঁর ভাগ্য ফিরলো। আজকাল মাছের ভেড়িতেই সোনা ফলে।


এখন গণি চৌধুরীর দোতলা কোঠাবাড়ি। সে বাড়িতে রেডিও আর বন্দুক আছে। তাঁর হাতে সোনার ব্যাণ্ডের হাতঘড়ি। দেশলাইয়ের বদলে লাইটার দিয়ে সিগারেট ধরান। তাঁর পাঁচ ছেলে, সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে। দুই ছেলে দেখে চাষবাস, আর দুই ছেলে পড়ে থাকে ভেড়িতে। ছোট ছেলেটি ইস্কুলে যায়। গণি চৌধুরীর ইচ্ছে আছে সামনের বছর ফেরিঘাটের নিলামের সময় ডাক দেবেন।


বয়েস হলেও গণি চৌধুরীর শরীরটা মজবুত আছে। দুই বিবিই গত হয়েছেন অকালে। ছেলেরা বড় হয়েছে, তিনি আর নতুন করে শাদির কথা ভাবেন না। ছেলেরা তাঁর যত্নআত্তির কোনো ত্রুটি রাখেনি, তাঁর কাজের বোঝাও হালকা করে দিয়েছে। তিনি এখন পরোপকার করে বেড়ান। মসজিদ সংস্কার, গ্রামে প্রাইমারি স্কুল গঠনের জন্য সরকারের কাছে আবেদন, মাদ্রাসার শিক্ষকদের বকেয়া বেতন—এসব ব্যাপারে গণি চৌধুরী সব সময় খুশি। তেঁতুলগাছের পীরসাহেবের মাজারের সামনে তিনি নিজ ব্যয়ে বসিয়ে দিয়েছেন টিউকল, কাজী কবির ইন্তেকালের পর যে ফাংশান হলো তাতে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেউ বলতে পারবে না নতুন টাকার গরমে তিনি ধরাকে সরা জ্ঞান করেন। তিনি দয়ালু মানুষ। গাঁয়ের রাস্তা দিয়ে যখন হেঁ

**********
No Review
Related Books
Loading books…